বাংলাদেশ বার্তা টুডে
ইবিতে মেধার ভিত্তিতে হলের সিট বণ্টনসহ- ৬ দাবিতে শিবিরের স্মারকলিপি
ইবিতে মেধার ভিত্তিতে হলের সিট বণ্টনসহ- ৬ দাবিতে শিবিরের স্মারকলিপি ওসমান গণি, ইবি প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শহীদ আনাস হলের অবৈধ শিক্ষার্থী অপসারণ ও মেধার ভিত্তিতে সিট বণ্টন নিশ্চিতসহ ছয় দাবিতে প্রভোস্ট বরাবর স্মারকলিপি দিয়েছে হল শাখা ছাত্রশিবির। রবিবার (১৩ সেপ্টেম্বর) দুপুর ২ টায় হল শাখা ছাত্রশিবিরের পক্ষ থেকে হল প্রভোস্ট অধ্যাপক ড. মো. আবদুল কাদের বরাবর এ স্মারকলিপি প্রদান করা হয়। এসময় হল শাখা ছাত্র শিবিরের সভাপতি মুহিবুল্লাহ আল আজাদের নেতৃত্বে অন্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। স্মারকলিপিতে শহীদ আনাস হলের আবাসিক সিট বণ্টন ও ব্যবস্থাপনা নিয়ে নানা অনিয়ম ও বৈষম্য তুলে ধরে দাবি করা হয়— ১. দ্রুত সময়ের মধ্যে হলে অবৈধভাবে অবস্থানরত শিক্ষার্থীদের চিহ্নিত করে হল থেকে অপসারণ এবং মেধার ভিত্তিতে ফাঁকা সিট বণ্টন করতে হবে; ২. হলের সিট বণ্টনের ক্ষেত্রে সুস্পষ্ট, স্থায়ী, লিখিত ও সমান নীতি-মালা প্রণয়ন এবং প্রতি ৬ (ছয়) মাস পর পর নিয়মতান্ত্রিকভাবে সিট অ্যালটমেন্ট দিতে হবে; ৩. পর্যাপ্ত সংখ্যক সিসি ক্যামেরা স্থাপন ও তদারকির আওতায় আনতে হবে; ৪. হলের নিরাপত্তা নিশ্চিতে দায়িত্বপ্রাপ্ত আনসার সদস্যদের তদারকি ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে ৫. শিক্ষার্থীদের স্বাচ্ছন্দ্যে পড়াশোনার জন্য রিডিং রুমে এসি স্থাপন নিশ্চিত করতে হবে এবং ৬. হলের ডাইনিংয়ে মানসম্মত, স্বাস্থ্যকর ও পুষ্টিকর খাবার পরিবেশন এবং জবাবদিহিমূলক ব্যবস্থা চালু করতে হবে। এ বিষয়ে শহীদ আনাস হলের প্রভোস্টের কাছে জানতে চাইলে তিনি শিবিরের দেওয়া দাবিগুলোর সাথে একমত পোষণ করে বলেন, "হলে অবৈধভাবে কেউ অবস্থান করছে কিনা তা আগামী তিন দিনের মধ্যে ট্রেস আউট করব।" এছাড়াও তিনি নতুন এক্সটেনশন ব্লকটি হ্যান্ডওভার হলেই সিট বণ্টন শুরু করা ও ডাইনিংয়ের খাবারের মান আরও উন্নত করার চেষ্টা থাকবে বলে জানান।
দুর্গাপূজায় শান্তি-সম্প্রীতি রক্ষায় ঐক্যবদ্ধ রাউজান
দুর্গাপূজায় শান্তি-সম্প্রীতি রক্ষায় ঐক্যবদ্ধ রাউজান মিলন বৈদ্য শুভ, রাউজান (চট্টগ্রাম): আসন্ন শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু, সুন্দর, শৃঙ্খলা ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন করার লক্ষ্যে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ চট্টগ্রাম জেলা সাংবিধানিক অনুমোদন ও রাউজান সাংসদ জননেতা আলহাজ্ব গিয়াসউদ্দিন কাদের চৌধুরীর বিশেষ দীর্ঘমেয়াদী অনুমোদিত রাউজান উপজেলা পূজা উদযাপন পরিষদ কমিটির উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৩ সেপ্টেম্বর) অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন রাউজান উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অরুণ পালিত (বাসু)। সাধারণ সম্পাদক সুমন দাশ গুপ্তের সঞ্চালনে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন রাউজান উপজেলা নির্বাহী অফিসার এস এম রাহাতুল ইসলাম, রাউজান উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অং ছিং মারমা, রাউজান থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সাইফুল ইসলাম। রাউজান পৌরসভা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ মঞ্জুরুল হক মঞ্জু চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সহ সভাপতি সাবের সুলতান কাজল, চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের গণশিক্ষা বিষয়ক সম্পাদক সাঈদ আমান রানা, রাউজান উপজেলা যুবদলের সভাপতি এম শাহজান সাহিল, রাউজান পৌরসভা স্বেচ্ছাসেবক দলের সভাপতি শাহাদাত মির্জা, রাউজান পৌরসভা যুবদলের সভাপতি আরিফুল ইসলাম আরিফ,পৌর যুবদলের সাধারণ সম্পাদক রিয়াজ উদ্দীন চৌধুরী, পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহবায়ক জীবন খন্দকার, চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের যুগ্ন সাধারণ সম্পাদক এস এম নেওয়াজ, যুবদল নেতা আজগর আলী যুবদল নেতা মোহাম্মদ জাবেদ। উক্ত সভায় উপস্থিত ছিলেন রাউজান প্রেস ক্লাবের শিক্ষা-সাহিত্য ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক গীতানুধ্যায়ী ডাঃ সুপণ বিশ্বাস শঙ্করেশ, পূজা উদযাপন পরিষদের সাংগঠনিক সম্পাদক বাপ্পা কুমার দাশ, রাউজান ঐক্যবদ্ধ সনাতনী সমাজ সংগঠনের সভাপতি নরেশ দাশ গুপ্ত, রাউজান ঐক্যবদ্ধ সনাতনী সমাজ সংগঠন পৌর কমিটি সভাপতি ডা: লিটন শর্মা, দাশ পাড়া অখিল সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি অলক দাশ গুপ্ত, ডাঃ জনি দাশ, সংগঠক প্রিন্স চৌধুরী