নওগাঁ বিশ্ববিদ্যালয়ে প্রথম বর্ষ থেকেই পরীক্ষার খাতা মূল্যায়নে চালু হচ্ছে কোডিং পদ্ধতি

বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক

প্রকাশ: ১৫ নভেম্বর ২০২৬, ১২:২১ পিএম

মোঃ রমজান হোসেন নওগাঁ জেলা প্রতিনিধিঃ

পরীক্ষার উত্তরপত্র মূল্যায়নে স্বচ্ছতা, নিরপেক্ষতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে প্রতিষ্ঠার প্রথম বছর থেকেই ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে নওগাঁ বিশ্ববিদ্যালয়। প্রথম বর্ষের প্রথম সেমিস্টারের ফাইনাল পরীক্ষা থেকেই উত্তরপত্র মূল্যায়নে কোডিং পদ্ধতি চালুর সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এ উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছেন জেলার সচেতন মহল।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ হাছানাত আলী জানান, আগামী ১৫ নভেম্বর থেকে নওগাঁ বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের প্রথম সেমিস্টারের চূড়ান্ত পরীক্ষা শুরু হচ্ছে। এ পরীক্ষার উত্তরপত্র মূল্যায়নে পরিচয় গোপন রেখে কোডিং পদ্ধতি অনুসরণের উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি বলেন, একটি শিক্ষাপ্রতিষ্ঠানের দায়িত্ব শুধু ডিগ্রি প্রদান করা নয়; বরং শিক্ষার্থীদের মেধা, যোগ্যতা, ন্যায়বিচার ও নৈতিকতার যথাযথ মূল্যায়ন নিশ্চিত করা। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার মান নির্ধারণে শ্রেণিকক্ষের পাঠদান ও অবকাঠামোর পাশাপাশি পরীক্ষার উত্তরপত্র মূল্যায়নের স্বচ্ছতা ও নিরপেক্ষতাও অত্যন্ত গুরুত্বপূর্ণ।

উপাচার্য আরও জানান, প্রস্তাবিত এ পদ্ধতিতে পরীক্ষার্থীর নাম, রোল নম্বর কিংবা ব্যক্তিগত পরিচয়ের পরিবর্তে উত্তরপত্রে ব্যবহার করা হবে নির্দিষ্ট গোপন কোড। সেই কোডের মাধ্যমে পরীক্ষকের কাছে খাতা পাঠানো হবে। ফলে মূল্যায়নের সময় পরীক্ষক পরীক্ষার্থীর পরিচয় জানতে পারবেন না। এতে স্বজনপ্রীতি, পরিচিতি কিংবা ব্যক্তিগত পছন্দ-অপছন্দের প্রভাবমুক্ত থেকে উত্তরপত্র মূল্যায়নের সুযোগ তৈরি হবে। পরীক্ষার্থীর প্রকৃত মেধা ও উত্তরের মানই নম্বর প্রদানের প্রধান ভিত্তি হবে।

তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের বয়স মাত্র এক বছর হলেও প্রতিষ্ঠালগ্ন থেকেই স্বচ্ছতা, জবাবদিহিতা ও নৈতিকতাভিত্তিক প্রাতিষ্ঠানিক সংস্কৃতি গড়ে তোলা জরুরি। কোডিং পদ্ধতি চালুর উদ্যোগ সেই লক্ষ্য বাস্তবায়নেরই একটি পদক্ষেপ।

বর্তমান শিক্ষাবান্ধব সরকারের সার্বিক সহযোগিতা নিয়ে নওগাঁ বিশ্ববিদ্যালয়কে আরও আধুনিক ও মানসম্মত শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে বলেও জানান উপাচার্য।

যোগাযোগের ঠিকানা:

বাংলাদেশ বার্তা টুডে

৫৬, চানখারপুল লেন, নাজিমুদ্দিন রোড, বংশাল, ঢাকা-১১০০

ইমেইল: info@bangladeshbartatoday.com