দৌলতপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভা, ঐক্যবদ্ধ থাকার আহ্বান
বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক
প্রকাশ: ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৮ পিএম
তানভীর আজাদ কুষ্টিয়া প্রতিনিধি।
কুষ্টিয়ার দৌলতপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকাল ১১টায় দৌলতপুর উপজেলা অডিটোরিয়ামে উপজেলা বিএনপির আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি রুহুল কুদ্দুসের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, কুষ্টিয়া জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক, দৌলতপুর উপজেলা বিএনপির সভাপতি ও স্থানীয় সংসদ সদস্য রেজা আহমেদ বাচ্চু মোল্লা। সভা সঞ্চালনা করেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন।
আলোচনা সভায় উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি শামীম রেজা মোল্লা, সাবেক সাংগঠনিক সম্পাদক ও দৌলতপুর সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান গোলাম মোস্তফা, সাংগঠনিক সম্পাদক শের আলী সবুজ, পিয়ারপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জহুরুল করিম বিশ্বাসসহ বিএনপি ও বিভিন্ন অঙ্গ-সহযোগী সংগঠনের নেতারা বক্তব্য দেন।
এ সময় শহীদ সরকার মঙ্গল, প্রফেসর আতাউল, খন্দকার লস্কর, সাবেক চেয়ারম্যান সিরাজুল হক, জিয়ারুল হক, সাবেক চেয়ারম্যান আজমল হক, সাবেক কৃষকদল নেতা হারুন অর রশিদ, কৃষকদলের সাবেক সাধারণ সম্পাদক ফরজ উল্লাহ, উপজেলা যুবদলের আহ্বায়ক বেনজির আহমেদ বাচ্চু, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মাসুদুজ্জামান রুবেল, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শামীম, তাঁতীদলের সাংগঠনিক সম্পাদক তরিকুল ইসলামসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এছাড়া উপজেলার ১৪টি ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক এবং যুবদল, ছাত্রদল, কৃষকদল, স্বেচ্ছাসেবক দলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা সভায় অংশ নেন।
প্রতিষ্ঠার ইতিহাস তুলে ধরেন বক্তারা
সভায় বক্তারা বিএনপির প্রতিষ্ঠার প্রেক্ষাপট ও দলের রাজনৈতিক ইতিহাস তুলে ধরেন। তারা বলেন, ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নেতৃত্বে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির প্রতিষ্ঠা হয়। বাংলাদেশি জাতীয়তাবাদ, জাতীয় ঐক্য, গণতান্ত্রিক রাজনীতি, অর্থনৈতিক উন্নয়ন ও আত্মনির্ভরশীলতার লক্ষ্য সামনে রেখে ১৯ দফা কর্মসূচি ঘোষণা করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে রেজা আহমেদ বাচ্চু মোল্লা বলেন, দেশের রাজনৈতিক ও অর্থনৈতিক সংকটের সময় জিয়াউর রহমান একটি নতুন রাজনৈতিক প্ল্যাটফর্ম গড়ে তোলার উদ্যোগ নেন। বিভিন্ন শ্রেণি-পেশা ও মতাদর্শের মানুষকে ঐক্যবদ্ধ করে জাতীয়তাবাদী রাজনৈতিক ধারাকে এগিয়ে নেওয়ার লক্ষ্যেই বিএনপির যাত্রা শুরু হয়।
তিনি বলেন, ১৯৭৬ ও ১৯৭৭ সালে জিয়াউর রহমান দেশের বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক নেতা, বুদ্ধিজীবী ও বিভিন্ন মতাদর্শের ব্যক্তিদের সঙ্গে আলোচনা ও মতবিনিময় করেন। এরই ধারাবাহিকতায় ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর ঢাকার রমনা রেস্তোরাঁয় সংবাদ সম্মেলনের মাধ্যমে বিএনপি প্রতিষ্ঠার ঘোষণা দেওয়া হয়।
বাচ্চু মোল্লা আরও বলেন, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা, জাতীয় ঐক্য প্রতিষ্ঠা, গণতান্ত্রিক ব্যবস্থা শক্তিশালী করা এবং অর্থনৈতিকভাবে স্বনির্ভর বাংলাদেশ গড়ে তোলাকে বিএনপি তার রাজনৈতিক লক্ষ্য হিসেবে সামনে রাখে।
সাংগঠনিক শক্তি বাড়ানোর প্রত্যয়
আলোচনায় বক্তারা বলেন, প্রতিষ্ঠাবার্ষিকী দলের অতীতের আন্দোলন-সংগ্রাম ও রাজনৈতিক আদর্শ স্মরণ করার পাশাপাশি ভবিষ্যতের কর্মপন্থা নির্ধারণেরও একটি গুরুত্বপূর্ণ উপলক্ষ। দৌলতপুরে বিএনপির সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়।
সভা শেষে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রাজনৈতিক জীবন ও দলের দীর্ঘ রাজনৈতিক পথচলা নিয়ে আলোচনা করা হয়। পরে নেতাকর্মীরা পরস্পরের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।