শুভ, হিমাদ্রি পাল ইমন, মানস সরকার সহ-সাংগঠনিক, পুজা উদযাপন পরিষদের সম্মানিত সদস্য শ্রীযুত ত্রিপাল চৌধুরী, সম্পাদক শ্রীযুত পাভেল চৌধুরী, রাউজান ঐক্যবদ্ধ সনাতনী সমাজ সংগঠন পৌর কমিটির সাধারণ সম্পাদক ভোমর দাশ, অর্থ সম্পাদক জয় দাশ গুপ্ত, সাগর দাশ গুপ্ত (বাবু), দপ্তর সম্পাদক রূপস দাশ গুপ্ত, অমর কৃষ্ণ দাশ, শংকর দে সহ-দপ্তর সম্পাদক সোহেল দাশ, সাগর দাশ,ধ্রুব ঘোষ প্রমূখ। সভায় আসন্ন শারদীয় দুর্গাপূজাকে ঘিরে সার্বিক নিরাপত্তা, আইনশৃঙ্খলা, পারস্পরিক সম্প্রীতি ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা ও মতবিনিময় করা হয়। বক্তারা বলেন, দুর্গাপূজা শুধু সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসব নয়; এটি বাংলাদেশের আবহমান ঐতিহ্য ও সাম্প্রদায়িক সম্প্রীতিরও একটি গুরুত্বপূর্ণ অংশ। পূজাকে কেন্দ্র করে যাতে কোনো ধরণের অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি না হয়, সেজন্য প্রশাসন, পূজা উদযাপন পরিষদ, মন্দির ও পূজা মণ্ডপ পরিচালনা কমিটি এবং সর্বস্থরের জনগণকে পারস্পরিক সহযোগিতা ও সমন্বয়ের মাধ্যমে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। তারা আরও বলেন, “সম্প্রীতির বন্ধন সৃষ্টিতে আমরা সবাই ঐক্যবদ্ধ।” ধর্ম-বর্ণ নির্বিশেষে পারস্পরিক সৌহার্দ্য, সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধ বজায় রেখে শারদীয় দুর্গোৎসবকে সুন্দর, সুশৃঙ্খল ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে হবে। বক্তারা পূজা মণ্ডপগুলোতে যথাযথ নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনকে সহযোগিতা করা এবং যেকোনো ধরণের গুজব বা অপ্রীতিকর পরিস্থিতি এড়িয়ে চলার জন্য সংশ্লিষ্ট সবাইকে আহ্বান জানান। সভায় রাউজান উপজেলা পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ, বিভিন্ন মন্দির ও পূজা মণ্ডপ পরিচালনা কমিটির প্রতিনিধিসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। সভায় আসন্ন শারদীয় দুর্গাপূজা সুশৃঙ্খল, নিরাপদ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন করতে বিভিন্ন গুরুত্বপূর্ণ মতামত ব্যক্ত করা হয়।
রাণীনগরে দুই বন্ধুর উদ্যোগে একাডেমিক প্রস্তুতিতে নতুন সম্ভাবনা ‘ইনফিনিটি’
রাণীনগরে দুই বন্ধুর উদ্যোগে একাডেমিক প্রস্তুতিতে নতুন সম্ভাবনা ‘ইনফিনিটি’ মোঃ রমজান হোসেন নওগাঁ জেলা প্রতিনিধিঃ নওগাঁর রাণীনগরে শিক্ষার্থীদের একাডেমিক প্রস্তুতিকে আরও গুছিয়ে নিতে দুই বন্ধুর উদ্যোগে যাত্রা শুরু করেছে ‘ইনফিনিটি একাডেমিক কোচিং’। ২০২৫ সালের অক্টোবরে আমির হামজা ও আরিফ হোসেন শাওনের উদ্যোগে প্রতিষ্ঠানটির কার্যক্রম শুরু হয়। উদ্যোক্তাদের ভাষ্য, তারা দুজনই রাণীনগর থেকে ২০২৩ সালে এসএসসি পাস করেন। নিজেদের শিক্ষাজীবনের অভিজ্ঞতায় স্থানীয় শিক্ষার্থীদের জন্য পর্যাপ্ত শিক্ষাসামগ্রী, নিয়মিত পরীক্ষা ও পরীক্ষাভিত্তিক প্রস্তুতির প্রয়োজনীয়তা উপলব্ধি করেন তারা। সেই ভাবনা থেকেই শিক্ষার্থীদের একাডেমিক প্রস্তুতিতে বাড়তি সহায়তা দেওয়ার লক্ষ্য নিয়ে ইনফিনিটির যাত্রা। প্রতিষ্ঠানটির প্রথম কার্যক্রম ছিল ‘এসএসসি-২০২৬ ফাইনাল প্রিপারেশন ব্যাচ’। উদ্যোক্তারা জানান, এসএসসি পরীক্ষার আগে অনেক শিক্ষার্থীর সিলেবাস অসম্পূর্ণ থেকে যায়। আবার কেউ কেউ পড়াশোনা করলেও শেষ সময়ে প্রস্তুতিগুলো সঠিকভাবে গুছিয়ে উঠতে পারে না। বিষয়টি বিবেচনায় নিয়ে সিলেবাস শেষ করার পাশাপাশি নিয়মিত পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থীদের দুর্বল জায়গাগুলো চিহ্নিত করার ওপর গুরুত্ব দেওয়া হয়। কোর্সের শেষ পর্যায়ে এসএসসি পরীক্ষার মানবণ্টন অনুসরণ করে মডেল টেস্টের আয়োজন করা হয়। এর মাধ্যমে শিক্ষার্থীদের পরীক্ষার পরিবেশের সঙ্গে অভ্যস্ত করা এবং পরীক্ষাভীতি কাটিয়ে আত্মবিশ্বাস বাড়ানোর চেষ্টা করা হয় বলে জানান সংশ্লিষ্টরা। ইনফিনিটির দেওয়া তথ্যমতে, তাদের এসএসসি-২০২৬ ফাইনাল প্রিপারেশন ব্যাচ থেকে ২৩ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে আরও দাবি করা হয়েছে, এসব শিক্ষার্থীর মধ্যে রাণীনগর থানার হিসেবে দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম ও ষষ্ঠ স্থান অর্জনকারী শিক্ষার্থীও রয়েছে। বর্তমানে প্রতিষ্ঠানটিতে ‘এসএসসি-২০২৭ ফাইনাল প্রিপারেশন ব্যাচ’ এবং অষ্টম শ্রেণির ‘বৃত্তি ও একাডেমিক প্রিপারেশন ব্যাচ’ চালু রয়েছে। উদ্যোক্তাদের দাবি, দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের গ্র্যাজুয়েট ও অধ্যয়নরত শিক্ষার্থীরা এখানে শিক্ষক হিসেবে যুক্ত আছেন। তাদের মধ্যে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট), ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট), বিভিন্ন