খেলাধুলায় উৎসাহ দিতে গোমস্তাপুরের স্কুলগুলোতে ক্রীড়া সামগ্রী বিতরণ

বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক

প্রকাশ: ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৬ পিএম

মোঃ তুহিন, চাঁপাইনবাবগঞ্জ:

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের খেলাধুলায় উৎসাহিত করতে ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়েছে।

শনিবার (৫ সেপ্টেম্বর) সকাল ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে এ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী অফিসার জিল্লুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ-২ (৪৪) আসনের সংসদ সদস্য মিজানুর রহমান।

অনুষ্ঠানে উপজেলার ১১৯টি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের হাতে বিভিন্ন ধরনের ক্রীড়া সামগ্রী তুলে দেওয়া হয়। বিদ্যালয়ের শিক্ষার্থীরা এসব সামগ্রী ব্যবহার করে নিয়মিত খেলাধুলার সুযোগ পাবে।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ইসাহাক আলী, জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য তোরিকুল ইসলাম বকুলসহ উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সংশ্লিষ্ট কর্মকর্তারা।

বক্তারা বলেন, শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার গুরুত্ব অনেক। পড়াশোনার পাশাপাশি খেলাধুলার সুযোগ নিশ্চিত করা হলে শিক্ষার্থীদের মধ্যে শৃঙ্খলা, নেতৃত্বের গুণাবলি ও পারস্পরিক সহযোগিতার মানসিকতা তৈরি হবে। এ উদ্যোগের মাধ্যমে বিদ্যালয়গুলোতে খেলাধুলার পরিবেশ আরও সমৃদ্ধ হবে বলে আশা প্রকাশ করেন তারা।

যোগাযোগের ঠিকানা:

বাংলাদেশ বার্তা টুডে

৫৬, চানখারপুল লেন, নাজিমুদ্দিন রোড, বংশাল, ঢাকা-১১০০

ইমেইল: info@bangladeshbartatoday.com