বাংলাদেশ বার্তা টুডে
গোপালগঞ্জে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধা নিহত
গোপালগঞ্জে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধা নিহত :- সাইফুল ইসলাম গোপালগঞ্জ প্রতিনিধি ০৩-০৯-২৬ গোপালগঞ্জ কাশিয়ানীতে ট্রেনে কাটা পড়ে কুলসুম বেগম (৮৫) নামে এক বৃদ্ধা নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার পিঙ্গলিয়া গ্রামের দক্ষিণপাড়া এলাকায় এ দূর্ঘটনা ঘটে। নিহত কুলসুম বেগম ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার বানা ইউনিয়নের উথলী গ্রামের মৃত রশিদ মিয়ার স্ত্রী। তিনি দীর্ঘদিন ধরে মেয়ের জামাইয়ের বাড়িতে থেকে নিয়মিত বিকেলে রেললাইনে হাঁটতে যেতেন। স্থানীয়রা জানান, প্রতিদিনের মতো বৃহস্পতিবার বিকেলেও কুলসুম বেগম রেললাইনে হাঁটতে বের হন। এ সময় ভাটিয়াপাড়া থেকে রাজবাড়ীগামী ‘ভাটিয়াপাড়া কমিউটার’ ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে ধারণা করে। পরে স্থানীয় লোকজন রেললাইনের ওপর মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন। কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মাহফুজুর রহমান জানান, খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। পরে সুরতহাল প্রতিবেদন তৈরি করে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ভাটিয়াপাড়া থেকে রাজবাড়ীগামী ভাটিয়াপাড়া কমিউটার ট্রেনের নিচে কাটা পড়ে ওই বৃদ্ধার মৃত্যু হয়েছে। ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরও জানান, বিষয়টি রাজবাড়ী রেলওয়ে থানা পুলিশকে জানানো হয়েছে। রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করবে। এরপর মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।
পঞ্চগড়ে বিএডিসির সার গুদামে ইউএনওর আকস্মিক অভিযান, মজুত-বিতরণে নজরদারি জোরদার
পঞ্চগড়ে বিএডিসির সার গুদামে ইউএনওর আকস্মিক অভিযান, মজুত-বিতরণে নজরদারি জোরদার পঞ্চগড় জেলা প্রতিনিধি | সঞ্জু বনিক সৌরভ পঞ্চগড়, ৩ সেপ্টেম্বর ২০২৬: কৃষকের মাঠে সার পৌঁছানোর আগেই কোথায় আটকে যাচ্ছে সরবরাহ—মজুত ব্যবস্থাপনায় কোনো অসঙ্গতি আছে কি না, নির্ধারিত নিয়মে সার বিতরণ হচ্ছে কি না—এসব প্রশ্ন সামনে রেখে পঞ্চগড় সদর উপজেলার ধাক্কামারা এলাকায় বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের (বিএডিসি) সার গুদামে আকস্মিক পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাহমিদা সুলতানা। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দুপুরে ১১০০ মেট্রিক টন ধারণক্ষমতার পিএফজি সার গুদামটি আকস্মিকভাবে পরিদর্শন করেন তিনি। পরিদর্শনের সময় গুদামে থাকা সারের প্রকৃত মজুত, সরবরাহের নথিপত্র, বিতরণ কার্যক্রম এবং সংরক্ষণ ব্যবস্থাপনার সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করা হয়। প্রশাসনের এই আকস্মিক পরিদর্শনকে শুধু নিয়মিত তদারকি হিসেবে দেখছেন না সংশ্লিষ্টরা। বিশেষ করে কৃষি মৌসুমে সারের চাহিদা বাড়ার সময়ে গুদামে সরকারি বরাদ্দের সার কতটা মজুত রয়েছে, সেই সার কীভাবে এবং কোন প্রক্রিয়ায় কৃষক পর্যায়ে যাচ্ছে—এসব বিষয়ও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। পরিদর্শনকালে ইউএনও গুদামের দায়িত্বশীল কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে কথা বলেন এবং মজুত ও বিতরণ কার্যক্রম সম্পর্কে খোঁজ নেন। কৃষকের প্রয়োজন অনুযায়ী সময়মতো সার সরবরাহ নিশ্চিত করতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনাও দেওয়া হয়। এদিকে সার বিতরণ ব্যবস্থায় অনিয়ম, কৃত্রিম সংকট কিংবা নির্ধারিত মূল্যের বাইরে বিক্রির সুযোগ তৈরি হলে তার প্রভাব সরাসরি পড়তে পারে কৃষকের উৎপাদন ব্যয়ে। ফলে সরকারি গুদাম থেকে ডিলার ও কৃষক পর্যায় পর্যন্ত সরবরাহ ব্যবস্থার প্রতিটি ধাপে কার্যকর নজরদারি কতটা রয়েছে—সেটিও এখন গুরুত্বপূর্ণ প্রশ্ন। সংশ্লিষ্টদের মতে, গুদামের প্রকৃত মজুত ও কাগজপত্রের হিসাব নিয়মিত যাচাই করা হলে সরকারি সারের অপব্যবহার বা অনিয়মের সম্ভাবনা কমানো সম্ভব। একই সঙ্গে মাঠপর্যায়ে কৃষকরা প্রকৃতপক্ষে নির্ধারিত দামে প্রয়োজনীয় সার পাচ্ছেন কি না, সেটিও প্রশাসনের নজরদারির আওতায় থাকা জরুরি। পরিদর্শনের সময় ধাক্কামারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুল ইসলামসহ অন্যান্য সদস্য ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। প্রশাসন সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে কৃষকদের চাহিদা অনুযায়ী সার সরবরাহ স্বাভাবিক রাখতে সরকারি পর্যায়ে মজুত ও বিতরণ ব্যবস্থাপনায় গুরুত্ব দেওয়া হচ্ছে। এর অংশ হিসেবে সার গুদামগুলোর মজুত পরিস্থিতি এবং সরবরাহ কার্যক্রম পর্যবেক্ষণ করা হচ্ছে। পঞ্চগড় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা সুলতানা বলেন, কৃষকদের সার প্রাপ্তি নিশ্চিত করতে প্রশাসন সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে। কোথাও যাতে কৃত্রিম সংকট সৃষ্টি, অবৈধ মজুত কিংবা নির্ধারিত মূল্যের বাইরে সার বিক্রির সুযোগ না থাকে, সে বিষয়ে নজরদারি অব্যাহত থাকবে। তবে প্রশ্ন থেকেই যায়—গুদামের মজুতের সঙ্গে নথিপত্রের হিসাব কতটা সামঞ্জস্যপূর্ণ, বরাদ্দকৃত সার যথাসময়ে কৃষক পর্যায়ে পৌঁছাচ্ছে কি না এবং নির্ধারিত মূল্যের বাইরে কোথাও সার বিক্রির অভিযোগ রয়েছে কি না। এসব বিষয় নিয়মিত যাচাই করা হলে সারের বাজারে স্বচ্ছতা যেমন বাড়বে, তেমনি প্রকৃত কৃষকের কাছে সরকারি সুবিধা পৌঁছানোও নিশ্চিত হবে।
ভেড়ামারায় অভিযান, ১৪টি চায়না দুয়ারি জাল জব্দ করে পুড়িয়ে ধ্বংস
ভেড়ামারায় অভিযান, ১৪টি চায়না দুয়ারি জাল জব্দ করে পুড়িয়ে ধ্বংস। তানভীর আজাদ কুষ্টিয়া প্রতিনিধি । কুষ্টিয়ার ভেড়ামারায় অবৈধ ও মাছের প্রজননসহ প্রাকৃতিক মৎস্যসম্পদের জন্য ক্ষতিকর চায়না দুয়ারি জালের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে উপজেলা মৎস্য অফিস। অভিযানে ১৪টি জাল জব্দ করা হয়েছে। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকালে উপজেলার কাজিহাটা এলাকায় এ অভিযান পরিচালিত হয়। মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন-১৯৫০ অনুযায়ী উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. রাশেদ হাসানের নেতৃত্বে অভিযানটি পরিচালনা করা হয়। অভিযানে জব্দ করা ১৪টি চায়না দুয়ারি জালের আনুমানিক মূল্য প্রায় ৭০ হাজার টাকা। পরে জব্দকৃত জালগুলো উপজেলার সাতবাড়িয়া বাজারে নিয়ে জনসম্মুখে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। অভিযান চলাকালে ভেড়ামারা থানার এসআই আল-আমিনসহ পুলিশের সদস্য এবং উপজেলা মৎস্য অফিসের স্টাফরা উপস্থিত ছিলেন। উপজেলা মৎস্য অফিস জানিয়েছে, প্রাকৃতিক মৎস্যসম্পদ রক্ষা এবং ক্ষতিকর জালের ব্যবহার বন্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে। জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
বোয়ালখালীতে অনুষ্ঠিত হল ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা
বোয়ালখালীতে অনুষ্ঠিত হল ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা সবুজ অরণ্য, বোয়ালখালী (চট্টগ্রাম) প্রতিনিধি-ঃ বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে শহরতলী বোয়ালখালীতে অনুষ্ঠিত হল ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) কধুরখীল সরকারি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতি বোয়ালখালীর আয়োজনে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মেহেদী হাসান ফারুক। এতে উপজেলার বিভিন্ন স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ফুটবল, সাঁতার, দাবাসহ বিভিন্ন ইভেন্টে অংশগ্রহণ করে। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
শীলভদ্র মহাস্থবির'র প্রয়াণে বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠীর শ্রদ্ধা নিবেদন
