ঘিওর খাদ্যগুদামে 120 টন চাল-গম উধাও, দুই কর্মকর্তা সাময়িক বরখাস্ত

বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক

প্রকাশ: ২৮ আগস্ট ২০২৬, ০৫:৫৬ পিএম

সোহেল রানা খন্দকার, মানিকগঞ্জ :

মানিকগঞ্জের ঘিওর উপজেলা খাদ্যগুদামে (এলএসডি) মজুত খাদ্যশস্যের হিসাবের সঙ্গে প্রকৃত মজুতের অসংগতি পাওয়ার অভিযোগে দুই কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করেছে খাদ্য অধিদপ্তর। একই ঘটনায় তাদের বিরুদ্ধে বিভাগীয় মামলার কার্যক্রমও শুরু হয়েছে।

 

বরখাস্ত হওয়া কর্মকর্তারা হলেন ঘিওর উপজেলা খাদ্য নিয়ন্ত্রক ফারহানা আক্তার এবং ঘিওর এলএসডির ভারপ্রাপ্ত কর্মকর্তা ও খাদ্য পরিদর্শক শ্রী বিপুল কুমার।

 

বৃহস্পতিবার (২৭ আগস্ট) খাদ্য অধিদপ্তরের সংস্থাপন শাখা থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। প্রশাসন বিভাগ, খাদ্য অধিদপ্তরের ২৫/০৮/২০২৬খ্রি. তারিখের ৪৯০নং স্মারকে গঠিত কমিটি জনাব শ্রী বিপুল কুমার, খাদ্য পরিদর্শক তথা ভারপ্রাপ্ত কর্মকর্তা, ঘিওর এলএসডি, মানিকগঞ্জ (খাদ্য পরিদর্শক, উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয়, তালতলী, বরগুনায় বদলির আদেশাধীন) এর বিরুদ্ধে ঘিওর এলএসডিতে মজুত যাচাইয়ের সময় সরকারি হিসাবের তুলনায় ১০০ টন চাল ও ২০ টন গম কম পাওয়া যায়। বিপরীতে ৪১ টন ধান বেশি পাওয়া যায়। এছাড়া বস্তা কম পাওয়া গেছে ৬ হাজার ৫০০টি।

 

খাদ্য অধিদপ্তরের প্রজ্ঞাপনে বলা হয়, অভিযোগের নিরপেক্ষ তদন্ত ও বিভাগীয় কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন করার স্বার্থে মানিকগঞ্জের ঘিওর এলএসডির ভারপ্রাপ্ত কর্মকর্তা ও খাদ্য পরিদর্শক শ্রী বিপুল কুমারকে সাময়িক বরখাস্ত করেছে খাদ্য অধিদপ্তর। তাঁর বিরুদ্ধে সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮-এর আওতায় অসদাচরণের অভিযোগে বিভাগীয় মামলা রুজুর প্রক্রিয়া চলছে। অভিযোগের প্রকৃতি ও গুরুতরতা বিবেচনায় একই বিধিমালার ১২ ধারায় তাঁকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। আদেশটি অবিলম্বে কার্যকর হবে। সাময়িক বরখাস্তকালীন তিনি বিধি অনুযায়ী খোরপোষ ভাতা পাবেন।

যোগাযোগের ঠিকানা:

বাংলাদেশ বার্তা টুডে

৫৬, চানখারপুল লেন, নাজিমুদ্দিন রোড, বংশাল, ঢাকা-১১০০

ইমেইল: info@bangladeshbartatoday.com