বঙ্গোপসাগরের নিম্নচাপ সোমবার ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে, নাম হবে ‘আকভান’

ঘূর্ণিঝড়ের শঙ্কা, চট্টগ্রামসহ চার সমুদ্রবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত

বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক

প্রকাশ: ১৫ নভেম্বর ২০২৬, ০৯:০৭ পিএম

চট্টগ্রাম থেকে বিশেষ প্রতিনিধি মোহাম্মদ হাসান:

বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপ ঘনীভূত হয়ে ঘূর্ণিঝড়ে রূপ নেওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। সম্ভাব্য এই ঘূর্ণিঝড়ের প্রভাবে দেশের উপকূলীয় অঞ্চলে বৃষ্টিপাত হতে পারে। পরিস্থিতি বিবেচনায় চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ১ নম্বর দূরবর্তী সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অধিদপ্তর।

রোববার (১৫ নভেম্বর) দুপুরে আবহাওয়া অধিদপ্তরের বিশেষ বিজ্ঞপ্তিতে এ সতর্কতা জারি করা হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত নিম্নচাপটি উত্তর দিকে অগ্রসর হয়ে একই এলাকায় অবস্থান করছে। দুপুর ১২টার পর্যবেক্ষণ অনুযায়ী, নিম্নচাপটি চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ১ হাজার ৫০৫ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে, কক্সবাজার থেকে ১ হাজার ৪৩৫ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে, মোংলা থেকে ১ হাজার ৪৬০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে এবং পায়রা সমুদ্রবন্দর থেকে ১ হাজার ৪৩০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থান করছিল।

আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, নিম্নচাপটি আরও উত্তর-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে শক্তি সঞ্চয় করতে পারে। সবকিছু অনুকূলে থাকলে সোমবার এটি ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। ঘূর্ণিঝড়ে পরিণত হলে এর নাম হবে ‘আকভান’। নামটি দিয়েছে ইরান।

আবহাওয়াবিদ খো. হাফিজুর রহমান জানান, সম্ভাব্য ঘূর্ণিঝড়ের প্রভাবে দেশের দক্ষিণাঞ্চল, দক্ষিণ-পশ্চিমাঞ্চল ও দক্ষিণ-পূর্বাঞ্চলে বৃষ্টিপাত হতে পারে। তবে ঘূর্ণিঝড়টির সম্ভাব্য গতিপথ এবং বাংলাদেশে এর প্রভাব সম্পর্কে এখনই নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না। সোমবার পরিস্থিতি আরও স্পষ্ট হতে পারে।

বিশেষ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নিম্নচাপটির কেন্দ্রের ৪৪ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৪০ কিলোমিটার। দমকা অথবা ঝড়ো হাওয়ার আকারে তা ঘণ্টায় ৫০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। নিম্নচাপের কেন্দ্রের কাছাকাছি এলাকায় সাগর উত্তাল রয়েছে।

এ অবস্থায় উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচলের নির্দেশ দেওয়া হয়েছে।

যেভাবে হলো ‘আকভান’ নামকরণ

উত্তর ভারত মহাসাগর ও বঙ্গোপসাগর অঞ্চলে ঘূর্ণিঝড়ের নামকরণ প্রক্রিয়া শুরু হয় ২০০৪ সালে। পরবর্তী সময়ে ২০২০ সালে বিশ্ব আবহাওয়া সংস্থা (ডব্লিউএমও) এবং জাতিসংঘের এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের অর্থনৈতিক ও সামাজিক কমিশনের (এসকাপ) আওতাভুক্ত ১৩টি দেশের প্রস্তাবের ভিত্তিতে ১৬৯টি নামের নতুন তালিকা তৈরি করা হয়।

এই তালিকায় রয়েছে বাংলাদেশ, ভারত, ইরান, মালদ্বীপ, মিয়ানমার, ওমান, পাকিস্তান, কাতার, সৌদি আরব, শ্রীলঙ্কা, থাইল্যান্ড, সংযুক্ত আরব আমিরাত ও ইয়েমেনের দেওয়া নাম।

এসকাপের নির্ধারিত তালিকা অনুযায়ী, এ অঞ্চলের সর্বশেষ ঘূর্ণিঝড়ের নাম ছিল ‘মুরাসু’। নতুন করে ঘূর্ণিঝড় সৃষ্টি হলে পরবর্তী নাম হিসেবে ব্যবহৃত হবে ইরানের প্রস্তাবিত ‘আকভান’।

যোগাযোগের ঠিকানা:

বাংলাদেশ বার্তা টুডে

৫৬, চানখারপুল লেন, নাজিমুদ্দিন রোড, বংশাল, ঢাকা-১১০০

ইমেইল: info@bangladeshbartatoday.com