বাংলাদেশ বার্তা টুডে
সোনারগাঁও দুই হাজার পিস ইয়াবা সহ নারী মাদক কারবারি আটক
সোনারগাঁও দুই হাজার পিস ইয়াবা সহ নারী মাদক কারবারি আটক সোনারগাঁও (নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে অভিযান চালিয়ে ২ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ ৬০ বছর বয়সী এক নারীকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। সোমবার (৩১ আগস্ট) দুপুরে উপজেলার পিরোজপুর ইউনিয়নের বিসমিল্লাহ সিএনজি পাম্পের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার নারী হলেন দুলু বেগম (৬০)। তিনি কুমিল্লা কোতোয়ালি থানার গোলবাড় এলাকার মৃত আলী নেওয়াজের স্ত্রী। পুলিশ জানায়, নারায়ণগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর নির্দেশনায় এবং সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আব্দুল বারিক, পিপিএমের তত্ত্বাবধানে মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করা হয়। সাব-ইন্সপেক্টর (নিরস্ত্র) মো. সফিউদ্দিনের নেতৃত্বে অভিযান চালিয়ে দুলু বেগমকে ২ হাজার পিস ইয়াবাসহ আটক করা হয়। এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। সোনারগাঁ থানা পুলিশ জানিয়েছে, মাদকসহ যেকোনো ধরনের অপরাধ দমনে তাদের অভিযান অব্যাহত থাকবে।
নওগাঁয় ৪২ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ ‘ডিলার’ গ্রেপ্তার
নওগাঁয় ৪২ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ ‘ডিলার’ গ্রেপ্তার মোঃ রমজান হোসেন নওগাঁ জেলা প্রতিনিধিঃ নওগাঁ সদর উপজেলার ফতেহপুর মুন্সিপাড়া এলাকায় অভিযান চালিয়ে ৪২ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ মাহমুদুল হাসান ওরফে রুবেল (৩৭) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। রোববার (৩১ আগস্ট) গভীর রাতে নওগাঁ জেলা পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশে এ অভিযান পরিচালনা করা হয়। পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে রাত সাড়ে ৩টার দিকে ডিবি পুলিশের একটি অভিযানিক দল জানতে পারে, ফতেহপুর মুন্সিপাড়া গ্রামের একটি বাড়িতে বিপুল পরিমাণ মাদকদ্রব্য মজুত রাখা হয়েছে। পরে স্থানীয় লোকজনকে সঙ্গে নিয়ে ওই বাড়িতে অভিযান চালানো হয়। অভিযানে মাহমুদুল হাসান ওরফে রুবেলের শয়নকক্ষ তল্লাশি করে একটি টিনের বড় বাক্সের ভেতর থেকে ১১টি পোটলায় রাখা গাঁজা উদ্ধার করা হয়। এর মধ্যে ১০টি পোটলায় ৪ কেজি করে মোট ৪০ কেজি এবং অপর একটি পোটলায় ২ কেজি ৫০০ গ্রাম গাঁজা ছিল। সব মিলিয়ে উদ্ধার করা হয় ৪২ কেজি ৫০০ গ্রাম গাঁজা। গ্রেপ্তার মাহমুদুল হাসান নওগাঁ সদর উপজেলার ফতেহপুর মুন্সিপাড়া গ্রামের মৃত রুহুল আমীনের ছেলে। পুলিশের প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে, গ্রেপ্তার রুবেল আরও একজনের যোগসাজশে গাঁজার ডিলার হিসেবে মাদক ব্যবসা পরিচালনা করছিলেন। দীর্ঘ প্রায় দুই মাসের প্রচেষ্টার পর তাকে গ্রেপ্তার করা সম্ভব হয়েছে বলে জানিয়েছে জেলা পুলিশ। এ ঘটনায় জড়িত অপর সহযোগীকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে নওগাঁ সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। নওগাঁ জেলা পুলিশ জানিয়েছে, মাদকের বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত থাকবে এবং মাদকদ্রব্যের বিস্তার রোধে জেলা পুলিশ সর্বাত্মকভাবে কাজ করছে।
লালমনিরহাট সীমান্তে বিজিবির অভিযানে পিস্তল ও গুলি উদ্ধার
