বাংলাদেশ বার্তা টুডে
পত্নীতলায় ট্যাপেন্টাডলসহ ৬৭ বছরের ব্যক্তি আটক
পত্নীতলায় ট্যাপেন্টাডলসহ ৬৭ বছরের ব্যক্তি আটক মো: ছাব্বির হাসান,নওগাঁ বিশেষ প্রতিনিধি নওগাঁর পত্নীতলায় মাদকবিরোধী অভিযানে মোঃ আব্দুল জব্বার (৬৭) নামে এক ব্যক্তিকে আটক করেছে পত্নীতলা থানা পুলিশ। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে উপজেলার ক্ষিরসিন গ্রামে তার নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এ সময় তার হেফাজত থেকে ২০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট ও মাদক বিক্রির ২২ হাজার ৯০০ টাকা উদ্ধার করা হয়। এ ঘটনায় আটক আব্দুল জব্বারের বিরুদ্ধে পত্নীতলা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। পুলিশ জানায়, তার বিরুদ্ধে ইতোপূর্বেও মাদক আইনে মামলা রয়েছে, যা বর্তমানে বিজ্ঞ আদালতে বিচারাধীন।
পঞ্চগড় ডিবির অভিযানে ১২ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার
পঞ্চগড় ডিবির অভিযানে ১২ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার পঞ্চগড় জেলা প্রতিনিধি | সঞ্জু বনিক সৌরভ পঞ্চগড় জেলা গোয়েন্দা শাখা (ডিবি)-এর অভিযানে ১২ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। অদ্য ০৩/০৯/২০২৬ খ্রিঃ তারিখে রাত্রী অনুমান ২০.৪৫ ঘটিকার সময় পঞ্চগড় জেলা গোয়েন্দা শাখা (ডিবি)-এর একটি চৌকস টিম গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, দুইজন মাদক ব্যবসায়ী তাদের ব্যবহৃত মোটরসাইকেলযোগে অভিনব কৌশলে সাদা রঙের প্লাস্টিকের বস্তার ভিতরে পুরাতন কাপড়ের মধ্যে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা নেশাজাতীয় মাদকদ্রব্য গাঁজা ঠাকুরগাঁও হতে পঞ্চগড়ের বোদা বাইপাস হয়ে বোদা থানাধীন সাকোয়ার দিকে নিয়ে আসছে। উক্ত সংবাদ প্রাপ্তির পর পঞ্চগড় জেলা পুলিশ সুপার মহোদয়ের সার্বিক দিকনির্দেশনায় পঞ্চগড় জেলা গোয়েন্দা শাখার একটি চৌকস দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বোদা থানাধীন বোদা পৌরসভার ৩নং ওয়ার্ডের মডেল মসজিদ সংলগ্ন বোদা-দেবীগঞ্জ হাইওয়ের পার্শ্বে মোঃ মুন্না ইসলাম, পিতা- মোঃ মমিন ইসলাম-এর দোকানের পাশে কৌশলে অবস্থান নেয়। পরবর্তীতে একই তারিখ রাত্রী অনুমান ২১.০৫ ঘটিকার সময় সোর্সের দেওয়া তথ্য অনুযায়ী একটি মোটরসাইকেল থামিয়ে মোটরসাইকেলের চালক ১। হৃদয় ইসলাম (২২), পিতা- মোঃ আশিনা ইসলাম এবং মোটরসাইকেলের পিছনে বসা ২। মহেন রায় (২৩), পিতা- দীনেস রায়, উভয় সাং- সেনপাড়া, পাঁচপীর, বোদা, পঞ্চগড়-কে হেফাজতে নেওয়া হয়। এ সময় তাদের ব্যবহৃত মোটরসাইকেলের মাঝখানে থাকা একটি সাদা রঙের প্লাস্টিকের বস্তা তল্লাশি করে বস্তাটির ভিতরে পুরাতন কাপড়ের মধ্যে বিশেষ কৌশলে লুকানো অবস্থায় নীল পলিথিন ও কসটেপ দ্বারা মোড়ানো মোট ১২টি পোটলা উদ্ধার করা হয়। পরবর্তীতে পরিমাপক যন্ত্রের মাধ্যমে পরিমাপ করে উক্ত পোটলাসমূহে সর্বমোট ১২ (বারো) কেজি গাঁজা পাওয়া যায়। অভিযানকালে তাদের হেফাজত হতে ১২ (বারো) কেজি গাঁজা, একটি মোটরসাইকেল এবং একটি স্মার্ট মোবাইল ফোন উদ্ধার করা হয়। উদ্ধারকৃত আলামতসমূহ একই তারিখ রাত্রী ২১.৩৫ ঘটিকার সময় যথাযথভাবে জব্দ করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত অভিযুক্তদ্বয়ের মাদক ব্যবসার সঙ্গে সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে। তাদেরকে নিবিড়ভাবে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ ঘটনায় গ্রেফতারকৃত অভিযুক্তদ্বয়ের বিরুদ্ধে পঞ্চগড় জেলার বোদা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি প্রক্রিয়াধীন রয়েছে।
