বর্জ্য থেকে ২৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের প্রস্তাব চীনা প্রতিষ্ঠানের
বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক
প্রকাশ: ১৬ নভেম্বর ২০২৬, ০৯:১৫ এএম
চট্টগ্রাম থেকে বিশেষ প্রতিনিধি মোহাম্মদ হাসান:
চট্টগ্রাম নগরীর বর্জ্য ব্যবস্থাপনায় আধুনিক প্রযুক্তি ব্যবহারের পাশাপাশি বর্জ্য থেকে ২৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের প্রস্তাব দিয়েছে চীনের প্রতিষ্ঠান কনচ ভেঞ্চার। রোববার (১৫ নভেম্বর) বিকেলে নগরীর টাইগারপাসে চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) কার্যালয়ে প্রশাসক শাহাদাত হোসেনের সঙ্গে অনুষ্ঠিত এক বৈঠকে প্রতিষ্ঠানটির প্রতিনিধিরা এ প্রস্তাব তুলে ধরেন।
বৈঠকে চীনা প্রতিনিধিরা বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনে তাঁদের প্রতিষ্ঠানের অভিজ্ঞতা, প্রযুক্তিগত সক্ষমতা এবং বিভিন্ন দেশে বাস্তবায়িত প্রকল্পের বিষয়ে বিস্তারিত তুলে ধরেন।
এ সময় চসিক প্রশাসক শাহাদাত হোসেন বলেন, বর্জ্যকে শুধু অপসারণের বিষয় হিসেবে নয়, বরং সম্পদে রূপান্তরের সুযোগ হিসেবে দেখতে চায় সিটি করপোরেশন। নগরীতে প্রতিদিন বিপুল পরিমাণ বর্জ্য উৎপন্ন হয়। এসব বর্জ্য সংগ্রহ, পরিবহন ও অপসারণে সিটি করপোরেশনকে উল্লেখযোগ্য অর্থ ও জনবল ব্যয় করতে হয়। অথচ আধুনিক প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে বর্জ্য থেকে বিদ্যুৎ, জৈবসারসহ বিভিন্ন মূল্যবান সম্পদ উৎপাদন সম্ভব।
তিনি বলেন, একটি ‘ক্লিন, গ্রিন, হেলদি, সেফ ও স্মার্ট’ চট্টগ্রাম গড়ে তোলাই তাঁদের লক্ষ্য। জনসংখ্যা বৃদ্ধি ও দ্রুত নগরায়ণের ফলে প্রচলিত পদ্ধতিতে ভাগাড়ে বর্জ্য ফেলে দীর্ঘমেয়াদি সমাধান পাওয়া সম্ভব নয়। প্রযুক্তিনির্ভর ব্যবস্থাপনার মাধ্যমে বর্জ্যকে অর্থনৈতিক সম্পদে পরিণত করা গেলে একদিকে নগরীর পরিচ্ছন্নতা নিশ্চিত হবে, অন্যদিকে নবায়নযোগ্য ও বিকল্প জ্বালানি উৎপাদনের সুযোগ সৃষ্টি হবে।
প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে আর্থিক ও পরিবেশগত বিষয়গুলো গুরুত্বের সঙ্গে বিবেচনার ওপর জোর দিয়ে প্রশাসক বলেন, এমন কোনো প্রকল্প গ্রহণ করা হবে না, যা ভবিষ্যতে সিটি করপোরেশনের জন্য আর্থিক বোঝা হয়ে দাঁড়ায়। প্রকল্পটি হতে হবে বাস্তবসম্মত, পরিবেশবান্ধব ও দীর্ঘমেয়াদে টেকসই।
তিনি আরও বলেন, প্রকল্প গ্রহণের আগে নগরীতে উৎপন্ন বর্জ্যের পরিমাণ ও প্রাপ্যতা, বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা, প্রয়োজনীয় জমি, পরিবেশগত প্রভাব এবং অর্থায়নের বিষয়গুলো যথাযথভাবে যাচাই করা জরুরি। নগরবাসীর স্বার্থকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে সম্ভাবনাময় প্রস্তাবগুলো বিবেচনা করা হবে।
বৈঠকে চীনা প্রতিনিধিদল জানায়, কনচ ভেঞ্চার আধুনিক ‘গ্রেট ফার্নেস’ প্রযুক্তি ব্যবহার করে পৌর বর্জ্য প্রক্রিয়াকরণ ও বিদ্যুৎ উৎপাদন কার্যক্রম পরিচালনা করে। প্রতিষ্ঠানটির ২০২৫ সালের বার্ষিক প্রতিবেদন অনুযায়ী, চীনসহ বিভিন্ন অঞ্চলে তাদের ১১২টি চুক্তিবদ্ধ বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন প্রকল্প রয়েছে। গত বছর প্রতিষ্ঠানটি প্রায় ১ কোটি ৬৪ লাখ ৭০ হাজার টন গৃহস্থালি বর্জ্য প্রক্রিয়াকরণ করেছে।
বিকেল ৩টা থেকে ৪টা পর্যন্ত অনুষ্ঠিত বৈঠকে চীনা প্রতিনিধিদলে উপস্থিত ছিলেন আনহুই হাইচুং গ্রিন এনার্জি এনভায়রনমেন্টাল প্রোটেকশন গ্রুপের মহাব্যবস্থাপক হান জিউ, কনচ কাওয়াসাকি ইঞ্জিনিয়ারিং কোম্পানি লিমিটেডের নির্বাহী উপমহাব্যবস্থাপক লি চাওহুই, হাইচুং গ্রিন এনার্জির অপারেশনস অ্যান্ড ম্যানেজমেন্ট অফিসের সুপারভাইজার চেং, প্রতিনিধি কেন্ট ও কাও এবং ডিএন অ্যাসোসিয়েটসের লেফটেন্যান্ট কর্নেল (অব.) আহমেদ ড্যানিয়েল ইসলাম।
চট্টগ্রাম সিটি করপোরেশনের পক্ষে উপস্থিত ছিলেন প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা ক্যাপ্টেন শামীম মোহাম্মদ খান, প্রধান প্রকৌশলী আনিসুর রহমান এবং ম্যালেরিয়া ও মশক নিয়ন্ত্রণ কর্মকর্তা মো. শরফুল ইসলাম মাহিসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।