মেডিকেল কলেজ এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও গ্র্যাজুয়েট রয়েছেন। কয়েকজন শিক্ষকের পাঁচ থেকে দশ বছরেরও বেশি সময়ের শিক্ষকতার অভিজ্ঞতা রয়েছে বলেও জানান তারা। উদ্যোক্তারা বলেন, রাণীনগর ও আশপাশের এলাকার শিক্ষার্থীদের একাডেমিক প্রস্তুতিতে সহায়তা করাই তাদের প্রধান লক্ষ্য। ভবিষ্যতে এসএসসি, এইচএসসি ও অষ্টম শ্রেণির কার্যক্রমের পাশাপাশি অন্যান্য শ্রেণির শিক্ষার্থীদের জন্যও শিক্ষা কার্যক্রম সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে। তবে নিজেদের প্রতিষ্ঠানকে বিদ্যালয়ের শিক্ষার বিকল্প হিসেবে দেখছেন না উদ্যোক্তারা। তাদের মতে, শিক্ষার্থীদের একাডেমিক জ্ঞান ও পারিপার্শ্বিক জ্ঞান অর্জনে স্কুলশিক্ষার কোনো বিকল্প নেই। স্কুলের পাঠদানের সঙ্গে সামঞ্জস্য রেখেই শিক্ষার্থীদের অতিরিক্ত প্রস্তুতিতে সহায়তা করাই তাদের উদ্দেশ্য। এ কারণে স্কুল চলাকালীন সময়ে কোচিং কার্যক্রম বন্ধ রাখার নীতিও অনুসরণ করা হয় বলে জানান তারা। দুই উদ্যোক্তার ভাষ্য, নিজেদের শিক্ষাজীবনে যে সুযোগ-সুবিধার ঘাটতি তারা অনুভব করেছিলেন, পরবর্তী প্রজন্মের শিক্ষার্থীদের যেন একই সমস্যার মুখোমুখি হতে না হয়—সেই লক্ষ্যেই ইনফিনিটি একাডেমিক কোচিংকে এগিয়ে নেওয়ার চেষ্টা করছেন তারা।
শিবগঞ্জে বিয়ের দাবিতে বিবাহিত পুলিশ সদস্যের বাড়িতে নারী কনস্টেবলের অনশন!
শিবগঞ্জে বিয়ের দাবিতে বিবাহিত পুলিশ সদস্যের বাড়িতে নারী কনস্টেবলের অনশন! মোঃ তুহিন, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি এক সন্তানের জনক পুলিশ সদস্য মেরাজ আলীর বাড়িতে বিয়ের দাবিতে অনশনে বসেছেন আরেক নারী পুলিশ সদস্য। অভিযুক্তের বাড়ি ও মামার বাড়ি দুটোই তালাবদ্ধ থাকায় বাড়ির ফটকে অবস্থান নিয়েছেন তিনি। চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার নয়ালাভাঙ্গা ইউনিয়নের হরিণগর এলাকার মৃত বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাকিবের ছেলে মেরাজ আলীর বাড়িতে এই ঘটনা ঘটে। মেরাজ আলী বর্তমানে ঢাকার উত্তরা ট্রাফিক বিভাগের উপ-পুলিশ কমিশনারের দেহরক্ষী (কনস্টেবল) হিসেবে কর্মরত। অনশনকারী নারী পুলিশ সদস্য জানান, ফেসবুকে পরিচয়ের সূত্র ধরে মেরাজ আলীর সঙ্গে তাঁর প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। বিয়ের প্রলোভন দেখিয়ে মেরাজ গাজীপুরে যৌথভাবে বসবাসসহ বিভিন্ন হোটেলে রাত্রিযাপন ও শারীরিক সম্পর্ক স্থাপন করেন। এমনকি বাড়ি করার কথা বলে তাঁর কাছ থেকে প্রায় ২০ লাখ টাকা এবং গত এক বছর ধরে পুরো বেতন হাতিয়ে নিয়েছেন বলে অভিযোগ করেন ওই নারী। পরবর্তীতে যোগাযোগ বন্ধ করে দিলে ওই নারী জানতে পারেন যে মেরাজ বিবাহিত এবং এক সন্তানের জনক। গত ১৮ দিন ধরে কোনো যোগাযোগ না থাকায় বাধ্য হয়ে তিনি শিবগঞ্জে মেরাজের বাড়িতে আসেন। দাবি না মানলে আত্মহত্যা এবং আইনি পদক্ষেপ নেওয়ারও হুমকি দেন ওই নারী কনস্টেবল। অভিযুক্ত মেরাজ আলীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর মন্তব্য পাওয়া যায়নি। তবে তাঁর মা ও স্ত্রী এ বিষয়ে কিছু জানেন না বলে দাবি করেছেন।
শানখলা ইউনিয়ন পরিষদের সচিব আব্দুস ছালামের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে
শানখলা ইউনিয়ন পরিষদের সচিব আব্দুস ছালামের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। আজিজুর রহমাম (আজিজ): হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার ৫নং শানখলা ইউনিয়ন পরিষদের জনপ্রিয় সচিব আব্দুস ছালামের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। সুদীর্ঘ কর্মজীবনে অত্যন্ত সততা, নিষ্ঠা ও সুনামের সাথে দায়িত্ব পালন শেষে তিনি চুনারুঘাট উপজেলারই পাইকপাড়া ইউনিয়ন পরিষদে নতুন সচিব হিসেবে দায়িত্বভার গ্রহণ করতে যাচ্ছেন। শনিবার (১৩ সেপ্টেম্বর) শানখলা ইউনিয়ন পরিষদ কার্যালয়ে তাকে এই বিদায় জনিত সংবর্ধনা ও সম্মাননা স্মারক প্রদান করা হয়।বিদায় অনুষ্ঠানে পরিষদের চেয়ারম্যান এডভোকেট নজরুল ইসলামসহ । জনপ্রতিনিধিরা ও কর্মকর্তা-কর্মচারীরা বিদায়ী সচিবের স্মৃতিচারণ করে বলেন, "আব্দুস ছালাম সাহেব অত্যন্ত ভালো মনের একজন মানুষ। তিনি দীর্ঘদিন আমাদের শানখলা ইউনিয়নে সুনামের সাথে দায়িত্ব পালন করেছেন। কর্মকালীন সময়ে পরিষদের সবাইকে তিনি গভীর ভালোবাসা ও সর্বোচ্চ সহযোগিতা দিয়েছেন। তার এই অবদান শানখলা ইউনিয়নবাসী সবসময় শ্রদ্ধার সাথে স্মরণ রাখবে।"অনুষ্ঠানে উপস্থিত সকলে বিদায়ী সচিব আব্দুস ছালামের ভবিষ্যৎ কর্মজীবনের সাফল্য, দীর্ঘায়ু (নেক হায়াত) এবং সুস্বাস্থ্য কামনা করেন। একই সাথে তিনি যেন তার নতুন কর্মস্থল পাইকপাড়া ইউনিয়ন পরিষদেও একইভাবে সফলতার সাথে দায়িত্ব পালন করতে পারেন, সেই দোয়া ও শুভকামনা জানানো হয়। অনুষ্ঠানে পরিষদের পক্ষ থেকে ওনাকে সম্মাননা স্মারক ও বিদায়ী উপহার তুলে দেওয়া হয়।