ঢাকা দক্ষিণ যুবদলের সাধারণ সম্পাদক পদে আবারও আলোচনার শীর্ষে সোহাগ
ঢাকা দক্ষিণ যুবদলের সাধারণ সম্পাদক পদে আবারও আলোচনার শীর্ষে সোহাগ প্রতিনিধি: মোঃ নুর-বীন আব্দুর রহমান রাহাত ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সাধারণ সম্পাদক পদকে ঘিরে আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন সোহাগ। দীর্ঘদিনের রাজনৈতিক কর্মকাণ্ড, রাজপথের আন্দোলন-সংগ্রামে সক্রিয় উপস্থিতি এবং বিভিন্ন সময়ে মামলা, কারাবরণ ও রিমান্ডের মুখোমুখি হওয়ার কারণে সংগঠনের নেতাকর্মীদের মধ্যে তাকে নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। দলীয় রাজনীতিতে সক্রিয় সোহাগের বিরুদ্ধে ৭৬টি মামলা। রাজনৈতিক কর্মকাণ্ডের কারণে তিনি ১১ বার কারাবরণ, ২ বার জেল, ৭ বার রিমান্ড এবং ২০ বার হামলার শিকার হয়েছেন বলে জানা গেছে। দীর্ঘ রাজনৈতিক পথচলায় নানা প্রতিকূল পরিস্থিতির মুখোমুখি হয়েও আন্দোলন-সংগ্রাম ও সাংগঠনিক কর্মকাণ্ডে তার সক্রিয়তা অব্যাহত রয়েছে। রাজপথের বিভিন্ন কর্মসূচিতে সক্রিয় অংশগ্রহণের পাশাপাশি সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ ও সাংগঠনিক ভূমিকার কারণেও সোহাগের নাম আলোচনায় রয়েছে। তার দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা ও মাঠপর্যায়ে সক্রিয়তার বিষয়টি পদপ্রত্যাশী হিসেবে তাকে এগিয়ে রাখছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। এদিকে ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের গুরুত্বপূর্ণ সাধারণ সম্পাদক পদে নেতৃত্ব নিয়ে নেতাকর্মীদের মধ্যে চলছে নানা আলোচনা ও গুঞ্জন। তৃণমূলের সঙ্গে যোগাযোগ, দীর্ঘদিনের রাজনৈতিক কর্মকাণ্ড, আন্দোলন-সংগ্রামে সক্রিয় ভূমিকা এবং প্রতিকূল পরিস্থিতিতেও রাজপথে থাকার বিষয়গুলো বিবেচনায় নিয়ে সোহাগের নাম ফের সামনে এসেছে। অনেকের গুঞ্জনের মধ্যেই সোহাগ বর্তমানে আলোচনার শীর্ষে অবস্থান করছেন। নেতাকর্মীদের মধ্যে তাকে ঘিরে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। সবকিছু ঠিক থাকলে তিনিই ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সাধারণ সম্পাদক পদে দায়িত্ব পেতে পারেন বলে রাজনৈতিক অঙ্গনে জোর আলোচনা রয়েছে
পর্যটকবাহী চাঁদের গাড়িতে ৪ হাজার ইয়াবা, চালক আটক
পর্যটকবাহী চাঁদের গাড়িতে ৪ হাজার ইয়াবা, চালক আটক মোহাম্মদ হোসাইন, টেকনাফ ,কক্সবাজার: কক্সবাজারের উখিয়ায় পর্যটকবাহী চাঁদের গাড়িতে করে ইয়াবা পাচারের সময় ৪ হাজার পিস ইয়াবাসহ গাড়িচালক মো. ওমর ফারুক (১৯)কে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) বিকেল ৩টা ৪০ মিনিটের দিকে উখিয়া ৬৪ বিজিবির শীলখালী চেকপোস্টে এ অভিযান চালানো হয়। আটক ওমর ফারুক কক্সবাজার সদর উপজেলার পিএমখালী ইউনিয়নের তুতখালী গ্রামের আলী হোসেনের ছেলে।উখিয়া ৬৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।বিজিবি জানায়, টেকনাফ থেকে কক্সবাজারগামী একটি পর্যটকবাহী চাঁদের গাড়ি শীলখালী চেকপোস্টে পৌঁছালে কর্তব্যরত বিজিবি সদস্যরা গাড়িটিতে তল্লাশি শুরু করেন। এ সময় বিজিবির মাদক শনাক্তকারী ডগ ‘হেনরি’ দিয়ে তল্লাশি চালানো হয়।