বাংলাদেশ বার্তা টুডে
নড়াইলে মারকাযুল কোরআন মাদরাসার ছাত্রের মৃত্যু তিন শিক্ষককে জিজ্ঞাসাবাদের জন্য গ্রেপ্তার
নড়াইলে মারকাযুল কোরআন মাদরাসার ছাত্রের মৃত্যু তিন শিক্ষককে জিজ্ঞাসাবাদের জন্য গ্রেপ্তার উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে: নড়াইলে মারকাযুল কোরআন মাদরাসার ছাত্রের মৃত্যু, তিন শিক্ষককে জিজ্ঞাসাবাদের জন্য গ্রেপ্তার। নড়াইল সদর উপজেলায় মো. সোলাইমান ইসলাম (১২) নামে এক মাদরাসাছাত্রের রহস্যজনক মৃত্যু হয়েছে। তবে মৃত শিশুটির পরিবারের অভিযোগ, তাকে পিটিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় ওই মাদরাসার তিন শিক্ষককে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ। তারা হলেন- ইউসুফ হায়দার, হাসিবুর রহমান এবং ফাহাদ শেখ। উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে জানান, বুধবার (২ সেপ্টেম্বর) বিকেলে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নড়াইল জেলা হাসপাতাল মর্গে পাঠায়। মৃত সোলাইমান ইসলাম একই উপজেলার রামচন্দ্রপুর গ্রামের সৈয়দ ইকরামুল ইসলামের ছেলে। মৃতের স্বজনরা বলছে, মঙ্গলবার (১ সেপ্টেম্বর) রাতে উপজেলার আউড়িয়া নতুন চৌরাস্তায় অবস্থিত ‘মারকাযুল কোরআন মাদরাসা’র ছাত্র সেলাইমান ইসলামকে মারপিট করা হলে ভোরে সে অসুস্থ হয়ে পড়ে। পরে তার পরিবারের সদস্যদের খবর দিলে বুধবার (২ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে চিকিৎসার জন্য তাকে প্রথমে নড়াইল জেলা হাসপাতালে নেয় স্বজনরা। পরে বিকেলে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য যশোর নেওয়ার পথে সে মারা যায়। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নড়াইল জেলা হাসপাতাল মর্গে পাঠায়। পরে মাদরাসার তিন শিক্ষককে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়। মৃত সোলাইমানের বাবা সৈয়দ ইকরামুল অভিযোগ করে বলেন, মাদরাসার পক্ষ থেকে বুধবার সকালে আমাদের জানানো হয় সোলাইমান অসুস্থ। খবর পেয়ে আমরা মাদরাসায় গিয়ে অসুস্থ ছেলেকে নড়াইল জেলা হাসপাতালে নিয়ে ভর্তি করি। অবস্থার অবনতি হলে তাকে যশোর নিয়ে যাওয়ার পথে সে মারা যায়। আমার ছেলেকে নির্যাতন করার কারণে সে অসুস্থ হয়ে মারা গেছে। আমি এর সঠিক বিচার চাই। এদিকে মারকাযুল কোরআন মাদরাসার অধ্যক্ষ মাওলানা নাজমুস সায়াদাৎ আল মামুন জানান, মাদরাসার কোনো শিক্ষক সেলাইমান নামে ওই ছাত্রকে কোনো প্রকার নির্যাতন করে নাই। তবে ডাক্তারি পরীক্ষায় নির্যাতনের কোনো অভিযোগ পাওয়া গেলে এবং নির্যাতনের সঙ্গে আমাদের কেউ জড়িত থাকলে আইনানুযায়ী যে কোনো শাস্তি মেনে নেব। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাসেল সরোয়ার বলেন, মাদরাসাছাত্রের মরদেহ ময়নাতদন্তের জন্য নড়াইল জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর তার মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এ ঘটনায় ওই মাদরাসার তিন শিক্ষককে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে।
কালীগঞ্জে দুই সার ব্যবসায়ীকে ২ লাখ টাকা জরিমানা
কালীগঞ্জে দুই সার ব্যবসায়ীকে ২ লাখ টাকা জরিমানা আব্দুল মতিন খান কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধিঃ গাজীপুরের কালীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে পরিচালনাকালে স্টক রেজিস্ট্রারে উল্লেখিত মজুদের পরিমাণের চেয়ে বাস্তবে অতিরিক্ত সার পাওয়া যাওয়ায় দুই সার ব্যবসায়ীকে ২ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। বুধবার (২ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আল-আমিন হালদার উপজেলার জামালপুর ইউনিয়নের দোলান বাজার এলাকায় প্রকাশ ট্রেডার্স ও মেসার্স এস এস করপোরেশনে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। অভিযানকালে তাদের স্টক রেজিস্ট্রারে উল্লেখিত সারের মজুদের পরিমাণের তুলনায় বাস্তবে বেশি সার মজুদ থাকার প্রমাণ পাওয়া যায়। পরে ভ্রাম্যমাণ আদালত অত্যাবশ্যকীয় পণ্য নিয়ন্ত্রণ আইন, ১৯৫৬-এর ০৬ ধারায় তাদের বিরুদ্ধে দুইটি মামলায় মোট দুই লাখ টাকা অর্থদন্ড প্রদান করেন। জরিমানাপ্রাপ্তরা হলেন প্রকাশ ট্রেডার্সের নির্মল দাস (৬০) ও মেসার্স এস এস করপোরেশনের শরীফ ভূইয়া। তাদের প্রত্যেককে এক লাখ টাকা করে মোট দুই লাখ টাকা অর্থদন্ড প্রদান করে। মামলাগুলোতে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন রাষ্ট্র। ভ্রাম্যমাণ আদালতের বেঞ্চ সহকারী হিসেবে মাহবুবুল ইসলাম দায়িত্ব পালন করেন। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আল-আমিন হালদার জানিয়েছে, বাজারে সারসহ অত্যাবশ্যকীয় পণ্যের মজুদ ও বিতরণ ব্যবস্থাপনায় শৃঙ্খলা বজায় রাখতে এবং অনিয়ম প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। অভিযুক্ত কায়সার আহমেদ সরকার'র সাথে মুটোফুনে যোগাযোগ করলেন তিনি বলেন আমি কারো জমি দখল করিনি। আমি প্রায় ৩ বছর পূর্বে শহিদুল ইসলামের নিকট থেকে ৫৫ শতক জমি ক্রয় করি।
