‘আলোকিত লালমনিরহাট’ মডেল সারাদেশে ছড়িয়ে দিতে হবে: প্রধানমন্ত্রী
বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক
প্রকাশ: ১৯ নভেম্বর ২০২৬, ০৫:২৭ পিএম
হাসানুজ্জামান হাসান,লালমনিরহাট:
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘আলোকিত লালমনিরহাট’ যেসব ইতিবাচক পদক্ষেপ নিয়েছে, তা দেশের বাকি ৬৩ জেলাতেও সম্প্রসারণ করতে হবে। সব সমস্যার সমাধান কেবল আইনের মাধ্যমে সম্ভব নয়, সামাজিক সংগঠনের মাধ্যমে সম্মিলিতভাবে অনেক সমস্যার সমাধান করা যায়।
সমাজের পরিবর্তন ও উন্নয়নের জন্য মতপার্থক্য ভুলে সব মানুষকে ঐক্যবদ্ধভাবে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে বললেন।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বিকেলে লালমনিরহাটের কালেক্টরেট মাঠে ‘আলোকিত লালমনিরহাট’ নামে একটি সংগঠনের স্বেচ্ছাসেবকদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে এই আহ্বান জানান তিনি।
প্রধানমন্ত্রী বলেন, ‘সমাজের সব ধরনের সমস্যার সমাধান কেবল আইন প্রয়োগের মাধ্যমে সম্ভব নয়। অনেক জটিল সমস্যার সামাজিক সংগঠনের মাধ্যমে সমাধান সম্ভব। বিগত প্রায় দুদশক ধরে দেশে যে অস্বাভাবিক ও ভীতিকর পরিস্থিতি বিরাজ করছিল, তাতে সামাজিক মূল্যবোধ বিনষ্ট হয়েছিল এবং সমাজে সম্মানীয় ব্যক্তিদের অপদস্ত করা হতো।’
গণ-অভ্যুত্থানের মাধ্যমে পরিস্থিতির পরিবর্তন ঘটেছে উল্লেখ করে তিনি বলেন, ‘এখন সামাজিক সংগঠনের সক্রিয় উদ্যোগে সমাজে হারিয়ে যাওয়া মূল্যবোধ পুনরায় ফিরিয়ে আনা সম্ভব।’ সমাজের পরিবর্তন ও উন্নয়নের জন্য মতপার্থক্য ভুলে সব মানুষকে ঐক্যবদ্ধভাবে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার আহ্বান জানান তারেক রহমান।
তিনি বলেন, ‘বাংলাদেশ জনসংখ্যার দিক থেকে বিশ্বের অষ্টম বৃহত্তম দেশ হওয়ায় নাগরিকদের স্বাস্থ্যসুরক্ষায় পরিচ্ছন্ন পরিবেশ বজায় রাখা অত্যন্ত জরুরি। যত্রতত্র ফেলা আবর্জনা নদী-নালা, খাল-বিল ও পরিবেশকে দূষিত করছে, যা মানুষের শারীরিক ও মানসিক স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। প্রতিটি পরিবারে সচেতনতা তৈরি করা এবং বৈজ্ঞানিক ও পদ্ধতিগত উপায়ে আবর্জনা সংগ্রহ ও ধ্বংসের মাধ্যমে লালমনিরহাটকে দেশের সবচেয়ে পরিচ্ছন্ন জেলা হিসেবে গড়ে তুলতে হবে।’
সরকারপ্রধান বলেন, ‘জলবায়ু পরিবর্তনের ফলে ঋতুচক্রে পরিবর্তন এসেছে এবং শীতের তীব্রতা হ্রাস পেয়েছে, যার সমাধানে ব্যাপক বৃক্ষরোপণ প্রয়োজন। পরিবারের প্রতিটি সদস্যের জন্মদিনে অন্তত একটি করে মূল্যবান গাছের চারা রোপণ করতে হবে। এই বৃক্ষরোপণ একদিকে যেমন প্রাকৃতিক দুর্যোগ ও ঝড়-তুফান থেকে ঘরবাড়ি রক্ষা করবে, অন্যদিকে ভবিষ্যতে অর্থনৈতিক নিরাপত্তা ও সম্পদের সংস্থান করবে।’