চট্টগ্রামে মাদক ব্যবসায়ী আবু তাহেরের ৬ বছরের কারাদণ্ড

বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক

প্রকাশ: ১৬ নভেম্বর ২০২৬, ০১:২১ পিএম

চট্টগ্রাম থেকে বিশেষ প্রতিনিধি মোহাম্মদ হাসান:

জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসংগতিপূর্ণ ২ কোটি ৯১ লাখ টাকার বেশি সম্পদ অর্জন এবং সম্পদ বিবরণীতে তথ্য গোপনের মামলায় টেকনাফের মাদক ব্যবসায়ী আবু তাহেরকে ছয় বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৩ কোটি ৭৭ লাখ ৭১ হাজার ২০৮ টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার (১৬ নভেম্বর) সকালে চট্টগ্রাম বিভাগীয় বিশেষ জজ আদালতের বিচারক মো. মিজানুর রহমান এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্ত আবু তাহের কক্সবাজারের টেকনাফ উপজেলার দক্ষিণ হ্নীলা লেদা পূর্বপাড়ার জালাল আহম্মেদের ছেলে।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট মো. এনামুল ইসলাম জানান, মামলায় ১৪ জন সাক্ষীর সাক্ষ্য ও উপস্থাপিত তথ্য-প্রমাণ পর্যালোচনা করে আদালত এ রায় দেন। দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ২৬(২) ধারায় এক বছর এবং ২৭(১) ধারায় পাঁচ বছর কারাদণ্ড দেওয়া হয়েছে। জরিমানা অনাদায়ে তাকে আরও এক বছরের কারাদণ্ড ভোগ করতে হবে।

রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন না। তার বিরুদ্ধে সাজা পরোয়ানামূলে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।

মামলার নথি সূত্রে জানা যায়, আবু তাহেরের বিরুদ্ধে ব্যবসার আড়ালে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে অনুসন্ধান শুরু করে দুদক। অনুসন্ধানে তার নামে ৩ কোটি ৭ লাখ ৬০ হাজার ২০৮ টাকার স্থাবর ও অস্থাবর সম্পদের তথ্য পাওয়া যায়। এর মধ্যে ১ লাখ ৮৫ হাজার ৮০৮ টাকার সম্পদের তথ্য গোপন করে মিথ্যা তথ্য দেওয়ার অভিযোগ আনা হয়।

দুদকের অনুসন্ধানে তার সম্পদ অর্জনের বিপরীতে বৈধ ও গ্রহণযোগ্য আয় পাওয়া যায় ২৩ লাখ ৯০ হাজার টাকা। অন্যদিকে পারিবারিক ও অন্যান্য ব্যয় ছিল ৭ লাখ ৪০ হাজার টাকা। সবকিছু হিসাব করে তার সম্পদ ও ব্যয়ের সঙ্গে বৈধ আয়ের ২ কোটি ৯১ লাখ ১০ হাজার ২০৮ টাকার অসংগতি পাওয়া যায়।

এ ঘটনায় ২০২৩ সালের ২৫ জুলাই কক্সবাজার দুদকের সমন্বিত জেলা কার্যালয়ে সংস্থাটির সহকারী পরিচালক মো. রিয়াজ উদ্দিন বাদী হয়ে আবু তাহেরের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ২৬(২) ও ২৭(১) ধারায় মামলা করেন।

মামলার তদন্ত শেষে ২০২৫ সালের ২৯ জুন আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়। পরে অভিযোগ গঠনের মধ্য দিয়ে বিচার শুরু হয়।

যোগাযোগের ঠিকানা:

বাংলাদেশ বার্তা টুডে

৫৬, চানখারপুল লেন, নাজিমুদ্দিন রোড, বংশাল, ঢাকা-১১০০

ইমেইল: info@bangladeshbartatoday.com