গৌরবময় অগ্রযাত্রাকে আরও শক্তিশালী করতে মিছবাহ-মোহাব্বত-নেছার প্যানেলকে আপনার মূল্যবান ভোট দিন
গৌরবময় অগ্রযাত্রাকে আরও শক্তিশালী করতে মিছবাহ-মোহাব্বত-নেছার প্যানেলকে আপনার মূল্যবান ভোট দিন। বিশ্বনাথ প্রতিনিধি আফজাল মিয়া। মিছবাহ-মোহাব্বত-নেছার প্যানেলের পক্ষ থেকে বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্টের সম্মানিত সকল ট্রাস্টিবৃন্দের প্রতি জানাচ্ছি আমার আন্তরিক সালাম ও শুভেচ্ছা। আসন্ন ট্রাস্ট নির্বাচন *২০২৬* চেয়ারপার্সন পদে প্রার্থী হিসেবে আপনাদের সকলের সমর্থন, সহযোগিতা এবং গুরুত্বপূর্ণ পরামর্শ কামনা করছি। আমরা বিশ্বাস করি, চেয়ারপার্সনের পদ কোনো ক্ষমতা বা কর্তৃত্বের বিষয় নয়। এটি একটি পবিত্র দায়িত্ব—সকল ট্রাস্টির মতামতকে সম্মান করা, সবার কথা শোনা এবং সম্মিলিতভাবে ট্রাস্টের স্বার্থে সিদ্ধান্ত নেওয়া। এই নির্বাচন কোনো রাজনীতি, ব্যক্তিগত সম্পর্ক বা ব্যক্তিগত স্বার্থের বিষয় নয়; এটি আমাদের ঐক্য, আমাদের দায়িত্ব এবং আমাদের প্রিয় ট্রাস্টের ভবিষ্যতের বিষয়। এই সংগঠনের প্রতিষ্ঠাতা শ্রদ্ধেয় এম এ মান্নান স্যারের ডেডিকেশন এর ওপরই এই ট্রাস্টের ভিত্তি গড়ে উঠেছে। তাঁর আদর্শকে বুকে ধারণ করে, আপনাদের সবাইকে সাথে নিয়ে আমরা ট্রাস্টকে আরও এগিয়ে নিয়ে যেতে চাই। একা কোনো বড় পরিবর্তন সম্ভব নয়। তাই আমরা আপনাদের কাছে শুধু আমাদের জন্য নয়, আমাদের পুরো প্যানেলের জন্য ভোট ও দোয়া প্রার্থনা করছি। আপনাদের আস্থা ও সমর্থনের মাধ্যমে ইনশাআল্লাহ আমরা আরও বেশি শিক্ষার্থীর জন্য ভালো কিছু করতে পারব। আসুন, যোগ্য ও সম্মিলিত নেতৃত্বকে বেছে নিই। আমাদের পুরো প্যানেলকে আপনাদের মূল্যবান ভোট দিয়ে জয়যুক্ত করার জন্য আন্তরিক অনুরোধ জানাচ্ছি।
জাতীয় ছাত্রশক্তির ভারপ্রাপ্ত সভাপতি হলেন জাবি'র আহসান লাবিব
জাতীয় ছাত্রশক্তির ভারপ্রাপ্ত সভাপতি হলেন জাবি'র আহসান লাবিব। জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় সংসদের সভাপতি,জাহিদ আহসান ব্যক্তিগত কারণে পদত্যাগ করেছেন। তার পদত্যাগের পর সংগঠনটির সিনিয়র সহ-সভাপতি আহসান লাবিবকে ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছে। বুধবার (২রা সেপ্টেম্বর) সংগঠনটির দপ্তর সম্পাদক মাহফুজুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, জাতীয় ছাত্রশক্তির পঞ্চম সাধারণ সভায় কেন্দ্রীয় সংসদের সভাপতি জাহিদ আহসান ব্যক্তিগত কারণে পদত্যাগ করেন। পরবর্তীতে সভায় উপস্থিত কেন্দ্রীয় সংসদের সদস্যদের মতামত ও সর্বসম্মত সিদ্ধান্তের ভিত্তিতে সিনিয়র সহ-সভাপতি আহসান লাবিবকে ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব প্রদান করা হয়। দায়িত্ব পাওয়ার পর লাবিব বলেন, ‘আমরা অতি শিগগিরই কাউন্সিলের মাধ্যমে গণতান্ত্রিক প্রক্রিয়ায় নতুন পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করব।’ উল্লেখ্য,আহসান লাবিব বর্তমানে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) এর সমাজসেবা সম্পাদক হিসেবে দায়িত্ব পালনরত আছেন।
শাহ্ এমদাদীয়া রাউজান মোহাম্মদপুর দায়রা শাখায় স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত
