এসপি জাহাঙ্গীর আলমের দায় নেবে না পুলিশ বাহিনী: সিএমপি কমিশনার
বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক
প্রকাশ: ১৫ নভেম্বর ২০২৬, ০৩:৩২ পিএম
চট্টগ্রাম থেকে বিশেষ প্রতিনিধি মোহাম্মদ হাসান:
রাষ্ট্রদ্রোহের অভিযোগে গ্রেপ্তার চট্টগ্রাম রেঞ্জ রিজার্ভ ফোর্সের (আরআরএফ) পুলিশ সুপার (এসপি) জাহাঙ্গীর আলমের কর্মকাণ্ডের দায় পুলিশ বাহিনী নেবে না বলে জানিয়েছেন চট্টগ্রাম মহানগর পুলিশ (সিএমপি) কমিশনার হাসান মো. শওকত আলী।
তিনি বলেছেন, রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে কেউ জড়িত হলে তাঁর বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এটি সংশ্লিষ্ট ব্যক্তির একান্তই ব্যক্তিগত দায়। কোনোভাবেই এর দায় পুলিশ বাহিনী নেবে না।
রোববার (১৫ নভেম্বর) সকালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন সিএমপি কমিশনার।
হাসান মো. শওকত আলী বলেন, রাষ্ট্রদ্রোহের অভিযোগে মামলা করার আগে সরকারের পূর্বানুমোদন নেওয়া হয়েছে। অনুমোদন পাওয়ার পর নগরের পাঁচলাইশ থানায় মামলাটি দায়ের করা হয়। এরপরই এসপি জাহাঙ্গীর আলমকে গ্রেপ্তার করা হয়েছে।
তিনি বলেন, কোনো ব্যক্তি এ ধরনের কর্মকাণ্ডের সঙ্গে জড়িত হলে সেটি তাঁর ব্যক্তিগত দায়। বাহিনী কখনোই তাঁর কর্মকাণ্ডের দায় নেবে না।
গ্রেপ্তার জাহাঙ্গীর আলমের বর্তমান অবস্থান সম্পর্কে সিএমপি কমিশনার জানান, তিনি বর্তমানে সিএমপির স্পেশাল রেসপন্স ইউনিটের (এসআরইউ) হেফাজতে রয়েছেন। মামলাটির তদন্তও এই ইউনিট পরিচালনা করবে। আইন ও নিয়ম অনুযায়ী তাঁকে আদালতে হাজির করা হবে।
মামলার অভিযোগের বিষয়ে তিনি বলেন, জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতা ও রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ আনা হয়েছে। রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে কেউ নিজেকে সম্পৃক্ত করলে তাঁর বিরুদ্ধে কঠোরতম আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এর আগে গত শনিবার রাতে আরআরএফের সহকারী পুলিশ সুপার (এএসপি) আবুল কাশেম বাদী হয়ে নগরের পাঁচলাইশ থানায় মামলাটি দায়ের করেন। মামলার পর থেকে জাহাঙ্গীর আলমকে নজরদারিতে রাখা হয়। পরে শনিবার রাতেই নগরের পুলিশ অফিসার্স মেস থেকে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ।