ফ্যাসিবাদ ও সন্ত্রাসের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ার আহ্বান খুকৃবি উপাচার্যের
বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক
প্রকাশ: ১৭ নভেম্বর ২০২৬, ০৫:২৭ পিএম
নাজমুস সাকিব, খুলনা কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:
দেশবিরোধী অপশক্তি, ফ্যাসিবাদী তৎপরতা ও সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের (খুকৃবি) উপাচার্য অধ্যাপক ড. মো. আসাদুজ্জামান সরকার। মঙ্গলবার (১৭ নভেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী কার্যালয়ে সারা দেশে সংঘটিত সন্ত্রাসী কর্মকাণ্ড ও সহিংসতার প্রতিবাদে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
উপাচার্য বলেন, গণহত্যাকারী কোনো ফ্যাসিস্ট সরকার দেশ থেকে পালিয়ে যাওয়ার পর পুনরায় ফিরে এসেছে—পৃথিবীতে এমন নজির নেই। ফ্যাসিস্টদের ফিরে আসার হুমকি কেবলই তাদের ফাঁকা বুলি। ২০২৪ সালে ছাত্র-জনতা যেভাবে ঐক্যবদ্ধভাবে ফ্যাসিবাদী সরকারকে বিতাড়িত করেছিল, একইভাবে দেশপ্রেমিক শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা ঐক্যবদ্ধ থেকে যেকোনো ধরনের আগুন-সন্ত্রাস ও অস্থিতিশীলতা প্রতিহত করবে। বাংলাদেশে ফ্যাসিবাদীদের কোনো ঠাঁই হবে না।
খুকৃবি সাদা দলের সাধারণ সম্পাদক সহকারী অধ্যাপক ড. মো. উজ্জল হোসেনের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. শামীম আহমেদ কামাল উদ্দিন খান, রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) মো. রাজিবুল করিম এবং সাদা দলের সভাপতি ড. মো. হাফিজুর রহমান।
সমাবেশে বক্তারা দেশের বিভিন্ন স্থানে সংঘটিত সন্ত্রাসী কর্মকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। তাঁরা বলেন, বিশ্ববিদ্যালয় কেবল উচ্চশিক্ষা ও গবেষণার কেন্দ্র নয়, বরং মুক্তবুদ্ধি ও গণতান্ত্রিক মূল্যবোধ বিকাশের অন্যতম ক্ষেত্র। তাই ক্যাম্পাসের শান্তিপূর্ণ ও শিক্ষাবান্ধব পরিবেশ বজায় রাখতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
সমাবেশে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা অংশ নেন। এ সময় ক্যাম্পাসে শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং যেকোনো ধরনের অস্থিতিশীলতা প্রতিরোধে ঐক্যবদ্ধ থাকার প্রত্যয় ব্যক্ত করেন তাঁরা।