কালাই উপজেলা জামায়াতের নতুন আমীর নির্বাচিত অধ্যক্ষ তাইফুল ইসলাম ফিতা; সমাজে ন্যায় প্রতিষ্ঠায় কাজ করার আহ্বান
বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক
প্রকাশ: ২০ নভেম্বর ২০২৬, ০৫:৫৭ পিএম
জয়পুরহাট প্রতিনিধি: আব্দুল কাদের
জয়পুরহাটের কালাই উপজেলায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর ২০২৭-২০২৮ সেশনের জন্য নতুন আমীর নির্বাচিত হয়েছেন অধ্যক্ষ মোঃ তাইফুল ইসলাম ফিতা। উপজেলা শাখার সদস্যদের (রোকন) প্রত্যক্ষ ভোটে তিনি এই পদে নির্বাচিত হন।
বৃহস্পতিবার ১৯ নভেম্বর উপজেলার ঝামুটপুর চাঁন্দাইর দাখিল মাদরাসা হলরুমে আয়োজিত এক বিশেষ রোকন সম্মেলনে নবনির্বাচিত আমীরকে শপথ বাক্য পাঠ করান জয়পুরহাট জেলা জামায়াতের নায়েবে আমীর ও জয়পুরহাট-১ আসনের সংসদ সদস্য মোঃ ফজলুর রহমান সাঈদ।
শপথ গ্রহণ শেষে নবনির্বাচিত উপজেলা আমীর অধ্যক্ষ মোঃ তাইফুল ইসলাম ফিতার সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জয়পুরহাট জেলা জামায়াতের নায়েবে আমীর মোঃ ফজলুর রহমান সাঈদ এমপি।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জয়পুরহাট জেলা জামায়াতের আমীর মাওলানা মোঃ গোলাম কিবরিয়া মন্ডল এবং জেলা সহকারী সেক্রেটারি এসএম রাশেদুল আলম সবুজ।
এছাড়াও সভায় বক্তব্য রাখেন মাওলানা মোঃ মাহমুদুল হাসান, মাওলানা মোঃ আবু জাফর এবং হাকিকুল ইসলামসহ স্থানীয় নেতৃবৃন্দ।
আলোচনা সভায় বক্তারা উপস্থিত রোকনদের উদ্দেশ্যে বলেন, দেশ ও জাতির সার্বিক উন্নয়ন এবং সমাজে ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠার লক্ষ্যে এক্বামতে দ্বীনের কাজকে আরও বেগবান করতে হবে।
এজন্য সংগঠনের সকল পর্যায়ের জনশক্তিকে নিষ্ঠার সাথে নিরলসভাবে মাঠে-ময়দানে কাজ করার আহ্বান জানান নেতৃবৃন্দ।