বাংলাদেশ বার্তা টুডে
ভ্যানচালক রাজুর উন্নত চিকিৎসায় এগিয়ে আসার আহ্বান
ভ্যানচালক রাজুর উন্নত চিকিৎসায় এগিয়ে আসার আহ্বান হরিপুর (ঠাকুরগাঁও) প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার লহুচাঁদ গ্রামের মোঃ রাজু সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে বর্তমানে মানবেতর জীবনযাপন করছেন। প্রায় দুই মাস আগে সড়ক দুর্ঘটনায় তাঁর একটি পা ভেঙে যায়। প্রয়োজনীয় চিকিৎসার জন্য বিপুল অর্থের প্রয়োজন হলেও আর্থিক সংকটের কারণে তিনি উন্নত চিকিৎসা নিতে পারছেন না। মোঃ রাজু পেশায় একজন ভ্যানচালক। পাঁচ সদস্যের পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি তিনি। দুর্ঘটনার পর থেকে পা ভেঙে যাওয়ায় ভ্যান চালাতে পারছেন না। ফলে তাঁর উপার্জনের পথ সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে। এতে পরিবারটি চরম অর্থকষ্টের মধ্যে দিন কাটাচ্ছে। অর্থের অভাবে প্রয়োজনীয় চিকিৎসা করাতে না পারায় তাঁর শারীরিক অবস্থারও উন্নতি হচ্ছে না। বর্তমানে চিকিৎসার ব্যয়ভার বহন করা পরিবারের পক্ষে একেবারেই অসম্ভব হয়ে পড়েছে। এ অবস্থায় মোঃ রাজু তাঁর উন্নত চিকিৎসার জন্য সমাজের বিত্তবান, হৃদয়বান ব্যক্তি, বিভিন্ন সামাজিক সংগঠন ও সহৃদয় মানুষের কাছে আর্থিক সহায়তার আবেদন জানিয়েছেন। সামর্থ্য অনুযায়ী সহযোগিতার মাধ্যমে তাঁকে সুস্থ জীবনে ফিরিয়ে আনতে এগিয়ে আসার জন্য সকলের প্রতি অনুরোধ জানিয়েছেন তিনি। "যোগাযোগ:" মোঃ রাজু ফোন নংঃ০১৭৩৮৫১৫০২২ ( বিকাশ ) গ্রাম: লহুচাঁদ, ডাকঘর: চৌরঙ্গী বাজার উপজেলা: হরিপুর, জেলা: ঠাকুরগাঁও।
শ্রীপুরে জুট গোডাউন অগ্নিকাণ্ড, ক্ষতি প্রায় ৩০ লাখ টাকা
শ্রীপুরে জুট গোডাউন অগ্নিকাণ্ড, ক্ষতি প্রায় ৩০ লাখ টাকা শ্রীপুর( গাজীপুর) সংবাদদাতা গাজীপুরের শ্রীপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে একটি জুট গোডাউনের বিপুল পরিমাণ মালামাল পুড়ে গেছে। রোববার (২৩ আগস্ট) ভোরে পৌরসভার দারগারচালা চৌরাস্তা এলাকায় এ ঘটনা ঘটে। আগুনে প্রায় ৩০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে জানিয়েছে ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিস সূত্র জানায়, ভোর ৫টা ৫৩ মিনিটের দিকে গোডাউনে আগুন লাগার খবর আসে। খবর পেয়ে মাওনা ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হলেও গোডাউনের ভেতরে থাকা আগুন পুরোপুরি নির্বাপণ করতে প্রায় তিন ঘণ্টা সময় লাগে। প্রাথমিকভাবে ফায়ার সার্ভিসের ধারণা, গোডাউনের ভেতরে অটোরিকশা চার্জ দেওয়ার সময় বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে। পরে দ্রুত তা গোডাউনের বিভিন্ন অংশে ছড়িয়ে পড়ে। স্থানীয়দের ভাষ্য, ভোরে হঠাৎ গোডাউনের ভেতর থেকে আগুন ও ধোঁয়া বের হতে দেখা যায়। কিছুক্ষণের মধ্যেই আগুনের তীব্রতা