অর্থনৈতিক অগ্রগতি বাধাগ্রস্ত করতে চায় দুর্বৃত্তরা, ঐক্যবদ্ধভাবে প্রতিহতের আহ্বান অর্থমন্ত্রীর

বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক

প্রকাশ: ২০ নভেম্বর ২০২৬, ০৬:৩৮ পিএম

চট্টগ্রাম থেকে বিশেষ প্রতিনিধি মোহাম্মদ হাসান:
দুর্বৃত্তরা দেশের অর্থনৈতিক অগ্রগতি বাধাগ্রস্ত করতে চায় উল্লেখ করে অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, দেশের অর্থনীতির অগ্রযাত্রা অব্যাহত রাখতে সরকার, রাজনীতিবিদ ও ব্যবসায়ীসহ সবাইকে ঐক্যবদ্ধভাবে এসব অপতৎপরতা প্রতিহত করতে হবে। এটি শুধু সরকারের স্বার্থ নয়, বরং দেশের প্রতিটি মানুষের স্বার্থের বিষয়।
তিনি বলেন, বাংলাদেশের অর্থনীতিকে অতীতে যেভাবে কিছু মানুষের হাতে পুঞ্জীভূত করে রাখা হয়েছিল, সেখান থেকে বেরিয়ে আসতে চায় সরকার। আমরা অর্থনীতির গণতন্ত্রায়নের কথা বলছি। শুধু রাজনৈতিক গণতন্ত্র প্রতিষ্ঠার মাধ্যমে কোনো দেশ এগিয়ে যেতে পারে না; অর্থনীতিরও গণতন্ত্রায়ন করতে হবে, যাতে দেশের প্রতিটি মানুষ অর্থনৈতিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করতে পারে এবং উন্নয়নের সুফল ভোগ করতে পারে।
শুক্রবার (২০ নভেম্বর) বিকেলে নগরের পলোগ্রাউন্ড মাঠে চিটাগাং চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি আয়োজিত ৩২তম আন্তর্জাতিক বাণিজ্য মেলার (সিআইটিএফ) উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অর্থমন্ত্রী বলেন, অর্থনৈতিক অগ্রগতির জন্য দেশে স্থিতিশীলতা বজায় রাখা অত্যন্ত জরুরি। দেশ স্থিতিশীল থাকলে অর্থনীতি দ্রুত এগিয়ে যাওয়ার সুযোগ পাবে। সরকারের পরিকল্পনা বাস্তবায়নে আগামী পাঁচ বছর স্থিতিশীল পরিবেশ নিশ্চিত করা গেলে কর্মসংস্থান সৃষ্টি এবং ব্যবসা-বাণিজ্যের প্রসারে যে লক্ষ্য নির্ধারণ করা হয়েছে, তা সফলভাবে অর্জন করা সম্ভব হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রশাসক ডা. শাহাদাত হোসেন বলেন, চট্টগ্রামকে নিরাপদ রাখতে এবং ব্যবসাবান্ধব পরিবেশ গড়ে তুলতে কাজ করছে সিটি করপোরেশন। নগরের প্রতিটি ওয়ার্ডে গ্রিন ক্লাব গঠনেরও আহ্বান জানান তিনি।
তিনি বলেন, একসময় চট্টগ্রাম সিটি করপোরেশন ঋণের ভারে জর্জরিত ছিল। দেনা পরিশোধ করে বর্তমানে দেড়শ কোটি টাকা জমা রাখা হয়েছে। তবে নগরের অন্যতম সমস্যা হচ্ছে সিটি গভর্নমেন্ট না থাকা। একসময় এ ব্যবস্থা থাকলেও আওয়ামী লীগ সরকার তা রহিত করেছিল। চট্টগ্রামকে সিটি গভর্নমেন্টের আওতায় আনার জন্য অর্থমন্ত্রীর প্রতি আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে গেস্ট অব