শীলভদ্র মহাস্থবির'র প্রয়াণে বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠীর শ্রদ্ধা নিবেদন বোয়ালখালী (চট্টগ্রাম) প্রতিনিধি-ঃ জেলার বোয়ালখালী পৌরসভার হাজীরচর গ্রামের কৃতী সাংঘিক ব্যক্তিত্ব বাংলাদেশ ভিক্ষু মহাসভার সম্মানিত ঊর্ধ্বতন সহ- সভাপতি, বাথুয়া উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ধর্মীয় শিক্ষক ও বায়খুয়া হিতসাধনী বিহারের অধ্যক্ষ শীলভদ্র মহাস্থবিরের মহাপ্রয়াণে গভীর শ্রদ্ধা ও শোক প্রকাশ করেছে বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠী। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) বিকেল ৫টায় অনুষ্ঠিত তাঁর অনিত্য সভায় উপস্থিত হয়ে ভান্তের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠীর প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক, শিল্পী, সংগঠক ও সাংবাদিক বিপ্লব জলদাস। এ সময় উপস্থিত ছিলেন বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠীর যুগ্ম সাধারণ সম্পাদক বকুল বড়ুয়া, সাবেক সভাপতি উত্তম কুমার বড়ুয়া, বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ, সমাজ সেবক অর্ধেন্দু বড়ুয়া, বোয়ালখালী সম্মিলিত বৌদ্ধ পরিষদের অর্থ সম্পাদক যেশু বড়ুয়া চৌধুরী, বোয়ালখালী উপজেলা শাখার সাধারণ সম্পাদক ও বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠীর পরম কল্যাণমিত্র কাজল বড়ুয়াসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও শুভানুধ্যায়ীরা। অনিত্য সভায় শীলভদ্র মহাস্থবিরের ধর্মীয়, সামাজিক ও মানবকল্যাণমূলক অবদানের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়। তাঁর মহাপ্রয়াণে উপস্থিত সবাই শোক ও সমবেদনা প্রকাশ করেন। পরে বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠীর উদ্যোগে এক মিনিট নীরবতা পালন করা হয়। নীরবতা শেষে প্রয়াত শীলভদ্র মহাস্থবিরের বিদেহী আত্মার শান্তি, সদ্গতি ও নির্বাণ সুখ কামনা করা হয়। ধর্মীয় শিক্ষা, নৈতিক মূল্যবোধ ও সমাজকল্যাণে শীলভদ্র মহাস্থবিরের অবদান বোয়ালখালীর বৌদ্ধ সম্প্রদায়সহ সর্বস্তরের মানুষের কাছে দীর্ঘদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণীয় হয়ে থাকবে।
প্রধানমন্ত্রীর কারামুক্তি দিবসে সীতাকুণ্ড বিএনপির আলোচনা সভা ও দোয়া মাহফিল
প্রধানমন্ত্রীর কারামুক্তি দিবসে সীতাকুণ্ড বিএনপির আলোচনা সভা ও দোয়া মাহফিল সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি-ঃ প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস উপলক্ষে সীতাকুণ্ড বিএনপির আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সীতাকুণ্ড উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) বিকাল ৪টায় চৌধুরী স্কয়ারে উপজেলা বিএনপির আহ্বায়ক ডাঃ কমল কদরের সভাপতিত্বে ও সদস্য সচিব মোঃ মোরসালিনের সঞ্চালনায় পবিত্র কোরআন তেলোয়াত ও দোয়া পরিচালনা করেন উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক বেলাল হোসেন। আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম-সম্পাদক জহুরুল আলম জহুর, সালামত উল্লাহ, যুগ্ম-সদস্য সচিব ফজলুল করিম, নুরুল আজিম মুকুল, মুক্তিযোদ্ধা মহরম আলী, ইদ্রিছ মিয়া, জিতেন্দ্র নারায়ন, খোরশেদ আলম মেম্বার, শেখ সাহাবুদ্দিন, যুবদল নেতা সোহেল আরমান, আলাউদ্দিন, মোমিন উদ্দিন মিন্টু, স্বেচ্ছাসেবক দল নেতা হেলাল উদ্দিন বাবর, নুরুদ্দিন, আসলাম উদ্দিন, ছাত্রদল নেতা কোরবান আলী, লিয়াকত আলী বাবলু, শওকত হোসেন, সেলিম মাহমুদ প্রমূখ। এসময় বক্তারা বলেন, বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের অগ্রযাত্রা অব্যাহত রাখতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করে যেতে হবে। বিএনপির প্রতিটি নেতাকর্মীকে তারেক রহমানের ভূমিকায় অবতীর্ণ হতে হবে। পতিত পরাশক্তি ও তাদের অনুসারীদের বিষয়ে সচেতন থাকতে হবে। তারেক রহমান যে নতুন বাংলাদেশ বির্নিমানের স্বপ্নে এগিয়ে যাচ্ছে, তা নিশ্চিতে সকলের আন্তরিকতা একান্ত জরুরী।
কালীগঞ্জে ছাতিয়ানী আলিম মাদ্রাসার উদ্যোগে শিক্ষা সফর অনুষ্ঠিত
কালীগঞ্জে ছাতিয়ানী আলিম মাদ্রাসার উদ্যোগে শিক্ষা সফর অনুষ্ঠিত আব্দুল মতিন খান কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি ঐতিহ্যবাহী ছাতিয়ানী আলিম মাদ্রাসার উদ্যোগে দিনব্যাপী কোমলমতি শিক্ষার্থীদের ব্যতিক্রমধর্মী শিক্ষা সফর অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) কালীগঞ্জ উপজেলার ছাতিয়ানী আলিম মাদ্রাসার উদ্যোগে পূর্বাচল উপশহর মাঠ সলগ্ন দিনব্যাপী শিক্ষা সফর ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। সফরে অংশগ্রহণী শিক্ষার্থীদের মাঝে মেধা বিকাশের জন্য কোরআন তেলোয়াত, ইসলামিক গজল, সাধারণ জ্ঞান সহ কুইজ, কাবাডি খেলা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতা শেষে বিজয়ী ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়। সকালে মাদ্রাসা থেকে কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে এই অনুষ্ঠানের শুভ যাত্রা শুরু হয়। অনুষ্ঠানে বক্তব্য রাখেন- অত্র মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোঃ মোজাম্মেল হক, উপাধ্যক্ষ মাওলানা শিহাব উদ্দিন, সহকারী অধ্যাপক মাওলানা আনোয়ার হোসেন সিরাজী, আবুল কালাম আজাদ, প্রভাষক মুফতি আল আমিন আকাশ, মুফতি জোবায়ের আহমদ। শিক্ষা সফরে সফর সঙ্গী ছিলেন ইউপি সদস্য সৈয়দ আহমেদ কবির বুলবুল, ৬ নং ওয়ার্ড জামাতের সভাপতি দেলোয়ার হোসেন, দৈনিক যুগান্তরের প্রতিনিধি আব্দুল গাফফার, প্রভাষক নাদিরা আক্তার বিথী, দুলাল আহমদ,সহকারী শিক্ষক নজরুল ইসলাম, নিলুফা ইয়াসমিন,আসমা খাতুন, জাকিয়া সুলতানা,ইবতেদায়ী প্রধান নূর মোহাম্মদ, সহকারী শিক্ষক মনিরুল ইসলাম প্রমুখ।
দৌলতপুরে অষ্টম শ্রেণির ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ, প্রতিবেশী চাচা আটক
দৌলতপুরে অষ্টম শ্রেণির ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ, প্রতিবেশী চাচা আটক মানিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জের দৌলতপুরে অষ্টম শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে আঃ বারেক (৪২) নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ । তিনি কিশোরীর সম্পর্কে প্রতিবেশী চাচা হন । এ ঘটনায় তাঁর বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা হয়েছে । মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ২৫ আগস্ট রাত আনুমানিক ১:০০ টার দিকে উপজেলার খলসী ইউনিয়নের কুমুরিয়া গ্রামে আসামীর নিজ বাড়িতে ওই কিশোরীকে ধর্ষণের চেষ্টা করা হয় বলে অভিযোগ করা হয়েছে । এ ঘটনায় কিশোরীর মা রিলি বেগম ওরফে লিলি বাদী হয়ে দৌলতপুর থানায় মামলা করেন । মামলার আসামি আঃ বারেক দৌলতপুর উপজেলার খলসী ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের কুমুরিয়া গ্রামের মৃত আইনুদ্দিন শেখের ছেলে । এজাহারে বলা হয়, কিশোরীটি বিনোদপুর উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী । আঃ বারেকের বাড়ি তাদের বাড়ির পাশেই । ঘটনার আগের দিন ২৪ আগস্ট আঃ বারেকের স্ত্রী কিশোরীর মাকে জানান, তার ছেলের স্ত্রী খাদিজা ওই রাতে বাড়ির একটি কক্ষে একা থাকবেন । তাই কিশোরীকে তার সঙ্গে রাতে থাকার জন্য পাঠাতে বলা হয় । পরে রাত আটটার দিকে কিশোরীটি খাদিজার সঙ্গে ঘুমাতে ওই বাড়ির পশ্চিম পাশের একটি কক্ষে যায় । এজাহার অনুযায়ী, রাত আনুমানিক ১:০০ টার দিকে খাদিজা টয়লেটে গেলে কিশোরীটি কক্ষে একা হয়ে যায় । এ সময় আঃ বারেক সেখানে গিয়ে কিশোরীকে জোর করে জড়িয়ে ধরে স্পর্শকাতর স্থানে হাত দেন এবং পরনের কাপড় খুলে ধর্ষণের চেষ্টা করেন বলে অভিযোগ করা হয়েছে । কিশোরীর চিৎকারে তিনি সরে গেলে কিশোরীটি সেখান থেকে দৌড়ে বাড়িতে চলে যায় । পরে কিশোরীর মা বাদী হয়ে দৌলতপুর থানায় মামলা করেন । এদিকে নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় কয়েকজন বাসিন্দা দাবি করেন, আঃ বারেকের বিরুদ্ধে এর আগেও একই গ্রামের ৬/৭ নারীর সঙ্গে শ্লীলতাহানির অভিযোগ উঠেছিল । তাদের ভাষ্য, এসব ঘটনায় তাকে এলাকা থেকে বের করে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছিল । পরে ক্ষমা চেয়ে তিনি আবার এলাকায় বসবাস শুরু করেন । তবে এসব পুরোনো অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট ব্যক্তিদের বক্তব্য পাওয়া যায়নি । দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্বপন কুমার সরকার বলেন, ধর্ষণচেষ্টার মামলায় আঃ বারেককে আটক করা হয়েছে । তাকে আদালতে প্রেরণ করা হয়েছে ।
হরিপুরে পুষ্টিবিষয়ক সভা অনুষ্ঠিত