বেড়ে গেলে আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে নেয়। স্থানীয় সূত্রে জানা গেছে, হাবিবুর রহমান, শুরুজ আলী, আমান উল্লাহ ও জাবেদ আলী যৌথভাবে গোডাউনটি পরিচালনা করেন। অগ্নিকাণ্ডে সেখানে সংরক্ষিত মালামালের বড় একটি অংশ পুড়ে যায়। গোডাউন মালিকপক্ষের সদস্য হাবিবুর রহমান বলেন, আগুনে গোডাউনের মালামাল ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে তাদের বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়তে হয়েছে। শ্রীপুর ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ওয়্যারহাউজ ইন্সপেক্টর মো. নুরুল করিম জানান, অগ্নিকাণ্ডের খবর পাওয়ার পর দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে নেওয়া হয়। প্রাথমিক হিসাবে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ৩০ লাখ টাকা বলে ধারণা করা হচ্ছে। তিনি আরও জানান, আগুন লাগার প্রকৃত কারণ তদন্তের পর নিশ্চিত হওয়া যাবে। তবে প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্টসার্কিটকেই অগ্নিকাণ্ডের সম্ভাব্য কারণ হিসেবে দেখা হচ্ছে।
মাঠের কর্মী থেকে নেতৃত্বের প্রত্যাশা সৌরভ কুমার কর্মকার
মাঠের কর্মী থেকে নেতৃত্বের প্রত্যাশা সৌরভ কুমার কর্মকার। বগুড়া আদমদীঘি,সান্তাহার প্রতিবেদক জুলাই-২৪ এর আন্দোলনে জেল খেটেছেন। মামলা-হামলা সামলেছেন। সনাতন ধর্মালম্বী হইবার কারণে বহু অত্যাচার নির্যাতনের মুখে পড়তে হয়েছে। তবু দল ছাড়েননি। বরং যুবদলকে সুসংগঠিত করার চেষ্টা করেছেন। তিনি সৌরভ কুমার কর্মকার। সান্তাহার পৌর যুবদলের বর্তমান যুগ্ম আহ্বায়ক। ছাত্রদল দিয়ে রাজনীতির শুরু। এখন সাধারণ সম্পাদক পদে পৌরবাসীর আলোচনায় তার নাম ঘুরছে। শুধু রাজনীতি নয়, ধর্মীয় ও সামাজিক অঙ্গনেও তার সরব উপস্থিতি। হিন্দু মহাজোট বগুড়া জেলার প্রধান সমন্বয়কারীর দায়িত্ব পালন করছেন নাম প্রকাশে অনিচ্ছুক বিরোধীপক্ষের একজন কর্মী জানান। আদর্শ আলাদা হলেও, অন্যায়ের বিরুদ্ধে গর্জে ওঠা কণ্ঠস্বরকে সালাম জানাতে দ্বিধা নেই। আমি বিরোধী দলের একজন কর্মী হতে পারি, কিন্তু আমার আদমদীঘি উপজেলার কিছু মানুষের দেশপ্রেম ও সততার আমি ভীষণ ভক্ত। শ্রদ্ধাভাজন এমপি আব্দুল মহিত তালুকদার কাকা, সান্তাহার পৌর যুবদলের যুগ্ম আহবায়ক প্রিয় সৌরভ কুমার কর্মকার দাদা—আপনাদের প্রতি রইল অন্তহীন ভালোবাসা।অন্যায়ের বিরুদ্ধে আপনাদের প্রতিবাদী কণ্ঠ আর সততা আমাদের অনুপ্রাণিত করে। আপনারা সারাজীবন অন্যায়ের বিরুদ্ধে এভাবেই লড়াই করে যান, এই দোয়াই এবং আগামীতে সান্তাহার পৌর যুবদলের সভাপতি ও সাধারণ সম্পাদক এই দুইটি গুরুত্বপূর্ণ পদের মধ্যে যেকোনো একটিতে সৌরভ কুমার কর্মকার দাদা কে আমরা যোগ্য বলে মনে করি।
শ্রমিকের মৃত্যুর পরও ভাঙা হচ্ছে না নকশাবহির্ভূত ভবন, নোটিশেই সীমাবদ্ধ মতলব পৌরসভা!
