নজরুলের সাম্য-মানবতার চেতনা ছড়িয়ে দিতে গঙ্গাচড়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা

বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক

প্রকাশ: ৩১ আগস্ট ২০২৬, ০৫:৫১ পিএম

রফিকুল ইসলাম সাবুল: রংপুর প্রতিনিধি

গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি: জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য, সংগীত, সাম্য, মানবতা ও অসাম্প্রদায়িক চেতনা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে ‘নজরুল বর্ষ’ উপলক্ষে রংপুরের গঙ্গাচড়ায় শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে।

সোমবার (৩১ আগস্ট) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা অডিটোরিয়াম কাম মাল্টিপারপাস হলে এ প্রতিযোগিতার উদ্বোধন হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা জেসমিন আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন সহকারী কমিশনার (ভূমি) হামিদুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. আলেমুল বাশার, গঙ্গাচড়া মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আবু হানিফ সরকার, উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা মো. নায়েবুজ্জামানসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা।

বক্তারা বলেন, কাজী নজরুল ইসলাম শুধু বিদ্রোহের কবি নন; তিনি সাম্য, মানবতা, অসাম্প্রদায়িকতা ও অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের প্রতীক। তাঁর সাহিত্য ও সংগীতে বৈষম্যহীন সমাজ, মানবিক মূল্যবোধ ও পারস্পরিক সম্প্রীতির বার্তা রয়েছে।

তাঁরা আরও বলেন, নতুন প্রজন্মকে নজরুলের জীবন, দর্শন ও সৃষ্টিশীলতার সঙ্গে পরিচয় করিয়ে দিতে এ ধরনের সাংস্কৃতিক আয়োজন গুরুত্বপূর্ণ। শিক্ষা প্রতিষ্ঠানে সাংস্কৃতিক চর্চার মাধ্যমে শিক্ষার্থীদের মেধা, মনন, সৃজনশীলতা ও আত্মবিশ্বাসের বিকাশ ঘটে।

অনুষ্ঠানে গঙ্গাচড়া মডেল সরকারি উচ্চ বিদ্যালয় ও গঙ্গাচড়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য দেন।

এ সময় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

যোগাযোগের ঠিকানা:

বাংলাদেশ বার্তা টুডে

৫৬, চানখারপুল লেন, নাজিমুদ্দিন রোড, বংশাল, ঢাকা-১১০০

ইমেইল: info@bangladeshbartatoday.com