হরিপুরে পুষ্টিবিষয়ক সভা অনুষ্ঠিত জহরুল ইসলাম( জীবন) হরিপুর (ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ জিংক ধানের ভাত খেলে পুষ্টি মেধা উভয় মিলে এই প্রতিপাদ্য কে সামনে রেখে ঠাকুরগাঁওয়ের হরিপুরে পুষ্টি বিষয়ে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় জিংক ও আয়োডিনের ঘাটতি পূরণ, ভিটামিন ‘এ’-এর অভাবে রাতকানা প্রতিরোধ এবং সুষম ও পুষ্টিকর খাবার গ্রহণের গুরুত্ব বিস্তারিতভাবে তুলে ধরা হয়। পাশাপাশি কৃষকদের পুষ্টিসমৃদ্ধ জিংক ধান চাষে উৎসাহিত করা হয়। বৃহস্পতিবার হরিপুর উপজেলা পরিষদ সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা চন্দন কর। সভায় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা শাহিনুর ইসলাম। এ সময় আরও উপস্থিত ছিলেন আরডি আরএস বাংলাদেশ কৃষিবিদ ডা. এ কে এম সালাউদ্দীন, হারভেস্টপ্লাস বাংলাদেশ প্রজেক্ট ম্যানেজার শাহিনুল কবির, আরডিআরএস বাংলাদেশ কৃষি কর্মকর্তা আব্দুল্লাহ আল বাকীসহ, ওয়াল্ড ভিশন এর রুমা বেগম,স্কুল এর শিক্ষক,কৃষক কৃষাণী,সহ উপজেলার বিভিন্ন দপ্তরে কর্মকর্তা ও সাংবাদিক গণ উপস্থিত ছিলেন। সভায় বক্তারা বলেন, শিশু থেকে শুরু করে সব বয়সী মানুষের সুস্বাস্থ্য নিশ্চিত করতে সুষম ও পুষ্টিকর খাবার গ্রহণের কোনো বিকল্প নেই। জিংক ও আয়োডিনের ঘাটতি শরীরে নানা ধরনের স্বাস্থ্যঝুঁকি তৈরি করতে পারে। অন্যদিকে ভিটামিন ‘এ’-এর ঘাটতির কারণে রাতকানা হওয়ার ঝুঁকি রয়েছে। বক্তারা আরও বলেন, পুষ্টির ঘাটতি মোকাবিলায় সচেতনতার পাশাপাশি কৃষিতে পুষ্টিসমৃদ্ধ ফসলের উৎপাদন বাড়াতে হবে। এ জন্য কৃষকদের জিংকসমৃদ্ধ ধান চাষে উৎসাহিত করা হয়। জিংক ধান উৎপাদন ও খাদ্যতালিকায় তা অন্তর্ভুক্ত করার মাধ্যমে পরিবারের পুষ্টি চাহিদা পূরণে সহায়তা করা সম্ভব। সভা শেষে পুষ্টি বিষয়ে জনসচেতনতা বৃদ্ধি, জিংক ও আয়োডিনের ঘাটতি পূরণ এবং পুষ্টিসমৃদ্ধ জিংক ধানের চাষ সম্প্রসারণে সংশ্লিষ্ট সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানানো হয়।
সাপুড়ের মন্ত্র পড়া নিয়ে বিরোধ, বৃদ্ধকে পিটিয়ে হত্যা: মুন্সিগঞ্জে ৪ আসামি গ্রেফতার
সাপুড়ের মন্ত্র পড়া নিয়ে বিরোধ, বৃদ্ধকে পিটিয়ে হত্যা: মুন্সিগঞ্জে ৪ আসামি গ্রেফতার রফিকুল ইসলাম সাবুল : রংপুর প্রতিনিধি : রংপুরের গঙ্গাচড়ায় সাপ খেলা চলাকালে সাপুড়ের মন্ত্র পড়াকে কেন্দ্র করে বিরোধের জেরে এন্দাজ মিয়া (৭৪) নামে এক বৃদ্ধকে পিটিয়ে হত্যার ঘটনায় প্রধান আসামিসহ চারজনকে মুন্সিগঞ্জ থেকে গ্রেফতার করেছে র্যাব। গ্রেফতার ব্যক্তিরা হলেন—মামলার প্রধান আসামি মো. আশরাফুল ইসলাম (৪৫), ৩ নম্বর আসামি মো. মাবু মিয়া (৩০), ৪ নম্বর আসামি মো. লেবু মিয়া (৩০) ও ৫ নম্বর আসামি মো. এরশাদ আলী (৪০)। তারা সবাই রংপুরের গঙ্গাচড়া উপজেলার লক্ষ্মীটারী ইউনিয়নের জয়রাম ওঝা গ্রামের মো. নূর হোসেনের ছেলে। র্যাব জানায়, গত ২৫ আগস্ট রাতে গঙ্গাচড়া উপজেলার কাশিয়াবাড়ীর হাট সংলগ্ন কমিউনিটি ক্লিনিক মাঠে সাপ খেলা দেখাচ্ছিলেন এক সাপুড়ে। একপর্যায়ে সাপুড়ের মন্ত্র পড়াকে কেন্দ্র করে কয়েকজনের মধ্যে বিরোধের সৃষ্টি হয়। এ সময় অভিযুক্তরা ও অজ্ঞাতনামা আরও ৯-১০ জন সাপুড়েকে মারধর শুরু করেন। ঘটনাস্থলে থাকা ভুক্তভোগী এন্দাজ মিয়ার বড় ছেলে আব্দুল মালেক সাপুড়েকে উদ্ধার করে সেখান থেকে সরিয়ে দেন। এরপর অভিযুক্তরা তাকে গালাগালির একপর্যায়ে মারধর শুরু করেন। ছেলেকে মারধরের খবর পেয়ে এন্দাজ মিয়া ঘটনাস্থলে এগিয়ে এলে তাকেও মারধর করা হয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে জানায় র্যাব। এ ঘটনায় নিহতের ছেলে বাদী হয়ে গত ২৬ আগস্ট গঙ্গাচড়া থানায় একটি হত্যা মামলা করেন। মামলাটির নম্বর ৩২। মামলা হওয়ার পর গ্রেফতার এড়াতে আসামিরা আত্মগোপনে চলে যান। র্যাব-১৩ জানায়, মামলাটির গুরুত্ব বিবেচনায় আসামিদের গ্রেফতারে গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়। পরে সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাব-১৩, রংপুর ও র্যাব-১১-এর একটি যৌথ দল মুন্সিগঞ্জে অভিযান চালায়। অভিযানের অংশ হিসেবে মুন্সিগঞ্জ জেলার টংগিবাড়ী থানাধীন বালিগাঁও বাজার এলাকায় রাত ৮টা ৫ মিনিটে অভিযান চালিয়ে প্রধান আসামি আশরাফুল ইসলাম ও ৩ নম্বর আসামি মাবু মিয়াকে গ্রেফতার করা হয়। পরে রাত ৯টা ৪৫ মিনিটে একই থানার ইসলামপুর বাজার এলাকায় অভিযান চালিয়ে লেবু মিয়া ও এরশাদ আলীকে গ্রেফতার করা হয়। গ্রেফতার চার আসামির বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র্যাব।
সুন্দরবন ধ্বংসের দায় ও বার্কলেস ব্যাংক: যুক্তরাজ্যের আদালতে ঐতিহাসিক অভিযোগ ও আইনি লড়াই