লালমনিরহাট সীমান্তে বিজিবির অভিযানে পিস্তল ও গুলি উদ্ধার হাসানুজ্জামান হাসান, লালমনিরহাট: লালমনিরহাটের আদিতমারী সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে একটি পিস্তল ও এক রাউন্ড গুলি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। রোববার (৩০ আগস্ট) রাত আনুমানিক ৯টা ২০ মিনিটে লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি)-এর দিঘলটারী বিওপির আওতাধীন ডিগ্রির চর সীমান্ত এলাকায় অভিযান পরিচালনা করেন। প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য নিশ্চিত করেছেন। বিজিবি জানায়, সীমান্ত দিয়ে অবৈধ পথে অস্ত্র চোরাচালানের গোপন সংবাদের ভিত্তিতে লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি)-এর কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম এর নেতৃত্বে একটি বিশেষ টহল দল ওই এলাকায় অভিযান চালায়। এ সময় পলিথিনে মোড়ানো অবস্থায় একটি পিস্তল ও এক রাউন্ড গুলি উদ্ধার করা হয়। তবে অভিযানের সময় অস্ত্র চোরাচালানের সঙ্গে জড়িত কাউকে আটক করা সম্ভব হয়নি। উদ্ধারকৃত অস্ত্র ও গোলাবারুদ আদিতমারী থানায় জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। এ ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়ার কাজ চলমান রয়েছে বলে জানিয়েছে বিজিবি। লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি)-এর কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম প্রেস বিজ্ঞপ্তিতে বলেন, ‘দেশের সার্বভৌমত্ব ও সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি দৃঢ়প্রতিজ্ঞ। সীমান্ত দিয়ে যেকোনো ধরনের অবৈধ অস্ত্রের চোরাচালান প্রতিরোধে গোয়েন্দা নজরদারি ও টহল কার্যক্রম আরও জোরদার করা হয়েছে। সীমান্তের সন্দেহজনক এলাকাগুলোতে বিশেষ অভিযান ও তৎপরতা অব্যাহত থাকবে।
সাদুল্লাপুরে ইন্দোনেশিয়ান গৃহবধূর মৃত্যু: এলাকায় শোকের ছায়া
সাদুল্লাপুরে ইন্দোনেশিয়ান গৃহবধূর মৃত্যু: এলাকায় শোকের ছায়া গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ইন্দোনেশিয়ান নাগরিক ও বাংলাদেশি প্রবাসী মিজানুর রহমান মিজানের স্ত্রী মাফতুখা (৪৫) নামের এক নারীর মৃত্যু হয়েছে। সোমবার (৩১ আগস্ট) দুপুর ১২টায় উপজেলার নলডাঙ্গা বাজারস্থ নিজস্ব 'সিঙ্গাপুর মার্কেট'-এর তিনতলা ভবনের শয়নকক্ষ থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। এর আগে রবিবার রাত আনুমানিক ১১টার দিকে নিজ ঘরেই হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। নিহত মাফতুখা মূলতঃ ইন্দোনেশিয়ার নাগরিক হলেও বিবাহের পর থেকে তিনি বাংলাদেশে সংসার করে আসছিলেন। দাম্পত্য জীবনে তাদের ৭ ও ১০ বছর বয়সী দুটি সন্তান রয়েছে। পরিবার সূত্রে জানা যায়, মাফতুখা দীর্ঘদিন ধরে হৃদরোগসহ বিভিন্ন জটিল ব্যাধিতে ভুগছিলেন। কিছুদিন আগেও তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য নেওয়া হয়। মৃতের ভাসুর রফিকুল ইসলাম জানান, তার স্বাভাবিক মৃত্যু হলেও তিনি বিদেশী নাগরিক হওয়ার কারণে বিষয়টি সাদুল্লাপুর থানা পুলিশকে জানানো হয়। এ বিষয়ে সাদুল্লাপুর থানার চলতি দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা (এসআই) আবু তালেব ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে মরদেহের সুরতহাল রিপোর্ট তৈরি করেছে। থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা রুজু করে মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত করতে লাশ গাইবান্ধা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। উল্লেখ্য, প্রায় ১৫-১৬ বছর আগে সিঙ্গাপুরে কর্মসংস্থান সূত্রে প্রবাসী মিজানুর রহমানের সাথে মাফতুখার পরিচয় ও প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। পরবর্তীতে তারা সেখানে রেজিস্ট্রি বিয়ের মাধ্যমে বিবাহবন্ধনে আবদ্ধ হয়ে দেশে এসে ঘরসংসার শুরু করেন। এ মৃত্যুর ঘটনায় স্বজনদের পক্ষ থেকে কোনো অভিযোগ পাওয়া যায়নি।
রাষ্ট্রপতির সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সাক্ষাৎ, উপস্থিত থাকবেন নোবিপ্রবির ৩য় সমাবর্তনে