শাহ্ এমদাদীয়া রাউজান মোহাম্মদপুর দায়রা শাখায় স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত মিলন বৈদ্য শুভ, রাউজান (চট্টগ্রাম): পবিত্র ঈদে মিলাদুন্নবী (সঃ) উদযাপন এবং গাউছুল আজম সৈয়দ আহমদ উল্লাহ্ মাইজভাণ্ডারীর দ্বিশত জন্মবার্ষিকী উপলক্ষে সাজ্জাদানশীনে দরবারে গাউছুল আজম আলহাজ্ব হযরত মওলানা শাহ্ সুফী সৈয়দ এমদাদুল হক মাইজভান্ডারীর পৃষ্ঠপোষকতায় ও নায়েবে সাজ্জাদানশীন আলহাজ্ব সৈয়দ ইরফানুল হক মাইজভান্ডারীর সার্বিক তত্ত্বাবধানে এবং আঞ্জুমানে মোত্তাবেয়ীনে গাউছে মাইজভান্ডারী শাহ্ এমদাদীয়া রাউজান মোহাম্মদপুর দায়রা শাখার ব্যবস্থাপনায় মানবকল্যাণে গৃহিত কর্মসূচির আওতায় স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি ও ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। ১লা সেপ্টেম্বর মঙ্গলবার সকালে দায়রা প্রাঙ্গণে আয়োজিত কর্মসূচিতে অতিথি ছিলেন রাউজান উপজেলা কার্যকরি সংসদের সভাপতি মোঃ ইউনুস মিয়া কোম্পানি, সহ সভাপতি আলহাজ্ব মোঃ শফি কোম্পানি, সাধারণ সম্পাদক শফিকুল আলম সুমন, খলিলাবাদ শাখার সভাপতি মোঃ খোরশেদুল আলম, মঙ্গলখালী শাখার সাধারণ সম্পাদক মোঃ নাছির উদ্দিন সওদাগর, ফরেস্ট অফিস শাখার সাধারণ সম্পাদক মোঃ নাছির উদ্দিন, হালদারকুল শাখার সাধারণ সম্পাদক মোঃ কামরুল ইসলাম, মোঃ নজরুল, পশ্চিম লেলাংগারা শাখার সদস্য মোঃ সাইফুল । উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ মোসলেম মিয়া, কোষাধ্যক্ষ মোঃ নুরুল আবছার, দারুত্বায়ালীম সম্পাদক আলহাজ্ব মোঃ সোলায়মান কবির, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ হানিফ, সমাজকল্যান সম্পাদক মোঃ এমরান, শওকত ওসমান, জনসংযোগ ও প্রচার সম্পাদক মিজানুল ইসলাম মুবিন, উপদেষ্টা আবু তৈয়ব, মাওলানা নজরুল ইসলাম, মোঃ মাহবুব, মোঃ সহিদুল ইসলাম, মোঃ হাসেম, সেকান্দর সুমন, মোঃ মনোয়ার সহ দায়রা শাখার অন্যন্যা সম্পাদক ও সদস্যবৃন্দ। পরে বাদে মাগরিব দায়রা প্রাঙ্গণে আয়োজিত মাসিক তরিকত মাহফিলে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মোঃ ফোরকান কোম্পানী। এতে তকরির করেন চট্টগ্রাম জেলা কার্যকরি সংসদের দারুত্বায়ালীম প্রতিনিধি মাওলানা মোঃ সালাউদ্দিন আলকাদেরী, উপজেলা কার্যকরি সংসদের সাবেক দারুত্বায়ালীম প্রতিনিধি মোঃ আলী আকবর মাষ্টার, মাহমুদাবাদ শাখার দারুত্বায়ালীম প্রতিনিধি হাফেজ মাওলানা মোঃ শফিউল আলম হোসাইনী। অতিথি ছিলেন সংগঠনের সাবেক সভাপতি মোঃ হাসেম মেম্বার। পরিশেষে মিলাদ, কিয়াম ও আখেরি মোনাজাতের পর সকলের মাঝে তবারোক বিতরণ করা হয়।
কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে রংপুর-১ এর এমপি রায়হান সিরাজী
কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে রংপুর-১ এর এমপি রায়হান সিরাজী রফিকুল ইসলাম সাবুল :রংপুর প্রতিনিধি : বাংলাদেশ জাতীয় সংসদের কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন রংপুর-১ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব রায়হান সিরাজী। জাতীয় সংসদের গুরুত্বপূর্ণ এই স্থায়ী কমিটিতে সদস্য হিসেবে দায়িত্ব পাওয়ায় রংপুর-১ নির্বাচনী এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে সন্তোষ ও আনন্দের সৃষ্টি হয়েছে। সংশ্লিষ্টরা মনে করছেন, কৃষি ও কৃষকের উন্নয়ন, কৃষি উৎপাদন বৃদ্ধি এবং কৃষকদের বিভিন্ন সমস্যা সংসদীয় পর্যায়ে তুলে ধরতে তাঁর এ দায়িত্ব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বাংলাদেশের অর্থনীতি ও গ্রামীণ জীবনে কৃষির গুরুত্ব অপরিসীম। কৃষকদের স্বার্থ সংরক্ষণ, কৃষি খাতের আধুনিকায়ন, উৎপাদন ব্যয় কমানো এবং কৃষিভিত্তিক অর্থনীতিকে আরও শক্তিশালী করার ক্ষেত্রে কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির কার্যক্রম গুরুত্বপূর্ণ। রংপুর-১ আসনের সংসদ সদস্য হিসেবে রায়হান সিরাজী এই কমিটির সদস্য নির্বাচিত হওয়ায় নিজ নির্বাচনী এলাকার কৃষকসহ সাধারণ মানুষের বিভিন্ন দাবি ও সমস্যা জাতীয় পর্যায়ে তুলে ধরার সুযোগ সৃষ্টি হয়েছে। এদিকে, কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য হিসেবে নির্বাচিত হওয়ায় রংপুর-১ আসনের সংসদ সদস্য জনাব রায়হান সিরাজীকে বিভিন্ন মহল থেকে অভিনন্দন জানানো হয়েছে। তাঁকে এ দায়িত্ব পালনে সর্বাত্মক সহযোগিতার আশ্বাসও দিয়েছেন স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
হরিপুরে অধ্যাপক ডা. হাসিনা আফরোজের ফ্রি স্বাস্থ্যসেবা ক্যাম্প অনুষ্ঠিত
