নওগাঁয় প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক
প্রকাশ: ০১ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৬ পিএম
মোঃ রমজান হোসেন নওগাঁ জেলা প্রতিনিধিঃ
নওগাঁর আত্রাইয় উপজেলায় নিজ বাড়ির শয়নকক্ষে সিলিং ফ্যানের সঙ্গে ফাঁস লাগানো অবস্থায় সাথী (২২) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রবিবার (৩০ আগস্ট) সকালে উপজেলার শাহাগোলা ইউনিয়নের বড়-রসুলপুর জেলেপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত সাথী ওই গ্রামের প্রবাসী প্রেম কুমারের স্ত্রী।
স্থানীয় বাসিন্দা ও স্বজনরা জানান, শনিবার রাতে পরিবারের সদস্যদের সঙ্গে খাবার খেয়ে নিজ কক্ষে ঘুমাতে যান সাথী। পরদিন সকালে তার শাশুড়ি বাড়ির কাজে পানি আনতে বাইরে যাওয়ার সময় তাকে ডাক দেন। দীর্ঘ সময় কোনো সাড়াশব্দ না পেয়ে বিষয়টি নিয়ে সন্দেহ হয়। পরে তিনি চিৎকার করলে প্রতিবেশীরা ছুটে এসে ঘরের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করেন। সেখানে সিলিং ফ্যানের সঙ্গে ফাঁস লাগানো অবস্থায় সাথীর মরদেহ দেখতে পান তারা।
খবর পেয়ে আত্রাই থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ নওগাঁ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।
আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুব আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পারিবারিক কলহের জেরে ওই গৃহবধূ আত্মহত্যা করে থাকতে পারেন। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।