রাষ্ট্রপতির সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সাক্ষাৎ, উপস্থিত থাকবেন নোবিপ্রবির ৩য় সমাবর্তনে মোঃ জাহিদ হাসান নোবিপ্রবি প্রতিনিধি নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) তৃতীয় সমাবর্তনে উপস্থিত থাকার সম্মতি জানিয়েছেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোমবার (৩১ আগস্ট) বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে তাঁকে সমাবর্তনে উপস্থিত থাকার আমন্ত্রণ জানান নোবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানী। সাক্ষাৎকালে উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানী বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে রাষ্ট্রপতিকে অভিনন্দন ও শুভেচ্ছা জানান। এ সময় তিনি রাষ্ট্রপতির সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সফলতা কামনা করেন। সাক্ষাতে নোবিপ্রবির শিক্ষা ও গবেষণাসহ বিশ্ববিদ্যালয়ের সামগ্রিক অগ্রগতি সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন উপাচার্য। দেশের উচ্চশিক্ষা ও গবেষণায় নোবিপ্রবির অবদান, বিশ্ববিদ্যালয়ের চলমান কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়েও তাঁদের মধ্যে আলোচনা হয়। পরে উপাচার্য আগামী ২৪ জানুয়ারি ২০২৭ নোবিপ্রবির তৃতীয় সমাবর্তনে উপস্থিত থাকার জন্য রাষ্ট্রপতিকে আমন্ত্রণ জানান। রাষ্ট্রপতি আমন্ত্রণ গ্রহণ করে সমাবর্তন অনুষ্ঠানে উপস্থিত থাকার সম্মতি দেন। রাষ্ট্রপতির এ সম্মতিতে নোবিপ্রবি পরিবার আনন্দিত ও গর্বিত বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। তাঁর উপস্থিতি বিশ্ববিদ্যালয়ের তৃতীয় সমাবর্তনকে আরও তাৎপর্যপূর্ণ ও স্মরণীয় করে তুলবে বলে আশা প্রকাশ করেছেন উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানী।
পাঁচবিবিতে নজরুল বর্ষ উদযাপন উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠান
পাঁচবিবিতে নজরুল বর্ষ উদযাপন উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠান মোস্তাকিন হোসেন, পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে জয়পুরহাটের পাঁচবিবিতে নজরুল বর্ষ উদর্যাপন উপলক্ষে দেশব্যাপী সাংস্কৃতিক প্রতিযোগিতার অংশ হিসেবে উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১০ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে বেলুন উড়িয়ে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করা হয়। উপজেলা পরিষদ হলরুমে নজরুল বর্ষ উদর্যাপন উপলক্ষে দেশব্যাপী সাংস্কৃতিক প্রতিযোগিতার অংশ হিসেবে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার কাশপিয়া তাসরিন। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ তামবিরুল ইসলাম, উপজেলা বিএনপির সভাপতি সাইফুল ইসলাম ডালিম, উপজেলা শিক্ষা কর্মকর্তা তোফাজ্জল হোসেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পৌর বিএনপির আহবায়ক আবু হাসনাত হেলাল মন্ডল ,উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো: জসিম উদ্দিন, একাডেমী সুপারভাইজার জহুরুল ইসলাম, উপজেলা জামাতে ইসলামী আমির সুজাউল করিম, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হান্নান চৌধুরী, পৌর প্রেসক্লাবের সভাপতি সহকারী অধ্যাপক আহসান হাবিব, জাসাসের কেন্দ্রীয় কমিটির সদস্য সংগীতশিল্পী এম আই মিঠু, পৌর ছাত্র দলের আহবায়ক আর আই রকিসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক/ শিক্ষার্থী। পরে স্থানীয় সংঙ্গীত শিল্পীরা সম্মিলিত কন্ঠে নজরুল সংগীত পরিবেশন করেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন মহিলা বিষয়ক কর্মকর্তা ওবায়দুর রহমান। উদ্বোধনী বক্তব্যে ইউএনও কাশপিয়া তাসরিন বলেন, "জাতীয় কবি কাজী নজরুল ইসলামের বিদ্রোহী চেতনা ও মানবতাবোধ নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতেই এই আয়োজন। সাংস্কৃতিক চর্চার মাধ্যমে তরুণরা নজরুলকে জানবে ও অনেককিছু শিখবে, তাঁর গান-কবিতায় দেশপ্রেমে উদ্বুদ্ধ হবে।"