পঞ্চগড়ের বোদায় ডেঙ্গু প্রতিরোধে ছাত্রদল-শিক্ষার্থীদের মশক নিধন
পঞ্চগড়ের বোদায় ডেঙ্গু প্রতিরোধে ছাত্রদল-শিক্ষার্থীদের মশক নিধন পঞ্চগড় জেলা প্রতিনিধি | সঞ্জু বনিক সৌরভ পঞ্চগড় | ১৩ সেপ্টেম্বর ২০২৬ পঞ্চগড়ের বোদায় ডেঙ্গু প্রতিরোধে মাঠে নেমেছে ছাত্রদল ও সাধারণ শিক্ষার্থীরা। এডিস মশার বংশবিস্তার রোধ ও জনসচেতনতা বাড়াতে দুটি শিক্ষাপ্রতিষ্ঠান এবং আশপাশের এলাকায় মশক নিধন কার্যক্রম পরিচালনা করা হয়েছে। একই সঙ্গে শিক্ষার্থী ও সাধারণ মানুষের মধ্যে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক বার্তা দেওয়া হয়। রোববার (১৩ সেপ্টেম্বর) পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদের নির্দেশনায় এবং কেন্দ্রীয় ছাত্রদলের ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচির অংশ হিসেবে বোদা সরকারি পাইলট মডেল স্কুল অ্যান্ড কলেজ ও সরকারি পাথরাজ কলেজে এ কর্মসূচি পালন করা হয়। কর্মসূচির অংশ হিসেবে ছাত্রদল নেতাকর্মী ও সাধারণ শিক্ষার্থীরা দুই শিক্ষাপ্রতিষ্ঠানের প্রাঙ্গণ এবং আশপাশের বিভিন্ন স্থানে মশক নিধন কার্যক্রম পরিচালনা করেন। পাশাপাশি কোথাও পানি জমে আছে কি না, এডিস মশার বংশবিস্তারের উপযোগী পরিবেশ তৈরি হয়েছে কি না—এসব বিষয়ে সচেতনতা তৈরি করা হয়। আয়োজকরা জানান, বর্ষা মৌসুমে বিভিন্ন স্থানে পানি জমে থাকায় এডিস মশার বংশবিস্তারের ঝুঁকি বেড়ে যায়। বিশেষ করে ফুলের টব, পরিত্যক্ত পাত্র, ড্রাম, ডাবের খোসা ও বিভিন্ন ধরনের পাত্রে জমে থাকা স্বচ্ছ পানিতে এডিস মশার লার্ভা জন্ম নিতে পারে। তাই বাড়িঘর ও শিক্ষাপ্রতিষ্ঠানের আশপাশ নিয়মিত পরিষ্কার রাখার পাশাপাশি জমে থাকা পানি দ্রুত অপসারণের ওপর গুরুত্ব দেওয়া হয়। বক্তারা বলেন, ডেঙ্গু প্রতিরোধে শুধু মশক নিধন কার্যক্রমের ওপর নির্ভর করলে হবে না। ব্যক্তি, পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও স্থানীয় পর্যায়ে সম্মিলিতভাবে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার করতে হবে। বিশেষ করে শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বাড়ানো গেলে তারা নিজেদের পাশাপাশি পরিবার ও আশপাশের মানুষকেও সচেতন করতে পারবে। কর্মসূচিতে বোদা উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মশিউর রহমান হিমেল, স্কুল শাখা ছাত্রদল ও কলেজ শাখা ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং সাধারণ শিক্ষার্থীরা অংশ নেন। বোদা উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মশিউর রহমান হিমেল বলেন, “ডেঙ্গু প্রতিরোধে শুধু সচেতনতা নয়, মশক নিধন কার্যক্রমও অত্যন্ত জরুরি। এ লক্ষ্যে ছাত্রদল ও শিক্ষার্থীরা মিলে বোদা সরকারি পাইলট মডেল স্কুল অ্যান্ড কলেজ এবং সরকারি পাথরাজ কলেজে মশক নিধন কার্যক্রম পরিচালনা করেছি।” তিনি আরও বলেন, “এডিস মশা পরিষ্কার ও স্বচ্ছ পানিতে জন্মায়। তাই ঘরবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান ও আশপাশের পরিবেশ পরিচ্ছন্ন রাখতে হবে। কোথাও পানি জমে থাকলে তা দ্রুত অপসারণ করতে হবে। জ্বর হলে অবহেলা না করে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিতে হবে।” সংশ্লিষ্টরা মনে করেন, ডেঙ্গু প্রতিরোধে নিয়মিত পরিচ্ছন্নতা কার্যক্রমের পাশাপাশি জনসচেতনতা বাড়ানো জরুরি। বিশেষ করে শিক্ষাপ্রতিষ্ঠানকেন্দ্রিক এমন উদ্যোগ শিক্ষার্থী ও স্থানীয় জনগণের মধ্যে স্বাস্থ্যসচেতনতা তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। আয়োজকরা জানান, ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা ও পরিচ্ছন্নতার এই উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত রাখার পরিকল্পনা রয়েছে। স্থানীয় পর্যায়ে সবাইকে সম্পৃক্ত করে নিয়মিতভাবে মশার বংশবিস্তারস্থল চিহ্নিত ও ধ্বংস করা গেলে ডেঙ্গুর ঝুঁকি অনেকটাই কমানো সম্ভব বলে মনে করছেন তারা।
গোপালগঞ্জ নসিমন নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা, নিহত ১
