ন্যূনতম মজুরি নয়, শ্রমিকের প্রাপ্য ন্যায্য মজুরি নিশ্চিত হোক

বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক

প্রকাশ: ১৯ নভেম্বর ২০২৬, ১০:৩১ এএম

শ্রমিকের ন্যূনতম মজুরির দাবি কতটা অন্যায্য? প্রশ্নটি আসলে হওয়া উচিত, একজন শ্রমিকের জীবনধারণের জন্য প্রয়োজনীয় ন্যায্য মজুরি নিশ্চিত করা হচ্ছে কি না। ন্যূনতম মজুরির দাবি তখনই সামনে আসে, যখন ন্যায্য মজুরি পাওয়ার সুযোগ থাকে না। অথচ শ্রমের বিনিময়ে সম্মানজনক জীবনযাপনের উপযোগী পারিশ্রমিক পাওয়া কোনো অনুগ্রহ নয়, এটি শ্রমিকের অধিকার।

গত ৯ নভেম্বর রাজধানীর সেগুনবাগিচায় ন্যূনতম মজুরি বোর্ডের দ্বিতীয় সভায় শ্রমিকপক্ষ তৈরি পোশাকশ্রমিকদের নিম্নতম মজুরি ৩২ হাজার টাকা নির্ধারণের প্রস্তাব দিয়েছে। মালিকপক্ষের প্রতিক্রিয়ায় অসন্তোষের ইঙ্গিত মিললেও প্রশ্ন হলো, বর্তমান অর্থনৈতিক বাস্তবতায় এই দাবি কি সত্যিই অযৌক্তিক?

তিন বছর আগে তৈরি পোশাকশ্রমিকদের নিম্নতম মজুরি ৮ হাজার টাকা থেকে বাড়িয়ে ১২ হাজার ৫০০ টাকা নির্ধারণ করা হয়েছিল। কিন্তু এরপর থেকে মূল্যস্ফীতির যে চাপ তৈরি হয়েছে, তাতে ওই মজুরির প্রকৃত ক্রয়ক্ষমতা উল্লেখযোগ্যভাবে কমেছে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) ভোক্তা মূল্যসূচক অনুযায়ী, ২০২৩ সালের নভেম্বর থেকে ২০২৬ সালের সেপ্টেম্বর পর্যন্ত মূল্যসূচক বেড়েছে ২৮ দশমিক ৭ শতাংশ। অর্থাৎ তখনকার ১২ হাজার ৫০০ টাকার সমপরিমাণ পণ্য ও সেবা কিনতে এখন প্রয়োজন প্রায় ১৬ হাজার ৮৭ টাকা। অথচ শ্রমিকের মজুরি সেই অনুপাতে বাড়েনি।

এর সঙ্গে যুক্ত হয়েছে টাকার অবমূল্যায়ন। ২০২৩ সালের নভেম্বরের তুলনায় ২০২৬ সালের অক্টোবরে ডলারের বিপরীতে টাকার অবমূল্যায়ন হয়েছে প্রায় ১১ শতাংশ। ফলে একই পরিমাণ পোশাক রপ্তানি করে ডলারের বিপরীতে মালিকেরা এখন বেশি টাকা পাচ্ছেন। অন্যদিকে শ্রমিকের আয় টাকায় নির্ধারিত হওয়ায় তাঁদের ক্রয়ক্ষমতা কমেছে। অর্থাৎ বৈদেশিক মুদ্রার বিনিময় হারের সুবিধা মালিকপক্ষ পেলেও মূল্যস্ফীতির বোঝা বহন করতে হচ্ছে শ্রমিকদের।

বিবিএসের সাম্প্রতিক জরিপে দেখা গেছে, সিটি করপোরেশন এলাকায় একটি পরিবারের গড় মাসিক ব্যয় ৪৬ হাজার ৭৭৮ টাকা, শহরাঞ্চলে ৩৭ হাজার ৩৪৪ টাকা এবং গ্রামাঞ্চলে ৩২ হাজার ৫৩২ টাকা। সে হিসাবে ১২ হাজার ৫০০ টাকার মজুরি দিয়ে গ্রামাঞ্চলেও একটি পরিবারের মোট ব্যয়ের ৩৮ শতাংশের বেশি মেটানো সম্ভব নয়। শহরে এই সক্ষমতা আরও কম। তাহলে একজন শ্রমিক কীভাবে খাদ্য, বাসস্থান, চিকিৎসা, শিক্ষা ও অন্যান্য মৌলিক প্রয়োজন মেটাবেন?

আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) ন্যূনতম মজুরি নির্ধারণবিষয়ক কনভেনশন ১৩১ (১৯৭০) অনুযায়ী, মজুরি নির্ধারণে শ্রমিক ও তাঁর পরিবারের প্রয়োজন, জীবনযাত্রার ব্যয়, অর্থনৈতিক পরিস্থিতি এবং উৎপাদনশীলতার মতো বিষয় বিবেচনায় নিতে হয়। গ্লোবাল লিভিং ওয়েজ কোয়ালিশনের ২০২৫ সালের হিসাব অনুযায়ী, ঢাকায় চার সদস্যের একটি পরিবারের জন্য একজন শ্রমিকের জীবনধারণ মজুরি মাসে প্রায় ৩০ হাজার ৪৫৯ টাকা। সেই বিবেচনায় শ্রমিকপক্ষের ৩২ হাজার টাকার প্রস্তাবকে অস্বাভাবিক বলার সুযোগ কতটুকু?

সমস্যা হলো, আমাদের দেশে মজুরি নির্ধারণে শ্রমিকের বাস্তব জীবনযাত্রার ব্যয়কে যথাযথ গুরুত্ব দেওয়া হয় না। আবার বার্ষিক মজুরি বৃদ্ধির হিসাবেও শুভঙ্করের ফাঁকি রয়েছে। অনেক ক্ষেত্রে পুরো বেতনের পরিবর্তে শুধু মূল বেতনের ওপর নির্দিষ্ট হারে বৃদ্ধি কার্যকর হয়। ফলে ঘোষিত ১০ শতাংশ বৃদ্ধি শ্রমিকের হাতে প্রকৃতপক্ষে ৫-৬ শতাংশের বেশি পৌঁছায় না। মূল্যস্ফীতির সঙ্গে এই ব্যবধান যুক্ত হয়ে শ্রমিকের প্রকৃত আয়কে আরও সংকুচিত করে।

এদিকে শ্রমিকের জীবনযাত্রার সংকট কেবল পরিসংখ্যানের বিষয় নয়; এটি এখন প্রতিদিনের বাস্তবতা। বিবিসি বাংলার সরেজমিন প্রতিবেদনে গাজীপুরের শ্রমিক বসতিতে দেখা গেছে, মাসের মাঝামাঝি সময়েই অনেক পরিবারের অর্থ ফুরিয়ে যায়। খাবারের তালিকা সীমিত হয়ে আসে ভাত, ডাল ও আলুভর্তায়। একজন নারী শ্রমিকের ভাষায়, দুই মাস মাছ খাওয়া হয়নি, মাছের গন্ধও ভুলে গেছেন। যে শ্রমিকের ঘাম দেশের রপ্তানি আয় বাড়ায়, তাঁর পরিবারের খাদ্যতালিকা থেকে মাছ হারিয়ে যাওয়ার এই বাস্তবতা আমাদের উন্নয়ন দর্শন নিয়ে প্রশ্ন তোলে।

বর্তমানে ঢাকা, সাভার, গাজীপুর ও নারায়ণগঞ্জ এলাকায় প্রায় ২৩ লাখ পোশাকশ্রমিক কাজ করেন। তাঁদের জীবনযাত্রার ব্যয় বাড়ছে; বিশেষ করে বিদ্যুৎ ও রান্নার গ্যাসের খরচ সংসারের ওপর বাড়তি চাপ তৈরি করছে। ১২ কেজি এলপিজি সিলিন্ডারের নির্ধারিত দাম ১ হাজার ৩৪১ টাকা থেকে বেড়ে ২ হাজার ৬০ টাকা হয়েছে। বাস্তবে অনেক ক্ষেত্রে এর চেয়েও বেশি দামে কিনতে হচ্ছে। ফলে সীমিত আয়ের শ্রমিক পরিবারের সংকট আরও গভীর হচ্ছে।

এই পরিস্থিতিতে শ্রমিকদের আন্দোলনকে শুধু রাজনৈতিক ইন্ধনের ফল হিসেবে দেখার প্রবণতা সমস্যার সমাধান করবে না। রাজনৈতিক পক্ষ বা তৃতীয় পক্ষ আন্দোলনে যুক্ত হতে পারে, কিন্তু শ্রমিকদের অসন্তোষের পেছনে যে বাস্তব অর্থনৈতিক কারণ রয়েছে, তা অস্বীকার করার উপায় নেই। গাজীপুর ও সাভারে আন্দোলন ঘিরে দুই শ্রমিকের মৃত্যুর ঘটনাও পরিস্থিতির ভয়াবহতা স্মরণ করিয়ে দেয়।