তল্লাশির একপর্যায়ে গাড়ির চালকের স্টিয়ারিংয়ের কাছে পলিথিনে অভিনব কায়দায় লুকিয়ে রাখা নীল রঙের পলিথিনে মোড়ানো দুটি মিনি কাট উদ্ধার করা হয়। পরে সেগুলো থেকে মোট ৪ হাজার পিস ইয়াবা পাওয়া যায়।এ ঘটনায় গাড়িচালক ওমর ফারুককে আটক করা হয়। একই সঙ্গে মাদক পরিবহনে ব্যবহৃত চাঁদের গাড়ি ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।বিজিবির দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক চালক জানিয়েছে, টেকনাফ থেকে ইয়াবাগুলো সংগ্রহ করে কক্সবাজারে বেশি দামে বিক্রির উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল। গাড়িটি আরও বিস্তারিত তল্লাশি করা হলেও অন্য কোনো অবৈধ মালামাল পাওয়া যায়নি। উখিয়া ৬৪ বিজিবির অধিনায়ক জানান, মাদক সরবরাহকারী ও এর সঙ্গে জড়িত চোরাকারবারিদের শনাক্ত করে আইনের আওতায় আনতে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে। সীমান্ত পাহারার পাশাপাশি চোরাচালান ও মাদক প্রতিরোধেও বিজিবির অভিযান অব্যাহত থাকবে।আটক আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে বিজিবি।
উখিয়ায় নৌকার নিচে লুকানো ৪০ হাজার ইয়াবা উদ্ধার, পাচারকারী পালিয়ে গেছে
উখিয়ায় নৌকার নিচে লুকানো ৪০ হাজার ইয়াবা উদ্ধার, পাচারকারী পালিয়ে গেছে মোহাম্মদ হোসাইন, টেকনাফ (কক্সবাজার): কক্সবাজারের উখিয়ায় মিয়ানমার থেকে নৌকাযোগে পাচারের সময় ৪০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় একটি নৌকাও জব্দ করা হয়েছে। তবে বিজিবির উপস্থিতি টের পেয়ে এক পাচারকারী নৌকা থেকে লাফ দিয়ে সাঁতরে মিয়ানমারের দিকে পালিয়ে যায়। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) এর পালংখালী বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্তবর্তী পূর্ব ক্যারেঙ্গাঘোনা এলাকায় এ অভিযান চালানো হয়। উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। বিজিবি সূত্রে জানা যায়, নিয়মিত পোস্ট ডিউটি পালনের সময় সীমান্তবর্তী পূর্ব ক্যারেঙ্গাঘোনা এলাকা দিয়ে মাঝির ছদ্মবেশে নৌকাযোগে মিয়ানমার থেকে এক ব্যক্তিকে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করতে দেখা যায়। এ সময় বিজিবি টহল দল তাকে চ্যালেঞ্জ করলে তিনি নৌকা থেকে লাফ দিয়ে সাঁতরে মিয়ানমারের দিকে পালিয়ে যান। পরে বিজিবি সদস্যরা নৌকাটি তল্লাশি করে এর নিচে অভিনব কায়দায় লুকানো একটি ব্যাগ উদ্ধার করেন। ব্যাগের ভেতরে খাকি রঙের প্যাকেটে মোড়ানো নীল রঙের বায়ুরোধী চারটি প্যাকেট পাওয়া যায়। এসব প্যাকেট থেকে আনুমানিক ৪০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। একই সঙ্গে পাচারে ব্যবহৃত নৌকাটিও জব্দ করা হয়েছে। বিজিবি জানায়, নৌকাটিতে বিস্তারিত তল্লাশি চালানো হলেও ইয়াবা ছাড়া অন্য কোনো অবৈধ মালামাল পাওয়া যায়নি। উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম জানান, মাদক সরবরাহকারী ও এ ঘটনায় জড়িত চোরাকারবারিদের শনাক্ত করে আইনের আওতায় আনতে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে। তিনি আরও জানান, সীমান্ত পাহারার পাশাপাশি চোরাচালান ও মাদক প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত থাকবে। উল্লেখ্য, কক্সবাজার রিজিয়নের রামু সেক্টরের অধীনে দায়িত্ব পালনকারী উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) দীর্ঘদিন ধরে সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি মাদক ও বিভিন্ন ধরনের অবৈধ কার্যক্রম প্রতিরোধে অভিযান পরিচালনা করে আসছে।