সুন্দরবন ধ্বংসের দায় ও বার্কলেস ব্যাংক: যুক্তরাজ্যের আদালতে ঐতিহাসিক অভিযোগ ও আইনি লড়াই ম.ম.রবি ডাকুয়া,বাগেরহাট সুন্দরবনের নিকটবর্তী রামপাল বিদ্যুৎকেন্দ্রে বিতর্কিত আর্থিক সহায়তার অভিযোগে ব্রিটিশ বহুজাতিক বার্কলেস ব্যাংকের বিরুদ্ধে যুক্তরাজ্য সরকারের দপ্তরে মামলা দায়ের করেছেন বাংলাদেশ ও ভারতের পরিবেশকর্মীরা।.. বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ বন সুন্দরবনের পরিবেশগত ভারসাম্য ও জীববৈচিত্র্যকে চরম ঝুঁকির মুখে ঠেলে দেওয়ার অভিযোগে যুক্তরাজ্যের বহুজাতিক আর্থিক প্রতিষ্ঠান বার্কলেস ব্যাংকের বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে অভিযোগ দায়ের করা হয়েছে। বাংলাদেশ ও ভারতের তিন অভিযোগকারী যুক্তরাজ্য সরকারের অফিস ফর রেসপনসিবল বিজনেস কন্ডাক্টের কাছে এই অভিযোগ জমা দিয়েছেন, যা আন্তর্জাতিক অর্থায়ন খাতে এক নতুন আইনি নজির স্থাপন করেছে। অভিযোগকারীদের মূল দাবি হলো, বার্কলেস ব্যাংক এমন কিছু প্রকল্পের সঙ্গে আর্থিক সংযোগ বজায় রেখেছে যা আন্তর্জাতিক পরিবেশ ও মানবাধিকার নীতিমালা সরাসরি লঙ্ঘন করে। বিশেষ করে, রামপাল কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রের সঙ্গে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর ঋণ ও বন্ডের আন্ডাররাইটার হিসেবে কাজ করার মাধ্যমে ব্যাংকটি সুন্দরবনের অস্তিত্বকে বিপন্ন করার প্রক্রিয়ায় পরোক্ষভাবে সহায়তা করেছে। কিংস কলেজ লন্ডনের কিংস হিউম্যান রাইটস অ্যান্ড এনভায়রনমেন্ট ক্লিনিকের সহায়তায় দায়ের করা এই অভিযোগে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে যে, ২০১৬ থেকে ২০১৯ সালের মধ্যে ভারতের এনটিপিসি লিমিটেড এবং এক্সপোর্ট-ইমপোর্ট ব্যাংক অব ইন্ডিয়ার বন্ড ইস্যুতে বার্কলেস ব্যাংকের সম্পৃক্ততা ছিল, যা প্রকারান্তরে বিতর্কিত এই বিদ্যুৎকেন্দ্রের আর্থিক ভিত্তি মজবুত করেছে। ভুক্তভোগী ও পরিবেশকর্মীদের অভিযোগ অনুযায়ী, রামপাল বিদ্যুৎকেন্দ্রের অবস্থান পশুর নদীর তীরে হওয়ায় এটি সুন্দরবনের বাস্তুসংস্থানের জন্য একটি স্থায়ী হুমকি হয়ে দাঁড়িয়েছে। বাংলাদেশের পরিবেশকর্মী শরীফ জামিলসহ অন্য অভিযোগকারীরা দাবি করেছেন যে, প্রকল্পটির কার্যক্রম শুরু হওয়ার পর থেকে পশুর নদীর পানিতে পারদ ও আর্সেনিকের মতো ভারী ধাতুর মাত্রা আশঙ্কাজনক হারে বৃদ্ধি পেয়েছে, যা বনের জলজ ও স্থলজ প্রাণীর জন্য মরণফাঁদ হয়ে উঠেছে। অভিযোগকারীদের মতে, বার্কলেস ব্যাংক বিনিয়োগের আগে পরিবেশগত প্রভাব বা মানবাধিকার ঝুঁকির যথাযথ মূল্যায়ন করেনি, যা একটি দায়িত্বশীল আর্থিক প্রতিষ্ঠানের কাছে কাম্য ছিল না। ভারতের পশ্চিমবঙ্গের ক্ষতিগ্রস্ত কৃষক ও মৎস্যজীবীরাও এই অভিযোগের সাথে একাত্মতা প্রকাশ করে জানিয়েছেন যে, সুন্দরবনের ওপর নির্ভরশীল লাখো মানুষের জীবিকা ও নিরাপত্তা আজ এই কয়লাভিত্তিক প্রকল্পের কারণে অনিশ্চিত। তাদের ভাষ্যমতে, যখন বিশ্বের অন্যান্য দায়িত্বশীল ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান পরিবেশগত ঝুঁকির কথা বিবেচনা করে রামপাল প্রকল্প থেকে নিজেদের বিনিয়োগ প্রত্যাহার করে নিয়েছে, তখন বার্কলেসের মতো প্রতিষ্ঠানের এমন অর্থায়ন কেবল অনৈতিকই নয়, বরং পরিবেশগত অপরাধের শামিল। অভিযোগের বিপরীতে বার্কলেস ব্যাংক এবং রামপাল বিদ্যুৎকেন্দ্রের হোল্ডিং কোম্পানি বাংলাদেশ-ইন্ডিয়া ফ্রেন্ডশিপ পাওয়ার কোম্পানি লিমিটেড আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে। তবে ব্রিটিশ আইনি বিশেষজ্ঞরা মনে করছেন, ইউনেসকোর পূর্ববর্তী সতর্কবার্তা উপেক্ষা করে এ ধরনের প্রকল্পে অর্থায়ন করা ব্যাংকিং খাতের নৈতিকতার পরিপন্থী। ইউনেসকো ২০১৬ সালেই তাদের প্রতিবেদনে বায়ু ও পানিদূষণের কারণে সুন্দরবনের বিশ্ব ঐতিহ্য এলাকাটি অপূরণীয়ভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার উচ্চ ঝুঁকির কথা জানিয়েছিল, যা বার্কলেসের মতো প্রতিষ্ঠানের অজানা থাকার কথা নয়। বর্তমানে যুক্তরাজ্য সরকারের সংশ্লিষ্ট দপ্তর অভিযোগটি তদন্তের জন্য গ্রহণ করবে কি না, তা মূল্যায়নের পর্যায়ে রয়েছে। পরিবেশবাদী আইনজীবীদের দাবি, এই তদন্তের মাধ্যমে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর ওপর দায়বদ্ধতা তৈরি হবে এবং ভবিষ্যতে জীবাশ্ম জ্বালানিতে অর্থায়নের আগে তারা নতুন করে ভাবতে বাধ্য হবে। তারা আরও মনে করেন, জীবাশ্ম জ্বালানির পরিবর্তে বাংলাদেশের বিশাল সৌরবিদ্যুৎ ও নবায়নযোগ্য জ্বালানির সম্ভাবনাকে কাজে লাগানোই হবে দীর্ঘমেয়াদী সমাধানের একমাত্র পথ। পরিশেষে, বার্কলেস ব্যাংকের বিরুদ্ধে এই আইনি পদক্ষেপ আন্তর্জাতিক অর্থায়ন ও পরিবেশ সুরক্ষার লড়াইয়ে একটি মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে। সুন্দরবনের মতো একটি স্পর্শকাতর ও গুরুত্বপূর্ণ প্রাকৃতিক রক্ষাকবচকে রক্ষা করার জন্য কেবল স্থানীয় আন্দোলনই যথেষ্ট নয়, বরং এর পেছনে থাকা আর্থিক মদদদাতাদের জবাবদিহিতার আওতায় আনা জরুরি। এই মামলার রায় বা চূড়ান্ত সিদ্ধান্ত বিশ্বজুড়ে কয়লাভিত্তিক প্রকল্পের বিনিয়োগকারীদের জন্য একটি বড় সতর্কবার্তা হয়ে উঠতে পারে। যদি ব্যাংকগুলো পরিবেশের মূল্যের চেয়ে মুনাফাকে বড় করে দেখে, তবে জলবায়ু পরিবর্তনের প্রভাবে ক্ষতিগ্রস্ত সুন্দরবনের মতো এলাকাগুলোর ধ্বংস অনিবার্য হয়ে পড়বে, যা শেষ পর্যন্ত গোটা অঞ্চলের অস্তিত্বের সংকট তৈরি করবে।
ধামইরহাটে যুবক হত্যার ঘটনায় ১২ ঘণ্টার মধ্যে ৫ আসামি গ্রেপ্তার, আলামত উদ্ধার
ধামইরহাটে যুবক হত্যার ঘটনায় ১২ ঘণ্টার মধ্যে ৫ আসামি গ্রেপ্তার, আলামত উদ্ধার মো: ছাব্বির হাসান,নওগাঁ বিশেষ প্রতিনিধি নওগাঁর ধামইরহাটে মাছ ধরার তৌরা জাল ২০০ টাকায় বন্ধক রাখাকে কেন্দ্র করে মোস্তাকিন (২০) হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন করেছে পুলিশ। মামলা রুজুর পাঁচ ঘণ্টার মধ্যেই হত্যাকাণ্ডে জড়িত পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় হত্যাকাণ্ডে ব্যবহৃত সাবলও উদ্ধার করা হয়। নিহত মোস্তাকিন উপজেলার বড় শিবপুর যদুপাড়া গ্রামের মো. বেলাল হোসেনের ছেলে। পুলিশ জানায়, জাল বন্ধক রাখাকে কেন্দ্র করে মোস্তাকিন ও তার মাকে মারধর করে গুরুতর আহত করা হয়। পরে স্থানীয়রা তাদের জয়পুরহাট সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মোস্তাকিনকে মৃত ঘোষণা করেন। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৪টার দিকে সাহাপুর আঙ্গুরাত কলোনি এলাকায় অভিযান চালিয়ে রতন হোসেন (২২), সাইদুল ইসলাম (২৪), আইনের সঙ্গে সংঘাতে জড়িত শিশু হাসান (১৪), রোকেয়া বেগম (৫৫) ও জাকিয়া বেগম (১৯)কে গ্রেপ্তার করে পুলিশ। ধামইরহাট থানার ওসি মো. মিন্টু রহমানের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল এ অভিযান পরিচালনা করে। পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশনা ও তত্ত্বাবধানে অভিযানটি পরিচালিত হয়। গ্রেপ্তার সাইদুল ইসলামের দেওয়া তথ্যের ভিত্তিতে তার বাড়ি থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত সাবল উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
মানসিক রোগ জয় করে শুরু করেছিলেন নতুন সংসার, শরণখোলায় যুবকের রহ/স্যজ/নক মৃ/ত্যু
মানসিক রোগ জয় করে শুরু করেছিলেন নতুন সংসার, শরণখোলায় যুবকের রহস্যজনক মৃত্যু মো: নাজমুল ইসলাম সবুজ শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধিঃ দীর্ঘদিনের মানসিক অসুস্থতা কাটিয়ে সবেমাত্র স্বাভাবিক জীবনে ফিরেছিলেন নাঈম (২৫)। পাবনার হেমায়েতপুরের মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা শেষে দুই পরিবারের সম্মতিতে বিবাহবন্ধনে আবদ্ধ হয়ে নতুন সংসারও শুরু করেছিলেন। কিন্তু সব স্বাভাবিক চলার মধ্যেই হঠাৎ নাঈমের আকস্মিক মৃত্যুতে স্তম্ভিত স্বজন ও প্রতিবেশীরা। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দিনগত রাতে বাগেরহাটের শরণখোলা উপজেলার ২ নম্বর খোন্তাকাটা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের পশ্চিম রাজৈর এলাকার নিজ বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত নাঈম ওই এলাকার আব্দুল হক চৌকিদারের ছেলে। পারিবারিক সূত্রে জানা যায়, নাঈম দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন। পরিবারের চেষ্টায় দীর্ঘমেয়াদি চিকিৎসার পর তিনি সুস্থ হয়ে ওঠেন। স্বভাবগতভাবে বিনয়ী ও শান্ত নাঈম চিকিৎসাধীন অবস্থায় পরিচিত হওয়া এক তরুণীকে বিয়ে করে সুখী দাম্পত্য জীবন কাটাচ্ছিলেন। তাদের মধ্যে কোনো কলহ বা অসন্তোষ ছিল না বলেও জানিয়েছেন স্থানীয়রা। স্বাভাবিক জীবনে ফিরে আসার পর নাঈম কেন এমন চরম পরিণতি বেছে নিলেন, তা নিয়ে হতবাক পরিবার ও এলাকাবাসী। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করেছে এবং ঘটনার তদন্ত শুরু করেছে। স্থানীয় পুলিশ ও প্রশাসন জানায়, নাঈমের মৃত্যুর সঠিক কারণ উন্মোচনে আইনগত প্রক্রিয়া গ্রহণ করা হচ্ছে। ময়নাতদন্ত ও তদন্ত শেষে মৃত্যুর প্রকৃত কারণ স্পষ্ট হবে।