সরকারি চাকরিজীবীদের নতুন বেতনকাঠামোয় বেতন ১০০ থেকে ১৪০ শতাংশ পর্যন্ত বাড়ানোর উদ্যোগ বেসরকারি খাতের শ্রমিকদের প্রত্যাশা আরও বাড়িয়েছে। নতুন কাঠামোয় সরকারি চাকরির সর্বনিম্ন স্তরের বেতন প্রায় ৩৩ হাজার টাকা হওয়ার প্রেক্ষাপটে পোশাকশ্রমিকদের ৩২ হাজার টাকার দাবি নতুন করে আলোচনায় এসেছে। সরকারি কর্মচারীদের বেতন বাড়ানো অবশ্যই প্রয়োজন হতে পারে; কিন্তু একই অর্থনৈতিক বাস্তবতায় বেসরকারি খাতের কোটি মানুষের জীবনযাত্রার বিষয়টিও রাষ্ট্রকে বিবেচনায় নিতে হবে। রাষ্ট্রের দায়িত্ব কেবল সরকারি চাকরিজীবীদের স্বার্থ রক্ষা নয়, সব শ্রেণি-পেশার মানুষের জীবনমান নিশ্চিত করার পরিবেশ তৈরি করা।

পোশাকশিল্প আনুষ্ঠানিক খাত হিসেবে পরিচিত হলেও শ্রমিকদের কার্যকর ট্রেড ইউনিয়ন অধিকার, দর-কষাকষির সুযোগ এবং প্রতিনিধিত্বের সংকট দীর্ঘদিনের। ফলে বকেয়া বেতন, কর্মপরিবেশ কিংবা মজুরি বৃদ্ধির দাবি জানাতে তাঁদের প্রায়ই রাস্তায় নামতে হয়। মালিকপক্ষ ও সরকারের প্রতি এই আস্থাহীনতা দূর না হলে মজুরি বোর্ড গঠন কিংবা নতুন কাঠামো ঘোষণাই আন্দোলন থামানোর জন্য যথেষ্ট হবে না।

চার দশকে বাংলাদেশের পোশাকশিল্প আন্তর্জাতিক বাজারে শক্তিশালী অবস্থান তৈরি করেছে। বিপুল রপ্তানি আয়, বিনিয়োগ ও কর্মসংস্থানের পেছনে শ্রমিকদের অবদান অনস্বীকার্য। অথচ সেই সমৃদ্ধির সুফল যদি উৎপাদনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশীদার শ্রমিকের জীবনেই প্রতিফলিত না হয়, তাহলে উন্নয়নের সাফল্য প্রশ্নবিদ্ধ হতে বাধ্য।

দার্শনিক জন রলসের ন্যায়বিচারের তত্ত্বের মূল কথা হলো, সামাজিক ও অর্থনৈতিক বৈষম্য তখনই গ্রহণযোগ্য, যখন তা সমাজের সবচেয়ে পিছিয়ে থাকা মানুষের কল্যাণে ভূমিকা রাখে। এই বিবেচনায় পোশাকশিল্পের মুনাফা ও প্রবৃদ্ধির পাশাপাশি শ্রমিকের জীবনমান উন্নয়নকেও সমান গুরুত্ব দিতে হবে।

শ্রমিকের ন্যূনতম মজুরির দাবি কোনো দয়া বা অনুগ্রহ নয়। এটি তাঁর শ্রমের ন্যায্য মূল্য পাওয়ার দাবি। মালিকের মুনাফা যেমন গুরুত্বপূর্ণ, তেমনি শ্রমিকের জীবনধারণও রাষ্ট্র ও শিল্পের দায়িত্বের বাইরে নয়। তাই ৩২ হাজার টাকার দাবিকে কেবল মালিকের ব্যয়ের অঙ্ক দিয়ে বিচার না করে শ্রমিকের পরিবারের জীবনযাত্রার ব্যয়ের আলোকে মূল্যায়ন করতে হবে।

মনে রাখতে হবে, ক্ষুধা, বঞ্চনা ও অনিশ্চয়তা দীর্ঘদিন জমতে থাকলে তা শুধু শ্রমিক অসন্তোষে সীমাবদ্ধ থাকে না; বৃহত্তর সামাজিক ও রাজনৈতিক অস্থিরতারও জন্ম দেয়। অতএব সংঘাত নয়, প্রয়োজন বাস্তবসম্মত সংলাপ, স্বচ্ছ মজুরি নির্ধারণ এবং কার্যকর শ্রমিকঅধিকার। ন্যূনতম মজুরির বিতর্ক পেরিয়ে আমাদের লক্ষ্য হওয়া উচিত—প্রতিটি শ্রমিকের জন্য মর্যাদাপূর্ণ জীবন নিশ্চিত করার মতো ন্যায্য মজুরি প্রতিষ্ঠা করা।

লেখক: মোহাম্মদ হাসান, সাংবাদিক ও কলামিস্ট।

যোগাযোগের ঠিকানা:

বাংলাদেশ বার্তা টুডে

৫৬, চানখারপুল লেন, নাজিমুদ্দিন রোড, বংশাল, ঢাকা-১১০০

ইমেইল: info@bangladeshbartatoday.com