জয়পুরহাটে তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবসে বিএনপির দোয়া মাহফিল অনুষ্ঠিত
মো: ছাব্বির হাসান,নওগাঁ বিশেষ প্রতিনিধি জয়পুরহাটে তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবসে বিএনপির দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-র চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস উপলক্ষে জয়পুরহাটে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার রাতে জয়পুরহাট জেলা বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের যৌথ উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বিএনপির নেতাকর্মী ও স্থানীয় সাধারণ মানুষ উপস্থিত থেকে তারেক রহমানের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাতে অংশ নেন। উক্ত দোয়া মাহফিলে অংশগ্রহণ করেন জেলা পরিষদের প্রশাসক ও বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা প্রধান, যুগ্ম আহ্বায়ক আব্দুল ওহাব, সদর উপজেলা বিএনপির সভাপতি হেনা কবির, সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিক, জেলা কৃষকদলের সদস্য সচিব মনজুরে মওলা পলাশ, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আলমগীর হোসেন, পৌর বিএনপির সভাপতি আবু রায়হান উজ্জ্বল প্রধান এবং সাধারণ সম্পাদক আমিনুর রহমান বকুলসহ জেলা বিএনপি ও সহযোগী সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ। সভা শেষে দেশ ও জাতির সার্বিক সমৃদ্ধি কামনা করে দোয়া পরিচালনা করা হয়।
দেড় বছর ফর্মে না থেকেও টি-টোয়েন্টি ফরমেটে শান্ত!
যদিও টি-টোয়েন্টি রেকর্ড খুবই খারাপ, তবু আবারও টি-টোয়েন্টি ফরমেটে শান্ত! দেড় বছর পর টি-টোয়েন্টি দলে নাজমুল হোসেন শান্ত! এশিয়ান গেমসে বাংলাদেশের ১৫ সদস্যের দলে আছেন তিনি। হয়তো এখানে পারফরম্যান্স করলে আবারও জাতীয় দলের হয়ে মাঠে নামবেন শান্ত। আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে নাজমুল হোসেন শান্তকে মজার ঘটনা হলো- অভিষেকের পর থেকে টানা ৫০ ম্যাচ খেলেও কোনো ডাক (শূন্য) রানের আউট হন নাই শান্ত। ক্রিকেটে টেস্ট খেলুড়ে দলগুলোর মধ্যে ৫ জন ব্যাটসম্যান ৫০+ ম্যাচ খেলে ক্যারিয়ারে কখনো ডাক মারেননি। তালিকায় শীর্ষ নামটি ওয়েস্ট ইন্ডিজের সাবেক ক্রিকেটার, ২ বার টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতা মার্লন স্যামুয়েলস। কোনো ডাক না মেরে সর্বোচ্চ ইনিংস খেলা ৫ জন ব্যাটসম্যান হলেন- ১। মার্লন স্যামুয়েলস- ম্যাচ ৬৭ - ইনিংস ৬৫ - রান ১৬১১। ২। দিনেশ চান্দিমাল - ম্যাচ ৬৯ - ইনিংস ৬২ - রান ১০৬৬। ৩। স্যাম কারেন - ম্যাচ ৮০ * - ইনিংস ৫১ - রান ৭৪৪। ৪। ফাফ দু প্লেসিস - ম্যাচ ৫০ - ইনিংস ৫০ - রান ১৫২৮। ৫। নাজমুল হোসেন শান্ত - ম্যাচ ৫০* - ইনিংস ৪৮ রান ৯৮৭।
নেশাগ্রস্ত হয়ে মাকে মারধর, ছেলেকে ৬ মাসের কারাদণ্ড
নেশাগ্রস্ত হয়ে মাকে মারধর, ছেলেকে ৬ মাসের কারাদণ্ড মানিকগঞ্জ প্রতিনিধি: মানিকগঞ্জের সাটুরিয়ায় নেশাগ্রস্ত হয়ে মাকে মারধর ও বসতঘর ভাঙচুরের অভিযোগে মো. সোহেল রানা (৩০) নামের এক যুবককে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত । একই সঙ্গে তাকে ১০০ টাকা জরিমানা করা হয়েছে । বুধবার বিকেলে উপজেলার বালিয়াটি ইউনিয়নের জগন্নাথপুর গ্রামে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী মোহাম্মদ অনিক ইসলাম । স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার রাতে সোহেল রানা নেশাগ্রস্ত অবস্থায় তার মাকে গালিগালাজ ও মারধর করেন । একপর্যায়ে তিনি বসতঘরের দরজা ও আসবাবপত্র ভাঙচুর করেন । এ ঘটনায় এলাকায় আতঙ্কের সৃষ্টি হয় । পরে বুধবার দুপুরে ভুক্তভোগী মা ইউএনও'র কাছে লিখিত অভিযোগ করেন । অভিযোগের পর পুলিশ ঘটনাস্থলে গিয়ে তদন্ত করে ঘটনার সত্যতা পায়। এরপর বিকেলে ঘটনাস্থলে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারায় সোহেল রানাকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা করা হয় । ইউএনও কাজী মোহাম্মদ অনিক ইসলাম বলেন, মাদকাসক্ত হয়ে মাকে মারধর, ঘর ভাঙচুর ও জনশান্তি বিনষ্টের অপরাধে তাঁকে এ সাজা দেওয়া হয়েছে। মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে ।
দৌলতপুরে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা
দৌলতপুরে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা মানিকগঞ্জ প্রতিনিধি: মানিকগঞ্জের দৌলতপুর সরকারি প্রমোদা সুন্দরী উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে । বুধবার সকাল ১১টায় বিদ্যালয়ের মিলনায়তনে শিক্ষার মানোন্নয়ন, শিক্ষার্থীদের পাঠের অগ্রগতি এবং শতভাগ উপস্থিতি নিশ্চিত করার লক্ষ্যে এ অনুষ্ঠানের আয়োজন করা হয় । বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দৌলতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সিলভিয়া স্নিগ্ধা। বিশেষ অতিথি ছিলেন দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্বপন কুমার সরকার । অনুষ্ঠান সঞ্চালনা করেন বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মো. মফিজুল ইসলাম। অনুষ্ঠানে বক্তারা শিক্ষার্থীদের নিয়মিত বিদ্যালয়ে উপস্থিতি ও লেখাপড়ায় মনোযোগী করতে অভিভাবকদের আরও সচেতন হওয়ার আহ্বান জানান । পরে ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের হাতে সম্মাননা তুলে দেওয়া হয় ।
তাড়াইলে গাছের ডালে বৃদ্ধের ঝু/ল/ন্ত ম/র/দে/হ উদ্ধার
রুহুল আমিন, তাড়াইল (কিশোরগঞ্জ) প্রতিনিধি: কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার কাজলা (বগারবাইদ) গ্রামে বাড়ির পাশের একটি জামগাছ থেকে আবদুর রউফ (৬০) নামে এক বৃদ্ধের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকাল ৬ টার দিকে স্বজনরা গামছা দিয়ে গলায় ফাঁস দেওয়া অবস্থায় তাকে গাছের ডালে ঝুলতে দেখে পুলিশকে খবর দেন। নিহত আবদুর রউফ ওই গ্রামের মৃত আবদুল কাদিরের ছেলে। তিনি স্ত্রী, তিন ছেলে ও চার মেয়ের জনক। স্থানীয় সূত্রে জানা যায়, ভোরের দিকে বাড়ির পাশে জামগাছের ডালে ঝুলন্ত অবস্থায় আবদুর রউফকে দেখতে পান পরিবারের সদস্যরা। পরে খবর ছড়িয়ে পড়লে এলাকাবাসীর মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়। সকাল ৭টার দিকে তাড়াইল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। নিহতের পরিবারের সাথে কথা বলে জানা যায়, আবদুর রউফ দীর্ঘদিন ধরে হৃদরোগ ও কিডনি রোগসহ বিভিন্ন জটিল রোগে ভুগছিলেন। তাড়াইল থানার উপপরিদর্শক (এসআই) রিপন সরকার জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ কিশোরগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ করা হয়নি। তিনি আরও বলেন, ঘটনাটি অপমৃত্যু হিসেবে নথিভুক্ত করার প্রক্রিয়া চলছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।
শুক্রবার মানিকগঞ্জে সফরে আসছেন খাদ্যমন্ত্রী আফরোজা খানম
