গংগাচড়ায় আওয়ামী লীগের দুই ওয়ার্ড সাধারণ সম্পাদক গ্রেপ্তার
বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক
প্রকাশ: ১৮ নভেম্বর ২০২৬, ১১:২৫ এএম
রংপুর প্রতিনিধি:
রংপুরের গংগাচড়ায় পৃথক অভিযানে আওয়ামী লীগের দুই ওয়ার্ড সাধারণ সম্পাদককে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁদের একজনকে বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় এবং অপরজনকে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার (১৭ নভেম্বর) বিকেল ৩টা ১০ মিনিটে গংগাচড়া উপজেলা পরিষদ প্রাঙ্গণের সামনে থেকে মো. আবুল হাসান ওরফে খোকন (৪৩) নামের একজনকে গ্রেপ্তার করা হয়। তিনি বড়বিল ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। তাঁর বাবার নাম মৃত আব্দুস সালাম। তিনি উপজেলার উত্তর পানাপুকুর, গিরিয়ার পাড় এলাকার বাসিন্দা।
অন্যদিকে, বুধবার (১৭ নভেম্বর) রাত ৮টা ৩০ মিনিটে গংগাচড়া ইউনিয়নের ফায়ার সার্ভিস স্টেশনের সামনে থেকে মো. সুলতান মিয়া ওরফে সাদ্দাম (৫৫) নামের আরেকজনকে গ্রেপ্তার করে গংগাচড়া মডেল থানার অভিযান দল। তিনি গংগাচড়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। তাঁর বাবার নাম মৃত রহিম উদ্দিন। তিনি উপজেলার ভুটকা গ্রামের বাসিন্দা।
পুলিশ জানায়, আবুল হাসান ওরফে খোকনকে গংগাচড়া মডেল থানার মামলা নম্বর ৮, তারিখ ১০ নভেম্বর ২০২৬-এর বিস্ফোরক দ্রব্য আইন, ১৯০৮-এর ৩ ও ৪ ধারার মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।
অপরদিকে, সুলতান মিয়া ওরফে সাদ্দামকে গংগাচড়া থানার মামলা নম্বর ২৮, তারিখ ২১ সেপ্টেম্বর ২০২৫-এর সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯ (সংশোধনী ২০১৩)-এর ৬(২)(ঈ), ৮, ৯(৩), ১০ ও ১২ ধারার মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।
গংগাচড়া মডেল থানা পুলিশের পৃথক অভিযানে দুইজনকে গ্রেপ্তারের বিষয়টি জানা গেছে।