টঙ্গী থানার ভেতরে জয় বাংলা স্লোগান এবং গ্রেফতার
টঙ্গী থানার ভেতরে জয় বাংলা স্লোগান এবং গ্রেফতার গাজীপুর প্রতিনিধি গাজীপুরের টঙ্গী পূর্ব থানার অভ্যন্তরে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার অভিযোগে আওয়ামী লীগ নেতা আ. মতিনের পাঁচ স্বজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (৩০ আগস্ট) দুপুরে থানায় এ ঘটনা ঘটে। গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন—টঙ্গীর মরকুন এলাকার আতিকুর রহমানের ছেলে মাহদী হাসান (২৬), একই এলাকার মৃত আব্দুর রউফের ছেলে হারুনুর রশীদ (৩৪), মজিবুর রহমানের মেয়ে জহুরা বেগম (৫৫), কাউছার আলীর মেয়ে শারমিন সুলতানা (৩৭) এবং মৃত শহীদ মিয়ার মেয়ে শাহিদা আক্তার (৩৬)। পুলিশ সূত্রে জানা যায়, শনিবার রাতে অভিযান চালিয়ে টঙ্গীর ৪৭ নম্বর ওয়ার্ড কৃষক লীগের সভাপতি আ. মতিনকে গ্রেপ্তার করা হয়। পরদিন রোববার দুপুরে তাকে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছিল টঙ্গী পূর্ব থানায়। এ সময় আ. মতিনের পরিবারের কয়েকজন সদস্য ও স্বজন থানায় আসেন। অভিযোগ রয়েছে, সেখানে অবস্থানকালে তারা থানার ভেতরে ‘জয় বাংলা’ স্লোগান দেন। বিষয়টি নিয়ে পুলিশ তাদের হেফাজতে নেয়। পরে জিজ্ঞাসাবাদ শেষে ওই পাঁচজনকে গ্রেপ্তার দেখানো হয়। পুলিশ জানিয়েছে, থানার ভেতরে স্লোগান দেওয়ার পাশাপাশি শৃঙ্খলা পরিস্থিতি বিঘ্নিত করার অভিযোগে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে। এদিকে, গ্রেপ্তারের বিষয়ে অভিযুক্তদের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো বক্তব্য পাওয়া যায়নি।
নড়াইলে মেহগনি বাগান থেকে একনলা বন্দুক উদ্ধার
নড়াইলে মেহগনি বাগান থেকে একনলা বন্দুক উদ্ধার নড়াইলে মেহগনি বাগান থেকে একনলা বন্দুক উদ্ধার বিদেশি তৈরি একটি একনলা বন্দুক উদ্ধার। নড়াইলের কালিয়া উপজেলায় একটি মেহগনি বাগান থেকে পরিত্যক্ত অবস্থায় বিদেশি তৈরি একটি একনলা বন্দুক উদ্ধার করেছে পুলিশ। রোববার (৩০ আগস্ট) সন্ধ্যায় উপজেলার রঘুনাথপুর গ্রাম থেকে বন্দুকটি উদ্ধার করা হয়। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রোববার সন্ধ্যায় রঘুনাথপুর গ্রামের ফজলুর রহমান মাস্টারের ছেলে শাহিন শেখের মেহগনি বাগানে অভিযান চালায় কালিয়া থানা পুলিশের একটি দল। এ সময় বাগানের ভেতরে পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকা বন্দুকটি উদ্ধার করা হয়। পুলিশের ভাষ্য, অস্ত্রটি কার এবং কী উদ্দেশে সেখানে রাখা হয়েছিল, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। অস্ত্রটির সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে তদন্ত চলছে। কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইদ্রিস আলী বলেন, উদ্ধার করা বন্দুকটি জব্দ করে থানায় নেওয়া হয়েছে। অস্ত্রটির উৎস ও এর সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্তে তদন্ত অব্যাহত রয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে।
নড়াইলে মরদেহের সঙ্গে অনৈতিক কাজের চেষ্টা, অ্যাম্বুলেন্স চালক সাগর গ্রেপ্তার
উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে নড়াইলে মরদেহের সঙ্গে অনৈতিক কাজের চেষ্টা, অ্যাম্বুলেন্স চালক সাগর আটক ও মেহগনি বাগান থেকে একনলা বন্দুক উদ্ধার। নড়াইলের লোহাগড়ায় এক গৃহবধূর মরদেহের সঙ্গে অনৈতিক কাজের চেষ্টার অভিযোগ উঠেছে সাগর শেখ (২৮) নামের এক অ্যাম্বুলেন্সচালকের বিরুদ্ধে। এ ঘটনায় স্থানীয় লোকজন তাকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছেন। উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে জানান, রোববার (৩০ আগস্ট) সন্ধ্যায় লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে থেকে সাগর শেখকে আটক করে লোহাগড়া থানার পুলিশ। সাগর শেখ লোহাগড়া উপজেলার