কৃষি গুচ্ছে ভর্তি পরীক্ষা ফেব্রুয়ারিতে, শুধু বহুনির্বাচনী নয়—বদলাতে পারে প্রশ্নের ধরন
বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক
প্রকাশ: ১৫ নভেম্বর ২০২৬, ০৬:৪২ পিএম
নাজমুস সাকিব, খুলনা কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
কৃষি গুচ্ছের ভর্তি পরীক্ষা পদ্ধতিতে বড় ধরনের পরিবর্তনের চিন্তাভাবনা করছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। প্রচলিত বহুনির্বাচনী (এমসিকিউ) প্রশ্নের পাশাপাশি সৃজনশীল প্রশ্ন যুক্ত করে শিক্ষার্থীদের প্রকৃত মেধা, বিশ্লেষণী দক্ষতা ও বিষয়ভিত্তিক জ্ঞান যাচাইয়ের উদ্যোগ নেওয়া হচ্ছে। একই সঙ্গে ভর্তি প্রক্রিয়ার দীর্ঘসূত্রতা কমিয়ে সব আসনে শিক্ষার্থী ভর্তি এবং নির্ধারিত সময়ে একাডেমিক কার্যক্রম শুরু করার পরিকল্পনা রয়েছে।
আগামী ২০২৭-২৮ শিক্ষাবর্ষ থেকে ভর্তি পরীক্ষা পদ্ধতির মানোন্নয়নে প্রয়োজনীয় সুপারিশ দিতে দেশের কৃষি বিশ্ববিদ্যালয়গুলোর উপাচার্যদের নিয়ে একটি কমিটি গঠনের প্রস্তাব দিয়েছেন ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ। এ বিষয়ে কৃষি বিশ্ববিদ্যালয়গুলোর উপাচার্যদের সুপারিশও চেয়েছেন তিনি।
রোববার (১৫ নভেম্বর) ইউজিসিতে দেশের কৃষি বিশ্ববিদ্যালয়গুলোর উপাচার্যদের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় এসব প্রস্তাব ও পরিকল্পনার কথা তুলে ধরা হয়।
সভায় জানানো হয়, ২০২৬-২৭ শিক্ষাবর্ষে কৃষি গুচ্ছের স্নাতক প্রথম বর্ষের ভর্তি কার্যক্রম আগামী জানুয়ারি থেকে শুরু এবং ফেব্রুয়ারি মাসে ভর্তি পরীক্ষা আয়োজনের পরিকল্পনা রয়েছে।
সভায় উপাচার্যরা জানান, প্রতিবছর কৃষি গুচ্ছের ভর্তি পরীক্ষায় প্রায় এক লাখ শিক্ষার্থী অংশগ্রহণ করেন। তবে অপেক্ষমাণ তালিকা থেকে ভর্তি, বিষয় পরিবর্তন ও মাইগ্রেশন প্রক্রিয়া সম্পন্ন করতে প্রায় চার মাস সময় লেগে যায়। এতে বিশেষ করে নতুন কৃষি বিশ্ববিদ্যালয়গুলোতে আসন পূরণে জটিলতা তৈরি হয় এবং একাডেমিক কার্যক্রম শুরু করতে বিলম্ব ঘটে।
ইউজিসি চেয়ারম্যান বলেন, ভর্তি প্রক্রিয়ার কারণে কোনো আসন খালি রাখা যাবে না। নির্ধারিত সময়ের মধ্যে একাডেমিক কার্যক্রম শুরু ও শেষ করতে হবে। ভর্তি পরীক্ষার প্রশ্ন এমনভাবে প্রণয়ন করতে হবে, যাতে শিক্ষার্থীদের সংশ্লিষ্ট বিষয়ে জ্ঞান, প্রকৃত মেধা ও বিশ্লেষণী দক্ষতা যথাযথভাবে যাচাই করা যায়। এ লক্ষ্য অর্জনে আগামী ২০২৭-২৮ শিক্ষাবর্ষ থেকেই ভর্তি পরীক্ষা পদ্ধতির উন্নয়নে কার্যকর উদ্যোগ নিতে হবে।
সভায় ভর্তি পরীক্ষায় বহুনির্বাচনী প্রশ্নের পাশাপাশি সৃজনশীল প্রশ্ন অন্তর্ভুক্তি, শিক্ষার্থীদের বিশ্লেষণী দক্ষতা যাচাই এবং এসএসসি ও এইচএসসি পরীক্ষার জিপিএর গুরুত্ব নির্ধারণের বিষয়েও আলোচনা হয়।
এদিকে কৃষি বিশ্ববিদ্যালয়গুলোর পাঠ্যক্রম আধুনিকায়ন ও সমন্বয়ের ওপর গুরুত্ব দেন উপাচার্যরা। কৃষিসংশ্লিষ্ট বিষয়গুলোর পাঠ্যক্রম প্রণয়ন ও হালনাগাদে