হরিপুরে অধ্যাপক ডা. হাসিনা আফরোজের ফ্রি স্বাস্থ্যসেবা ক্যাম্প অনুষ্ঠিত হরিপুর (ঠাকুরগাঁও) প্রতিনিধি: ঠাকুরগাঁও-২ আসনের জাতীয় সংসদ সদস্য অধ্যাপক ডা. মো. আব্দুস সালাম এমপির সহধর্মিণী বিশিষ্ট চিকিৎসাবিদ অধ্যাপক ডা. হাসিনা আফরোজের উদ্যোগে হরিপুরে ফ্রি স্বাস্থ্যসেবা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। আজ ২ সেপ্টেম্বর ২০২৬, বিকেল ৪টা থেকে উপজেলার যাদুরাণী বাজারের বেস্ট সেবা ডায়াগনস্টিক সেন্টারে রোগী দেখা শুরু করেন অধ্যাপক ডা. হাসিনা আফরোজ। তিনি MBBS, MCPS, MS (OBGYN), FCPS (OBGYN) ডিগ্রিধারী। তিনি গাইনোকলজি ও প্রসূতি রোগ বিশেষজ্ঞ এবং ল্যাপারোস্কোপিক সার্জন। পাশাপাশি একই স্থানে জাতীয় সংসদ সদস্য অধ্যাপক ডা. মো. আব্দুস সালাম এমপির ভাগিনা ডা. মো. মাহবুব আলম মিজু রোগীদের ফ্রি চিকিৎসাসেবা প্রদান করছেন। স্বাস্থ্যসেবা ক্যাম্পে হরিপুর উপজেলার বিভিন্ন এলাকার নারী, পুরুষসহ বিভিন্ন বয়সী রোগীরা উপস্থিত হয়ে বিশেষজ্ঞ চিকিৎসকদের কাছ থেকে বিনামূল্যে চিকিৎসা পরামর্শ ও প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা গ্রহণ করেন। এ সময় অধ্যাপক ডা. হাসিনা আফরোজ বলেন, প্রতি মাসে হরিপুর উপজেলার দুটি ইউনিয়নে বিনামূল্যে স্বাস্থ্যসেবা ক্যাম্পের মাধ্যমে সাধারণ মানুষের চিকিৎসাসেবা প্রদান করা হবে। এলাকার অসহায় ও দরিদ্র মানুষ যাতে সহজে বিশেষজ্ঞ চিকিৎসাসেবা পান, সে লক্ষ্যেই এ কার্যক্রম অব্যাহত রাখা হবে। বিনামূল্যে বিশেষজ্ঞ চিকিৎসাসেবা পেয়ে রোগীরা সন্তোষ প্রকাশ করেন। স্থানীয়রা বলেন, প্রত্যন্ত এলাকার সাধারণ মানুষের জন্য এ ধরনের উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয় ও মানবিক।
মিউজিক এসোসিয়েশনের উদ্যোগে ইবিতে 'মেঘ ও সন্ধার গান'
মিউজিক এসোসিয়েশনের উদ্যোগে ইবিতে 'মেঘ ও সন্ধার গান' ওসমান গণি,ইবি প্রতিনিধি, ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সাংস্কৃতিক সংগঠন মিউজিক এসোসিয়েশনের নবীন সদস্যদের বরণ উপলক্ষে আয়োজন করা হয়েছে ব্যতিক্রমধর্মী সাংস্কৃতিক উৎসব 'মেঘ ও সন্ধার গান'। বুধবার (২ সেপ্টেম্বর) বিকাল ৪টায় বিশ্ববিদ্যালয়ের বটতলায় সংগঠনের সাবেক ও নতুন সদস্যদের কেন্দ্র করে এ আয়োজন করে সংগঠনটি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনটির সাবেক সভাপতি ইশতিয়াক ফেরদৌস ইমন, বর্তমান সভাপতি সাকিব হোসাইন, সাধারণ সম্পাদক জারিন তাসনিম পুষ্প এবং অন্য সদস্যরা। এছাড়া ক্যাম্পাসে ক্রিয়াশীল বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ সহ অন্যরা উপস্থিত ছিলেন। সংগঠনটির সাধারণ সম্পাদক জারিন তাননিম পুষ্প বলেন, “নবীন সদস্যদের বরণ করে নেওয়ার পাশাপাশি সংগঠনের সিনিয়র ও সাবেক সদস্যদের সঙ্গে নতুনদের যে দূরত্ব তৈরি হচ্ছে, তা কমিয়ে আনা আমাদের আয়োজনের অন্যতম উদ্দেশ্য। অনেক নবীন সদস্য সাবেকদের চেনেন না। ফলে তাঁদের সঙ্গে একসঙ্গে কাজ করার সুযোগও তৈরি হচ্ছে না। এই দূরত্ব দূর করে প্রাক্তন ও নবীনদের মধ্যে একটি সুন্দর ও আন্তরিক সম্পর্ক গড়ে তোলার লক্ষ্যেই আজকের আয়োজন। তিনি আরও বলেন, এখন যেহেতু বর্ষাকাল, চারদিকে মেঘ ও বৃষ্টির আবহ বিরাজ করছে, তাই এই প্রকৃতির আবহকে সামনে রেখে আমাদের অনুষ্ঠানের নাম দেওয়া হয়েছে ‘মেঘ ও সন্ধ্যার গান’। আজকের অনুষ্ঠানে মূলত আগমনী গান, বৃষ্টির গান, মেঘ ও সন্ধ্যার গানসহ বিভিন্ন বাংলা সংগীত পরিবেশন করা হবে।”
দেড় মাস পর নোবিপ্রবিতে কেন্দ্রীয় নবীনবরণ, অংশ নেবেন প্রায় ১,৫০০ শিক্ষার্থী
"দেড় মাস পর নোবিপ্রবিতে কেন্দ্রীয় নবীনবরণ, অংশ নেবেন প্রায় ১,৫০০ শিক্ষার্থী " মোঃ জাহিদ হাসান নোবিপ্রবি প্রতিনিধি নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের কেন্দ্রীয় নবীনবরণ অনুষ্ঠিত হবে আগামী ১৬ সেপ্টেম্বর। বিশ্ববিদ্যালয়ে এক মাসের বেশি সময় ধরে একাডেমিক কার্যক্রমে যুক্ত থাকার পর প্রায় দেড় মাসের মাথায় কেন্দ্রীয়ভাবে নবীনবরণে অংশ নেবেন প্রায় ১ হাজার ৫০০ শিক্ষার্থী। বুধবার (১৬ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এ নবীনবরণ অনুষ্ঠিত হবে। এতে বিশ্ববিদ্যালয়ের ৩১টি বিভাগ ও দুটি ইনস্টিটিউটের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির শিক্ষার্থীরা অংশ নেবেন। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অফিসের শিক্ষা শাখা থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপদেষ্টা মো. ইসমাইল জবিউল্লাহ। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানী। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিশ্ববিদ্যালয় ও নোয়াখালীর গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ। নবীন শিক্ষার্থীদের কেন্দ্রীয়ভাবে বরণ করে নিতে ইতোমধ্যে প্রস্তুতিমূলক কার্যক্রম শুরু হয়েছে। এ আয়োজন সফলভাবে সম্পন্ন করার লক্ষ্যে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন প্রস্তুতি নেওয়া হচ্ছে। এদিকে কেন্দ্রীয় নবীনবরণ আয়োজনের জন্য গঠিত কমিটির প্রথম সভা আগামী ৩ সেপ্টেম্বর সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের কনফারেন্স রুমে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সভায় নবীনবরণ অনুষ্ঠানের সার্বিক প্রস্তুতি, কর্মপরিকল্পনা ও দায়িত্ব বণ্টনসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে। সভায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানী উপস্থিত থাকার সম্মতি জানিয়েছেন। বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পর দীর্ঘ সময় অপেক্ষার পর কেন্দ্রীয়ভাবে নবীনবরণে অংশ নেওয়ার সুযোগ পাওয়ায় শিক্ষার্থীদের মধ্যেও উৎসাহ-উদ্দীপনা তৈরি হয়েছে। কেন্দ্রীয় এ আয়োজনের মাধ্যমে নবীন শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ের সামগ্রিক পরিবেশ, শিক্ষক-শিক্ষার্থী ও সহপাঠীদের সঙ্গে আরও আনুষ্ঠানিকভাবে পরিচিত হওয়ার সুযোগ তৈরি হবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন। প্রসঙ্গত, ২০২৫-২৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা ইতোমধ্যে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রমে যুক্ত হয়েছেন। এবার প্রায় দেড় মাস পর কেন্দ্রীয়ভাবে তাদের আনুষ্ঠানিকভাবে বরণ করে নেওয়া হবে।
পরিত্যক্ত বাড়ি থেকে উদ্ধার যুবকের ম/র/দে/হ; পঁচা গন্ধ পেয়ে পুলিশে খবর দিল স্থানীয়রা
পরিত্যক্ত বাড়ি থেকে উদ্ধার যুবকের মরদেহ; পঁচা গন্ধ পেয়ে পুলিশে খবর দিল স্থানীয়রা বোয়ালখালী (চট্টগ্রাম) প্রতিনিধি-ঃ চট্টগ্রামের বোয়ালখালীতে এমদাদুল ইসলাম হাবিব (৩২) নামে এক যুবকের গলায় ফাঁস দেওয়া অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২ সেপ্টেম্বর ) বিকেলে ৪টার দিকে পৌরসভার ২নং ওয়ার্ডের উত্তর গোমদন্ডী বাংলা পাড়া এলাকার পরিত্যক্ত ঘর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। এর আগে মরদেহ দুর্গন্ধ বের হলে পুলিশকে খবর দেয় স্থানীয়রা। নিহত এমদাদুল ইসলাম হাবিব ওই এলাকার মৃত শফিদুল ইসলামের ছেলে। বোয়ালখালী থানার উপপরিদর্শক (এসআই) হায়াত জানান, খবর পেয়ে পুলিশ বিকেল সাড়ে ৩টার দিকে ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। মরদেহটি কয়েক দিন আগের বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। সর্বশেষ রোববার হাবিবকে দেখা গিয়েছিল। তিনি মানসিকভাবে অসুস্থ ছিলেন এবং প্রায় ১০ থেকে ১২ বছর ধরে স্ত্রী-সন্তান ছাড়া ভবঘুরের মতো জীবনযাপন করতেন। জঙ্গলের ভেতরে একটি পরিত্যক্ত বাড়ির ছোট একটি কুঁড়েঘরে তিনি থাকতেন। বোয়ালখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোজাফফর হোসেন বলেন, লাশ দেখে মনে হয়েছে দু-তিন দিন আগে তিনি মারা গেছেন। লাশ পচে দুর্গন্ধ বের হচ্ছিল।খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করেছে। ময়নাতদন্তের জন্য লাশ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
কালীগঞ্জে বিদ্যুৎ সাশ্রয় ও ব্যবস্থাপনা সভা অনুষ্টিত
কালীগঞ্জে বিদ্যুৎ সাশ্রয় ও ব্যবস্থাপনা সভা অনুষ্টিত একরামুল ইসলাম তুষার, কালীগঞ্জ ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় বিদ্যুৎ সাশ্রয় ও ব্যবস্থাপনা বিষয়েসভা অনুষ্টিত হয়েছে বুধবার (২ সেপ্টেম্বর) কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজওয়ানা নাহিদ সভাপতিত্বে উপজেলা নির্বাহী অফিসারের অফিসে এক সভায় |উপজেলা বিদ্যুৎ ব্যবস্থাপনা ও সাশ্রয় সমš^য় কমিটির সদস্য সচিব রফিকুল ইসলাম সভাতে জানান, দেশে বর্তমানে বিদ্যৎ উৎপাদনে ঘাটতি থাকায় সরবরাহ কম পাচ্ছেন| বর্তমানে এ উপজেলাতে বিদ্যুতের চাহিদা প্রতিদিন ১৩ মেগাওয়াটের বিপরিতে পাচ্ছেন মাত্র ৮ মেগাওয়াট| এ কারনে লোডশেডিং একটু বেড়েছে| এজন্য তিনি বিদ্যুৎ সাশ্রয়ে আলোকসজ্জা বন্ধসহ অপ্রয়োজনীয় কাজে বিদ্যৎ ব্যবহার রোধে গ্রাহকদের সচেতন হওয়ার আহব্বান জানান| পল্লী বিদ্যুৎ সমিতি কালীগঞ্জ জোনাল অফিসের আয়োজনে সভাতে আরো উপস্থিত ছিলেন, কালীগঞ্জ উপজেলা প্রকৌশলী শাহরিয়ার আকাশ, পল্লী বিদ্যুৎ কালীগঞ্জ অফিসের এজিএম তরিকুল ইসলাম, পিডিবি ওজোপাডিকো অফিসের সহকারী ইন্জিয়ার শুভজিত কুমার, সাংবাদিক আনোয়ারুল ইসলাম রবি, জামির হোসেন ও সরকারী এমইউ কলেজের শিক্ষক প্রতিনিধিসহ বিদ্যুৎ অফিসের অন্নান্য কর্মকর্তাগন|
ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ, ৭ ঘণ্টা ঘেরাওয়ে শিক্ষক-শিক্ষা কর্মকর্তা
ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ, ৭ ঘণ্টা ঘেরাওয়ে শিক্ষক-শিক্ষা কর্মকর্তা অভিযুক্ত শিক্ষক সাময়িক বরখাস্ত, পালিয়ে যাওয়ার অভিযোগ; উত্তেজিত অভিভাবকদের বিক্ষোভ, পুলিশি পাহারায় উদ্ধার কর্মকর্তাসহ শিক্ষকরা রফিকুল ইসলাম সাবুল :রংপুর প্রতিনিধি: রংপুরের গঙ্গাচড়া উপজেলার একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকের বিরুদ্ধে পঞ্চম শ্রেণির এক ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ উঠেছে। অভিযোগের পর ওই শিক্ষককে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তবে বুধবার সকালে বিদ্যালয়ে আসার পর অভিভাবকেরা তাঁকে আটকের চেষ্টা করলে তিনি পালিয়ে যান বলে অভিযোগ উঠেছে। এ ঘটনার জেরে বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ অন্য শিক্ষকদের অফিসকক্ষে প্রায় সাত ঘণ্টা অবরুদ্ধ করে রাখেন ক্ষুব্ধ অভিভাবক ও স্থানীয় লোকজন। পরে পরিস্থিতি জানতে বিদ্যালয়ে গেলে উপজেলা শিক্ষা কর্মকর্তা সায়লা জেসমিন সাঈদকেও অবরুদ্ধ করা হয়। সকাল সাড়ে ১০টা থেকে বিকেল সাড়ে ৫টা পর্যন্ত চলে এই অবস্থা। পরে পুলিশি পাহারায় উপজেলা শিক্ষা কর্মকর্তাসহ বিদ্যালয়ে থাকা সবাইকে বের করে নেওয়া হয়। ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, বিদ্যালয়ের বাইরে স্থানীয় লোকজন অভিযুক্ত শিক্ষকের শাস্তির দাবিতে স্লোগান দিচ্ছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ সদস্যরা বিদ্যালয়ের আশপাশে অবস্থান করছেন। স্থানীয়দের ভাষ্য, গত ৩১ আগস্ট ক্লাস চলাকালে ওই শিক্ষকের বিরুদ্ধে এক ছাত্রীর সঙ্গে অশোভন আচরণের অভিযোগ ওঠে। পরে ওই ছাত্রী বাড়িতে গিয়ে বিষয়টি পরিবারের সদস্যদের জানায়। এরপর থেকে অভিযুক্ত শিক্ষক বিদ্যালয়ে আসেননি। বুধবার সকালে বিদ্যালয়ে এলে অভিভাবকেরা তাঁকে আটকের চেষ্টা করেন। একপর্যায়ে তিনি সেখান থেকে পালিয়ে যান বলে অভিযোগ। এরপর ঘটনাস্থলে আসা উপজেলা শিক্ষা কর্মকর্তার কাছে ওই ছাত্রীর বাবা লিখিত অভিযোগ দেন। অভিযোগ পাওয়ার পরপরই অভিযুক্ত শিক্ষককে সাময়িক বরখাস্ত করা হয়। বিদ্যালয়ের আরও কয়েকজন ছাত্রীও ওই শিক্ষকের বিরুদ্ধে অশোভন আচরণের অভিযোগ করেছে বলে জানা গেছে। তাদের অভিযোগ, শিক্ষকের আচরণে মেয়েরা অস্বস্তি বোধ করত। তারা ওই শিক্ষকের শাস্তির দাবি জানিয়েছে। কয়েকজন অভিভাবকের দাবি, এর আগেও অন্য দুটি বিদ্যালয়ে কর্মরত থাকার সময় ওই শিক্ষকের বিরুদ্ধে শিশুদের যৌন হয়রানির অভিযোগ উঠেছিল। তবে এসব অভিযোগের বিষয়ে তদন্তের ফল কী হয়েছিল, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। গজঘন্টা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান বকুল মিয়া বলেন, খবর পেয়ে বিদ্যালয়ে গিয়ে উপজেলা শিক্ষা কর্মকর্তাসহ শিক্ষক-কর্মচারীদের অবরুদ্ধ অবস্থায় দেখতে পান। পরে স্থানীয়দের বুঝিয়ে পুলিশি পাহারায় তাঁদের বের করে দেওয়া হয়। তিনি বলেন, আগেও ওই শিক্ষকের বিরুদ্ধে দুটি বিদ্যালয়ে শিশুদের যৌন হয়রানির অভিযোগের কথা শুনেছেন। তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেলে ওই শিক্ষক যেন আর শিক্ষকতা পেশায় ফিরতে না পারেন, সে ব্যবস্থা নেওয়া উচিত। অভিযুক্ত শিক্ষকের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁকে পাওয়া যায়নি। অভিযোগ ওঠার পর থেকে তিনি পলাতক রয়েছেন বলে স্থানীয়রা জানিয়েছেন। বিদ্যালয়ের প্রধান শিক্ষক বলেন, তিনি কখনো ভাবেননি ওই শিক্ষক এমন আচরণ করতে পারেন। বিষয়টি জানার পর উপজেলা শিক্ষা কর্মকর্তাদের জানানো হয়েছে। উপজেলা শিক্ষা কর্মকর্তা সায়লা জেসমিন সাঈদ বলেন, ওই ছাত্রীর বাবা লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগের ভিত্তিতে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। রংপুর জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এ এম শাহজাহান সিদ্দিক বলেন, পরিস্থিতি বিবেচনায় ওই শিক্ষককে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বিষয়টি তদন্ত করে তাঁর বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে। গঙ্গাচড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস ছবুর বলেন, উপজেলা শিক্ষা অফিস থেকে বিদ্যালয়ে তাঁদের অবরুদ্ধ করে রাখার খবর পেয়ে পুলিশ পাঠানো হয়। পরে পুলিশ সদস্যরা তাঁদের উদ্ধার করে নিরাপদে বের করে আনেন।