শ্রমিকের মৃত্যুর পরও ভাঙা হচ্ছে না নকশাবহির্ভূত ভবন, নোটিশেই সীমাবদ্ধ মতলব পৌরসভা! মতলব প্রতিনিধিঃ চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় নকশাবহির্ভূত ভবন অপসারণের নোটিশের মেয়াদ শেষ হলেও তা ভাঙার কোনো উদ্যোগ নেয়নি পৌর কর্তৃপক্ষ। নোটিশের সময়সীমা পার হওয়ার পর ৫ দিন অতিবাহিত হলেও ভবনটি এখনো বহাল তবিয়তে রয়েছে। এতে স্থানীয় প্রশাসনের ভূমিকা নিয়ে জনমনে তীব্র ক্ষোভ ও প্রশ্ন দেখা দিয়েছে [১]। জানা যায়, গত ১০ আগস্ট (সোমবার) মতলব পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কে এম ইশমাম স্বাক্ষরিত এক নোটিশে ভবন মালিক প্রবাসী মো. লিটন বকাউলকে ৭ দিনের মধ্যে অবৈধ অংশ ভেঙে অপসারণের নির্দেশ দেওয়া হয়। গত ১৭ আগস্ট (সোমবার) সেই সময়সীমা শেষ হলেও পৌর কর্তৃপক্ষ এখন পর্যন্ত কোনো দৃশ্যমান ব্যবস্থা নেয়নি। স্থানীয়রা জানান, ওই ভবনের মাত্র ৬ ইঞ্চি দূরত্ব দিয়ে পল্লী বিদ্যুতের ৩৩ কেভি (কিলোভোল্ট) উচ্চ ক্ষমতার লাইন গেছে। যেকোনো মুহূর্তে এখানে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা রয়েছে [১]। গত ৯ আগস্ট (রবিবার) সকালে এই ভবনের দ্বিতীয় তলায় কাজ করার সময় হৃদয় হোসেন (২০) নামে এক নির্মাণ শ্রমিক বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান। এই মর্মান্তিক মৃত্যুর পরই পৌর কর্তৃপক্ষ ভবনটি ভাঙার নোটিশ দেয় [১]। ওই বাড়ীতে লিটনের পরিবারও বসবাস করে। এদিকে ভবনটি অপসারণ না করার পেছনে পৌরসভা ও বিদ্যুৎ অফিসের কর্মকর্তাদের বক্তব্যে চরম সমন্বয়হীনতা ও উদাসীনতা প্রকাশ পেয়েছে। পৌরসভার ইঞ্জিনিয়ার ফেরদৌস আহমেদ জানান, ভবন মালিক মৌখিকভাবে সময় চেয়েছেন এবং পল্লী বিদ্যুৎ অফিসের সাথে কথা বলে ভবন অপসারণের বিষয়ে পৌরসভাকে জানাবেন বলেছেন [১]। তবে মতলব দক্ষিণ পল্লী বিদ্যুৎ অফিসের ডিজিএম মো. জসিম উদ্দিন বলেন, "ওই এলাকার বিদ্যুৎ বন্ধ করা বা ভবন ভাঙার বিষয়ে আমরা কোনো লিখিত বা মৌখিক কোনো আবেদনই পাইনি" [১]। নির্দিষ্ট সময়ের মধ্যে ভবন অপসারণ না করলে স্থানীয় সরকার (পৌরসভা) আইন, ২০০৯ অনুযায়ী আইনি ব্যবস্থা নেওয়ার কথা থাকলেও পৌর প্রশাসনের এমন নীরবতায় ক্ষুব্ধ এলাকাবাসী প্রশ্ন তুলেছেন—পৌর কর্তৃপক্ষের উদাসীনতায় পুনরায় কোনো দুর্ঘটনা ঘটলে এর দায় নেবে কে?