লক্ষ্মীপাশা তেলপাম্প এলাকার মৃত কামরুল শেখের ছেলে। মৃত গৃহবধূর পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে জানা গেছে, শনিবার সকালে উপজেলার লোহাগড়া ইউনিয়নের ছাগলছেঁড়া গ্রামে গলায় ওড়না পেঁচিয়ে ফাঁস দিয়ে আত্মহত্যা করেন সাদিয়া আক্তার লামিয়া নামের এক গৃহবধূ। পরে পুলিশ তাঁর মরদেহ উদ্ধার করে। পরিবারের অভিযোগ, ওই দিন থানায় মরদেহ নেওয়ার পর গভীর রাতে লোহাগড়া থানার মধ্যে রাখা অ্যাম্বুলেন্সের ভেতরে ছিলেন চালক সাগর শেখ। এ সময় তিনি মরদেহটির সঙ্গে অনৈতিক কাজের চেষ্টা করেন। তখন সাদিয়ার মা সেখানে গিয়ে তাকে হাতেনাতে ধরে ফেলেন বলে পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়। সাদিয়ার মা বলেন, অ্যাম্বুলেন্সচালক সাগর শেখ তাঁর মেয়ের শরীরের কাপড় খুলে অনৈতিক কাজ করার চেষ্টা করছিলেন। বিষয়টি যাতে বাইরে থেকে দেখা না যায়, সে জন্য অ্যাম্বুলেন্সের জানালা গামছা দিয়ে ঢেকে রাখা হয়েছিল বলেও অভিযোগ করেন তিনি। তাঁর মেয়ে মাদরাসায় পড়তেন উল্লেখ করে অভিযুক্তের বিচার দাবি করেন তিনি। লোহাগড়া থানার পরিদর্শক (তদন্ত) অজিত কুমার রায় বলেন, অভিযুক্ত সাগর শেখকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
পঞ্চগড়ে নির্বাচনকে কেন্দ্র করে বিরোধ, ছুরিকাঘাতে হোটেল শ্রমিক গুরুতর আহত
পঞ্চগড়ে নির্বাচনকে কেন্দ্র করে বিরোধ, ছুরিকাঘাতে হোটেল শ্রমিক গুরুতর আহত পঞ্চগড় জেলা প্রতিনিধি | সঞ্জু বনিক সৌরভ পঞ্চগড়, ৩১ আগস্ট ২০২৬: পঞ্চগড়ে জেলা হোটেল ও রেস্টুরেন্ট শ্রমিক ইউনিয়নের নির্বাচনকে কেন্দ্র করে দুই পক্ষের বিরোধের জেরে আব্দুল মালেক (৪০) নামে এক হোটেল শ্রমিক ছুরিকাঘাতে গুরুতর আহত হয়েছেন। রোববার (৩০ আগস্ট) জেলা শহরের সরকারি অডিটোরিয়ামের সামনে এ হামলার ঘটনা ঘটে। আহত মালেককে প্রথমে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। তিনি জেলা শহরের রামেরডাঙ্গা এলাকার বাসিন্দা। শ্রমিক ইউনিয়ন সূত্রে জানা যায়, সম্প্রতি সংগঠনটির নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়। নির্ধারিত সময়ে সভাপতি, সাধারণ সম্পাদকসহ ১৩টি পদের বিপরীতে ১৩ জন মনোনয়নপত্র সংগ্রহ করেন। কোনো পদে একাধিক প্রার্থী না থাকায় ২৯ আগস্ট ফলাফল ঘোষণার সিদ্ধান্ত নেয় নির্বাচন পরিচালনা কমিটি। তবে নির্বাচন নিয়ে আপত্তি জানিয়ে আব্দুল খালেক ও রফিকুলের নেতৃত্বে একটি পক্ষ দিনাজপুর আঞ্চলিক শ্রম দপ্তরে অভিযোগ করে। অভিযোগের পরিপ্রেক্ষিতে নির্বাচন পরিচালনা কমিটি তাদের ৩০ আগস্ট সংগঠনের কার্যালয়ে আলোচনার জন্য ডাকে। সেখানে তারা কয়েকজনকে সঙ্গে নিয়ে উপস্থিত হয়ে পুনরায় ভোটগ্রহণের দাবি জানান। এ নিয়ে দুই পক্ষের মধ্যে উত্তেজনা ও বাকবিতণ্ডা সৃষ্টি হয়। পরে নির্বাচন পরিচালনা কমিটি পরিস্থিতি শান্ত করে বিষয়টি আলোচনার মাধ্যমে সমাধানের আশ্বাস দেয়। এর কিছুক্ষণ পর নির্বাচনে কার্যকরী পদে অংশ নেওয়া আব্দুল মালেক বাড়ি ফেরার পথে সরকারি অডিটোরিয়ামের সামনে পৌঁছালে কয়েকজন তার পথরোধ করেন বলে অভিযোগ। এ সময় তাকে ছুরিকাঘাত করা হয়। এতে তার বুকের বাম পাশে গভীর জখম হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। আহত আব্দুল মালেকের অভিযোগ, এর আগেও তাকে মারধরের চেষ্টা করা হয়েছিল। প্রাণনাশের আশঙ্কায় তিনি ৯৯৯ নম্বরে ফোন করলে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। পরে বাড়ি ফেরার সময় অডিটোরিয়ামের সামনে কয়েকজন তার ওপর হামলা চালিয়ে ছুরিকাঘাত করে। জেলা হোটেল ও রেস্টুরেন্ট শ্রমিক ইউনিয়নের সাবেক সভাপতি ও এবারের সভাপতি প্রার্থী আশরাফুল ইসলাম অভিযোগ করেন, নির্বাচনে বিরোধিতা করা পক্ষের কেউ মনোনয়নপত্র সংগ্রহ করেননি। ফলাফল ঘোষণার আগে তারা বাধা ও বিশৃঙ্খলা সৃষ্টি করেন। এর কিছুক্ষণ পরই আব্দুল মালেকের ওপর ছুরিকাঘাতের ঘটনা ঘটে। তিনি হামলায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার ডা. রেজওয়ানুল্লাহ জানান, ধারালো অস্ত্রের আঘাতে মালেকের বুকের বাম পাশে গভীর ক্ষত হয়েছে। প্রাথমিক চিকিৎসায় রক্তপাত নিয়ন্ত্রণের পর তাকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোখলেছুর রহমান জানান, হামলার ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
