ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে সাতক্ষীরায় বৃষ্টি, ভাঙন আতঙ্কে উপকূলবাসী

বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক

প্রকাশ: ১৯ নভেম্বর ২০২৬, ০৫:০৮ পিএম

শেখ জোবায়ের আল জামান, সাতক্ষীরা জেলা প্রতিনিধিঃ

পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরে সৃষ্ট প্রবল ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে সাতক্ষীরার উপকূলীয় এলাকায় বৃষ্টিপাত শুরু হয়েছে। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ভোর থেকে দমকা হাওয়ার সঙ্গে বৃষ্টি হচ্ছে। ঘূর্ণিঝড়টি সরাসরি বাংলাদেশের উপকূলে আঘাত হানার আশঙ্কা না থাকলেও এর প্রভাবে সাগর উত্তাল হয়ে উঠেছে। এ পরিস্থিতিতে দেশের চারটি সমুদ্রবন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত জারি করেছে আবহাওয়া অধিদপ্তর। 

তবে ঘূর্ণিঝড়ের প্রভাবে বৃষ্টির চেয়েও বেশি উদ্বেগ তৈরি হয়েছে সাতক্ষীরার উপকূলীয় এলাকার জরাজীর্ণ বেড়িবাঁধ নিয়ে। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) হিসাবে, আশাশুনির দুটি পোল্ডারের প্রায় ২৫ থেকে ৩০ কিলোমিটার বেড়িবাঁধ অত্যন্ত ঝুঁকিপূর্ণ। পূর্ণিমা বা অমাবস্যার জোয়ারের সঙ্গে বৃষ্টিপাত যুক্ত হলে এসব বাঁধ ভেঙে কিংবা উপচে লোকালয় প্লাবিত হওয়ার আশঙ্কা করছেন স্থানীয় বাসিন্দারা। 

আবহাওয়া অধিদপ্তরের বিশেষ বিজ্ঞপ্তি অনুযায়ী, বুধবার (১৮ নভেম্বর) দুপুর ১২টায় ঘূর্ণিঝড়টি চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ১ হাজার ২৩৫ কিলোমিটার, কক্সবাজার থেকে ১ হাজার ১৭৫ কিলোমিটার, মোংলা থেকে ১ হাজার ১৩৫ কিলোমিটার এবং পায়রা সমুদ্রবন্দর থেকে ১ হাজার ১২৫ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থান করছিল। এটি উত্তর-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে শুক্রবার দুপুর নাগাদ ভারতের উত্তর অন্ধ্র প্রদেশ ও দক্ষিণ ওড়িশা উপকূল অতিক্রম করতে পারে। 

ঘূর্ণিঝড়কেন্দ্রের ৬৪ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৮৯ কিলোমিটার। দমকা বা ঝোড়ো হাওয়ার আকারে এ গতিবেগ ঘণ্টায় ১১৭ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। সাগর উত্তাল থাকায় উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে দ্রুত নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে। 

সাতক্ষীরা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা জুলফিকার আলী জানান, বুধবার দুপুর ১২টা পর্যন্ত জেলায় ১৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। গভীর সঞ্চালনশীল মেঘমালার কারণে আগামী এক থেকে দুই দিন থেমে থেমে বৃষ্টি এবং উপকূলীয় এলাকায় হালকা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। নভেম্বরের এ বৃষ্টিতে শীতের অনুভূতি আরও বাড়বে। 

বৃহস্পতিবার সকাল থেকে বৃষ্টির কারণে সাতক্ষীরার স্বাভাবিক জনজীবন কিছুটা ব্যাহত হচ্ছে। সড়কে মানুষের চলাচল ও যানবাহনের উপস্থিতি তুলনামূলক কম দেখা গেছে। বৃষ্টির সঙ্গে শীতের অনুভূতি বাড়ায় আগাম শীতের প্রস্তুতিও নিতে শুরু করেছেন অনেকে। 

ঝুঁকিতে বেড়িবাঁধ 

উপকূলীয় উপজেলা শ্যামনগর ও আশাশুনির বাসিন্দাদের দুশ্চিন্তার বড় কারণ দুর্বল বেড়িবাঁধ। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, শ্যামনগরের পদ্মপুকুর ইউনিয়নের চাউলখোলা জামে মসজিদ, খুটিকাটা, খেয়াঘাট, ঝাপা ও কামালকাটি এলাকায় বেড়িবাঁধ কেটে পাইপ বসিয়ে চিংড়িঘেরে লবণপানি তোলা হচ্ছে। এতে বাঁধের মাটি দুর্বল হয়ে বিভিন্ন স্থানে ভাঙন দেখা দিয়েছে। 

পাউবো সূত্রে জানা গেছে, সাতক্ষীরায় সংস্থাটির দুটি বিভাগের অধীনে মোট ৬৮৩ কিলোমিটার বেড়িবাঁধ রয়েছে। এর মধ্যে বিভাগ-১-এর আওতায় ৩৮৩ কিলোমিটার এবং বিভাগ-২-এর আওতায় ৩০০ কিলোমিটার। বিভাগ-২-এর আওতাধীন আশাশুনির ৭/১ ও ৭/২ পোল্ডারের ৯০ কিলোমিটার বাঁধের মধ্যে প্রায় ২৫ থেকে ৩০ কিলোমিটার অত্যন্ত ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। 

সংস্কারে প্রয়োজন বড় প্রকল্প 

সাতক্ষীরা পাউবো-২-এর নির্বাহী প্রকৌশলী আবদুর রহমান তাজকিয়া বলেন, ঝুঁকিপূর্ণ বেড়িবাঁধগুলোর স্থায়ী সংস্কারের জন্য বড় প্রকল্প প্রয়োজন। পদ্মপুকুরে বাঁধ কেটে বসানো পাইপ অপসারণের বিষয়টি নিয়ে হাইকোর্টে মামলা চলমান থাকায় আপাতত এ কার্যক্রম স্থগিত রয়েছে। তবে সুনির্দিষ্ট অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। 

উপকূলীয় এলাকার বাসিন্দারা বলছেন, ঘূর্ণিঝড় সরাসরি আঘাত না হানলেও এর প্রভাবে বৃষ্টি ও জোয়ারের পানি বাড়লে দুর্বল বেড়িবাঁধ বড় বিপদের কারণ হতে পারে। তাই বড় কোনো দুর্যোগের আগেই ঝুঁকিপূর্ণ বাঁধ মেরামত, অবৈধভাবে বাঁধ কেটে পাইপ বসানোর ঘটনা তদন্ত এবং দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তাঁরা। একই সঙ্গে উপকূলীয় জনপদ রক্ষায় টেকসই বেড়িবাঁধ নির্মাণেরও দাবি তাঁদের।

যোগাযোগের ঠিকানা:

বাংলাদেশ বার্তা টুডে

৫৬, চানখারপুল লেন, নাজিমুদ্দিন রোড, বংশাল, ঢাকা-১১০০

ইমেইল: info@bangladeshbartatoday.com