শ্রীপুরে কৃষকদল নেতার কার্যালয়ে ২ রাউন্ড গুলি, আহত ১
গাজীপুরের শ্রীপুরে আবারও অবৈধ অস্ত্রের ঝনঝনানি। ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের নয়নপুর এলাকায় জাতীয়তাবাদী কৃষকদল নেতার কার্যালয়ে দুই রাউন্ড গুলি ছোড়ার ঘটনা ঘটেছে। এতে জজ মিয়া নামে এক নেতা আহত হয়েছেন। শনিবার (২২ আগস্ট) রাত ১০টার দিক আর এ কে সিরামিক্সের সামনে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, গাজীপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড জাতীয়তাবাদী কৃষকদলের সভাপতি জজ মিয়া তার কার্যালয়ে অবস্থান করছিলেন। এ সময় দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে পরপর দুই রাউন্ড গুলি ছুড়ে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। গুলির ঘটনায় জজ মিয়া আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠান। ঘটনার পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ ঘটনায় কারা জড়িত এবং কী কারণে জজ মিয়াকে লক্ষ্য করে গুলি করা হয়েছে, তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি। পুলিশ ঘটনাটি তদন্ত করে দুর্বৃত্তদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা করছে। স্থানীয়দের অভিযোগ, এলাকায় অবৈধ অস্ত্রের ব্যবহার ও সন্ত্রাসী কর্মকাণ্ডের কারণে সাধারণ মানুষের মধ্যে নিরাপত্তাহীনতা তৈরি হয়েছে। তারা দ্রুত ঘটনার সঙ্গে জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি )শাহিনুর আলম বলেন, রাতে ঘটনা শোনার সাথে সাথে পুলিশ পাঠানো হয়েছে , আমি নিজেও ছিলাম। তদন্ত শেষে জানা যাবে ঘটনার মূল কারণ।দুর্বৃত্তদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।
সোনারগাঁও সহোদর বিএনপি দুই নেতা বহিষ্কার
সোনারগাঁও সহোদর বিএনপি দুই নেতা বহিষ্কার সোনারগাঁও সংবাদদাতা: সোনারগাঁয়ে দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং সংগঠনের সুনাম ও ভাবমূর্তি ক্ষুণ্ণ করার অভিযোগে উপজেলা বিএনপির দুই নেতাকে দলের সকল পদ থেকে বহিষ্কার করা হয়েছে। শনিবার (২২ আগস্ট) বিকেলে নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ-সিদ্ধিরগঞ্জ) আসনের সংসদ সদস্য ও উপজেলা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নান এবং সাধারণ সম্পাদক মোশারফ হোসেনের যৌথ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্ত জানানো হয়। বহিষ্কৃত নেতারা হলেন, উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক আব্দুর রউফ এবং সোনারগাঁ উপজেলা বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক ও পিরোজপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল জলিল। দলীয় সূত্রে জানানো হয়, দীর্ঘদিন ধরে দলীয় পদ-পদবি ব্যবহার করে সাংগঠনিক শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে লিপ্ত থাকার স্পষ্ট অভিযোগের ভিত্তিতে তাদের বহিষ্কার করা হয়েছে। এবিষয়ে দলের পক্ষ থেকে দুটি বিশেষ নির্দেশনা জারি করা হয়েছে যার মধ্যে রয়েছে, এখন থেকে উল্লিখিত বহিষ্কৃত ব্যক্তিদের সঙ্গে দলের কোনো পর্যায়ের নেতাকর্মীকে কোনো ধরনের সাংগঠনিক যোগাযোগ না রাখা এবং বহিষ্কৃত ব্যক্তিরা পরবর্তীতে দলীয় পদ-পদবি ব্যবহার করে অথবা কোনো নেতাকর্মীর সঙ্গে যোগাযোগের মাধ্যমে দলীয় শৃঙ্খলাবিরোধী কোনো কার্যকলাপে লিপ্ত হলে তাদের বিরুদ্ধে আরও কঠোর সাংগঠনিক ও আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা। দলের শৃঙ্খলা, ঐক্য এবং সামগ্রিক সাংগঠনিক কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার স্বার্থে বিএনপির সকল স্তরের নেতাকর্মীর আন্তরিক সহযোগিতা কামনা করেছেন উপজেলা বিএনপির শীর্ষ নেতৃত্ব। উল্লেখ্য যে, বিএনপিতে থেকে সদ্য বহিষ্কৃত দুই নেতা আব্দুর রউফ ও আব্দুল জলিল দুই সহোদর হওয়া সত্ত্বেও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে একাধিকবার সংঘর্ষে লিপ্ত হয়েছিলেন। সম্প্রতি উপজেলার আষাড়িয়ারচর এলাকায় পুনরায় সংঘর্ষ ও বিএনপির পার্টি অফিস ভাঙচুর করা হলে বিষয়টি ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়। ঘটনার ৩ দিন পর সার্বিক পরিস্থিতি বিবেচনা করে দলের সুনাম অক্ষুণ্ণ রাখতে সাংগঠনিকভাবে এই কঠোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান সোনারগাঁ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন।
চিরতরে থমকে গেল দুই জীবন: মহালছড়ি মাইসছড়িতে বজ্রপাতে দম্পতির মৃত্যু
চিরতরে থমকে গেল দুই জীবন: মহালছড়ি মাইসছড়িতে বজ্রপাতে দম্পতির মৃত্যু মোঃ কাউছারুল ইসলাম,মহালছড়ি প্রতিনিধি খাগড়াছড়ি পার্বত্য জেলার মহালছড়ি উপজেলার মাইসছড়ি ইউনিয়নে থলিপাড়া যৌথখামার এলাকায় বজ্রপাতে একই সঙ্গে স্বামী-স্ত্রীর মৃত্যু হয়েছে। নিহতরা হলেন উচিংমং মারমা (৫৭) ও তাঁর স্ত্রী হ্লাপাই মারমা (৫২)। শনিবার (২২ আগস্ট) সন্ধ্যা আনুমানিক ৭টা ১৫ মিনিটের দিকে এ ঘটনা ঘটে। স্থানীয় গ্রামের কার্বারী নয়ন কুমার ত্রিপুরার সাথে কথা বলে জানা যায়, সন্ধ্যার দিকে এলাকায় বজ্রসহ বৃষ্টিপাত হচ্ছিল। এ সময় উচিংমং মারমা ও তাঁর স্ত্রী হ্লাপাই মারমা বৃষ্টির পানিতে গোসল করতে ঘরের সামনের উঠানে আসেন। একপর্যায়ে আকস্মিক বজ্রপাত হলে তাঁরা দুজনই বজ্রপাতে আক্রান্ত হন এবং ঘটনাস্থলেই মারা যান। পরে স্থানীয়রা তাঁদের উদ্ধারের চেষ্টা করেন। তবে ঘটনাস্থলেই দুজনকে মৃত অবস্থায় পাওয়া যায় বলে বিষয়টি নিশ্চিত করেছেন মাইসছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাজাই মারমা। স্বামী-স্ত্রীর একসঙ্গে বজ্রপাতে মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে এলাকায় শোকের ছায়া নেমে আসে। স্বজন, প্রতিবেশী ও স্থানীয়রা ঘটনাস্থলে ছুটে যান।
ঝিনাইদহে ছাত্রাবাসে থেকে অস্ত্রসহ ০৩ যুবক আটক
ঝিনাইদহে ছাত্রাবাসে থেকে অস্ত্রসহ ০৩ যুবক আটক একরামুল ইসলাম তুষার, কালীগঞ্জ ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহ শহরের বাস টার্মিনাল সংলগ্ন একটি ছাত্রাবাসে মাদক সেবনের সময় ওয়ান শুটার গান ও দুইটি তাজা গুলিসহ সহ তিনজনকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। শনিবার( ২২ শে আগস্ট) অভিযানে ফয়সাল (৩৪), অন্তর (২১) ও আব্দুল হাই (৩২) নামে তিন যুবককে আটক করা হয়েছে। শনিবার সন্ধ্যা ৭টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ছাত্রাবাসটিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। ঝিনাইদহ জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ওসি মনিরুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে সন্ধ্যায় বাস টার্মিনাল এলাকার একটি ছাত্রাবাসে অভিযান চালায় জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। এসময় ছাত্রাবাস থেকে মাদক সেবনকালে ৩ জনকে আটক করা হয়। আটকদের মধ্যে ফয়সালের কাছ থেকে ওয়ান শুটার গান ও দুইটি তাজা গুলি উদ্ধার করা হয়েছে। একই সময় অন্তর ও আব্দুল হাই নামে আরও দুজনকে মাদকসেবনের দায়ে আটক করে ডিবি পুলিশ। আটক অন্তরের বাবা পটুয়াখালী জেলা পুলিশে কর্মরত। ডিবি পুলিশ সূত্রে জানা গেছে, অস্ত্রসহ আটক ফয়সালের বাড়ি চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায়। তিনি ঝিনাইদহ শহরের পাগলাকানাই এলাকায় ভাড়া বাসায় থাকেন। এছাড়া আটক অন্তর (২১) ঝিনাইদহ শহরের কালীকাপুর পাড়া ও আব্দুল হাই (৩২) শহরের মর্ডান মোড়সংলগ্ন মহিলা কলেজপাড়ার বাসিন্দা। আটক তিনজনের বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে গোয়েন্দা পুলিশের ওসি জানান।