দুর্নীতি ও প্রেমঘটিত কারণে বহুল আলোচিত নায়েব শর্মিষ্ঠা নড়াইলের কালিয়ায় বদলি
দুর্নীতি ও প্রেমঘটিত কারণে বহুল আলোচিত নায়েব শর্মিষ্ঠা নড়াইলের কালিয়ায় বদলি সাতক্ষীরা প্রতিনিধিঃ সাতক্ষীরার বহুল আলোচিত দুর্নীতিবাজ নায়েব শর্মিষ্ঠাকে শাস্তিমূলক বদলি করা হয়েছে নড়াইল জেলার কালিয়া উপজেলায়। বিগত মাসব্যাপী একাধিক জাতীয় গণমাধ্যম ও আঞ্জলিক পত্রিকায় ধারাবাহিক প্রতিবেদন করা হয়। নায়েব শর্মিষ্ঠা সরকারে জেলা শীর্ষ দুর্নীতিবাজ হিসাবে প্রমানিত হয়েছে। তাছাড়া একাধিক পরোকীয়া প্রেম যুবকদের প্রেমের ফাঁদে ফেলে নিঃস্ব সহ উদ্ধর্তন কর্মকর্তাদের সাথে ঘনিষ্ঠতা প্রতিবেদনে উঠে এসেছে। তার প্রেমের কল রেকর্ড অন্তরঙ্গ মুহুর্তে ছবি ইতিমধ্যে বিভিন্ন গণমাধ্যম ফাঁস হলে বিষয়টি আলোচনা আসে। সরজমিনে অনুসন্ধানে জানা যায়, নায়েব শর্মিষ্ঠা টাকা ছাড়া কাজ করে না। নামজারি প্রতি ৬ হাজার, রিপোর্ট প্রদানে ২-৫ হাজার, ঝামেলা পূর্ণ জমিতে লাখ টাকা ঘুষ নিতেন। তার পূর্বের কর্মস্থল কালিগঞ্জের বসন্তপুর ও ভাড়াশিমলায় খ তফসিল ভুক্ত জমি নামজারি করার নামে বহু নিরীহ মানুষ থেকে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে। সদর ভূমি অফিসে থাকতে এসিল্যান্ড বদরুদ্দোজা সাথে ঘনিষ্ঠতা করে দুর্নীতির সিন্ডিকেট নিয়ন্ত্রণ করত। থনাঘাটা ফারুক হোসেনের লক্ষ টাকা নিয়ে বিপক্ষে রিপোর্ট প্রদান, সদরের আখড়াখোলায় গীতা রানী থেকে ২ লাখ টাকা ঘুষ দাবি, পুরাতব সাতক্ষীরার শামিনুর থেকে ৫০ হাজার টাকা ঘুষ দাবি করে ফাইল গায়পের অভিযোগ রয়েছে। তাছাড়া তার ব্যক্তিজীবনে সরকারি মহিলা কলেজের শিক্ষকের সাথে প্রেম, নায়েব ইউনুস চিশতীর সাথে অবাধ মেলামেশা, ভাড়াশিমলা সুমন ও সনজিতকে প্রেমের ফাঁদে ফেলে নিঃস্ব করা সহ এক গণমাধ্যম কর্মীর সাথে অবাধ মেলামেশার প্রেম ছিল। সাতক্ষীরার সুশীল নাগরিক সমাজের প্রতিনিধিরা বলছে শর্মিষ্ঠার মত শীর্ষ দুর্নীতিবাজ ও চরিত্রহীন নায়েব কে বদলি নয় চাকরি থেকে স্থায়ী বরখাস্ত করা উচিত। সাতক্ষীরা নাগরিক নেতা অধ্যাপক ইদ্রিস আলর বলেন, নায়েব শর্মিষ্ঠা বিরুদ্ধে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশ হয়েছে। তার অনিয়ম দুর্নীতি ও পরোকীয়া প্রেম নিয়ে গণমাধ্যম বিভিন্ন অনুসন্ধানী প্রতিবেদন করেছে। তার মত দুর্নীতিবাজ কে বদলি নয় চাকুরি থেকে স্থায়ী বরখাস্ত করা উচিত। এ বিষয়ে অভিযুক্ত ভূমি সহকারী কর্মকর্তা শর্মিষ্ঠা সরকার বলেন, আমাকে নড়াইল জেলার কালিয়ায় বদলি হয়েছে। প্রেম ও দুর্নীতির বিষয় শাস্তিমূলক বদলি কি না জানতে চাইলে তিনি বিষয়টি এড়িয়ে যান। সাতক্ষীরা জেলা রাজস্ব শাখায় কথা বলে তার বদলির বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।
প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে পীরগঞ্জের ডুবন্ত লিপনের পরিবারকে ২৫ হাজার টাকা সহায়তা
প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে পীরগঞ্জের ডুবন্ত লিপনের পরিবারকে ২৫ হাজার টাকা সহায়তা ঠাকুরগাঁও প্রতিনিধি প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে আর্থিক সহায়তা পেল ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে টাঙ্গন নদীতে ডুবে মারা যাওয়া কিশোর লিপনের পরিবার। জেলা প্রশাসনের পক্ষ থেকে উপজেলা প্রশাসন এই সহায়তার চেক হস্তান্তর করে। জানা যায়, গত ৩১ জুলাই সকাল সাড়ে ১১টায় পীরগঞ্জ উপজেলার ২নং কষারাণীগঞ্জ ইউনিয়নের আকাশিল গ্রামের বাসিন্দা ফয়জুল ইসলামের ছেলে লিপন-২০ টাঙ্গন নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজ হয়। পরে স্থানীয়দের সহযোগিতায় তার মরদেহ উদ্ধার করা হয়।