মাদকসহ আটকের ঘটনায় ষড়যন্ত্রের অভিযোগ নোবিপ্রবি কর্মচারীর

বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক

প্রকাশ: ২০ নভেম্বর ২০২৬, ১১:৩৪ পিএম

মোঃ জাহিদ হাসান, নোবিপ্রবি প্রতিনিধি:

পূর্বশত্রুতার জেরে মাদক দিয়ে ফাঁসিয়ে সামাজিক ও পেশাগতভাবে হেয়প্রতিপন্ন করার চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ করেছেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) এক কর্মচারী। তাঁর দাবি, স্থানীয় কয়েকজনের সঙ্গে বিরোধের জেরে তাঁকে মারধর ও অর্থ ছিনিয়ে নেওয়ার পর মাদকসহ আটকের অভিযোগ তোলা হয়েছে। একই সঙ্গে বিভিন্ন গণমাধ্যমে তাঁর নামে ইয়াবা সেবনের স্বীকারোক্তির যে খবর প্রকাশিত হয়েছে, সেটিও মিথ্যা ও বিভ্রান্তিকর বলে দাবি করেছেন তিনি।

অভিযোগকারী মো. হুমায়ুন কবির বিশ্ববিদ্যালয়ের মাইক্রোবায়োলজি বিভাগের ল্যাব টেকনিশিয়ান। সম্প্রতি নোয়াখালীর সেনবাগে ইয়াবাসহ তাঁকে আটকের ঘটনায় বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়। এসব সংবাদের প্রতিবাদ জানিয়ে গত ১৯ নভেম্বর নোয়াখালী প্রেস ক্লাবের সভাপতি/সাধারণ সম্পাদক বরাবর পাঠানো এক প্রতিবাদলিপিতে নিজের বক্তব্য তুলে ধরেন তিনি।

প্রতিবাদলিপিতে হুমায়ুন কবির দাবি করেন, গত ২ নভেম্বর মো. ইমাম উদ্দিনসহ স্থানীয় কয়েকজনের সঙ্গে তাঁর বিরোধের সূত্রপাত হয়। এর ধারাবাহিকতায় ৩ নভেম্বর তিনি শারীরিকভাবে আহত হন এবং কবিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে চিকিৎসা নেন। এ ঘটনায় তিনি আইনগত প্রতিকার পাওয়ার উদ্যোগ নিয়েছিলেন বলেও উল্লেখ করেন।

তাঁর ভাষ্য অনুযায়ী, গত ১৩ নভেম্বর সেনবাগ উপজেলার ৯ নম্বর নবীপুর ইউনিয়নের আইচের টেক বাজার এলাকায় যাওয়ার পথে মো. ইমাম উদ্দিন, মো. মোস্তফাসহ কয়েকজন তাঁর চলাচলে বাধা দেন। এ সময় তাঁকে মারধর করে আহত করা হয় এবং সঙ্গে থাকা নগদ টাকা ছিনিয়ে নেওয়া হয়। পরবর্তী সময়ে মাদকসহ আটকের অভিযোগ তুলে তাঁকে হয়রানি করা হয়েছে বলে দাবি করেন তিনি। পূর্ববিরোধের জের ধরেই পরিকল্পিতভাবে এসব করা হয়েছে বলে মনে করেন হুমায়ুন কবির।

এদিকে, প্রকাশিত সংবাদে তাঁর ইয়াবা সেবনের স্বীকারোক্তির বিষয়টিও অস্বীকার করেছেন তিনি। প্রতিবাদলিপিতে তাঁর দাবি, তিনি কখনো ইয়াবা সেবন করেননি এবং এ ধরনের কোনো স্বীকারোক্তিও দেননি। তাঁর নামে নিয়মিত ইয়াবা সেবন এবং বাড়িতে গেলে প্রতি সপ্তাহে দুটি করে ইয়াবা সেবনের যে বক্তব্য প্রচারিত হয়েছে, তা সম্পূর্ণ ভিত্তিহীন। তাঁর মাদক সেবনের বিষয়টি প্রমাণে কোনো ডোপ টেস্ট বা চিকিৎসাগত পরীক্ষাও করা হয়নি বলে উল্লেখ করেন তিনি।

