গাছ দিয়ে নবীন শিক্ষার্থীদের বরণ করে নিলো নোবিপ্রবির কক্সবাজার স্টুডেন্টস অ্যাসোসিয়েশন
বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক
প্রকাশ: ১৭ নভেম্বর ২০২৬, ১০:১১ পিএম
মোঃ জাহিদ হাসান, নোবিপ্রবি প্রতিনিধি:
পরিবেশবান্ধব ও ব্যতিক্রমী উদ্যোগে ফুলের পাশাপাশি গাছের চারা দিয়ে ২০২৫-২৬ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ করে নিয়েছে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) অধ্যয়নরত কক্সবাজার জেলার শিক্ষার্থীদের সংগঠন ‘কক্সবাজার স্টুডেন্টস অ্যাসোসিয়েশন’।
সোমবার (১৬ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের মনোসরণীতে নানা আয়োজনে এই ‘নবীন বরণ ও স্পোর্টস ডে’ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থেকে নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন রসায়ন বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ শাহাজাহান কুতুবী, ফার্মেসি বিভাগের সহকারী অধ্যাপক ড. মো. সালাহউদ্দিন মিল্লাত, ইনস্টিটিউট অব ইনফরমেশন সায়েন্স (আইআইএস)-এর সহকারী অধ্যাপক মো. আব্দুল করিম, বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং (বিজিই) বিভাগের সহকারী অধ্যাপক ড. শিপন দাশ গুপ্ত এবং আইন বিভাগের সহকারী অধ্যাপক সাজ্জাদুল করিম।
এছাড়াও আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন ক্লাইম্যাক্স ফিজিক্সের পরিচালক সিরাজুল ইসলাম রুবেল, সহকারী প্রোগ্রামার মো. আসিফ এবং সংগঠনটির সাবেক সভাপতি জিল্লুর রহমান।
বক্তারা নবীন শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয় জীবনে পড়াশোনার পাশাপাশি সহশিক্ষামূলক কার্যক্রমে যুক্ত হয়ে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলার আহ্বান জানান। একইসাথে প্রবাসসম এই ক্যাম্পাসে কক্সবাজারের শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক ভ্রাতৃত্ব ও ঐক্য বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন।
দুপুর আড়াইটায় প্রীতি ক্রিকেট ম্যাচের মাধ্যমে দিনের কর্মসূচি শুরু হয়। বিকেলে ছেলেদের জন্য মোরগ লড়াই ও বেলুন ফোটানো, মেয়েদের জন্য বল নিক্ষেপ, হাঁড়ি ভাঙা, পিলো পাসিং এবং অতিথিদের জন্য বিশেষ আকর্ষণ হিসেবে হাঁড়ি ভাঙা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। সন্ধ্যায় গাছের চারা ও শুভেচ্ছা স্মারক দিয়ে নবীনদের আনুষ্ঠানিকভাবে বরণ করে নেওয়া হয়। পরে মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা, কুইজ প্রতিযোগিতা ও র্যাফেল ড্র অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের শেষ পর্বে কৃতী শিক্ষার্থীদের মাঝে ‘একাডেমিক এক্সিলেন্স অ্যাওয়ার্ড’ প্রদান এবং বিভিন্ন ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
অ্যাসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক মোস্তাকিম সাদিকের সঞ্চালনায় অনুষ্ঠানে সংগঠনটির বর্তমান সভাপতি রোবায়েত হাসান রাকিব, সাধারণ সম্পাদক রায়হান উদ্দিনসহ কার্যনির্বাহী কমিটির সদস্য ও বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগে অধ্যয়নরত কক্সবাজারের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।