গোপালগঞ্জ নসিমন নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা, নিহত ১ : সাইফুল ইসলাম গোপালগঞ্জ প্রতিনিধিঃ ১৩-০৯-২৬ গোপালগঞ্জের কাশিয়ানীতে নিয়ন্ত্রণ হারিয়ে একটি নসিমন রাস্তার পাশে গাছের সঙ্গে সজোরে ধাক্কা লেগে রাসেল শেখ (৩৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন। রোববার (১৩ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার হিরনকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন জয়নগর-মাজড়া বাজারের আঞ্চলিক সড়কে জাহিদ শেখের বাড়ির সামনে এ দূর্ঘটনা ঘটে। নিহত রাসেল শেখ মুকসুদপুর উপজেলার শাশুনিয়া গ্রামের রফিক শেখের ছেলে। আহতরা হলেন একই গ্রামের জীবন শেখ (২৩), হুমায়ন শেখের ছেলে এবং রনি শেখ (৩৪), মিজানুর রহমান শেখের ছেলে। স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, রূপচাঁদা গ্রুপের মুকসুদপুর উপজেলা ডিলার আব্দুর রহমানের মালিকানাধীন নসিমনে করে রূপচাঁদা সয়াবিন তেল নিয়ে কাশিয়ানী উপজেলার বিভিন্ন খুচরা মুদি দোকানে সরবরাহের উদ্দেশ্যে যাচ্ছিলেন রাসেল সহ তিন জন। পথে জয়নগর-মাজড়া বাজারে আঞ্চলিক সড়কের হিরনকান্দি এলাকায় জাহিদ শেখের বাড়ির সামনে পৌঁছালে নসিমনটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা একটি গাছের সঙ্গে সজোরে ধাক্কা দেয়। এতে নসিমনে থাকা রাসেল শেখ গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই মারা যান। আহত হন অপর দুজন। নিহতের বড় ভাই ইব্রাহীম শেখ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহফুজুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, দূর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং নিহতের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
কালীগঞ্জে সার না পেয়ে ডিরার পয়েন্ট ঘেরাও করে বিক্ষোভ
কালীগঞ্জে সার না পেয়ে ডিরার পয়েন্ট ঘেরাও করে বিক্ষোভ একরামুল ইসলাম তুষার, কালীগঞ্জ ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের কালীগঞ্জে সার না পেয়ে ডিরার পয়েন্ট ঘেরাও করে বিক্ষোভ করেছে কৃষকরা। পরে কৃষি অফিসের ব্যবস্থাপনায় কৃষকদের মধ্যে সার বিতরণ করা হয়। তবে এসময় ডিলার শহিদুল ইসলাম সেখানে উপস্থিত ছিলেন না। রোববার( ১৩ সেপ্টেম্বর) কালীগঞ্জ উপজেলার জামাল ইউনিয়নের দুধরাজপুর গ্রামের ডিলার পয়েন্টে এ ঘটনা ঘটে। শহিদুল ইসলাম উপজেলার জামাল ইউনিয়নের নির্ধারিত ডিলার। তার দাবি তিনি সার কৃষকদের মধ্যে বিতরণ করে দিয়েছেন এখন আর সার নেই। কৃষকদের দাবি, তাদের রোববার সার দেওয়া হবে বলে ঘোষণা দেন। নির্ধারিত দিনে তার ডিলার পয়েন্টে আসলে জানানো হয় শুক্রবার ও শনিবার সার বিতরণ হয়ে গেছে, আজ আর সার দেওয়া হবে না। এসময় সেখানে উপস্থিত কৃষকরা উত্তেজিত হয়ে ওঠেন। পরে আরো কৃষক আসলে তারা ডিলার পক্ষের লোকজনের সহযোগীতায় গোডাউন খুলে ৬০ বন্তা সার দেখতে পান। কৃষকদের দাবি ডিলার শহিদুল ইসলাম বিভিন্ন মানুষের নাম রেজিষ্টারে তুলে বেশি টাকায় সার বিক্রি করে দিয়েছেন। এদিকে ডিলার শহিদুল ইসলামের চলতি সেপ্টেম্বর মাসে ৬৪ টন সারের বরাদ্দ ছিল। তিনি প্রথম সপ্তাহে ৫৮ টন সার উত্তোলন করেছেন। ৫৮ টন সারে বস্তা হয় প্রায় ১ হাজার ২০০। স্থানীয় গণমাধ্যম কর্মীরা ডিলার পয়েন্টে থাকা সার বিতরণ রেজিষ্টারে দেখতে পান বিতরণকৃত নামের তালিকায় মাত্র ৫ শতাংশ ফোন নাম্বার উল্লেখ করা হয়েছে। তার মধ্যে থেকে ৯ জন কৃষককে ফোন দেওয়া হয়। এরমধ্যে একজন জানায় সে সার পেয়েছে, বাকি ৮ জনের ফোন বন্ধ পাওয়া যায়। ঘটনাস্থলে উপস্থিত উপ-সহকারী কৃষি কর্মকর্তা আরাফাত জামিল জানান, আমরা যে সার আছে তা কৃষকদের মধ্যে বিতরণ করছি। উপজেলা কৃষি অফিসের ব্যবস্থাপনায় আরো সার আনা হচ্ছে যা কৃষকদের মধ্যে বিতরণ করা হবে। এছাড়া আমরা সার বিতরণের রেজিষ্টার পরীক্ষা করছি কোন অনিয়ন হয়েছে কিনা। চলতি আমন ধানের ভরা মৌসুমে চাহিদা মত সার না পেয়ে বিপাকে পড়েছেন কৃষকেরা। ইউরিয়া সারের সাথে টিএসপি ও ডিএপি সারের জন্য কৃষকদের ভোগান্তি চরম পর্যায়ে পৌচেছে। এর আগে ৫ সেপ্টেম্বর সকালে জেলার শৈলকুপার গাড়াগঞ্জ বাজারে সার না পেয়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন কৃষকরা। এসময় ডিলার সার দিতে অস্বীকৃতি জানালে গাড়াগঞ্জ-শৈলকুপা সড়কে গাছের গুঁড়ি ফেলে সড়ক অবরোধ করেন। সম্প্রতি চাহিদা মত সার না পাওয়ার বিষয়টি সামনে আসলেও জেলা কৃষি বিভাগ ও বাফার গোডাউন কর্তৃপক্ষ বলছে, জেলায় সারের যথেষ্ট মজুদ রয়েছে। প্রতিমাসের চাহিদার বিপরীতে বরাদ্দ ডিলাররা উত্তোলন করছেন। তবে কৃষকদের অভিযোগ, ডিলার পয়েন্টে চাহিদামতো সার মিলছে না কিন্তু বেশি দাম দিলে খোলা বাজারে সারের অভাব নেই। অভিযুক্ত ডিলার শহিদুল ইসলাম জানান, আমি যে সার উত্তোলন করেছিলাম তা বিতরণ করা হয়েছে। বিতরণকৃত সারের রেজিষ্টার রয়েছে দেখতে পারেন। চাহিদার থেকে কম সার পাওয়া গেলে আমার কি করার আছে বলে ইল্লেখ করেন।
গোপালগঞ্জ শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে আওয়ামী লীগ নেতার স্বেচ্ছায় পদত্যাগ