সংবাদে ঘটনার তারিখ ১৫ নভেম্বর উল্লেখ করা হলেও সেটি ভুল বলে দাবি করেছেন হুমায়ুন কবির। তাঁর ভাষ্য, ঘটনাটি ঘটে ১৩ নভেম্বর। ১৫ নভেম্বর তিনি বিশ্ববিদ্যালয়ের নিজ কর্মস্থলে উপস্থিত থেকে নিয়মিত দায়িত্ব পালন করেছেন। এ দাবির পক্ষে হাজিরা রেজিস্টারের ফটোকপিও প্রতিবাদলিপির সঙ্গে সংযুক্ত করেছেন তিনি।

প্রকাশিত সংবাদে তাঁর বিরুদ্ধে মাদক সেবনের অভিযোগের সত্যতা নিয়েও প্রশ্ন তুলেছেন হুমায়ুন কবির। তাঁর দাবি, পুলিশ সাক্ষী হিসেবে মো. মহি উদ্দিন ও মো. কামাল উদ্দিনের নাম উল্লেখ করেছে। ওই দুই ব্যক্তি তাঁর পক্ষে হলফনামা দিয়েছেন এবং তিনি কোনো মাদক সেবন করেননি কিংবা ইয়াবা সেবনের বিষয়ে কোনো স্বীকারোক্তি দেননি বলে জানিয়েছেন। তাঁদের হলফনামাও প্রতিবাদলিপির সঙ্গে সংযুক্ত করেছেন তিনি।

ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম নিয়েও আপত্তি জানিয়েছেন হুমায়ুন কবির। তাঁর দাবি, আত্মপক্ষ সমর্থনের যথাযথ সুযোগ না দিয়ে একটি সাদা কাগজে তাঁর স্বাক্ষর নেওয়া হয়। পরে কোনো জবাব বা ব্যাখ্যা দেওয়ার সুযোগ ছাড়াই তাঁকে কারাগারে পাঠানো হয়। আদালতের আদেশের অনুলিপিতে নির্বাহী ম্যাজিস্ট্রেটের সিল থাকলেও স্বাক্ষর না থাকার বিষয়টিও প্রতিবাদলিপিতে উল্লেখ করেছেন তিনি। এসব বিষয়ে উচ্চ আদালতে আইনগত প্রতিকার চাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন বলেও জানান।

হুমায়ুন কবির বলেন, ‘আমার বক্তব্য গ্রহণ, তথ্য যাচাই কিংবা ঘটনার উভয় পক্ষের বক্তব্য না নিয়েই আমাকে মাদকসেবী হিসেবে উপস্থাপন করা হয়েছে। এতে আমার সামাজিক ও পেশাগত মর্যাদা ক্ষুণ্ন হয়েছে।’ তিনি আরও জানান, বিশ্ববিদ্যালয় প্রশাসন তাঁকে এ বিষয়ে তিন কার্যদিবসের মধ্যে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে। এর জবাবে প্রয়োজনীয় প্রমাণসহ লিখিত বক্তব্য জমা দেবেন বলেও জানিয়েছেন তিনি।

প্রতিবাদলিপিতে প্রকাশিত সংবাদের ভুল ও বিভ্রান্তিকর তথ্যের প্রতিবাদ জানিয়ে প্রকৃত ঘটনা জনসমক্ষে তুলে ধরার পাশাপাশি সংশ্লিষ্ট সংবাদে প্রয়োজনীয় সংশোধনী প্রকাশের অনুরোধ জানিয়েছেন হুমায়ুন কবির।

যোগাযোগের ঠিকানা:

বাংলাদেশ বার্তা টুডে

৫৬, চানখারপুল লেন, নাজিমুদ্দিন রোড, বংশাল, ঢাকা-১১০০

ইমেইল: info@bangladeshbartatoday.com