পাতা থেকে পেয়ালা: পঞ্চগড়ে চায়ের পুরো যাত্রা দেখলেন হাবিপ্রবির শিক্ষার্থীরা
বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক
প্রকাশ: ১৫ নভেম্বর ২০২৬, ০৪:২৪ পিএম
নুরুজ্জামান,হাবিপ্রবি প্রতিনিধি
চা-গাছের কচি পাতা থেকে এক কাপ চা—মাঝখানে পেরোতে হয় বেশ কয়েকটি ধাপ। বাগান থেকে পাতা সংগ্রহ, শুকানো, প্রক্রিয়াজাতকরণ, দানাদার করা এবং গ্রেডিং শেষে তা পৌঁছায় প্যাকেটজাতকরণের পর্যায়ে। পাঠ্যবইয়ে পড়া চা উৎপাদনের এই পুরো প্রক্রিয়াই এবার সরাসরি দেখার সুযোগ পেয়েছেন হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) কৃষি অনুষদের ২০২৫ ব্যাচের ২৮০ শিক্ষার্থী। এ অভিজ্ঞতা অর্জনে তাঁরা ঘুরে দেখেছেন পঞ্চগড়ের চা প্রক্রিয়াজাতকরণ কারখানা ও চা-বাগান।
গত ১৪ নভেম্বর দিনব্যাপী এ শিক্ষা সফরে আয়োজন করে বিশ্ববিদ্যালয়ের এগ্রিকালচারাল কেমিস্ট্রি বিভাগ। লেভেল-১, সেমিস্টার-২-এর ‘Agro Industrial and Nuclear Chemistry’ শীর্ষক কোর্সের অংশ হিসেবে এ ভ্রমণের আয়োজন করা হয়।
সকাল আটটায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে বাস যোগে পঞ্চগড়ের উদ্দেশে রওনা হন শিক্ষার্থীরা। তাঁদের সঙ্গে ছিলেন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. জাহেদুল ইসলাম, সহযুগি অধ্যাপক ড. মোঃ সাজেদুর রহমান এবং প্রভাষক মোঃ মাহবুবুল আলম শাকিব।
শিক্ষার্থীদের প্রথম গন্তব্য ছিল পঞ্চগড়ের মরগান টি ইন্ডাস্ট্রি। সেখানে চা প্রক্রিয়াজাতকরণের বিভিন্ন ধাপ ঘুরে দেখেন তাঁরা। প্রথমে শিক্ষার্থীদের জানানো হয়, মাঠপর্যায় ও চা-বাগান থেকে নিজস্ব পরিবহনের মাধ্যমে কেজি দরে কাঁচা চা-পাতা সংগ্রহ করে কারখানায় নিয়ে আসা হয়। এরপর স্বয়ংক্রিয় কনভেয়ার বেল্টের মাধ্যমে পাতাগুলো পৌঁছে যায় প্রক্রিয়াজাতকরণ বিভাগে।
কারখানার উৎপাদনপ্রক্রিয়ার শুরুতে বড় আকারের ফ্যানের সাহায্যে নির্দিষ্ট বায়ুপ্রবাহে চা-পাতা শুকানো হয়। এরপর বিভিন্ন যন্ত্রের মাধ্যমে চলে প্রক্রিয়াজাতকরণ। গ্রাইন্ডিংসহ কয়েকটি ধাপ পেরিয়ে পাতাগুলোকে নির্দিষ্ট আকার ও দানাদার বৈশিষ্ট্যে রূপ দেওয়া হয়। পরবর্তী পর্যায়ে আর্দ্রতা নিয়ন্ত্রণ করে ড্রায়ারের সাহায্যে আবারও শুকানো হয় সেগুলো। সবশেষে গ্রেডিং মেশিনে আটটি শ্রেণিতে ভাগ করা হয় প্রক্রিয়াজাত চা। এ প্রক্রিয়ার মধ্য দিয়ে তৈরি হয় প্যাকেটজাতকরণের উপযোগী চা।
কারখানার বিভিন্ন বিভাগ ঘুরে উৎপাদনপ্রক্রিয়ার পাশাপাশি সংশ্লিষ্ট যন্ত্রপাতির কার্যক্রম ও শিল্পকারখানার ব্যবস্থাপনা সম্পর্কেও ধারণা পান শিক্ষার্থীরা। পরিদর্শন শেষে শিক্ষকেরা চা প্রক্রিয়াজাতকরণের বিভিন্ন ধাপ ব্যাখ্যা করেন। একই সঙ্গে শ্রেণিকক্ষে অর্জিত তাত্ত্বিক জ্ঞানের সঙ্গে শিল্পকারখানার বাস্তব কার্যক্রমের সম্পর্ক তুলে ধরেন।