অভিন্ন নির্দেশিকা তৈরি এবং কৃষি ডিগ্রির মধ্যে সামঞ্জস্য আনার প্রস্তাব দেন তাঁরা। পাশাপাশি শিক্ষার্থীদের কর্মজীবনের প্রস্তুতি বাড়াতে পাঠ্যক্রমে ক্যারিয়ার উন্নয়ন, গবেষণাপদ্ধতি ও গণিতবিষয়ক কোর্স অন্তর্ভুক্তির পরামর্শ দেওয়া হয়।
ইউজিসি চেয়ারম্যান বলেন, উচ্চশিক্ষাকে আধুনিক ও কর্মমুখী করতে শিল্পপ্রতিষ্ঠানের সঙ্গে বিশ্ববিদ্যালয়গুলোর সম্পৃক্ততা বাড়াতে হবে। পাঠ্যক্রম প্রণয়ন ও হালনাগাদের ক্ষেত্রে শিল্পপ্রতিষ্ঠানের প্রতিনিধিদের যুক্ত করার ওপরও গুরুত্ব দেন তিনি।
সভায় কৃষি বিশ্ববিদ্যালয়গুলোতে শিক্ষকসংকট নিরসন, বিশেষ করে নতুন চারটি কৃষি বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগের বিষয়টি গুরুত্বের সঙ্গে আলোচিত হয়। শিক্ষক নিয়োগে কেন্দ্রীয় পরীক্ষার ব্যবস্থা, অন্য বিশ্ববিদ্যালয়ের যোগ্য শিক্ষকদের এক বছরের জন্য ফেলোশিপের আওতায় সাময়িকভাবে দায়িত্ব প্রদান এবং অবসরপ্রাপ্ত অভিজ্ঞ শিক্ষকদের কাজে লাগানোর প্রস্তাব উঠে আসে। এ ছাড়া বিদেশের বিশ্ববিদ্যালয়ে কর্মরত প্রবাসী বাংলাদেশি শিক্ষকদের দেশে পাঠদানে সম্পৃক্ত করার বিষয়েও আলোচনা হয়।
শিক্ষার্থীদের কর্মসংস্থানের সুযোগ বাড়াতে আগামী পাঁচ বছরের মধ্যে বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষার্থীর জন্য ইন্টার্নশিপের সুযোগ সম্প্রসারণের পরিকল্পনার কথাও জানান ইউজিসি চেয়ারম্যান। ইন্টার্নশিপ বাধ্যতামূলক ও বেতনভিত্তিক করার পাশাপাশি শিল্পপ্রতিষ্ঠান ও নিয়োগদাতাদের অংশগ্রহণ নিশ্চিত করার ওপর গুরুত্ব দেন তিনি।
উচ্চশিক্ষার সঙ্গে কর্মসংস্থানের সংযোগের দুর্বলতা তুলে ধরে অধ্যাপক মামুন আহমেদ বলেন, বিশ্বব্যাংকের সম্প্রতি প্রকাশিত এক প্রতিবেদনের তথ্য অনুযায়ী, বাংলাদেশে ৬০ শতাংশের বেশি স্নাতক ডিগ্রিধারী তরুণ যোগ্যতা অনুযায়ী চাকরি না পেয়ে অনানুষ্ঠানিক খাতে কাজ করতে বাধ্য হচ্ছেন। এ পরিস্থিতি মোকাবিলায় উচ্চশিক্ষার মানোন্নয়ন, কর্মমুখী দক্ষতা বৃদ্ধি, গবেষণা এবং শিল্পপ্রতিষ্ঠানের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের সংযোগ বাড়াতে হবে।
গবেষণার মাধ্যমে বিশ্ববিদ্যালয়গুলোর সমস্যা চিহ্নিত ও সমাধানের আহ্বান জানিয়ে তিনি বলেন, শুধু সমস্যা তুলে ধরলে হবে না, সমাধানের পথও বের করতে হবে। ভর্তি পরীক্ষা পদ্ধতির উন্নয়ন, শিক্ষকসংকট নিরসন ও পাঠ্যক্রম আধুনিকায়নসহ বিভিন্ন বিষয়ে গবেষণা প্রকল্প জমা দিতে উপাচার্যদের পরামর্শ দেন তিনি। এ ক্ষেত্রে ইউজিসির পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাসও দেওয়া হয়।
সভায় ইউজিসি সদস্য অধ্যাপক ড. মাছুমা হাবিব, অধ্যাপক মো. আবদুল্লাহ আল-মামুন, অধ্যাপক ড. মো. আসলাম হোসেন, ইউজিসি সচিব ড. মো. ফখরুল ইসলাম এবং পাবলিক বিশ্ববিদ্যালয় ম্যানেজমেন্ট বিভাগের পরিচালক মোহাম্মদ জামিনুর রহমানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এতে দেশের ১০টি কৃষি ও কৃষিপ্রধান বিশ্ববিদ্যালয়ের উপাচার্যরা অংশ নেন।