গোপালগঞ্জ শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে আওয়ামী লীগ নেতার স্বেচ্ছায় পদত্যাগ: সাইফুল ইসলাম গোপালগঞ্জ প্রতিনিধি: ১৩-০৯-২৬ শারীরিক অসুস্থতা ও বার্ধক্যজনিত কারণে দলীয় কর্মকাণ্ডে অংশ নিতে না পারার কথা জানিয়ে গোপালগঞ্জ টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শৈলেন্দ্র নাথ বাইন স্বেচ্ছায় পদত্যাগ করেছেন। রোববার (১৩ সেপ্টেম্বর ২০২৬) নেতাকর্মী ও গণমাধ্যমকর্মীদের উদ্দেশে দেওয়া এক লিখিত বিবৃতিতে তিনি এ পদত্যাগের ঘোষণা দেন। পদত্যাগ পত্রে শৈলেন্দ্র নাথ বাইন উল্লেখ করেন, তিনি টুঙ্গিপাড়া উপজেলার গোপালপুর গ্রামের বাসিন্দা। আওয়ামী লীগ সরকারের আমলে তিনি টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতির দায়িত্ব পালন করেন। বর্তমানে শারীরিক অসুস্থতা ও বার্ধক্যজনিত কারণে চলাফেরায় অসুবিধা হওয়ায় সংগঠনের কার্যক্রমে নিয়মিত অংশগ্রহণ করতে পারছেন না। তিনি আরও জানান, বর্তমান পরিস্থিতিতে সংগঠনের কর্মকাণ্ডে অংশগ্রহণ করা তার পক্ষে একেবারেই সম্ভব নয়। তাই নিজের শারীরিক অসুস্থতা ও বার্ধক্যজনিত কারণে সংগঠনের কার্যক্রম থেকে নিজেকে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। এ কারণে উপস্থিত গণমাধ্যমকর্মীদের সামনে তিনি স্বেচ্ছায় দলীয় পদ থেকে পদত্যাগের ঘোষণা দেন এবং এ বিষয়ে সবার সহযোগিতা কামনা করেন। পদত্যাগপত্রের শেষে তিনি সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
গংগাচড়ায় বৃত্তিপ্রাপ্ত ১২ শিক্ষার্থীকে সংবর্ধনা
গংগাচড়ায় বৃত্তিপ্রাপ্ত ১২ শিক্ষার্থীকে সংবর্ধনা রফিকুল ইসলাম সাবুল : রংপুর প্রতিনিধি প্রাথমিক বৃত্তি পরীক্ষা–২০২৫ উপলক্ষে রংপুরের গংগাচড়ায় বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে। রোববার (১৩ সেপ্টেম্বর) উপজেলার পূর্ব খলেয়া উপরতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে খলেয়া ক্লাস্টারের আয়োজনে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গংগাচড়া উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার জনাব শায়লা জেসমিন সাঈদ। সভাপতিত্ব করেন গংগাচড়া উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার জনাব জয়নাব সুলতানা। ২০২৫ সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষায় খলেয়া ক্লাস্টারের বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মোট ১২ জন শিক্ষার্থী বৃত্তি পেয়েছে। এর মধ্যে ধনতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চারজন, খলেয়া গঞ্জিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দুজন, গঞ্জিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একজন, আলদাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একজন এবং দোন্দরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চারজন শিক্ষার্থী বৃত্তি অর্জন করেছে। অনুষ্ঠানে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের অভিনন্দন জানানো হয়। শিক্ষার্থীদের পড়াশোনায় আরও মনোযোগী হয়ে ভবিষ্যতে ভালো ফলাফল অর্জনের জন্য উৎসাহ দেওয়া হয়। আয়োজকেরা জানান, শিক্ষার্থীদের মেধা ও সাফল্যকে স্বীকৃতি দেওয়া এবং তাদের উৎসাহিত করার উদ্দেশ্যেই এ সংবর্ধনার আয়োজন করা হয়েছে। এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের ভবিষ্যতে আরও ভালো করার অনুপ্রেরণা জোগাবে বলে তাঁরা আশা প্রকাশ করেন। ---------
নওগাঁয় ডোবার পানিতে পড়ে যুবকের মৃত্যু
নওগাঁয় ডোবার পানিতে পড়ে যুবকের মৃত্যু মোঃ রমজান হোসেন নওগাঁ জেলা প্রতিনিধিঃ নওগাঁয় ডোবার পানিতে পড়ে শামসুদ্দীন আহমেদ রকি (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। রোববার (১৩ সেপ্টেম্বর) দুপুরের দিকে আত্রাই উপজেলার পাঁচপাকিয়া গ্রামে বাড়ির পাশের কলাবাগানে পরিচ্ছন্নতার কাজ করার সময় এ দুর্ঘটনা ঘটে। নিহত শামসুদ্দীন আহমেদ রকি উপজেলার পাঁচপাকিয়া গ্রামের আব্দুল জব্বারের ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, রোববার সকালে রকি বাড়ি সংলগ্ন নিজস্ব কলাবাগানে পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ করছিলেন। কাজের একপর্যায়ে তিনি মৃগী রোগে আক্রান্ত হয়ে পাশের একটি ডোবার পানিতে পড়ে যান। বিষয়টি দেখতে পেয়ে স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে আত্রাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আত্রাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহবুব আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা করা হয়েছে।
পঞ্চগড়ে মেধাবীদের সংবর্ধনা, শিক্ষায় এগিয়ে যাওয়ার বার্তা
