গাইবান্ধায় র্যাবের অভিযানে ৯৯০ পিস ইয়াবাসহ গ্রেফতার ১
বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক
প্রকাশ: ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০১ পিএম
রফিকুল ইসলাম সাবুল :রংপুর প্রতিনিধি
গাইবান্ধা সদর উপজেলার গোঘাট মাঝিপাড়া এলাকায় অভিযান চালিয়ে ৯৯০ পিস ইয়াবাসহ এক ব্যক্তিকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
গ্রেফতার ব্যক্তির নাম মিলন চৌধুরী (৩৮)। তিনি সদর থানার গোঘাট মাঝিপাড়া গ্রামের মেহেলাল চৌধুরীর ছেলে বলে জানিয়েছে র্যাব।
র্যাব-১৩ সূত্রে জানা যায়, মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (৩১ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে র্যাব-১৩-এর সিপিসি-৩, গাইবান্ধা ক্যাম্পের একটি দল গোঘাট (মাঝিপাড়া) এলাকায় অভিযান চালায়।
অভিযানকালে মিলনের বাড়ির সামনে পূর্ব দিকে নদীর পাড়ের ভাঙনরোধী ব্লকের ওপর তার দেহ তল্লাশি করা হয়। এ সময় পাঁচটি কালো রঙের এয়ারটাইট পলিপ্যাকে রাখা ৯৯০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে তাকে ঘটনাস্থল থেকে গ্রেফতার করা হয়।
র্যাবের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে মিলন দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন।
এ ঘটনায় র্যাব বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সংশ্লিষ্ট থানায় মামলা করেছে। গ্রেফতার ব্যক্তি ও জব্দ করা ইয়াবা পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য থানায় হস্তান্তর করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-১৩-এর অতিরিক্ত পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) বিপ্লব কুমার গোস্বামী।