লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে নাশকতার অভিযোগ; সন্ত্রাসবিরোধী আইনে মামলা, আদালতের নির্দেশে কারাগারে

কলাপাড়ায় ককটেল বিস্ফোরণ, নিষিদ্ধ ছাত্রলীগের তিন নেতাকর্মী গ্রেপ্তার

বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক

প্রকাশ: ১৯ নভেম্বর ২০২৬, ০৭:২৯ পিএম

তানজিল জামান জয়, কলাপাড়া (পটুয়াখালী):

পটুয়ালীর কলাপাড়ায় লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে ককটেল বিস্ফোরণ ও জনমনে আতঙ্ক সৃষ্টির অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় নিষিদ্ধ ঘোষিত বাংলাদেশ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ ১৮ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ২৫ থেকে ৩০ জনকে আসামি করে সন্ত্রাসবিরোধী আইনে মামলা করা হয়েছে। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) গ্রেপ্তার তিন আসামিকে আদালতে হাজির করা হলে বিচারক তাঁদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—মো. নিপু হাওলাদার (২৫), নিরব হাওলাদার (২০) ও সোহান (২৩)। তাঁদের সবার বাড়ি কলাপাড়া উপজেলার বিভিন্ন এলাকায়।

পুলিশের দায়ের করা এজাহার সূত্রে জানা যায়, বুধবার (১৮ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে কলাপাড়া পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের নাচনাপাড়া চৌরাস্তা বাসস্ট্যান্ড এলাকায় নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর বিভিন্ন অঙ্গসংগঠন এবং ছাত্রলীগের নেতাকর্মীরা অবস্থান নিয়ে মিছিল করেন। এ সময় তাঁরা ১৯ নভেম্বরের লকডাউন কর্মসূচি সফল করার পক্ষে স্লোগান দেন বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।

খবর পেয়ে রাত ৮টা ৪৫ মিনিটের দিকে কলাপাড়া থানার এসআই সুজন চক্রবর্তীর নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছায়। পুলিশের দাবি, সেখানে অবস্থানরত ব্যক্তিরা বাসস্ট্যান্ডে থাকা যানবাহনের ক্ষতিসাধনসহ নাশকতার চেষ্টা করেন। একপর্যায়ে এজাহারভুক্ত ১ নম্বর আসামি নিপু হাওলাদার একটি ককটেল বিস্ফোরণ ঘটান। এতে বাসস্ট্যান্ডে উপস্থিত সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। প্রাণভয়ে লোকজন ছোটাছুটি শুরু করেন।

পরে স্থানীয় লোকজনের সহযোগিতায় পুলিশ ঘটনাস্থল থেকে ককটেল বিস্ফোরণের অভিযোগে নিপু হাওলাদার, নিরব হাওলাদার ও সোহানকে আটক করে। এ সময় তাঁদের সঙ্গে থাকা অন্যরা পালিয়ে যান বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।

এজাহারে আরও বলা হয়, গ্রেপ্তার ব্যক্তিরা জিজ্ঞাসাবাদে পলাতক অন্য আসামিদের সম্পৃক্ততা এবং মশিউর রহমান শিমু মীরার আর্থিক সহযোগিতার বিষয়ে তথ্য দিয়েছেন বলে পুলিশ দাবি করেছে। এ ঘটনায় ২০০৯ সালের সন্ত্রাসবিরোধী আইন (সংশোধনী-২০১৩) এর ৬, ৭, ৮, ৯, ১০, ১২ ও ১৩ ধারায় অভিযোগ আনা হয়েছে। মামলায় ১৮ জনের নাম উল্লেখ ছাড়াও অজ্ঞাতনামা ২৫ থেকে ৩০ জনকে আসামি করা হয়েছে।

এদিকে, ককটেল বিস্ফোরণের সময় উত্তেজিত জনতার মারধরে আহত হওয়ায় গ্রেপ্তার নিপু হাওলাদারকে কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয় বলে পুলিশ জানিয়েছে।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) গ্রেপ্তার তিন আসামিকে কলাপাড়া চৌকি আদালতের বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. রাব্বি ইসলাম রনির আদালতে হাজির করা হয়। শুনানি শেষে বিচারক তাঁদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

পলাতক অন্য আসামিদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।

যোগাযোগের ঠিকানা:

বাংলাদেশ বার্তা টুডে

৫৬, চানখারপুল লেন, নাজিমুদ্দিন রোড, বংশাল, ঢাকা-১১০০

ইমেইল: info@bangladeshbartatoday.com