কে কাকে ভোট দিয়েছেন বিবেচ্য নয়, সব নারীই ফ্যামিলি কার্ড পাবেন: প্রধানমন্ত্রী

বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক

প্রকাশ: ১৯ নভেম্বর ২০২৬, ০২:১৩ পিএম

হাসানুজ্জামান হাসান, লালমনিরহাট:

আগামী মাস থেকে দেশের সব নারীকে ফ্যামিলি কার্ড দেয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, কে কাকে ভোট দিয়েছেন, সেটি বিবেচ্য নয়; সব নারীই সরকারের ফ্যামিলি কার্ড পাবেন। এ জন্য তালিকাও প্রস্তুত করা হয়েছে।

 বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দীর্ঘ দুই দশকেরও বেশি সময় পর তিস্তাপারের জেলা লালমনিরহাট সফরে গিয়ে এসব কথা বলেন প্রধানমন্ত্রী।

এসময় প্রধানমন্ত্রী জানান, ষষ্ঠ শ্রেণি থেকে ডিগ্রি পর্যন্ত ৭০ লাখ শিক্ষার্থীকে উপবৃত্তি দেয়া হবে। আগামী এক থেকে দুই মাসের মধ্যেই এ কার্যক্রম শুরু হবে। শিল্পবিপ্লবের লক্ষ্যে খুলনা থেকে পঞ্চগড় ও লালমনিরহাট পর্যন্ত গ্যাসলাইন স্থাপনের পরিকল্পনার কথাও জানান তিনি। আগামী ছয় থেকে সাত মাসের মধ্যে এ কাজ শুরুর পরিকল্পনা রয়েছে বলে জানান প্রধানমন্ত্রী।

তারেক রহমান বলেন, ‘নির্বাচিত সরকার কৃষক, শ্রমিক ও নারীদের জন্য কাজ করছে। কিন্তু একটি মহল দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। যারা সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে ১৬ বছর দেশের মানুষকে নির্যাতন করেছে, তারাই এখন ষড়যন্ত্রে লিপ্ত।’

প্রধানমন্ত্রী বলেন, ‘এ দেশের মানুষের প্রতি তাদের (কার্যক্রম নিধিদ্ধ আওয়ামী লীগের) দরদ নেই। এই লক্ষ্যেই তারা দেশের মানুষের লক্ষ কোটি টাকা পাচার করেছে। যেই দেশে তারা পালিয়ে গেছে, সেই দেশ তাদের প্রভু। প্রভুদের খুশি করতে তারা আবার ষড়যন্ত্র করছে।’

তারেক রহমান বলেন, ‘যেভাবে চব্বিশে সবাই ঐক্যবদ্ধ হয়ে খুনি-সন্ত্রাসীদের বিতারিত করেছিল, ঠিক এখন ষড়যন্ত্র মোকাবিলায় সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। দেশের মানুষ আর গুম খুন ও ভোটদখলের রাজনীতি চায় না। যারা মানুষ হত্যা করে ক্ষমতায় টিকে থাকতে চায়; তারা দেশ ও দেশের মানুষের ভালো চায় না।’

যোগাযোগের ঠিকানা:

বাংলাদেশ বার্তা টুডে

৫৬, চানখারপুল লেন, নাজিমুদ্দিন রোড, বংশাল, ঢাকা-১১০০

ইমেইল: info@bangladeshbartatoday.com