অনার হিসেবে বক্তব্য দেন সংসদ সদস্য আবু সুফিয়ান। তিনি বলেন, স্বাধীনতার পর চট্টগ্রাম প্রথমবারের মতো একজন অর্থমন্ত্রী পেয়েছে। ব্যবসায়ীরা বিভিন্ন সময়ে হয়রানি ও হেনস্তার শিকার হওয়ার অভিযোগ জানান। নিরাপদ বাংলাদেশ গড়ে তোলা সরকারের অঙ্গীকার। দেশ সবার, তাই দেশের স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।
চেম্বার সভাপতি মোহাম্মদ আমিরুল হক বলেন, চট্টগ্রাম বিমানবন্দর, চট্টগ্রাম বন্দর ও কাস্টম হাউস নিয়ে অর্থমন্ত্রীর সুদূরপ্রসারী পরিকল্পনা সম্পর্কে জানতে চান ব্যবসায়ীরা। এসব গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের উন্নয়ন ও সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে চট্টগ্রামের বাণিজ্যিক সম্ভাবনাকে আরও এগিয়ে নেওয়া সম্ভব।
চেম্বারের সাবেক সভাপতি ইঞ্জিনিয়ার আলী আহমেদ বলেন, এবার ৩২তম আন্তর্জাতিক বাণিজ্য মেলার আয়োজন করা হয়েছে। চট্টগ্রামের মানসম্মত শিল্পপণ্য প্রদর্শনই ছিল এ মেলার মূল উদ্দেশ্য। প্রথম মেলা অনুষ্ঠিত হয়েছিল জিমনেশিয়াম মাঠে। তৎকালীন সময়ে জহির উদ্দিন মেলা উদ্বোধন করেছিলেন এবং সেটি ছিল তিন দিনব্যাপী।
তিনি বলেন, ঢাকা-চট্টগ্রাম রেল যোগাযোগের সময় তিন ঘণ্টায় নামিয়ে আনা গেলে আকাশপথের ওপর চাপ কমবে এবং যাত্রীদের জন্য আরও কার্যকর যোগাযোগব্যবস্থা গড়ে উঠবে।
সিআইটিএফের চেয়ারম্যান ও চেম্বার পরিচালক এসএম সাইফুল আলম বলেন, এবারের মেলা আয়োজনের পেছনে চেম্বারের সাবেক সভাপতি আমীর হুমায়ুন মাহমুদ চৌধুরী অক্লান্ত পরিশ্রম করেছেন। মাসব্যাপী এ মেলা সফলভাবে পরিচালনায় সবার সহযোগিতা কামনা করেন তিনি। পাশাপাশি চট্টগ্রামবাসীকে মেলায় আসার আমন্ত্রণ জানান।
অনুষ্ঠানে চেম্বার সভাপতি প্রধান অতিথি অর্থমন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা জানান এবং চেম্বারের ক্রেস্ট উপহার দেন। চেম্বারের সিনিয়র সহসভাপতি আমজাদ হোসেন চৌধুরী চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রশাসককে ফুলেল শুভেচ্ছা ও ক্রেস্ট প্রদান করেন। সংসদ সদস্য আবু সুফিয়ানকে ফুলেল শুভেচ্ছা ও ক্রেস্ট উপহার দেন চেম্বারের সহসভাপতি মশিউল আলম স্বপন।
এ সময় চট্টগ্রামে আন্তর্জাতিক বাণিজ্য মেলার জন্য একটি স্থায়ী ভেন্যু নির্মাণের বিষয়ে অর্থমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন চেম্বারের সিনিয়র সহসভাপতি আমজাদ হোসেন চৌধুরী।

যোগাযোগের ঠিকানা:

বাংলাদেশ বার্তা টুডে

৫৬, চানখারপুল লেন, নাজিমুদ্দিন রোড, বংশাল, ঢাকা-১১০০

ইমেইল: info@bangladeshbartatoday.com