ধামইরহাটে নানা আয়োজনে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক
প্রকাশ: ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫২ পিএম
ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি-
নওগাঁর ধামইরহাট উপজেলায় নানা আয়োজনের মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে। মঙ্গলবার (১লা সেপ্টেম্বর) সকালে বিএনপির দলীয় কার্যালয়ে দলীয় ও জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দিবসটি শুরু করা হয়। উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে বিএনপির গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দলীয় নেতা-কর্মীদের নিয়ে কেক কাটেন নেতাকর্মীবৃন্দ। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির কৃষি বিষয়ক সম্পাদক ও সাবেক এমপি মো. সামসুজ্জোহা খান। পরে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মিদের একটি বর্ণাঢ্য র্যালি উপজেলার প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করেন।
র্যালি শেষে উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি কেএম লায়েক আলীর সভাপতিত্বে জেলা পরিষদ আধুনিক ডাকবাংলো অডিটোরিয়ামে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় পৌর বিএনপির সভাপতি সহিদুর রহমান সরকার, সাধারণ সম্পাদক আনোয়ারুল ইসলাম, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শামীম কবির মিল্টন, তরিকুল ইসলাম রাঙ্গা, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুর রহমান মীর, জেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য জাহাঙ্গীর আলম লিটন, জেলা মহিলা দলের সহ-সভানেত্রী মাজেদা বেগম প্রমুখ বক্তব্য রাখেন। অনুষ্ঠানে হাজারো নেতা কর্মীদের অংশগ্রহণ চোখে পড়ে।