বাংলাদেশ বার্তা টুডে
সাবেক এমপি সাকিব আল হাসানের বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ
মাগুরায় ক্রিকেটার ও আওয়ামী লীগের সাবেক এমপি সাকিব আল হাসানের বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। আজ বুধবার (৫ আগস্ট) রাত ৮টা ৪৫ মিনিটের দিকে শহরের কেশবমোড় এলাকার বাড়িতে এই ঘটনা ঘটে। মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আল মামুন গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন। স্থানীয়রা জানিয়েছেন, বাড়ির দক্ষিণ পাশের লোহার গেটের ওপরের অংশ লক্ষ্য করে বিস্ফোরকসদৃশ বস্তু নিক্ষেপ করা হয়। খবর পেয়ে রাত ৯টা ১৫ মিনিটের দিকে মাগুরা সদর থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি পরিদর্শন করে। তবে কারা এ ঘটনা ঘটিয়েছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য পাওয়া যায়নি। পুলিশ জানিয়েছে, ঘটনাটির প্রকৃত কারণ ও নিক্ষিপ্ত বস্তুর ধরন নিশ্চিত করতে তদন্ত চলছে। মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আল মামুন বলেন, ঘটনাটি আমরা পর্যবেক্ষণ করছি। এটি পেট্রোল বোমা কি না, তা এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না। তদন্ত শেষে প্রকৃত ঘটনা জানা যাবে। উল্লেখ্য, বুধবার মানবতাবিরোধী অপরাধের মামলায় ফাঁসির দণ্ডপ্রাপ্ত পলাতক আসামী শেখ হাসিনার বাংলাদেশে ফেরা নিয়ে ভারতের দিল্লিতে এক প্রেস কনফারেন্সে অনলাইনে যুক্ত হন সাকিব আল হাসান। তিনি ২০২৪ সালের জানুয়ারিতে বহুল বিতর্কিত নির্বাচনে অংশ নিয়ে জাতীয় সংসদের সদস্য নির্বাচিত হয়েছিলেন। ২০২৪ সালের গণঅভ্যুত্থানের সময় শত শত শিক্ষার্থীর নিহত হওয়ার সময় বিদেশে স্ত্রী-সন্তান নিয়ে আনন্দপূর্ণ জীবন-যাপনের ছবি শেয়ার করে বিতর্কিত হন তিনি। পরে শিক্ষার্থীদের আন্দোলনের মুখে সাকিব আল হাসান আর দেশে ফিরতে পারেননি।
বিশ্বনাথ মডেল প্রেসক্লাবে সাবেক কোষাধ্যক্ষ আহমেদ পারভেজকে সংবর্ধনা
সিলেটের বিশ্বনাথ মডেল প্রেসক্লাবের সাবেক কোষাধ্যক্ষ ও ফ্রান্স প্রবাসী আহমেদ পারভেজ -কে সংবর্ধনা প্রদান করা হয়েছে। বুধবার (৫ আগস্ট) দুপুরে মাদানীয়া মাদ্রাসা মার্কেটের ২য় তলায় বিশ্বনাথ মডেল প্রেসক্লাব কার্যালয়ে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রেসক্লাবের সাবেক সভাপতি জাহাঙ্গীর আলম খায়েরের সভাপতিত্বে বর্তমান সাধারণ সম্পাদক সালেহ আহমদ সাকীর সঞ্চালনায় সংবর্ধিত অতিথির বক্তব্য রাখেন আহমেদ পারভেজ। সংবর্ধিত অতিথির বক্তব্যে আহমেদ পারভেজ বলেন, প্রবাসে অবস্থান করলেও তিনি সবসময় বিশ্বনাথ মডেল প্রেসক্লাবের কর্মকাণ্ডের খোঁজখবর রাখেন। প্রেসক্লাবের অগ্রযাত্রা ও সাংবাদিকদের কল্যাণে ভবিষ্যতেও তিনি পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি কামাল মুন্না, সাবেক সাধারণ সম্পাদক নবীন সুহেল, সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আক্তার আহমদ শাহেদ, যুগ্ম সাধারণ সম্পাদক মিছবাহ উদ্দিন, কোষাধ্যক্ষ আব্দুস সালাম, দপ্তর ও প্রচার সম্পাদক বদরুল ইসলাম মহসিন এবং সদস্য আফজল মিয়া। বক্তারা আহমেদ পারভেজের সাংবাদিকতা ও সংগঠনের প্রতি অবদানের প্রশংসা করেন এবং তাঁর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও প্রবাস জীবনের সার্বিক সফলতা কামনা করেন। অনুষ্ঠান শেষে সংবর্ধিত অতিথির হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।