প্রশিক্ষণ শেষে গুড় তৈরির উপকরণ পেলেন ২৪০ গোলচাষি
প্রশিক্ষণ শেষে গুড় তৈরির উপকরণ পেলেন ২৪০ গোলচাষি কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর কলাপাড়া উপজেলায় আধুনিক প্রযুক্তি ও স্বাস্থ্যসম্মত উপায়ে গোলপাতার গুড় উৎপাদন বাড়ানোর লক্ষ্যে ২৪০ জন গোলচাষির মধ্যে গুড় তৈরির প্রয়োজনীয় সরঞ্জাম বিতরণ করা হয়েছে। একই সঙ্গে প্রত্যেক কৃষককে উন্নতজাতের ২০১টি করে গোলগাছের চারা দেওয়া হয়েছে। বুধবার (২ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলা প্রশাসন মাঠে উপজেলা কৃষি বিভাগের উদ্যোগে কৃষকদের হাতে এসব উপকরণ তুলে দেওয়া হয়। বিতরণ করা উপকরণের মধ্যে রয়েছে—ডোঙ্গা, ধামা (গাবলা), স্টিলের উড়ি, কাঠের বৈঠা, খুনতি, দুটি দা, গাদ কাটার ছাঁকনি ও কলসি। উপজেলা কৃষি কর্মকর্তা মো. আরাফাত হোসেন জানান, প্রকল্পের আওতায় প্রথম ধাপে ৬০ জন গোলচাষিকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। পর্যায়ক্রমে আগামী সাত দিনের মধ্যে অন্য কৃষকদের প্রশিক্ষণ শেষে তাদেরও গোলের গুড় তৈরির প্রয়োজনীয় সরঞ্জাম বিতরণ করা হবে। তিনি বলেন, “উচ্চমাত্রার লবণাক্ততা রয়েছে এমন জমিতে গোলগাছ ছাড়া অন্য কোনো ফসল চাষ করা সম্ভব হয় না। পাশাপাশি কার্বন শোষণের ক্ষেত্রেও গোলপাতা গাছের গুরুত্ব অনেক। বায়ুমণ্ডলের অতিরিক্ত কার্বন শোষণে গোলগাছ কার্যকর ভূমিকা রাখছে।” অনুষ্ঠানে উপকরণ বিতরণের উদ্বোধন করেন বরিশাল কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক মো. রফিকুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ সুগারক্রপ রিসার্চ ইনস্টিটিউটের (বিএসআরআই) ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা রতন কুমার গণপতি, পটুয়াখালী কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ আমানুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আরিফুজ্জামান, সিপিপির সহকারী পরিচালক আসাদুজ্জামান খান, সমবায় কর্মকর্তা মো. আব্বাস আলী, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোকছেদুল আলম, যুব উন্নয়ন কর্মকর্তা জুলহাস আজাদ, পরিসংখ্যান কর্মকর্তা মো. ফজলুল করিম, উপজেলা অতিরিক্ত কর্মকর্তা মো. নাহিদ হাসান, মহিলা বিষয়ক কর্মকর্তা তাছলিমা আক্তার, জনস্বাস্থ্য প্রকৌশলী মো. ইব্রাহিম ও পল্লী উন্নয়ন কর্মকর্তা মাহবুবা বেগমসহ সংশ্লিষ্টরা। চাকামইয়া ইউনিয়নের বাইনবুনিয়া গ্রামের গোলচাষি সফিজ উদ্দিন বয়াতী বলেন, “আমি প্রায় ৫০ বছর ধরে গোলের গুড় উৎপাদন করি। বর্তমানে আমার ১৫০টি গাছ রয়েছে। আমার বাপ-দাদারাও গোলের আবাদ করতেন। হয়তো আগের গুড়ের মান ভালো ছিল না। আজকে যেসব উপকরণ দেওয়া হলো, তা দিয়ে এখন মানসম্মত গুড় তৈরি করতে পারুম।” একই গ্রামের কৃষক মো. শাহজাহান বয়াতী বলেন, “আমার দুই থেকে তিনশ গোলগাছের বাওর আছে। আগে আমরা যেমন-তেমনভাবে গোলগাছ থেকে রস সংগ্রহ করে গুড় তৈরি করতাম। সরকার এসব উপকরণ দেওয়ায় এখন ভালো মানের গোলের গুড় উৎপাদন করা সম্ভব হবে।”
কলাপাড়ায় চিকিৎসাধীন নবজাতকের পা ভাঙার অভিযোগ
কলাপাড়ায় চিকিৎসাধীন নবজাতকের পা ভাঙার অভিযোগ পটুয়াখালীর কলাপাড়ায় বেসরকারি ম্যাক্স হাসপাতালে চিকিৎসাধীন তিন দিন বয়সী এক নবজাতকের পা ভেঙে যাওয়ার অভিযোগ উঠেছে। শিশুটির স্বজনদের অভিযোগ, হাসপাতালের প্রসূতি ওয়ার্ডের ফটোথেরাপি কক্ষে চিকিৎসা দেওয়ার সময় দায়িত্বে থাকা নার্সদের অবহেলায় শিশুটির পা ভেঙে যায়। তবে হাসপাতাল কর্তৃপক্ষ বলছে, কীভাবে শিশুটির পা ভেঙেছে, তা তারা নিশ্চিত নয়। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে পৌর শহরের ফেরিঘাট এলাকার ম্যাক্স হাসপাতালের প্রসূতি ওয়ার্ডের ফটোথেরাপি কক্ষে এ ঘটনা ঘটে বলে শিশুটির পরিবারের অভিযোগ। স্বজনদের আরও অভিযোগ, পা ভেঙে যাওয়ার পরও বিষয়টি তাদের তাৎক্ষণিকভাবে জানানো হয়নি। এমনকি শিশুটির করা এক্স-রে রিপোর্টও তাদের দেখানো হয়নি বলে দাবি করেছেন তারা। জানা গেছে, গত শনিবার সিজারিয়ান অপারেশনের জন্য জান্নাতি আক্তার কনা বেগম নামে এক প্রসূতি ম্যাক্স হাসপাতালে ভর্তি হন। ওই রাতেই তার অস্ত্রোপচার হয় এবং একটি ছেলে সন্তানের জন্ম হয়। পরিবারের দাবি, ছয় বছর দাম্পত্য জীবনের পর এটিই তাদের প্রথম সন্তান। শিশুটির বাবা বলেন, নবজাতকের চোখে হলুদাভ রং দেখা দেওয়ায় হাসপাতাল কর্তৃপক্ষ ফটোথেরাপি দেওয়ার কথা জানায়। পরে শিশুটিকে