শুক্রবার মানিকগঞ্জে সফরে আসছেন খাদ্যমন্ত্রী আফরোজা খানম সোহেল রানা খন্দকার, মানিকগঞ্জ : খাদ্যমন্ত্রী মিজ্ আফরোজা খানম (রিতা), এমপি আগামীকাল শুক্রবার (৪ সেপ্টেম্বর) মানিকগঞ্জ সফর করবেন । সরকারি এ সফরে তিনি সনাতন ধর্মাবলম্বীদের জন্মাষ্টমী র্যালির উদ্বোধন ও বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেবেন । খাদ্য মন্ত্রণালয়ের মন্ত্রীর দপ্তরের ৩ সেপ্টেম্বরের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে । মন্ত্রীর একান্ত সচিব (উপসচিব) মো. শফিকুর আলম স্বাক্ষরিত প্রজ্ঞাপন অনুযায়ী, সকাল ৯টা ১৫ মিনিটে গুলশানের নিজ বাসভবন থেকে সড়কপথে মানিকগঞ্জের উদ্দেশে রওনা হবেন খাদ্যমন্ত্রী । সকাল ১১টায় তিনি মানিকগঞ্জের কালীবাড়িতে উপস্থিত হয়ে সনাতন ধর্মাবলম্বীদের জন্মাষ্টমী র্যালির উদ্বোধন ও শুভেচ্ছা বিনিময় করবেন । এরপর দুপুর ১২টায় বেউথা ঘাটে জেলা বিএনপি আয়োজিত বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেবেন । কর্মসূচি শেষে দুপুর সাড়ে ১২টায় মানিকগঞ্জ থেকে ঢাকার উদ্দেশে রওনা হবেন মন্ত্রী । দুপুর ২টায় গুলশানের নিজ বাসভবনে পৌঁছানোর মধ্য দিয়ে তাঁর সফর শেষ হবে। প্রজ্ঞাপনে বলা হয়েছে, এটি সরকারি সফর । এ সফরে মন্ত্রীর একান্ত সচিব, তথ্য ও জনসংযোগ কর্মকর্তা, সহকারী একান্ত সচিব, ব্যক্তিগত কর্মকর্তা ও কর্মচারীরা সফরসঙ্গী হিসেবে থাকবেন । সফর উপলক্ষে ঢাকা ও মানিকগঞ্জের জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন এবং জেলা খাদ্য নিয়ন্ত্রককে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে ।
গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সপ্তাহ ব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন
গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সপ্তাহ ব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন:- সাইফুল ইসলাম গোপালগঞ্জ প্রতিনিধি:- প্রধানমন্ত্রীর ৫ বছরে দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষ রোপন বিশেষ কর্মসূচীর আওতায় ‘একটি শিশু একটি বৃক্ষ’ শ্লোগানে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (গোবিপ্রবি) সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। গত মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন চত্বরে কর্মসূচির উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. মো. সোহেল হাসান। এ সময় তিনি একটি কাঁঠাল গাছের চারা রোপণের মাধ্যমে কর্মসূচির শুভ সূচনা করেন। এ সময় জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের আহ্বায়ক ড. মাহবুব হাসান, পদার্থবিজ্ঞান বিভাগের সভাপতি অধ্যাপক ড. মো. শাহজাহান, জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের সদস্য সচিব ও প্রক্টর ড. এস এম আহসান, ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক গাজী মোহাম্মদ মাহবুব, রেজিস্ট্রার মো. এনামউজ্জামান, জাতীয়তাবাদী ছাত্রদলের নেতাকর্মীসহ বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। সপ্তাহব্যাপী এ কর্মসূচির আওতায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বিভিন্ন স্থানে ফলজ, বনজ, ঔষধি ও সৌন্দর্য বর্ধনকারী শতাধিক বৃক্ষের চারা রোপণ করা হবে। এর মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের পরিবেশের সৌন্দর্য বৃদ্ধি, জীববৈচিত্র সংরক্ষণ এবং সবুজ ক্যাম্পাস গড়ে তোলার উদ্যোগ আরও জোরদার হবে বলে বিশ্ব বিদ্যালয়ের জনসংযোগ বিভাগের প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। উপাচার্য অধ্যাপক ড. মো. সোহেল হাসান এ কর্মসূচী উদ্বেধন করো বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য ও সবুজ বাংলাদেশ গড়ে তুলতে প্রত্যেকেরই বৃক্ষরোপণে এগিয়ে আসা উচিত। মাননীয় প্রধানমন্ত্রীর এই বিশেষ উদ্যোগ দেশের সবুজায়ন বৃদ্ধি, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
