খুকৃবির সাদা দলের বিবৃতি: দেশে অস্থিতিশীলতা ও সহিংসতার নিন্দা এবং ঐক্যবদ্ধ থাকার আহ্বান
বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক
প্রকাশ: ১৬ নভেম্বর ২০২৬, ১১:০৮ পিএম
নাজমুস সাকিব, খুলনা কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:
দেশে চলমান অস্থিতিশীলতা, নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টা এবং বিভিন্ন স্থানে সংঘটিত সহিংসতার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের (খুকৃবি) শিক্ষকদের সংগঠন ‘সাদা দল’। একই সঙ্গে যেকোনো ষড়যন্ত্র ও বিশৃঙ্খলা মোকাবিলায় দেশের সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছে সংগঠনটি।
খুকৃবি সাদা দলের পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বলা হয়, প্রধানমন্ত্রী তারেক রহমান যখন একটি সমৃদ্ধ, স্বনির্ভর ও আধুনিক বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন এবং দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে মানুষের কল্যাণে উন্নয়নের বার্তা পৌঁছে দিচ্ছেন, ঠিক সেই সময়ে দেশে অস্থিতিশীলতা ও নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টা অত্যন্ত উদ্বেগজনক।
বিবৃতিতে সংগঠনটির নেতৃবৃন্দ উল্লেখ করেন, বর্তমানে আন্তর্জাতিক জলবায়ু সম্মেলনে বাংলাদেশের প্রতিনিধিত্ব, উপকূলীয় অঞ্চলের জলবায়ু পরিবর্তনজনিত সংকট মোকাবিলা, ক্ষতিগ্রস্ত মানুষের অধিকার প্রতিষ্ঠা এবং জলবায়ু ক্ষতিপূরণ ও ন্যায্য অর্থায়ন আদায়ের প্রচেষ্টা চলছে। জাতীয় ও আন্তর্জাতিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সময়ে দেশের অভ্যন্তরে কোনো ধরনের সহিংসতা ও বিশৃঙ্খলা কোনোভাবেই কাম্য নয়।
গোপালগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে সংঘটিত হামলা, সহিংসতা এবং সাধারণ মানুষের জানমালের ক্ষতিসাধনের ঘটনায় গভীর উদ্বেগ ও তীব্র প্রতিবাদ জানিয়ে সাদা দল জানায়, তারা অতীতের দ্বন্দ্ব-বিদ্বেষ ও সহিংস রাজনৈতিক সংস্কৃতির পুনরাবৃত্তি দেখতে চায় না। বিবৃতিতে বলা হয়, রাজনৈতিক মতপার্থক্য গণতন্ত্রের স্বাভাবিক বৈশিষ্ট্য হলেও এর নামে সন্ত্রাস, নৈরাজ্য, ভাঙচুর কিংবা মানুষের জীবন ও সম্পদের ক্ষতি করার কোনো অধিকার কারও নেই।
সংগঠনটির পক্ষ থেকে সংঘটিত এসব সহিংস ঘটনার নিরপেক্ষ তদন্ত করে প্রকৃত দোষীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানানো হয়। পাশাপাশি দেশের প্রতিটি নাগরিকের জানমালের নিরাপত্তা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়।
বিবৃতিতে আরও বলা হয়, বাংলাদেশের মানুষ শান্তি, গণতন্ত্র, নিরাপত্তা ও উন্নয়ন চায়। কোনো ষড়যন্ত্র, সহিংসতা কিংবা নৈরাজ্য যেন দেশের জাতীয় অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করতে না পারে, সে বিষয়ে সবাইকে সচেতন থাকতে হবে। পরিশেষে, যেকোনো ষড়যন্ত্র ও নৈরাজ্য মোকাবিলায় দেশের সব শ্রেণি-পেশার মানুষকে ঐক্যবদ্ধ থাকার পাশাপাশি সংযম, সহনশীলতা এবং আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকার উদাত্ত আহ্বান জানায় খুকৃবি সাদা দল।