বাংলাদেশ ব্যাটিং ব্যর্থতার জবাব দিচ্ছে বোলিং দিয়ে
বাংলাদেশ ব্যাটিং ব্যর্থতার জবাব দিচ্ছে বোলিং দিয়ে। অস্ট্রেলিয়ার সাথে দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে মাত্র ৬৪ রানে অলআউট হয়েছে। যা নিয়ে সমর্থকরা কিছুটা হতাশ। তবে বোলিংয়ে অস্ট্রেলিয়াকে বড় স্কোর গড়ার সুযোগ দিচ্ছে না বাংলাদেশ। শরীফুল ইসলাম দুর্দান্ত বোলিংয়ে নিয়েছেন ৬ উইকেট। কোন বাংলাদেশি ক্রিকেটার একই ইনিংসে দলের সর্বোচ্চ রান ও সর্বোচ্চ উইকেটের মালিক এখন শরিফুল। ক্যামেরুণ গ্রীণের ক্যাচ ড্রপ না হলে অস্ট্রেলিয়াকে ১২০/১৩০ রানে আটকে দেয়ার সুযোগ হাতছাড়া করেছে। ১৬৫/৮ উইকেট অস্ট্রেলিয়ার বর্তমান স্কোর। যা প্রমাণ করে এই কন্ডিশনে ব্যাটিং করা কতোটা কঠিন। দ্বিতীয় ইনিংসে বাংলাদেশের ব্যাটিংয়ে জন্য শুভকামনা।
কালীগঞ্জে এক বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী গ্রেফতার
কালীগঞ্জে এক বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী গ্রেফতার আব্দুল মতিন খান কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধিঃ গাজীপুরের কালীগঞ্জে এক বছরের সশ্রম সাজাপ্রাপ্ত আসামী মোঃ আব্দুল বাতেনকে (৪৪) গ্রেফতার করেছে কালীগঞ্জ থানা পুলিশ। শনিবার (২২ আগস্ট) সন্ধ্যায় কালীগঞ্জ থানার এস আই মোঃ মাসুদ রানা শামিম এ তথ্য নিশ্চিত করেন। উপজেলার মোক্তারপুর ইউনিয়নের রাথুরা বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়। কালীগঞ্জ থানার এস আই মোঃ মাসুদ রানা শামিম বলেন, শনিবার (২২ আগস্ট) বিকালে গোপন সংবাদের ভিত্তিতে কালীগঞ্জ থানার সহকারী উপ-পরিদর্শক শফিকুল ইসলাম ও সঙ্গীয় ফোর্স সহ উপজেলার মোক্তারপুর ইউনিয়ন এলাকায় অভিযান পরিচালনা করা হয়। পরে পরোয়ানাভুক্ত পলাতক আসামি মোঃ আব্দুল বাতেনকে স্থাণীয় রাথুরা বাজার থেকে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদের তথ্য জানিয়ে কালীগঞ্জ থানার এস আই মোঃ মাসুদ রানা শামিম বলেন, কালীগঞ্জ থানার মামলা নাম্বার ২(৭)১৫ এ দন্ডবিধি ৩২৪ ধারায় আদালত মো. আব্দুল বাতেনকে এক বছর সশ্রম কারাদন্ড প্রদান করেন। সাজাপ্রাপ্ত আসামী আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে বিভিন্ন এলাকায় আত্মগোপন করেছিলেন। রবিবার সকালে তাকে গাজীপুর আদালতে প্রেরণ করা হবে।
নওগাঁয় পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে মাদ্রাসা শিক্ষকের মৃত্যু
নওগাঁয় পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে মাদ্রাসা শিক্ষকের মৃত্যু মোঃ রমজান হোসেন নওগাঁ জেলা প্রতিনিধিঃ নওগাঁর পোরশা উপজেলায় পুকুরে গোসল করতে গিয়ে পানিতে ডুবে রায়হান কবির (২৮) নামে এক মাদ্রাসা শিক্ষকের মৃত্যু হয়েছে। শনিবার (২২ আগস্ট) দুপুরের দিকে উপজেলার তেঁতুলিয়া ইউনিয়নের দাহার শেখপাড়া গ্রামে এই দুর্ঘটনা ঘটে। নিহত মাদ্রাসা শিক্ষক রায়হান কবির চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার দামদিপুর গ্রামের রফিকুল ইসলামের ছেলে। তিনি দাহার শেখপাড়া কওমি মাদ্রাসায় শিক্ষকতা করতেন। স্থানীয় ও মাদ্রাসা সূত্রে জানা যায়, দুপুরে কয়েকজন