বকশীগঞ্জে জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে ১১ দলীয় ঐক্যের উদ্যোগে গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত
জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে জুলাই সনদ বাস্তবায়ন, গণভোটের গণরায় কার্যকর এবং জুলাই গণহত্যার বিচারের দাবিতে জামালপুরের বকশীগঞ্জে ১১ দলীয় ঐক্যের উদ্যোগে গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৫ আগস্ট) বাদ আসর বকশীগঞ্জ উপজেলা মডেল মসজিদ প্রাঙ্গণ থেকে গণমিছিলটি শুরু হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মালিবাগ মোড়ে গিয়ে সমাবেশে মিলিত হয়। এতে ১১ দলীয় ঐক্যের বিভিন্ন রাজনৈতিক দল ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর ময়মনসিংহ অঞ্চল টিমের সদস্য অ্যাডভোকেট মাওলানা নাজমুল হক সাঈদী। তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নে দ্রুত জুলাই সনদ কার্যকর, গণভোটের গণরায়ের প্রতিফলন এবং জুলাই গণহত্যার সঙ্গে জড়িতদের বিচার নিশ্চিত করতে হবে। এ সময় বক্তব্য দেন এনসিপি বকশীগঞ্জ উপজেলা শাখার আহ্বায়ক মোসাদ্দেকুর রহমান মানিক, উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি আদিল ইবনে আউয়াল (আরমান), বকশীগঞ্জ পৌর জামায়াতে ইসলামীর আমির মাওলানা আব্দুল মতিন, উপজেলা জামায়াতে ইসলামীর সহ-সেক্রেটারি মোসাদ্দেক আলী, উপজেলা জামায়াতে ইসলামীর যুব বিভাগের সভাপতি কারিমুল ইসলাম, এনসিপি বকশীগঞ্জ উপজেলা শাখার সেক্রেটারি এমদাদুল হক মিলন এবং বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির বকশীগঞ্জ উপজেলা শাখার সভাপতি রেজওয়ানুল হক সিদ্দিক। বক্তারা বলেন, জুলাই গণঅভ্যুত্থান ছিল গণতন্ত্র, ন্যায়বিচার এবং মানুষের অধিকার প্রতিষ্ঠার একটি ঐতিহাসিক আন্দোলন। এ আন্দোলনের চেতনা বাস্তবায়নে জুলাই সনদের দ্রুত কার্যকর, জুলাই গণহত্যার বিচার এবং জনগণের প্রত্যাশা পূরণে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। সমাবেশে ছাত্রশক্তির সদস্য মো. জুম্মানসহ ১১ দলীয় ঐক্যের বিভিন্ন রাজনৈতিক দল ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বকশীগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
‘জুলাই চেতনায় গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে জামালপুরের বকশীগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৫ আগস্ট) বিকেলে উপজেলা প্রশাসনের উদ্যোগে বকশীগঞ্জ সরকারি গণগ্রন্থাগারের হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। পবিত্র কোরআন তেলাওয়াত ও দোয়ার মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুরাদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভা সঞ্চালনা করেন উপজেলা মৎস্য কর্মকর্তা হোসনে আরা বেগম এবং উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মাহবুবুর রহমান। অনুষ্ঠানে সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধি, শিক্ষার্থী এবং জুলাই গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারীরা উপস্থিত ছিলেন। আলোচনা সভায় বক্তব্য দেন সহকারী কমিশনার (ভূমি) আসমা উল হুসনা, বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মকবুল হোসেন, উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব মানিক সওদাগর, সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম প্রিন্স, সহসভাপতি অ্যাডভোকেট মুকাম্মেল হক, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার নওশেদ আলী, পৌর বিএনপির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম তালুকদার শাকিল, গণঅধিকার পরিষদের আহ্বায়ক শাহরিয়ার সুমন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আশিকুর রহমান তুলন, জুলাই গণঅভ্যুত্থানে নিহত শহীদ রিপনের মা রাহেনা পারভীন, জুলাই যোদ্ধা শহিদুল ইসলাম সানি, নাজমুস সাকিব এবং জুলাইয়ে আহত পরিবারের সদস্য ওয়ালি ইসলাম রাজুর পিতা সাংবাদিক রাজ্জাক মাহমুদসহ অন্যান্যরা। বক্তারা বলেন, জুলাই গণঅভ্যুত্থান দেশের গণতন্ত্র, ন্যায়বিচার ও মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে একটি ঐতিহাসিক মাইলফলক। শহীদদের আত্মত্যাগ ও আহতদের অবদান নতুন প্রজন্মের কাছে তুলে ধরার পাশাপাশি জুলাইয়ের চেতনাকে ধারণ করে বৈষম্যহীন, গণতান্ত্রিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। আলোচনা সভা শেষে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আয়োজিত চিত্রাঙ্কন, রচনা ও অন্যান্য প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা। এ সময় বক্তারা বিজয়ীদের অভিনন্দন জানান এবং জাতীয় ইতিহাস, মুক্তিযুদ্ধের চেতনা ও জুলাই গণঅভ্যুত্থানের আদর্শ ধারণে নতুন প্রজন্মকে আরও সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান।
মহালছড়িতে প্রশাসনের শক্ত অবস্থান: মাদকাসক্ত যুবককে ৬ মাসের জেল
খাগড়াছড়ির মহালছড়ি উপজেলায় মাদকাসক্তি ও জনভোগান্তি প্রতিরোধে পরিচালিত মোবাইল কোর্ট অভিযানে এক যুবককে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা অর্থদণ্ড প্রদান করেছে। মোবাইল কোর্ট পরিচালনা করেন, মহালছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ এরফানুল হক চৌধুরী। বুধবার (০৫ আগস্ট ২০২৬) মহালছড়ি উপজেলার বিভিন্ন এলাকায় পরিচালিত মোবাইল কোর্টে দণ্ডপ্রাপ্ত ব্যক্তি হলেন মোঃ শাহিন (২৫)। তিনি মৃত ফারুখ মিয়ার ছেলে ও মৃত শাহিরুন নেছার সন্তান। তাঁর বাড়ি ১নং ওয়ার্ডের ক্যায়াংঘাট এলাকায়, ৩নং ক্যায়াংঘাট ইউনিয়ন, মহালছড়ি উপজেলা, খাগড়াছড়ি। মোবাইল কোর্ট সূত্রে জানা যায়, মাদকাসক্তি, জনভোগান্তি সৃষ্টি এবং সামাজিক দুর্ভোগের কারণ হওয়ায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ৫০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। প্রশাসন জানিয়েছে, মাদক, অপরাধ ও জনস্বার্থবিরোধী কর্মকাণ্ড দমনে মহালছড়ি উপজেলার সব এলাকায় নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা করা হবে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে।
জুলাই জঙ্গীদের পতন সমাগত: জাবি শিক্ষার্থী
আজ ৫ আগস্ট ( বুধবার) নিজের ফেসবুক পোস্টে তিনি এ মন্তব্য করেন। তিনি লিখেন,"সাধারণ শিক্ষার্থীদেরকে ব্যবহার করে, দেশের মানুষের সাথে প্রতারণা করে, শত শত নিরীহ মানুষের লাশের উপর পারা মেরে রাজনীতি করা জুলাই জঙ্গিদের পতন সমাগত। সত্য প্রকাশিত হবেই ইনশাআল্লাহ। আল্লাহ সত্যবাদীদের সাথে আছেন। জুলাই মুর্দাবাদ মুক্তিযুদ্ধ জিন্দাবাদ জয় বাংলা জয় বঙ্গবন্ধু" এতে জাবি'র সাধারণ শিক্ষার্থীরা ক্ষিপ্ত হয়ে তাকে প্রশাসনের কাছে হস্তান্তর করে। এ সময় উপস্থিত ছিলেন জাবি ছাত্রদল,ছাত্র শিবির ও ছাত্রশক্তির নেতৃবৃন্দরা।
চাঁদপুরে মাদক বিরোধী অভিযানের সময় হামলায় এক মৃ/ত্যু