তার অকাল মৃত্যুতে পরিবারটি আর্থিক ও মানসিকভাবে অসহায় হয়ে পড়ে। বিষয়টি জেলা প্রশাসনের নজরে আসলে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে তাৎক্ষণিক সহায়তার উদ্যোগ নেওয়া হয়। আজ বিকেলে পীরগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তারিফুল ইসলাম, ও ২নং কষারাণীগঞ্জ ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফা, স্থানীয় বিএনপি নেতা রাসেল, ইউপি সদস্যসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এ সময় উপস্থিত ছিলেন। মৃত লিপনের পরিবারের হাতে নগদ ২৫০০০ টাকার.আর্থিক সহায়তা তুলে দেওয়া হয়। সহায়তা প্রদানের সময় উপজেলা প্রশাসনের কর্মকর্তারা শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান এবং যে কোন প্রয়োজনে পাশে থাকার আশ্বাস দেন। সহায়তা পেয়ে লিপনের পরিবার প্রধানমন্ত্রী ও জেলা-উপজেলা প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
বোয়ালখালী প্রেস ক্লাব'র উদ্যোগে ঈদে মিলাদুন্নবী অনুষ্ঠিত
বোয়ালখালী প্রেস ক্লাব'র উদ্যোগে ঈদে মিলাদুন্নবী অনুষ্ঠিত সবুজ অরণ্য, বোয়ালখালী (চট্টগ্রাম) প্রতিনিধি-ঃ পবিত্র মাহে রবিউল আউয়াল উপলক্ষে বোয়ালখালী প্রেসক্লাবের উদ্যোগে পবিত্র মিলাদুন্নবী (সা.) মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৯ আগষ্ট) বাদে মাগরিব প্রেসক্লাব কার্যালয়ে আয়োজিত মিলাদ ও দোয়া মাহফিলের সভাপতিত্ব করেন বোয়ালখালী প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ সিরাজুল ইসলাম। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মেহেদী হাসান ফারুক। প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইয়াছিন চৌধুরীর পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বোয়ালখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোজাফফর হোসেন, প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি এডভোকেট সেলিম চৌধুরী, কার্যকরী সদস্য অধীর বড়ুয়া, গোমদন্ডী পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. খসরু পারভেছ, এন মোহাম্মদ গ্রুপের এডমিন মো. আবু আলম, সাবেক কাউন্সিলর মাহমুদুল হক ও শ্রমিক নেতা পল্টু বড়ুয়া। বক্তব্যে বক্তারা বলেন, মহানবী (সা.) মানবজাতির জন্য সর্বোত্তম আদর্শ। তাঁর পবিত্র জীবন ও সুন্নাহ অনুসরণের মধ্যেই রয়েছে ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রের কল্যাণ। মহানবী (সা.)-এর আদর্শকে জীবনের প্রতিটি ক্ষেত্রে ধারণ ও বাস্তবায়নের আহ্বান জানান তারা। এসময় আরো উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক মো. সৈয়দ নজরুল, অর্থ সম্পাদক প্রভাস চক্রবর্তী, দপ্তর সম্পাদক এস এম নাঈম উদ্দিন, সদস্য মো: শাহ আলম, খোরশেদুল আলম, তৌহিদুর রহমান, মতিন চৌধুরী রিপন, এম আর তাওহীদ, শাহেদ হোসাইন ছোটন, তাজুল ইসলাম মানিক, হাসান আলম প্রমূখ। মাহফিল শেষে দেশ, জাতি, সাংবাদিক সমাজ ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন বহদ্দারপাড়া তাজন বিবি জামে মসজিদের খতিব মাওলানা নুরুল আবছার।
সোনারগাঁও দু'টি হাসপাতালের অনিয়ম,৩ লাখ ১৫ হাজার টাকা জরিমানা
