আওয়ামী লীগ নেতাদের সঙ্গে যোগাযোগ ও স্পর্শকাতর তথ্য সরবরাহের অভিযোগে চট্টগ্রাম রেঞ্জের এসপি গ্রেপ্তার
বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক
প্রকাশ: ১৫ নভেম্বর ২০২৬, ১১:৪৭ এএম
চট্টগ্রাম থেকে বিশেষ প্রতিনিধি মোহাম্মদ হাসান:
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাদের সঙ্গে যোগাযোগ এবং পুলিশের অভ্যন্তরীণ ও স্পর্শকাতর তথ্য সরবরাহের অভিযোগে চট্টগ্রাম রেঞ্জ রিজার্ভ ফোর্সের (আরআরএফ) পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ জাহাঙ্গীর আলমকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার (১৪ নভেম্বর) দিবাগত রাতে নগরের সিএমপি অফিসার্স মেস থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। এর আগে তার ব্যক্তিগত ও দাপ্তরিক দুটি মুঠোফোন জব্দ করে ফরেনসিক পরীক্ষার জন্য পুলিশ সদর দপ্তরের বিশেষ শাখায় (এসবি) পাঠানো হয়েছিল।
রাষ্ট্রদ্রোহের অভিযোগে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদন পাওয়ার পর পাঁচলাইশ থানায় মামলা দায়ের করা হয়। মামলার পরপরই পুলিশ, স্পেশাল রেসপন্স ইউনিট (এসআরইউ) ও কাউন্টার টেররিজম ইউনিটের সদস্যরা যৌথ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করেন।
পুলিশ সূত্র জানায়, শনিবার রাত সাড়ে ১০টার দিকে আরআরএফের সহকারী পুলিশ সুপার (এএসপি) আবুল কাশেম চৌধুরী বাদী হয়ে পাঁচলাইশ থানায় মামলাটি করেন। পরে যৌথ অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়। বর্তমানে তিনি পাঁচলাইশ থানা-পুলিশের হেফাজতে রয়েছেন।
পুলিশের অভিযোগ, জাহাঙ্গীর আলম কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছিলেন। আগামী ডিসেম্বরে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার পরিকল্পনাকে কেন্দ্র করেও সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে তার যোগাযোগ ছিল। পাশাপাশি পুলিশের অভ্যন্তরীণ ও স্পর্শকাতর তথ্য আওয়ামী লীগ নেতাদের কাছে সরবরাহের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।
চট্টগ্রাম নগর পুলিশের (সিএমপি) সহকারী কমিশনার (জনসংযোগ) মো. আমিনুর রশিদ বিষয়টি নিশ্চিত করে জানান, শনিবার মামলা দায়েরের পরপরই পুলিশ ও এসআরইউর একটি দল অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।
চট্টগ্রাম রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) মো. আবদুল কুদ্দুছ চৌধুরী জানান, জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে ওঠা অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ার পর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদন নিয়ে মামলা করা হয়েছে। পরে তাকে গ্রেপ্তার করা হয়।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, জাহাঙ্গীর আলমের মুঠোফোন থেকে পাঠানো একটি বার্তায় আগামী ডিসেম্বরে জনগণকে মাঠে নামার বিষয়ে উল্লেখ ছিল। ওই বার্তায় ১৯৯৬ সালের তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে আন্দোলনের প্রসঙ্গ এবং বঙ্গবন্ধুর আদর্শে উদ্বুদ্ধ হয়ে রাজপথে নামার আহ্বানও ছিল বলে অভিযোগ করা হয়েছে। তবে বার্তাটি কাকে পাঠানো হয়েছিল, সে বিষয়ে বিস্তারিত জানা যায়নি।
এর আগে গত মঙ্গলবার (১০ নভেম্বর) অভিযোগের প্রাথমিক তথ্য পাওয়ার পর ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরী তাকে নিজ কার্যালয়ে ডেকে জিজ্ঞাসাবাদ করেন। ওই দিন তার ব্যক্তিগত ও দাপ্তরিক দুটি মুঠোফোন জব্দ করে ফরেনসিক পরীক্ষার জন্য ঢাকায় পুলিশ সদর দপ্তরের বিশেষ শাখায় (এসবি) পাঠানো হয়।
পরদিন বুধবার তাকে আটকের গুঞ্জন ছড়িয়ে পড়লে ডিআইজি বিষয়টি অস্বীকার করেন। সে সময় তিনি জানিয়েছিলেন, অভিযোগের ভিত্তিতে ওই কর্মকর্তার দুটি মুঠোফোন জব্দ করা হয়েছে এবং বিষয়টি তদন্তাধীন রয়েছে।
এদিকে, এ ঘটনায় চট্টগ্রাম রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (অপারেশনস) সফিজুল ইসলাম বিভাগীয় তদন্ত করছেন। মামলাটি পুলিশের বিশেষ ইউনিট এসআরইউ অথবা কাউন্টার টেররিজম ইউনিট তদন্ত করতে পারে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
উল্লেখ্য, মোহাম্মদ জাহাঙ্গীর আলম ২৮তম বিসিএস (পুলিশ) ব্যাচের কর্মকর্তা। ২০১০ সালের ১ ডিসেম্বর তিনি বাংলাদেশ পুলিশে যোগদান করেন।