মানিকগঞ্জে মাদক মামলায় একজনের যাবজ্জীবন, অপরজনের ৪ বছরের কারাদণ্ড
বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক
প্রকাশ: ২৬ অক্টোবর ২০২৬, ০৮:৪৫ পিএম
মানিকগঞ্জ প্রতিনিধি, ২৬ অক্টোবর:
মানিকগঞ্জের সিংগাইরে হেরোইন ও ইয়াবা উদ্ধারের ঘটনায় করা মাদক মামলায় মো. মুক্তার হোসেনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত । একই মামলায় মো. সুমন মিয়াকে চার বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। এ ছাড়া পৃথক ধারায় দুজনকেই অতিরিক্ত কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে ।
সোমবার দুপুরে মানিকগঞ্জের জেলা ও দায়রা জজ আদালতের বিচারক এস কে এম তোফায়েল হাসান এ রায় ঘোষণা করেন । রায় ঘোষণার সময় এক আসামি আদালতে উপস্থিত ছিলেন, অন্যজন অনুপস্থিত ছিলেন ।
দণ্ডপ্রাপ্ত মুক্তার হোসেন সিংগাইর উপজেলার চর চান্দহর গ্রামের কুরবানীর ছেলে । তিনি পলাতক রয়েছেন । মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) ধারার ৮(গ) উপধারায় তাকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডের পাশাপাশি ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে । জরিমানা অনাদায়ে তাকে আরও তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে । একই আইনের ১০(ক) ধারায় তাকে আরও আড়াই বছরের কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে ।
অপর আসামি সুমন মিয়া একই উপজেলার চর চামটা গ্রামের মৃত আব্দুর রফিকের ছেলে । তাকে আইনের ৩৬(১) ধারার ৮(খ) উপধারায় চার বছরের সশ্রম কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে । একই আইনের ১০(ক) ধারায় তাকে আরও দুই বছরের সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা করা হয় । জরিমানা অনাদায়ে তাকে অতিরিক্ত কারাদণ্ড ভোগ করতে হবে । আদালতের আদেশ অনুযায়ী, পৃথক ধারায় দেওয়া সাজা একসঙ্গে কার্যকর হবে ।
মামলার বিবরণ অনুযায়ী, ২০২৪ সালের ২৬ জুলাই রাতে সিংগাইর উপজেলার চর চান্দহর পশ্চিমপাড়া জামে মসজিদের উত্তর পাশের একটি কাঁচা রাস্তা থেকে মুক্তার হোসেনের কাছ থেকে ৮০ গ্রাম হেরোইন এবং সুমন মিয়ার কাছ থেকে ২০ গ্রাম হেরোইন ও ২২০টি ইয়াবা উদ্ধার করে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) । এ ঘটনায় তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয় ।
মামলার বাদী ছিলেন ডিবির উপপরিদর্শক (এসআই) মাহফুজ রানা । তদন্ত শেষে ২০২৪ সালের ২৫ সেপ্টেম্বর দুই আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন তদন্ত কর্মকর্তা এসআই রনি দেবনাথ ।
আদালত নয়জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে এ রায় দেন । রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন সরকারি কৌঁসুলি (পিপি) নূরতাজ আলম বাহার । আসামিপক্ষে ছিলেন আইনজীবী সাইফুল ইসলাম শহীদ ।