মাদক, বাল্যবিয়ে ও সামাজিক অপরাধের বিরুদ্ধে আলোকিত লালমনিরহাটের বিশাল সাইকেল র্যালি, নেতৃত্বে ত্রাণমন্ত্রী
বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক
প্রকাশ: ১৫ নভেম্বর ২০২৬, ০৩:৫৮ পিএম
লালমনিরহাটকে মাদকমুক্ত, বাল্যবিবাহ ও যৌতুকমুক্ত, পরিচ্ছন্ন ও নিরাপদ জেলা হিসেবে গড়ে তোলার প্রত্যয়ে গড়ে উঠেছে ‘আলোকিত লালমনিরহাট’ সামাজিক আন্দোলন। এর উদ্যোগে আয়োজিত বর্ণাঢ্য সাইকেল র্যালিতে নেতৃত্ব দেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু।
লালমনিরহাটের রেলওয়ে সোহরাওয়ার্দী মাঠ থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কুলাঘাট ইউনিয়ন অতিক্রম করে বড়বাড়ি শহীদ আবুল কাশেম মহাবিদ্যালয়ে গিয়ে শেষ হয় র্যালিটি।
সামাজিক অবক্ষয় রোধে জনসচেতনতা তৈরির এ আয়োজনে অংশ নেন আলোকিত লালমনিরহাটের স্বেচ্ছাসেবীরা।
র্যালিতে অংশগ্রহণকারীদের ব্যানার ও স্লোগানে উঠে আসে মাদকমুক্ত, বাল্যবিয়েমুক্ত ও অপরাধমুক্ত সমাজ গড়ার প্রত্যয় জানিয়েছেন জেলা প্রশাসন ও জেলা পুলিশ।
আয়োজকদের মতে, মাদকাসক্তি, বাল্যবিয়ে ও সামাজিক অপরাধ ব্যক্তি ও পরিবারের পাশাপাশি সমাজের সামগ্রিক উন্নয়নেও বাধা সৃষ্টি করে। তাই এসব অপরাধ প্রতিরোধে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও সামাজিক সংগঠনসহ সবাইকে এগিয়ে আসতে হবে।
আগামী ১৯ নভেম্বর আলোকিত লালমনিরহাটের কর্মসূচি দেখতে আসবেন সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান। সামাজিক অপরাধ দমনের এই কর্মসূচি সারাদেশে ছড়িয়ে দেওয়ার আগে প্রধানমন্ত্রী তা দেখবেন বলে জানিয়েছেন র্যালির নেতৃত্ব দেওয়া দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু।
সচেতনতাই পারে সামাজিক অপরাধ প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে। এমন আয়োজনের মধ্য দিয়ে লালমনিরহাটে গড়ে উঠুক মাদক, বাল্যবিয়ে ও অপরাধমুক্ত সমাজ—এমন প্রত্যাশা আয়োজক ও অংশগ্রহণকারীদের।