একই পরিবারের তিনজনের মৃত্যু, আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন রেশমী

সাতকানিয়ায় সড়ক দুর্ঘটনা: স্বামী-মেয়ের পর ২৪ দিন লড়াই করে মারা গেলেন স্ত্রী

বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক

প্রকাশ: ১৫ নভেম্বর ২০২৬, ০৪:০৬ পিএম

চট্টগ্রাম থেকে বিশেষ প্রতিনিধি মোহাম্মদ হাসান:

চট্টগ্রামের সাতকানিয়ায় সড়ক দুর্ঘটনায় স্বামী ও দেড় বছর বয়সী মেয়েকে হারানোর ২৪ দিন পর মারা গেলেন স্ত্রী রেশমী আক্তার (২৫)। টানা ২৪ দিন হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন থাকার পর শনিবার (১৪ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে তাঁর মৃত্যু হয়।

রেশমী আক্তার সাতকানিয়া উপজেলার কালিয়াইশ ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের রাজমহল ক্লাবের পশ্চিম পাশে শ্বশুরবাড়িতে বসবাস করতেন। তিনি মৃত দেলোয়ারের স্ত্রী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ২৩ অক্টোবর রাতে স্বামী মো. দেলোয়ার, দুই বছর বয়সী মেয়ে ওয়াসিফা জান্নাত এবং পরিবারের পরিচিত কয়েকজনকে নিয়ে অটোরিকশায় করে কেরানীহাট স্টেশনের একটি মেলায় যাচ্ছিলেন রেশমী। পথে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের সাতকানিয়ার জাফর আহমদ চৌধুরী ডিগ্রি কলেজ এলাকায় অটোরিকশাটির সঙ্গে একটি মিনিবাসের মুখোমুখি সংঘর্ষ হয়।

ভয়াবহ ওই দুর্ঘটনায় ঘটনাস্থলেই প্রাণ হারান রেশমীর স্বামী দেলোয়ার। গুরুতর আহত অবস্থায় রেশমী ও তাঁর মেয়েকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক ওয়াসিফা জান্নাতকে মৃত ঘোষণা করেন।

আশঙ্কাজনক অবস্থায় রেশমীকে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাঁকে চট্টগ্রাম নগরের একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। সেখানে টানা ২৪ দিন আইসিইউতে চিকিৎসাধীন থাকার পর শেষ পর্যন্ত মৃত্যুর কাছে হার মানেন তিনি।

দোহাজারী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল আবছার রেশমীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, রেশমী আক্তার চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তাঁর মরদেহ বিনা ময়নাতদন্তে দাফনের ব্যবস্থা করা হচ্ছে।

ওসি আরও বলেন, রেশমীর মৃত্যুর মধ্য দিয়ে ওই দুর্ঘটনায় একই পরিবারের তিন সদস্যের মৃত্যু হলো।

একটি সড়ক দুর্ঘটনায় মাত্র ২৪ দিনের ব্যবধানে একটি পরিবারের তিনটি প্রাণ ঝরে যাওয়ার ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

যোগাযোগের ঠিকানা:

বাংলাদেশ বার্তা টুডে

৫৬, চানখারপুল লেন, নাজিমুদ্দিন রোড, বংশাল, ঢাকা-১১০০

ইমেইল: info@bangladeshbartatoday.com