তাড়াইলের পুরুড়া উচ্চ বিদ্যালয়ের ২৪ জন কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা
তাড়াইলের পুরুড়া উচ্চ বিদ্যালয়ের ২৪ জন কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা রুহুল আমিন, তাড়াইল (কিশোরগঞ্জ) প্রতিনিধি: ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার পুরুড়া উচ্চ বিদ্যালয় থেকে জিপিএ ৫ প্রাপ্ত পাঁচজন এবং ন্যুনতম চার ও তদুর্ধ জিপিএ পাওয়া ১৯ জন শিক্ষার্থীকে সংবর্ধনা দিয়েছে ইউনিভার্সিটি স্টুডেন্ট এসোসিয়েশন অব পুরুড়া হাই স্কুল (ইউসেপস)। জানা যায়, 'আমি পারি-আমি পারবো' এই শ্লোগানকে ধারণ করে বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) বেলা ১১টায় বাবুল টেকনিক্যাল ইনস্টিটিউট এর অর্থায়নে আয়োজিত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুজিরুল হক ভুঁইয়া। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, এবি ফ্যাশন মেকারের চেয়ারম্যান ও সিইও, বাবুল টেকনিক্যাল ইনস্টিটিউটের প্রতিষ্ঠাতা, জমিদাতা এবং চেয়ারম্যান সানাউল হক বাবুল সিআইপি। আয়োজক সংগঠনের দপ্তর সম্পাদক জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী পলাশ মিয়া এবং একই সংগঠনের কোষাধ্যক্ষ ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মাসুম মিয়া'র যৌথ সঞ্চালনায় এ সময় বিদ্যালয়ের শিক্ষকগণ এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। সংবর্ধিত শিক্ষার্থীদের পক্ষ থেকে অনুভূতি প্রকাশ করে বক্তব্য রাখেন সায়াদ মিয়া এবং নওরীন জাহান তোয়া। প্রধান অতিথি সিআইপি সানাউল হক বাবুল তাঁর বক্তব্যে শিক্ষার্থীদের কঠোর পরিশ্রম করে লেখাপড়া করার আহ্বান জানান। তিনি তাঁর নিজের জীবনের শুরুর দিক তুলে ধরে শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, ছোট বেলায় আমাদের বাড়ি- ভিটা ব্যতীত অন্য কোন জমি- জমা ছিলনা। আমরা ভুমিহীন থাকার কারণে তখন এলাকায় চলমান সরকার পরিচালিত একটি প্রতিষ্ঠাননের সদস্য হতে পারেনি আমাদের পরিবার। এই ঘটনাটি আমাকে তখন খুব কষ্ট দেয়, এতে করে আমার মনে জীদ ধরে কিভাবে হালাল উপায়ে টাকা পয়সা উপার্জন করা যায়। আমার চেষ্টার ফলে মহান আল্লাহ তায়ালা আজকে অনেক কিছু দিয়েছেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাবুল টেকনিক্যাল ইনস্টিটিউট এর পরিচালক এবং পুরুড়া উচ্চ বিদ্যালয় পরিচালনা পর্ষদের সাবেক সভাপতি আবদুস সাত্তার ভূঞা। আরো বক্তব্য রাখেন, বিদ্যালয়ের জ্যেষ্ঠ শিক্ষক মহিউদ্দিন নান্টু, হারুন অর রশিদ, সামছুল ইসলাম, শফিক উল্লাহ ও শহিদুল্লাহ।
গোপালগঞ্জ রেড ক্রিসেন্ট সোসাইটির নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত
গোপালগঞ্জ রেড ক্রিসেন্ট সোসাইটির নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত :- সাইফুল ইসলাম গোপালগঞ্জ প্রতিনিধি: ০৩-০৯-২৬ বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি গোপালগঞ্জ ইউনিটের ২০২৬–২০২৮ মেয়াদের কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। নির্বাচনে নির্ধারিত পদের বিপরীতে অন্য কোনো প্রতিদ্বন্দ্বী না থাকায় সব পদের প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। ৩ সেপ্টেম্বর ২০২৬ তারিখে অনুষ্ঠিত বিশেষ সাধারণ সভায় প্রবিধান অনুযায়ী নতুন এই কমিটির চূড়ান্ত ফলাফল আনুষ্ঠানিক ভাবে ঘোষণা করা হয়। এ সময় গোপালগঞ্জ জেলা পরিষদ প্রশাসক শরীফ রফিকুজ্জামান উপস্থিত প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। ঘোষিত তালিকা অনুযায়ী নির্বাচিতরা হলেন: ভাইস চেয়ারম্যান: জনাব মোঃ তৌফিকুল ইসলাম সেক্রেটারী: জনাব সাইফুল ইসলাম সদস্য: জনাব মোহাম্মদ শাহজাহান কবীর সদস্য: জনাব এস, এম নিয়ামতে খোদা ইকবাল হোসেন সদস্য: জনাব আহসান উদ্দিন আহমেদ সদস্য: জনাব দুলাল খান সদস্য: জনাব জিয়াউর রহমান প্রধান নির্বাচন কমিশনার রিয়াজ মোহাম্মদ কটন স্বাক্ষরিত এক প্রতিবেদনে জানানো হয়, নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী ভাইস চেয়ারম্যান পদে ১ জন, সেক্রেটারি পদে ১ জন এবং সদস্য পদে ৫ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র দাখিল করেন। প্রতিটি পদেই একক প্রার্থী থাকায় উপস্থিত সদস্য ও নির্বাচন কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী আগামী ৩ বছরের (২০২৬–২০২৮) জন্য তাদেরকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হয়। এ সময়ে বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগন ও অন্যান্য গোপালগঞ্জ রেড ক্রিসেন্ট সোসাইটির আজীবন ও সাধারণ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
গোপালগঞ্জে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধা নিহত
গোপালগঞ্জে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধা নিহত :- সাইফুল ইসলাম গোপালগঞ্জ প্রতিনিধি ০৩-০৯-২৬ গোপালগঞ্জ কাশিয়ানীতে ট্রেনে কাটা পড়ে কুলসুম বেগম (৮৫) নামে এক বৃদ্ধা নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার পিঙ্গলিয়া গ্রামের দক্ষিণপাড়া এলাকায় এ দূর্ঘটনা ঘটে। নিহত কুলসুম বেগম ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার বানা ইউনিয়নের উথলী গ্রামের মৃত রশিদ মিয়ার স্ত্রী। তিনি দীর্ঘদিন ধরে মেয়ের জামাইয়ের বাড়িতে থেকে নিয়মিত বিকেলে রেললাইনে হাঁটতে যেতেন। স্থানীয়রা জানান, প্রতিদিনের মতো বৃহস্পতিবার বিকেলেও কুলসুম বেগম রেললাইনে হাঁটতে বের হন। এ সময় ভাটিয়াপাড়া থেকে রাজবাড়ীগামী ‘ভাটিয়াপাড়া কমিউটার’ ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে ধারণা করে। পরে স্থানীয় লোকজন রেললাইনের ওপর মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন। কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মাহফুজুর রহমান জানান, খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। পরে সুরতহাল প্রতিবেদন তৈরি করে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ভাটিয়াপাড়া থেকে রাজবাড়ীগামী ভাটিয়াপাড়া কমিউটার ট্রেনের নিচে কাটা পড়ে ওই বৃদ্ধার মৃত্যু হয়েছে। ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরও জানান, বিষয়টি রাজবাড়ী রেলওয়ে থানা পুলিশকে জানানো হয়েছে। রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করবে। এরপর মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।