চাঁদপুর সদর উপজেলার মহামায়া এলাকায় মাদক বিরোধী অভিযানের সময় হামলায় এক প্রবাসীর মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে । জানাযায়,শাহমাহমুদপু ইউনিয়নের মান্দারী এলাকায় বুধবার (৫ আগস্ট ২৬) মাদক বিরোধী অভিযান পরিচালনা করে এলাকার যুবকরা।এসময় তাদের দৌড়াদৌড়ি দেখে শাহজাহান পাটোয়ারী নামে এক প্রবাসী তাদেরকে ডাক দেয়।এসময় মাদক বিরোধী অভিযানকারীরা প্রবাসী শাহজাহান পাটোয়ারীকে ইটপাটকেল নিক্ষেপ করে করলে চিকিৎসকের কাছে তাকে নেওয়া হয়।অবস্থা আশঙ্কা জনক হওয়ায় তাকে চাঁদপুর আড়াই শ শয্যা বিশিষ্ট সরকারি জেনারেল হাসপাতাল নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এব্যাপারে আমেনা বেগম বলেন, সাবেক চেয়ারম্যান স্বপন মাহমুদ করিয়েছে।তার পাঠানো লোকজন হামলা করে । এব্যাপারে শাহমামুদপুর ইউপির সাবেক চেয়ারম্যান স্বপন মাহমুদ বলেন, আমি এলাকায় ছিলাম না। আমি প্রোগ্রামে ছিলাম। এব্যাপারে চাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, আমি শুনেছি মাদক বিরোধী অভিযানের সময় একজন মারা গেছে। ঘটনাস্থলে লোক পাঠিয়েছি।
সংঘর্ষের রেশ কাটতেই বেরোবিতে একই মঞ্চে ছাত্রদল-শিবির সভাপতি
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে ছাত্রশিবিরের একটি প্রদর্শনীকে কেন্দ্র করে ছাত্রদল ও ছাত্রশিবিরের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া, পাল্টাপাল্টি কর্মসূচি এবং উত্তেজনার ঘটনার পরদিনই দুই সংগঠনের সভাপতিকে বিশ্ববিদ্যালয় প্রশাসনের আয়োজিত কর্মসূচিতে একসঙ্গে অংশ নিতে দেখা গেছে। বুধবার (৫ আগস্ট) সকালে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে বিশ্ববিদ্যালয় প্রশাসনের উদ্যোগে আয়োজিত বর্ণাঢ্য শোভাযাত্রা, বৃক্ষরোপণসহ বিভিন্ন কর্মসূচিতে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি মো. ইয়ামিন ইসলাম ও ছাত্রশিবিরের সভাপতি রাকিব মুরাদ পাশাপাশি উপস্থিত ছিলেন। শোভাযাত্রায় তারা সামনের সারিতে হাঁটেন। পরে উপাচার্য অধ্যাপক ড. মো. শওকাত আলীর সঙ্গে বৃক্ষরোপণ কর্মসূচিতেও একই মঞ্চে অংশ নেন। এর আগে মঙ্গলবার (৪ আগস্ট) বিকেলে বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন বিশ্ববিদ্যালয় শাখা ও মহানগর ছাত্রদলের নেতাকর্মীরা। বিক্ষোভ শেষে তারা ফটকের দেয়ালে ‘শিবির রাজাকার মুক্ত ক্যাম্পাস’ লিখে দেন। এ প্রসঙ্গে ছাত্রশিবিরের বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি রাকিব মুরাদ বলেন, ‘ছাত্রদল কোনো কর্মসূচি করেছে আর আমরা বাধা দিয়েছি—এমন ঘটনা কখনো ঘটেনি। আমরা চাই ক্যাম্পাসে সহাবস্থান ও স্থিতিশীল পরিবেশ বজায় থাকুক। তারা যে “শিবিরমুক্ত ক্যাম্পাস” লিখেছে, সেটিও তারা মুছে দেবে বলে আশা করি।’ ছাত্রদল সভাপতি ইয়ামিন ইসলাম বলেন, ‘জুলাই গণঅভ্যুত্থানে সব শ্রেণি-পেশা ও ধর্ম-বর্ণের মানুষের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় আমরা ত্রাসের রাজনীতি থেকে মুক্তি পেয়েছি। সেই ঐক্য ধরে রেখেই নতুন বাংলাদেশ গড়তে হবে। মতবিরোধ ও সহিংসতা পরিহার করতে হবে, যাতে আর কোনো ফ্যাসিবাদ মাথাচাড়া দিয়ে উঠতে না পারে।’ প্রসঙ্গত, সোমবার ‘জুলুমের বিরুদ্ধে জুলাই’ শীর্ষক ছাত্রশিবিরের একটি প্রদর্শনীকে কেন্দ্র করে ক্যাম্পাসে ছাত্রদল ও ছাত্রশিবিরের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এরপর উভয় সংগঠন মঙ্গলবার পৃথক কর্মসূচি ঘোষণা করলে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ছাত্রশিবির লালবাগ চত্বর থেকে আবু সাঈদ চত্বর পর্যন্ত ‘অদম্য জুলাই’ শিরোনামে বিক্ষোভ মিছিলের ঘোষণা দেয়। অন্যদিকে শিবিরের বিরুদ্ধে হামলার অভিযোগ তুলে রংপুর মহানগর ছাত্রদল শহীদ আবু সাঈদ চত্বর পার্ক মোড়ে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশের ডাক দেয়। উদ্ভূত পরিস্থিতিতে সংঘাত এড়াতে বিশ্ববিদ্যালয় প্রশাসন মূল ফটক এলাকায় ১৪৪ ধারা জারির আবেদন করে। পরে ছাত্রদল মূল ফটকে অবস্থান নিলেও পূর্বঘোষিত কর্মসূচির স্থান পরিবর্তন করে মিছিলটি শাপলা চত্বরে নিয়ে যায় এবং সেখানে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে কর্মসূচি শেষ করে।
মোংলায় জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি: জামায়াতে ইসলামীর গণমিছিল
ছাত্র-জনতার ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষ্যে বাগেরহাটের মোংলায় বিশাল গণমিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বুধবার সকালে পৌর শহরের প্রধান প্রধান সড়কে আয়োজিত এই কর্মসূচিতে দলটির নেতাকর্মী ছাড়াও সাধারণ ছাত্র-জনতা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। মোংলায় জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি: জামায়াতে ইসলামীর গণমিছিলগণমিছিল বুধবার সকাল ১০টায় মোংলা পৌর শহরের শ্রমিক সংঘ চত্বর থেকে বর্ণাঢ্য গণমিছিলটি শুরু হয়। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে। এ সময় নেতাকর্মীদের কণ্ঠে জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে বিভিন্ন স্লোগান ও রাষ্ট্রে সুশাসন প্রতিষ্ঠার দাবি প্রতিধ্বনিত হয়। এর আগে, সকাল থেকেই মোংলার বিভিন্ন এলাকা থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে জামায়াতে ইসলামী ও তার সহযোগী সংগঠনের নেতাকর্মীরা নির্ধারিত সমাবেশস্থলে এসে জড়ো হতে থাকেন। ব্যানার, ফেস্টুন ও জাতীয় পতাকা হাতে হাজারো মানুষের উপস্থিতিতে এলাকাটি উৎসবমুখর হয়ে ওঠে। মিছিল শেষে আয়োজিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, ছাত্র-জনতার অভূতপূর্ব আত্মত্যাগের মাধ্যমেই দেশে ফ্যাসিবাদের অবসান ঘটেছে। কোনো অবস্থাতেই শহীদের রক্তের সঙ্গে আপস করা হবে না। স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় দেশবাসীকে অতন্দ্র প্রহরীর ভূমিকা পালন করতে হবে। বক্তারা আরও বলেন, একটি বৈষম্যহীন, দুর্নীতিমুক্ত ও সাম্যবাদী বাংলাদেশ গড়ে তুলতে জামায়াতে ইসলামী অঙ্গীকারবদ্ধ। এ লক্ষ্যে সমাজের সব স্তরের মানুষকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তারা। পুরো কর্মসূচিটি শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে স্থানীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা ছিল চোখে পড়ার মতো।
নওগাঁয় শ্রদ্ধা ও ভালোবাসায় পালিত হলো জুলাই গণঅভ্যুত্থান দিবস
নওগাঁয় শ্রদ্ধা ও ভালোবাসায় নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হলো ৩৬ জুলাই "জুলাই গণঅভ্যুত্থান দিবস।" আজ বুধবার (৫ আগস্ট) সকাল সাড়ে ১০টার সময় নওগাঁ শহরের মুক্তির মোড়ে অবস্থিত জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে দিবসটির আনুষ্ঠানিক কর্মসূচি শুরু হয়। গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ করেন নওগাঁ জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম, পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম, জুলাই শহীদ পরিবারের সদস্য ও জুলাই যোদ্ধারা। পাশাপাশি বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তর, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের পক্ষ থেকেও স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। পরে বেলা সাড়ে ১১টায় নওগাঁ সদর উপজেলা অডিটোরিয়ামে জুলাই শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা দেওয়া হয়। একই সঙ্গে জুলাই গণঅভ্যুত্থানের তাৎপর্য তুলে ধরে বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়ছে।
ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধ চায়না দুয়ারী জাল ও পিরানহা মাছ জব্দ
লালমনিরহাটের হাতীবান্ধায় দেশীয় মাছ রক্ষায় এবং অবৈধ জালের ব্যবহার বন্ধে ভ্রাম্যমাণ আদালত (মোবাইল কোর্ট) এর মাধ্যমে অবৈধ চায়না দুয়ারী জাল আগুনে পুড়িয়ে বিনষ্ট ও পিরানহা মাছ বিক্রেতাকে আর্থিক জরিমানা করা হয়েছে। মঙ্গলবার (৪ আগস্ট) দিনভর হাতীবান্ধা উপজেলা মৎস্য অফিসের উদ্যোগে উপজেলার গড্ডিমারী ইউনিয়নের মধ্যগড্ডিমারী গ্রামের ‘গিরিয়ারপাড় বিলে’ মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন, ১৯৫০ অনুযায়ী এ অভিযান চালানো হয়। উপজেলা প্রশাসন সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গিরিয়ারপাড় বিলে মোবাইল কোর্ট পরিচালনা করে ৩০টি নিষিদ্ধ চায়না দুয়ারী জাল আনুমানিক ১৫০০ মিটার দৈর্ঘ্যের। ১টি ডুলি জাল ও ১টি হোকশ জাল জব্দ করা হয়। পরবর্তীতে জব্দকৃত অবৈধ জালসমূহ জনসম্মুখে আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয় এবং ডুলি ও হোকশ জালের অবকাঠামো অপসারণ করা হয়। ওই বিলে অভিযান শেষে উপজেলার মিলনবাজারে অপর একটি অভিযান পরিচালনা করা হয়। সেখানে বিক্রির উদ্দেশ্যে রাখা ১০ কেজি নিষিদ্ধঘোষিত ক্ষতিকর পিরানহা মাছ জব্দ করা হয় এবং সরকারি নির্দেশ অমান্য করে পিরানহা মাছ বিক্রির অপরাধে সংশ্লিষ্ট বিক্রেতাকে ১,০০০ (এক হাজার) টাকা জরিমানা করা হয়। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) দ্বীপ জন মিত্রের নেতৃত্বে এই মোবাইল কোর্ট পরিচালিত হয়। অভিযান পরিচালনাকালে উপস্থিত ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা জনাব দীন মোঃ আসাদুল্লাহ্, হাতীবান্ধা থানা পুলিশের একটি দল, ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশ সদস্যগণ। উপজেলা নির্বাহী অফিসার (ইউওনও) দ্বীপ জন মিত্র জানান, দেশীয় প্রজাতির মাছের বংশবৃদ্ধি নিশ্চিত করতে ও মৎস্য সম্পদ রক্ষায় অবৈধ জাল এবং ক্ষতিকর মাছ বিক্রির বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
জাতীয় ঐক্য ও চেতনার বার্তা নিয়ে মহালছড়িতে জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ পালিত
জুলাই চেতনায় গড়বো দেশ সবার আগে বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে খাগড়াছড়ির মহালছড়িতে জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৫ আগস্ট ২০২৬) সকাল ১০.৩০ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে মহালছড়ি উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ এরফানুল হক চৌধুরী। সভাটি সঞ্চালনা করেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সুপর্ণা দে। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহালছড়ি জোনের জোন প্রতিনিধি ক্যাপ্টেন তাহমিদ সামিন (জেডএসও), মহালছড়ি থানার অফিসার ইনচার্জ মির্জা জহির উদ্দিন, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ মনিরুজ্জামান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ জহিরুল হক, মহালছড়ি প্রেসক্লাবের সভাপতি দীপক সেন, বীর মুক্তিযোদ্ধা কমান্ডার চোহ্লাপ্রু চৌধুরী, জুলাই যোদ্ধা মোঃ আব্দুল কাদের সিয়াম, মোঃ কামাল উদ্দিন, মোঃ সাজ্জাদ হোসেন শেকু ও মোঃ রুবেল হোসেন। এছাড়াও অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, সাংবাদিক, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী এবং সুধীজন উপস্থিত ছিলেন। জুলাই যোদ্ধারা একে একে তাদের বক্তব্যের মাধ্যমে সেই স্মৃতি তুলে ধরেন। আলোচনা সভায় বক্তারা জুলাই গণঅভ্যুত্থানের তাৎপর্য, গণতন্ত্র, স্বাধীনতা, দেশপ্রেম, জাতীয় ঐক্য এবং নতুন প্রজন্মের মাঝে মুক্তিযুদ্ধ ও জুলাই আন্দোলনের চেতনা ছড়িয়ে দেওয়ার গুরুত্ব তুলে ধরেন। তারা দেশ গঠনে সকলকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান। অনুষ্ঠানে জুলাই যোদ্ধাদের মাঝে উপহার সামগ্রী হিসেবে বিভিন্ন লেখকের বই উপহার দেওয়া হয়। সভা শেষে জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে তাদের আত্মত্যাগ স্মরণ করা হয় এবং দেশের শান্তি, উন্নয়ন ও সমৃদ্ধি কামনা করা হয়।
জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে পাঁচবিবিতে আলোচনা সভা অনুষ্ঠিত
জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে জয়পুরহাটের পাঁচবিবিতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৫ আগস্ট) সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা নির্বাহী কর্মকর্তা কাশপিয়া তাসরিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তারা ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’-এর তাৎপর্য তুলে ধরেন। সভার শুরুতে জুলাই গণঅভ্যুত্থানে নিহতদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। একই সঙ্গে আন্দোলনে অংশ নিয়ে আহত ও স্থায়ীভাবে পঙ্গুত্ব বরণকারীদের প্রতি গভীর সহমর্মিতা প্রকাশ করা হয়। বক্তারা আহতদের রাষ্ট্রীয় মর্যাদা প্রদান এবং উন্নত চিকিৎসা নিশ্চিত করার জন্য সরকারের প্রতি আহ্বান জানান। বক্তারা বলেন, জুলাই গণঅভ্যুত্থানের চেতনা ধারণ করে বৈষম্যহীন, গণতান্ত্রিক ও মানবিক সমাজ প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। সভায় বক্তব্য রাখেন পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. তামবিরুল ইসলাম, উপজেলা বিএনপির সভাপতি সাইফুল ইসলাম ডালিম, সাধারণ সম্পাদক আ. হান্নান চৌধুরী, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তরুণ কুমার পাল, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. জসিম উদ্দিন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মো. ওবায়দুর রহমান, উপজেলা সমবায় কর্মকর্তা মো. মোশারফ হোসেনসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক এবং সুশীল সমাজের প্রতিনিধিরা।
কালীগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান দিবসের আলোচনা সভা ও দোয়া মাহফিল
গাজীপুরের কালীগঞ্জে ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৫ আগষ্ট) বিকেলে কালীগঞ্জ উপজেলা ও পৌর বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে পৌর বিএনপির আহবায়ক মোহাম্মদ হোসেন আরমান মাষ্টারের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহবায়ক মোঃ হুমায়ুন কবির মাষ্টার। বিশেষ অতিথি উপজেলা বিএনপির সদস্য সচিব খালেকুজ্জামান বাবলু। পৌর বিএনপির আহবায়ক কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ এর