সোনারগাঁও দু'টি হাসপাতালের অনিয়ম,৩ লাখ ১৫ হাজার টাকা জরিমানা সোনারগাঁও (নারায়ণগঞ্জ) সংবাদদাতা : নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বিভিন্ন অনিয়মের অভিযোগে অভিযান চালিয়ে দুটি বেসরকারি হাসপাতালকে মোট ৩ লাখ ১৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। একই অভিযানে একটি হাসপাতালের এক কর্মচারীকে তিন দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। রোববার (৩০ আগস্ট) বিকেল থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত উপজেলার সাদীপুর ইউনিয়নের নয়াপুর ও জামপুর ইউনিয়নের তালতলা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসিফ আল জিনাতের নির্দেশনায় প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও কাঁচপুর রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) ফাইরুজ তাসনিমের নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়। অভিযান সূত্রে জানা যায়, নয়াপুর জেনারেল হাসপাতাল ও আল সিফা হাসপাতালে লাইসেন্স ও প্রয়োজনীয় কাগজপত্র না থাকা, সেবার মূল্য তালিকা যথাযথভাবে সংরক্ষণ না করা, নির্ধারিত রেটের চেয়ে বেশি মূল্য নেওয়া, স্বাস্থ্যঝুঁকি সৃষ্টি করতে পারে এমন কার্যক্রম পরিচালনা এবং ইচ্ছেমতো সেবার মূল্য নির্ধারণের প্রমাণ পাওয়া যায়। এছাড়া, আল সিফা হাসপাতালে প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা ও ল্যাব টেকনিশিয়ান না থাকা সত্ত্বেও নিয়মিত কর্মচারী দিয়ে প্যাথলজি পরীক্ষা ও সংশ্লিষ্ট কার্যক্রম পরিচালনার প্রমাণ পাওয়া যায়। এসব অনিয়মের দায়ে আল সিফা হাসপাতালকে ২ লাখ টাকা এবং নয়াপুর জেনারেল হাসপাতালকে ১ লাখ ১৫ হাজার টাকা, মোট ৩ লাখ ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। মেডিকেল প্র্যাকটিস এবং বেসরকারি ক্লিনিক ও ল্যাবরেটরি (নিয়ন্ত্রণ) অধ্যাদেশ, ১৯৮২ এবং ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর সংশ্লিষ্ট ধারায় এসব জরিমানা করা হয়। এ সময় আল সিফা হাসপাতালের এক কর্মচারী প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা না থাকা সত্ত্বেও প্যাথলজি পরীক্ষা পরিচালনা করায় তাকে তিন দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। অভিযান পরিচালনাকারী সহকারী কমিশনার (ভূমি) ফাইরুজ তাসনিম জানান, জনস্বাস্থ্য সুরক্ষা ও চিকিৎসাসেবার মান নিশ্চিত করতে সোনারগাঁ উপজেলার অন্যান্য বেসরকারি ক্লিনিক ও হাসপাতালেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। অভিযানকালে স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) মোস্তাফিজুর রহমান দিগন্তসহ সোনারগাঁ থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।
যশোরে ২৭ হাজার ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক
যশোরে ২৭ হাজার ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক নিজস্ব প্রতিবেদক: যশোরে অভিযান চালিয়ে ২৭ হাজার পিস অবৈধ ইয়াবা ট্যাবলেটসহ মোঃ সিরাজুল ইসলাম রিপন (৩৭) নামে এক ব্যক্তিকে আটক করেছে কোতয়ালী মডেল থানা পুলিশ। রোববার (৩০ আগস্ট ২০২৬) দুপুর ২টা ৪৫ মিনিটে যশোর কোতয়ালী থানাধীন ঝুমঝুমপুর আদর্শপাড়া এলাকার অ্যাডভোকেট রোকনুজ্জামানের বাড়ির সামনে কাঁচা রাস্তার ওপর অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। পুলিশ সূত্রে জানা যায়, কোতয়ালী মডেল থানার এসআই মোঃ সাইফুল ইসলাম ও এসআই মোঃ আব্দুল্লাহ আল মামুনের নেতৃত্বে সঙ্গীয় অফিসার ও ফোর্স নিয়ে থানা এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হচ্ছিল। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সিরাজুল ইসলাম রিপনকে আটক করা হয়। আটকের পর তার সঙ্গে থাকা কালো রঙের একটি স্কুলব্যাগ তল্লাশি করে ব্যাগের ভেতর থেকে ২৭ হাজার পিস অবৈধ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। আটক সিরাজুল ইসলাম রিপন শার্শা উপজেলার বাদে নাভারণ (পশ্চিমপাড়া) এলাকার মোঃ নজরুল ও মোছাঃ নবিছন খাতুনের ছেলে। বর্তমানে তিনি তালতলা, বুরুজবাগান এলাকায় আব্দুল মালেকের বাসায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করছিলেন। পুলিশ জানিয়েছে, আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। যশোর জেলা পুলিশের পুলিশ সুপারের নেতৃত্বে মাদকের বিরুদ্ধে বিশেষ অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়েছে।