থেরাপি কক্ষে নেওয়া হয়। কিছুক্ষণ পর সেখান থেকে শিশুর কান্নার শব্দ শুনতে পান তারা। শিশুটির মা কনা বেগম অভিযোগ করে বলেন, “অনেক অপেক্ষার পর প্রথমবার মা হয়েছি। আমার সুস্থ সন্তানকে ফটোথেরাপি দেওয়ার জন্য নিয়ে যাওয়ার পর তার পা ভেঙে গেছে। অথচ বিষয়টি আমাদের জানানো হয়নি। আমরা এক্স-রে রিপোর্টও দেখতে পাইনি। আমি এ ঘটনার বিচার চাই।” অভিযোগের বিষয়ে ম্যাক্স হাসপাতালের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মো. নাহিদ বলেন, নবজাতকের পা ঠিক কীভাবে ভেঙেছে, তা তারা নিশ্চিত হতে পারেননি। তবে শিশুটির উন্নত চিকিৎসার ব্যবস্থা এবং চিকিৎসার ব্যয় হাসপাতাল কর্তৃপক্ষ বহন করবে বলে জানান তিনি। অভিযুক্ত নার্স খাদিজা বেগম অভিযোগ অস্বীকার করে বলেন, তিনি যখন শিশুটিকে ফটোথেরাপি দিয়েছেন, তখন শিশুটির পা ভাঙা ছিল না। এদিকে শিশুটির অস্ত্রোপচারকারী চিকিৎসক ডা. তাসলিমা ফেরদৌসী রিমার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। কলাপাড়া হাসপাতালের জুনিয়র শিশু কনসালটেন্ট জানান, ২৯ আগস্ট জন্মের পর নবজাতকটিকে শ্বাসকষ্টের কারণে তার কাছে আনা হয়েছিল। চিকিৎসার পর শিশুটি সুস্থ হয়ে ওঠে। পরে শিশুটির অভিভাবকরা তার জন্ডিস হয়েছে বলে জানান। এরপর তারা ম্যাক্স হাসপাতালেই ফটোথেরাপি দেওয়ার সিদ্ধান্ত নেন। তিনি বলেন, মঙ্গলবার দুপুরে শিশুটির বাবা শিশুর একটি ছবি নিয়ে তার কাছে আসেন এবং জানান, ফটোথেরাপি দেওয়ার পর শিশুটির এক পা ফুলে গেছে এবং সে প্রচণ্ড কান্না করছে। একই দিন দুপুর ২টার দিকে ম্যাক্স হাসপাতাল থেকে নাহিদ নামে একজন ফোন করে শিশুটির সমস্যা হওয়ার কথা জানান। তখন এক্স-রে রিপোর্ট দেখতে চাইলেও হাসপাতাল কর্তৃপক্ষ তা দেখায়নি বলে জানান ওই চিকিৎসক। পরে তিনি শিশুটির পা ভেঙে যাওয়ার কথা জানতে পারেন। এ বিষয়ে কলাপাড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তেনমং জানান, তিনি বর্তমানে অসুস্থ হয়ে চিকিৎসাধীন রয়েছেন। কর্মস্থলে ফিরে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন তিনি। অন্যদিকে, ঘটনার পর অসহায় পরিবারটিকে বিভিন্নভাবে বিষয়টি মীমাংসা করতে চাপ ও ভয়ভীতি দেখানোর অভিযোগও উঠেছে। তবে এ অভিযোগের বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষের বক্তব্য পাওয়া যায়নি। ঘটনার সুষ্ঠু তদন্ত করে প্রকৃত কারণ নির্ধারণ এবং দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন নবজাতকের স্বজনরা।
কালীগঞ্জে হিন্দু পরিবারের জমি জবরদখলের প্রতিবাদে মানববন্ধন
কালীগঞ্জে হিন্দু পরিবারের জমি জবরদখলের প্রতিবাদে মানববন্ধন আব্দুল মতিন খান কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধিঃ গাজীপুরের কালীগঞ্জে বেনামী অবৈধ রিসোর্টের মালিক ভূমিদস্যু কায়সার আহমেদ সরকার ও তার চক্রের সদস্যদের বিরুদ্ধে হিন্দু পরিবারের জমি দখল ও মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২ সেপ্টেম্বর) সন্ধ্যায় কালীগঞ্জ-আব্দুল্লাহপুর সড়কের পারোয়ান ডায়না মার্কেট সংলগ্ন রাস্তায় মানববন্ধন,বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভায় ভুক্তভোগী পরিবারের দখলকৃত জমি দখলমুক্ত এবং মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান। এসময় সিন্ধু মনি বিশ্বাস, মুক্তা রানি বিশ্বাস, পরেশ সরকার, সন্দীব বিশ্বাস ও ওয়ার্ড যুবদল নেতা আসাদুজ্জামান আসাদ বক্তব্য রাখেন। বক্তারা বলেন, কালীগঞ্জের নাগরী ইউনিয়নের পারোয়ান মৌজার আরএস ২১৭নং দাগে ঢাকার কায়সার আহমেদ সরকার একটি বেনামী রিসোর্ট নির্মাণ করে। পরে সুকৌশলে সে তার সন্ত্রাসী বাহিনী দিয়ে সিন্ধু বিশ্বাস গংদের আরএস ২১৬ দাগে প্রায় ২ শতক জমি জবরদখল করে। ওই জমিতে থাকা প্রায় ৭০ হাজার টাকা মূল্যের ২৫ টি আকাশি গাছ কেটে নিয়ে সীমানা প্রাচীর নির্মাণ শুরু করলে জমির মালিকরা বাধা দেয়। এতে ক্ষিপ্ত হয়ে ভূমিদস্যু কায়সার আহমেদ সরকার বাদী হয়ে হয়রানির উদ্দেশ্যে গত ১৮ আগষ্ট শুভন বিশ্বাস, আকাশ বিশ্বাস, সৈকত বিশ্বাস, সিন্ধুমনি বিশ্বাস, খোকন বিশ্বাসসহ অজ্ঞাত ৫ জনের নামে কালীগঞ্জ থানায় একটি মিথ্যা মামলা দায়ের করেন (নং ৫০৭৬(৩)১)। এ মামলায় থানা পুলিশ শুভন বিশ্বাস ও আকাশ বিশ্বাসকে আটক করে । এ বিষয়ে অভিযুক্ত কায়সার আহমেদ সরকার মুঠোফোনে বলেন, আমি কারো জমি দখল করিনি বরং প্রায় ৩ বছর পূর্বে শহিদুল ইসলামের নিকট থেকে ৫৫ শতক জমি ক্রয় করেছি।