সঞ্চালনায় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন, গাজীপুর জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য মোঃ খায়রুল আহসান মিন্টু, কালীগঞ্জ পৌরসভার সাবেক মেয়র মোঃ লুৎফুর রহমান, কালীগঞ্জ পৌর বিএনপির সদস্য সচিব ইব্রাহিম প্রধান, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ মনিরুজ্জামান খান লাভলু, গাজীপুর জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আশরাফ নেওয়াজ চৌধুরী শাওন, জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ইয়াছিন মোল্লা, জেলা কৃষক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক মাহবুবুর রহমান, উপজেলা যুবদলের আহবায়ক আলী নুর হাসান প্রমূখ। জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে উপজেলা বিএনপির সদস্য সচিব খালেকুজ্জামান বাবলু বলেন, "গণতন্ত্র, ন্যায়বিচার ও জনগণের অধিকার রক্ষায় জুলাই গণঅভ্যুত্থানের চেতনা নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিতে হবে। দেশ যেন আর কখনও স্বৈরশাসনের পথে ফিরে না যায়, সে বিষয়ে সবাইকে সচেতন থাকতে হবে।" উপজেলা বিএনপির আহবায়ক মোঃ হুমায়ুন কবির মাষ্টার বলেন, জুলাই গণঅভ্যুত্থানে যারা জীবন দিয়েছেন, আহত হয়েছেন এবং নির্যাতন সহ্য করেছেন, আমরা গভীর শ্রদ্ধার সঙ্গে তাঁদের স্মরণ করছি। অন্যায়, অবিচার, বৈষম্য ও নিপীড়নের বিরুদ্ধে মানুষ ঐক্যবদ্ধ হলে কোনো শক্তিই তাদের দমাতে পারে না। তিনি আরও বলেন, গণঅভ্যুত্থানের চেতনাকে ধারণ করে তরুণ প্রজন্মকে সঙ্গে নিয়ে একটি ন্যায়ভিত্তিক, বৈষম্যহীন, দুর্নীতিমুক্ত ও মানবিক বাংলাদেশ গড়ে তুলতে হবে। পরিশেষে জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ এবং তাঁদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
যশোরে ৫টি স্বর্ণের বারসহ চোরাচালানকারী আটক
যশোর-বেনাপোল মহাসড়কে অভিযান চালিয়ে ১ কোটি ১০ লাখ টাকা মূল্যের ৫টি স্বর্ণের বারসহ ফারুক হোসেন (৩০) নামে এক চোরাচালানকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির সদস্যরা । এসময় তার কাছ থেকে দুটি মোবাইল ফোন এবং নগদ ১,৬৫৫ টাকা জব্দ করা হয়। বুধবার (৫ আগস্ট ) রাত আনুমানিক আড়াইটার দিকে যশোর- বেনাপোল মহাসড়কের দরগাহ ফিলিং স্টেশনের সামনে এ অভিযান পরিচালনা করে এ স্বর্ণের বারসহ তাকে আটক করা হয় । আটক ফারুক কুমিল্লার দাউদকান্দি উপজেলার মোবারকপুর গ্রামের মনু মিয়ার ছেলে। বিজিবি জানায়, আটক ব্যক্তির শরীরে বিশেষভাবে লুকানো অবস্থায় স্বর্ণের বারগুলো উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ফারুক স্বীকার করেছে, ঢাকা থেকে উদ্ধারকৃত স্বর্ণের বারগুলো সংগ্রহ করে যশোর হয়ে বেনাপোল দিয়ে ভারতে পাচারের পরিকল্পনা ছিল তার। উদ্ধারকৃত স্বর্ণের আনুমানিক বাজারমূল্য ১,১০,৪৭,২৩১ টাকা। দুটি মোবাইল ফোন (মূল্য ৩৫,০০০ টাকা) ও নগদ টাকাসহ জব্দকৃত মোট সিজার মূল্য ১,১০,৮৩,৮৮৬ (এক কোটি দশ লাখ তিরাশি হাজার আটশত ছিয়াশি) টাকা। এ বিষয়ে বিজিবির যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, আটককৃত আসামির বিরুদ্ধে মামলা দায়ের পূর্বক যশোর কোতয়ালী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। তিনি আরো জানান,সাম্প্রতিক সময়ে বাংলাদেশ থেকে ভারতে স্বর্ণ পাচারের প্রবণতা বৃদ্ধি পাওয়ায় বিজিবি তাদের টহল ও গোয়েন্দা নজরদারি জোরদার করেছে। সীমান্তে চোরাচালান রোধে বিজিবির এ ধরনের কঠোর আভিযানিক কার্যক্রম অব্যাহত থাকবে।