পঞ্চগড়ে মেধাবীদের সংবর্ধনা, শিক্ষায় এগিয়ে যাওয়ার বার্তা পঞ্চগড় জেলা প্রতিনিধি | সঞ্জু বনিক সৌরভ পঞ্চগড় | ১৩ সেপ্টেম্বর ২০২৬ পঞ্চগড়ে এসএসসি ও সমমানের পরীক্ষায় জিপিএ-৫ এবং অষ্টম শ্রেণিতে বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের গণসংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। মেধাবী শিক্ষার্থীদের উৎসাহিত করা এবং তাদের ভবিষ্যৎ শিক্ষাজীবনে আরও ভালো ফলাফলের জন্য অনুপ্রাণিত করতে এ আয়োজন করে প্রাক্তন শিক্ষার্থীদের সংগঠন ‘স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অব ফুটকিবাড়ি’। রোববার (১৩ সেপ্টেম্বর) দুপুরে পঞ্চগড়ের ফুটকিবাড়ি উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে আয়োজিত অনুষ্ঠানে কৃতি শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট, নগদ অর্থ ও বিভিন্ন উপহারসামগ্রী তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে ফুটকিবাড়ি উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ মো. এমদাদুল হক, গড়িনাবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মনোয়ার হোসেন দিপু, সংগঠনের উপদেষ্টা, শিক্ষক, সাংবাদিক ও সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বক্তারা বলেন, শিক্ষার্থীদের ভালো ফলাফল শুধু তাদের ব্যক্তিগত অর্জন নয়, এটি পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান এবং এলাকার জন্যও গর্বের বিষয়। কৃতি শিক্ষার্থীদের এই সাফল্য অন্য শিক্ষার্থীদের মাঝেও পড়াশোনায় ভালো করার অনুপ্রেরণা সৃষ্টি করবে। তারা আরও বলেন, শিক্ষার্থীদের মেধার যথাযথ স্বীকৃতি ও উৎসাহ দেওয়া হলে তারা ভবিষ্যতে আরও আত্মবিশ্বাসের সঙ্গে নিজেদের লক্ষ্য পূরণের দিকে এগিয়ে যেতে পারবে। শিক্ষা জীবনের শুরু থেকেই শিক্ষার্থীদের পাশে পরিবার, শিক্ষক ও সমাজের সহযোগিতা থাকা প্রয়োজন। আয়োজক সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, শুধু জিপিএ-৫ ও বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়াই তাদের মূল লক্ষ্য নয়। পড়াশোনায় পিছিয়ে থাকা শিক্ষার্থীদেরও শিক্ষার প্রতি আগ্রহী করে তুলতে নিয়মিত কাউন্সেলিং ও দিকনির্দেশনামূলক কার্যক্রম পরিচালনার পরিকল্পনা রয়েছে। এ ছাড়া শিক্ষার্থীদের বিভিন্ন সমস্যা, প্রয়োজন ও দাবির বিষয়ে পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন সংগঠনের নেতারা। ভবিষ্যতে আরও বৃহৎ পরিসরে শিক্ষা সহায়ক কার্যক্রম পরিচালনার মাধ্যমে এলাকার শিক্ষার্থীদের উচ্চশিক্ষা ও সফল ক্যারিয়ার গঠনে উৎসাহিত করার কথাও জানান তারা। বক্তারা আশা প্রকাশ করেন, এমন আয়োজন শিক্ষার্থীদের মেধা বিকাশে ইতিবাচক ভূমিকা রাখবে এবং অন্য শিক্ষার্থীদেরও ভালো ফলাফলের জন্য আরও মনোযোগী হতে উৎসাহিত করবে। একই সঙ্গে এলাকার শিক্ষার্থীদের নিয়ে ভবিষ্যতে আরও বিভিন্ন শিক্ষামূলক ও সামাজিক কার্যক্রম পরিচালনার প্রত্যাশা ব্যক্ত করা হয়।
পঞ্চগড়ে নতুন শোরুমে ব্র্যান্ডের পণ্যে ছাড়ের ছড়াছড়ি, সর্বোচ্চ ২০ শতাংশ ডিসকাউন্ট
পঞ্চগড়ে নতুন শোরুমে ব্র্যান্ডের পণ্যে ছাড়ের ছড়াছড়ি, সর্বোচ্চ ২০ শতাংশ ডিসকাউন্ট পঞ্চগড় জেলা প্রতিনিধি | সঞ্জু বনিক সৌরভ পঞ্চগড় | ১৩ সেপ্টেম্বর ২০২৬ পঞ্চগড় শহরের তেঁতুলিয়া রোডে যমুনা ব্যাংকের বিপরীতে নতুন শোরুম নিয়ে যাত্রা শুরু করেছে এস আর এন্টারপ্রাইজ। শোরুম উদ্বোধন উপলক্ষে বিভিন্ন নামিদামি ব্র্যান্ডের ইলেকট্রনিক ও গৃহস্থালি পণ্যে দেওয়া হচ্ছে সর্বোচ্চ ২০ শতাংশ পর্যন্ত বিশেষ ছাড়। রোববার (১৩ সেপ্টেম্বর) বিকেলে আনুষ্ঠানিকভাবে নতুন শোরুমটির উদ্বোধন করা হয়। উদ্বোধনের পর থেকেই ক্রেতাদের জন্য বিভিন্ন ব্র্যান্ডের টেলিভিশন, ফ্রিজ, এয়ার কন্ডিশনার (এসি), রাইস কুকার, মাইক্রোওভেন, ফ্যানসহ নানা ধরনের পণ্য কেনার সুযোগ রাখা হয়েছে। প্রতিষ্ঠানটির তথ্য অনুযায়ী, স্যামসাং, হিটাচি ও গ্রি ব্র্যান্ডের পণ্যে সর্বোচ্চ ১৬ শতাংশ পর্যন্ত ছাড় দেওয়া হচ্ছে। একইভাবে হাইসেন্স, কনকা ও টিসিএল ব্র্যান্ডের পণ্যে সর্বোচ্চ ১৮ শতাংশ পর্যন্ত এবং হুইরপুল ও হায়ার ব্র্যান্ডের এসিতে সর্বোচ্চ ২০ শতাংশ পর্যন্ত ছাড় রয়েছে। শুধু ছাড় নয়, বিভিন্ন ধরনের পণ্য একই শোরুমে পাওয়ার কারণে ক্রেতাদের জন্য কেনাকাটাও সহজ হবে বলে মনে করছে প্রতিষ্ঠানটি। প্রয়োজন অনুযায়ী টেলিভিশন, ফ্রিজ, এসি থেকে শুরু করে রান্নাঘরের বিভিন্ন ইলেকট্রনিক পণ্য বেছে নেওয়ার সুযোগ থাকছে। এস আর এন্টারপ্রাইজের পরিচালক মো. সাজ্জাদ হোসেন বলেন, পঞ্চগড়ের মানুষের চাহিদার কথা বিবেচনা করেই তেঁতুলিয়া রোডে নতুন শোরুম চালু করা হয়েছে। তিনি বলেন, “ক্রেতারা যেন তাঁদের প্রয়োজন ও সামর্থ্য অনুযায়ী বিভিন্ন ব্র্যান্ডের পণ্য বেছে নিতে পারেন, সে বিষয়টি গুরুত্ব দেওয়া হচ্ছে। শোরুম উদ্বোধন উপলক্ষে কয়েকটি ব্র্যান্ডের পণ্যে বিশেষ ছাড়ও দেওয়া হচ্ছে।” তিনি আরও বলেন, পণ্যের মূল্য, বৈশিষ্ট্য ও প্রযোজ্য সুযোগ-সুবিধা সম্পর্কে ক্রেতাদের পরিষ্কার তথ্য দেওয়ার চেষ্টা থাকবে। ভবিষ্যতে ক্রেতাদের চাহিদা অনুযায়ী শোরুমে পণ্যের পরিসর আরও বাড়ানোর পরিকল্পনা রয়েছে। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়েছে, ছাড়ের হার পণ্য ও ব্র্যান্ডভেদে প্রযোজ্য হবে। তাই নির্দিষ্ট কোনো পণ্য কেনার আগে প্রযোজ্য ছাড় ও অন্যান্য শর্ত শোরুম থেকে জেনে নেওয়া যাবে। নতুন শোরুম চালুর ফলে পঞ্চগড় শহরের ইলেকট্রনিক ও গৃহস্থালি পণ্যের বাজারে যুক্ত হলো আরও একটি নতুন বিক্রয়কেন্দ্র। উদ্বোধনী ছাড়ের কারণে বিভিন্ন ব্র্যান্ডের পণ্য কিনতে আগ্রহী ক্রেতাদের জন্য এটি বাড়তি সুযোগ তৈরি করেছে। প্রতিবেদন: সঞ্জু বনিক সৌরভ পঞ্চগড় জেলা প্রতিনিধি
নওগাঁয় ১৩০ পিচ ট্যাপেন্ডাটল সহ নারী আটক
নওগাঁয় ১৩০ পিচ ট্যাপেন্ডাটল সহ নারী আটক মোঃ রমজান হোসেন নওগাঁ জেলা প্রতিনিধিঃ নওগাঁয় ১৩০ পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ একজন নারীকে আটক করেছে পুলিশ। জেলা পুলিশ সুপার তারিকুল ইসলামের নির্দেশনায় নওগাঁ সদর মডেল থানা পুলিশ মাদক বিরোধী অভিযান চালিয়ে ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ ঐ নারীকে আটক করেন। পুলিশ সুত্রে জানা গেছে, শনিবার (১২ সেপ্টেম্বর) সদর মডেল থানা পুলিশ গয়েন্দা তথ্যের ভিত্তিতে মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে জেলা সদরের পৌর সভাধীন চক বাড়িয়া উত্তরপাড়া এলাকা থেকে ১৩০ পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেট এবং মাদক বিক্রির নগদ ২ হাজার ১০ টাকা সহ মাদক ব্যবসায়ী মোছাঃ মাসুদা বেগম ওরফে নাহার (৪১) কে গ্রেফতার করেন। পুলিশ জানায়, গ্রেফতারকৃত ওই নারী মাদক ব্যবসায়ী মাসুদা বেগম চক বাড়িয়া উত্তরপাড়া গ্রামের সবুর এর স্ত্রী। তার বিরুদ্ধে ইতি পূর্বেও ২ টি মাদকের মামলা রয়েছে। এছাড়া গ্রেফতারকৃত নারীর স্বামী সবুর একজন চিহ্নিত মাদক সম্রাট এবং ২০ টি মাদক মামলার আসামী বর্তমানে সবুর কারাগারে রয়েছেন। ১৩০ পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ গ্রেফতার ঘটনায় নওগাঁ সদর মডেল থানায় মামলা হয়েছে বলে নিশ্চিত করেছেন পুলিশ।
মাগুরার শ্রীপুরে ভোর রাতে ডাকাতির অভিযোগ, নগদ অর্থসহ ৬ লাখ ২৫ হাজার টাকার মালামাল লুট
মাগুরার শ্রীপুরে ভোর রাতে ডাকাতির অভিযোগ, নগদ অর্থসহ ৬ লাখ ২৫ হাজার টাকার মালামাল লুট আব্দুর রশিদ মোল্লা, শ্রীপুর (মাগুরা) প্রতিনিধি: মাগুরার শ্রীপুরে ভোরে এক বাড়িতে ঢুকে পরিবারের সদস্যদের জিম্মি করে নগদ টাকা ও স্বর্ণালংকার লুট করে নিয়ে গেছে মুখোশধারী ডাকাত দল। এ ঘটনায় শ্রীপুর থানায় লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী। অভিযোগ সূত্রে জানা যায়, আজ ১৩ সেপ্টেম্বর ২০২৬, রোববার ভোর আনুমানিক ৫টার দিকে উপজেলার শ্রীপুর গ্রামের মো. অলিয়ার শেখ নামাজ পড়তে মসজিদে যান। সকাল সাড়ে ৫টার দিকে নামাজ শেষে বাড়ি ফিরে আসার সময় সংবাদ পান তার বসতবাড়িতে ৭/৮ জনের একটি দল ডাকাতি করে পালিয়ে গেছে। অভিযোগকারী অলিয়ার শেখ বলেন, "আমি নামাজ শেষে বাড়িতে এসে দেখি আমার স্ত্রী মোসা. রুমা বেগমের কান্না করছেন। পরে বসতঘরে প্রবেশ করে আমার স্ত্রীর কাছ থেকে জানতে পারি তারা আমার স্ত্রী ও সন্তানদের জিম্মি করে রেখে আমার স্ত্রীর হাত-পা বেঁধে ডাকাতরা ঘরের আলমারি ও শো-কেস ভেঙে নগদ ৩ লাখ ২৫ হাজার টাকা এবং আনুমানিক ৩ লাখ টাকা মূল্যের স্বর্ণালংকার লুট করে নিয়ে পালিয়ে গেছে। এসময় স্ত্রী ও সন্তানদের মারপিট করে খুন-জখমের ভয় দেখিয়ে একটি মাইক্রোবাসে করে ডাকাতরা শ্রীপুর বাজারের দিকে চলে যায়। ভুক্তভোগী রুমা বেগম জানান, ভোরে আমার স্বামী নামাজ পড়তে মসজিদে গেলে আমি রান্না ঘরে রান্নার কাজে যায়। হঠাৎ তিনজন এসে আমার হাত পা ধরে মুখ চেপে রাখে এবং হুমকি দেয়। পরে বাকি তিন চার জন আমার ঘরে ডুকে টাকা ও স্বর্ণালংকার নিয়ে চলে যায়। তারা চলে যাবার সময় আমাকে ছেড়ে দিলে আমার কান্না কাটি ও চিৎকারে পাশের লোকজন চল। প্রতিবেশী আখি বেগম জানান, চিল্লাচিল্লি ও কান্না সুনে এগিয়ে এসে দেখি রুমা বেগম ভয়ে কাঁপছে। পরে সে ডাকাতির কথা জানালে আমরা ঘরে প্রবেশ করে দেখি তার ঘরের বিভিন্ন জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে আছে। ঘটনার বিষয়ে শ্রীপুর থানার অফিসার ইনচার্জ বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন বলে দাবি করেন মো. অলিয়ার শেখ। অভিযোগে অজ্ঞাতনামা ৭/৮ জনকে আসামি করা হয়েছে। এ বিষয়ে শ্রীপুর থানার অফিসার ইনচার্জ মোঃ ওলি মিয়া জানান, পার্শ্ববর্তী ছোনগাছা এলাকায় মারামারির ঘটনায় সেখানে রয়েছেন। ডাকাতির কোন অভিযোগ তিনি পাননি। পেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।