মিঠাপুকুরে ডিবি পুলিশের পৃথক অভিযান: ১২০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক
বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক
প্রকাশ: ১৫ নভেম্বর ২০২৬, ১২:৩৫ পিএম
রফিকুল ইসলাম সাবুল : রংপুর প্রতিনিধি
রংপুরের মিঠাপুকুরে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের পৃথক দুটি অভিযানে ১২০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় দুইজনকে আটক করেছে ডিবি পুলিশ।
রংপুর জেলা পুলিশ সুপার মোহাম্মদ মোজাম্মেল হকের দিকনির্দেশনায় শনিবার (১৪ নভেম্বর) দিবাগত রাতে পৃথক অভিযান দুটি পরিচালনা করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, প্রথম অভিযানে ১৪ নভেম্বর রাত ১১টা ৪০ মিনিটে ডিবি পুলিশের এসআই (নিঃ) মোঃ আবু ছাইয়ুম তালুকদার সঙ্গীয় ফোর্সসহ মিঠাপুকুর উপজেলার ৩ নম্বর পায়রাবন্দ ইউনিয়নের মেসার্স ফিলিং স্টেশনের উত্তর পাশে মা-বাবার দোয়া পানের দোকানের পূর্ব পাশের পাকা রাস্তায় অভিযান চালান। এ সময় আশরাফুল ইসলাম আশরাফ (৩৬) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। পরে তার পরিহিত জিন্স প্যান্টের পকেট থেকে ৮০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে জব্দ করা হয়।
অন্যদিকে, ১৫ নভেম্বর রাত ২টা ২৫ মিনিটে ডিবি পুলিশের এসআই (নিঃ) ভূষণ চন্দ্র বর্মনের নেতৃত্বে দ্বিতীয় অভিযান পরিচালিত হয়। মিঠাপুকুর উপজেলার ১৪ নম্বর দুর্গাপুর ইউনিয়নের রংপুর-ঢাকা মহাসড়কের মিঠাপুকুর ওভারপাসের নিচে মোঃ বাবু মিয়ার ফলের দোকানের সামনে অভিযান চালিয়ে রাব্বী মোরছালিন (২৩) নামে আরেকজনকে আটক করা হয়। এ সময় তার দেহ তল্লাশি করে ৪০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
পৃথক দুটি অভিযানে উদ্ধার করা ইয়াবা ট্যাবলেট জব্দ এবং আটক দুই ব্যক্তিকে মিঠাপুকুর থানায় নেওয়া হয়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে।
রংপুর জেলা পুলিশের এ ধরনের মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।