কারখানা পরিদর্শন শেষে শিক্ষার্থীরা যান পঞ্চগড়ের আনন্দধারা কাজী অ্যান্ড কাজী টি রিসোর্ট ও চা-বাগানে। সেখানে চা-গাছের পরিচর্যা, কচি পাতা সংগ্রহ এবং বাগান থেকে কারখানায় কাঁচা পাতা সরবরাহের প্রক্রিয়া সম্পর্কে সরাসরি জানার সুযোগ পান তাঁরা। শিক্ষার্থীদের জানানো হয়, বাগানমালিকদের কাছ থেকে প্রতি কেজি কাঁচা চা-পাতা ৩৭ টাকা দরে সংগ্রহ করে সংশ্লিষ্ট শিল্পকারখানা।
একদিকে কারখানায় চা প্রক্রিয়াজাতকরণের যান্ত্রিক পদ্ধতি, অন্যদিকে বাগানে উৎপাদনের প্রাথমিক ধাপ—দুই জায়গার কার্যক্রম পর্যবেক্ষণের মধ্য দিয়ে শিক্ষার্থীরা চা উৎপাদনের পুরো ব্যবস্থাটি কাছ থেকে দেখার সুযোগ পান। ফলে কাঁচা পাতা সংগ্রহ থেকে শুরু করে প্রক্রিয়াজাতকরণ পর্যন্ত বিভিন্ন পর্যায়ের সঙ্গে তাঁদের পরিচয় ঘটে।
দিনব্যাপী এ ভ্রমণের শেষ পর্যায়ে তেঁতুলিয়া ডাকবাংলোয় দুপুরের খাবার গ্রহণ করেন শিক্ষার্থীরা। পরে আশপাশের প্রাকৃতিক পরিবেশ ঘুরে দেখেন তাঁরা। সন্ধ্যা সাতটায় বিশ্ববিদ্যালয়ের উদ্দেশে যাত্রা শুরু করে বাসগুলো। রাত ১০টায় ক্যাম্পাসে পৌঁছানোর মধ্য দিয়ে শেষ হয় দিনব্যাপী এ শিক্ষাসফর।
শিল্পভ্রমণের উদ্দেশ্য সম্পর্কে অধ্যাপক ড. মোঃ সাজেদুর রহমান বলেন, একাডেমিক শিক্ষায় তাত্ত্বিক জ্ঞানের পাশাপাশি বাস্তব ও ব্যবহারিক জ্ঞান অর্জনও গুরুত্বপূর্ণ। শিক্ষার্থীরা যেন কৃষিজাত পণ্য প্রক্রিয়াজাতকরণ কার্যক্রম সরাসরি দেখতে পারেন এবং অর্জিত জ্ঞান বাস্তব কর্মক্ষেত্রে কীভাবে প্রয়োগ করতে হয়, সে বিষয়ে ধারণা পান, সে লক্ষ্যেই এ আয়োজন। এ ধরনের অভিজ্ঞতা তাঁদের সময়োপযোগী ও দক্ষ হিসেবে গড়ে উঠতে সহায়তা করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
ভ্রমণে অংশ নেওয়া শিক্ষার্থীরা জানান, পাঠ্যবইয়ে চা উৎপাদনের বিভিন্ন ধাপ সম্পর্কে জানলেও সরাসরি কারখানায় পুরো প্রক্রিয়া দেখার অভিজ্ঞতা তাঁদের জন্য ছিল ভিন্ন। কাঁচা পাতা সংগ্রহ থেকে শুরু করে প্রক্রিয়াজাতকরণ, শুকানো ও গ্রেডিংয়ের মতো ধাপগুলো কাছ থেকে দেখতে পেরেছেন তাঁরা। অর্জিত এ অভিজ্ঞতা ভবিষ্যতে একাডেমিক শিক্ষা ও কর্মক্ষেত্রে কাজে লাগবে বলে আশা তাঁদের।
শ্রেণিকক্ষের পাঠকে বাস্তব অভিজ্ঞতার সঙ্গে যুক্ত করার এমন উদ্যোগ শিক্ষার্থীদের জন্য ব্যবস্থায় সহযুগিতা করায় করায় বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. জাহেদুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ও সংশ্লিষ্ট সকল কে ধন্যবাদ জ্ঞাপন করেন। একই সঙ্গে ভবিষ্যৎ কর্মক্ষেত্রে অর্জিত জ্ঞানের প্রয়োগ ও পেশাগত দক্ষতা বিকাশের ক্ষেত্রেও এ ধরনের শিল্পভ্রমণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে বলে আসা করেন।