মতলব সরকারি কলেজ জামে মসজিদের মূল অংশের নির্মাণকাজ সমাপ্ত
মতলব সরকারি কলেজ জামে মসজিদের মূল অংশের নির্মাণকাজ সমাপ্ত মতলব প্রতিনিধি: চাঁদপুরের মতলব সরকারি কলেজ জামে মসজিদের মূল অংশের নির্মাণকাজ সম্পন্ন হয়েছে। দীর্ঘদিনের পরিকল্পনা, প্রচেষ্টা ও নিরলস শ্রমের পর মসজিদের মূল অংশের কাজ সমাপ্ত হওয়ায় কলেজের শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে আনন্দ ও সন্তোষ প্রকাশ পেয়েছে। মসজিদের নির্মাণকাজকে এগিয়ে নিতে মতলব সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ আবুল কালাম আজাদ দীর্ঘ সময় ধরে নিজস্ব জ্ঞান, বুদ্ধিমত্তা, চিন্তাশক্তি ও সৃজনশীলতাকে কাজে লাগিয়ে আন্তরিকতার সঙ্গে নিরলসভাবে কাজ করে গেছেন। আল্লাহর সন্তুষ্টি অর্জনের প্রত্যয়কে সামনে রেখে তিনি মসজিদের নির্মাণকাজের বিভিন্ন বিষয় তদারকি ও সমন্বয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। মূল অংশের নির্মাণকাজ সম্পন্ন হওয়ার পর আজ কলেজের সকল শিক্ষক মণ্ডলী মসজিদটি পরিদর্শন করেন। এ সময় তাঁরা মসজিদের নির্মাণকাজ ঘুরে দেখেন এবং কাজের অগ্রগতি ও সৌন্দর্যে সন্তুষ্টি প্রকাশ করেন। শিক্ষকরা এ মহৎ উদ্যোগের সঙ্গে সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং মসজিদের অবশিষ্ট কাজও সুন্দরভাবে সম্পন্ন হবে বলে আশাবাদ ব্যক্ত করেন। কলেজ সংশ্লিষ্টরা জানান, একটি শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে মসজিদের এমন সুন্দর ও পবিত্র স্থাপনা শিক্ষার্থী ও শিক্ষকসহ সকলের ধর্মীয় ও নৈতিক চর্চায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। মহান আল্লাহ তায়ালা মসজিদের নির্মাণকাজে সম্পৃক্ত সকলের শ্রম ও প্রচেষ্টা কবুল করুন এবং এই মসজিদকে ইবাদত-বন্দেগি ও কল্যাণের কেন্দ্র হিসেবে কবুল করুন—এমন প্রত্যাশা ব্যক্ত করেন সংশ্লিষ্টরা।
কালীগঞ্জে ধান চাষে পানি সাশ্রয়ের উপর দুইদিন ব্যাপী প্রশিক্ষণ
কালীগঞ্জে ধান চাষে পানি সাশ্রয়ের উপর দুইদিন ব্যাপী প্রশিক্ষণ একরামুল ইসলাম তুষার, ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের কালীগঞ্জে জলবায়ু সহিষ্ণু ও কার্যকারী কৃষি কৌশল নির্ভর পানি সাশ্রয়ী প্রকল্পের আওতায় ধান চাষে পানি সাশ্রয়ের উপর ২৫ কৃষককে ২ দিন ব্যাপী কৃষি প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সোনার বাংলা ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক শিবুপদ বিশ্বাস এ প্রশিক্ষণ অনুষ্ঠানের উদ্বোধন করেন। বুধ ও বৃহস্পতিবার এই দুইদিন ব্যাপী সোনার বাংলা ফাউন্ডেশনের আয়োজনে সংগঠনের ট্রেনিং সেন্টারে ভেজা-শুকনা (অডউ) পদ্ধতিতে আধুনিক ও পানি সাশ্রয়ী উপায়ে ধান চাষাবাদ বিষয়ক এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। প্রশিক্ষনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন , কালীগঞ্জ উপজেলা কৃষি অফিসার মাহাবুব আলম রনি। অন্যান্য প্রশিক্ষকের মধ্যে উপস্থিত ছিলেন, বিএডিসি’র উপ-সহকারী প্রকৌশলী নিজাম উদ্দীন, উপজেলা মৎস্য কর্মকর্তা হাসান সাজ্জাদ, জীবননগর উপজেলা সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মতিয়ার রহমান, সোনার বাংলা ফাউন্ডেশনের প্রকল্প কর্মকর্তা মটর কুমার মল মোহেন প্রমুখ। উল্লেখ্য, সোনার বাংলা ফাউন্ডেশন জাপান ফান্ড ফর গ্লোবাল ইনভায়রনমেন্ট এবং শেয়ার দ্য প্লানেট অ্যাসোসিয়েশনের আর্থিক সহযোগিতায় কালীগঞ্জ উপজেলার ১নং সুন্দরপুর-দুর্গাপুর, ২নং জামাল, ৩নং কোলা ও ৪নং নিয়ামতপুর ইউনিয়নে জলবায়ু সহিষ্ণু ও পানি সাশ্রয়ী কৃষি প্রকল্প বাস্তবায়ন করছে। এরই অংশ হিসেবে সুন্দরপুর-দুর্গাপুর ও নিয়ামতপুর ইউনিয়নের নির্বাচিত ২৫ জন কৃষক এ প্রশিক্ষণ গ্রহণ করেন।