শিক্ষার্থীর সঙ্গে মাদ্রাসার পাশের একটি পুকুরে গোসল করতে নামেন রায়হান। একপর্যায়ে তিনি পুকুরের মাঝামাঝি গিয়ে ডুব দিলে আর পানির ওপরে উঠতে পারেননি। বিষয়টি বুঝতে পেরে শিক্ষার্থীরা পানিতে নেমে তাকে খুঁজতে শুরু করে। পরে শিক্ষার্থী ইউসুফ আলীর পায়ে রায়হানের লুঙ্গি লাগলে তার চিৎকারে অন্যরা এগিয়ে এসে পানির নিচ থেকে তাকে উদ্ধার করে। পরে স্থানীয়দের সহায়তায় রায়হানকে পোরশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পোরশা থানার অফিসার ইনচার্জ জিয়াউর রহমান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, নিহতের বাবা জানিয়েছেন, রায়হান শ্বাসকষ্টের সমস্যায় ভুগছিলেন। পরিবারের লিখিত আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে।
কুরআন উপহার দিয়ে নবীনদের বরণ করলো নোবিপ্রবি ছাত্রশিবির
কুরআন উপহার দিয়ে নবীনদের বরণ করলো নোবিপ্রবি ছাত্রশিবির মোঃ জাহিদ হাসান নোবিপ্রবি প্রতিনিধি নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, নোবিপ্রবি শাখা। শনিবার (২২ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ শহীদ মোহাম্মদ রুহুল আমিন অডিটোরিয়ামে দুটি অধিবেশনে নবীন বরণ ও ক্যারিয়ার গাইডলাইন প্রোগ্রাম-২০২৬ আয়োজন করে সংগঠনটি। এ সময় প্রায় ১২০০ শিক্ষার্থীকে আল-কুরআন, ফুল, সাংগঠনিক বই ও উপহারসামগ্রী দিয়ে বরণ করে নেয় সংগঠনটি। পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে এ আয়োজন শুরু হয়ে দুটি অধিবেশনে সম্পন্ন হয় অনুষ্ঠানটি। প্রকৌশল ও প্রযুক্তি অনুষদ, বিজ্ঞান অনুষদ এবং জীববিজ্ঞান অনুষদের শিক্ষার্থীদের নিয়ে সকাল ১০:০০ টায় ১ম অধিবেশন এবং কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদ, ব্যবসায় শিক্ষা অনুষদ, আইন অনুষদ, শিক্ষা বিজ্ঞান অনুষদ, আইআইএস ও আইআইটি-র শিক্ষার্থীদের নিয়ে দুপুর ২:০০ টায় দ্বিতীয় অধিবেশন শুরু হয়। অনুষ্ঠানে শাখা ছাত্রশিবিরের সভাপতি আরিফুর রহমান সৈকতের সভাপতিত্বে ১ম অধিবেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রাণরসায়ন ও অনুপ্রাণবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মো. আতিয়ার রহমান এবং প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনটির বর্তমান কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম। ২য় অধিবেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক ড. মো. বিলাল হোসাইন এবং প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনটির সাবেক কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী জেলা জামায়াতের আমীর ইসহাক খন্দকার, নোবিপ্রবির ফলিত গণিত বিভাগের সহকারী অধ্যাপক আব্দুল করিম, বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সাবেক সভাপতি মতিউর রহমান মিয়াজী ও তাহফিমুল মারুফ। অনুষ্ঠানে বক্তারা বিশ্ববিদ্যালয় জীবনের প্রস্তুতি, ক্যারিয়ার পরিকল্পনা এবং স্বপ্ন বাস্তবায়নের উপায় নিয়ে নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন। ২য় অধিবেশনে প্যানেল আলোচনার মাধ্যমে শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। উদ্বোধনী বক্তব্যে সংগঠনটির বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সভাপতি আরিফুর রহমান সৈকত বলেন, "যে লক্ষ্য-উদ্দেশ্য নিয়ে আপনারা এই বিশ্ববিদ্যালয়ে এসেছেন এবং আল্লাহ প্রদত্ত লক্ষ্য-উদ্দেশ্যকে সামনে রেখে একজন সফল মানুষ হতে, একজন শিক্ষার্থীকে যোগ্য করে গড়ে তুলতে যতটা সম্ভব সহযোগিতা করার চেষ্টা করবো।" ক্যাম্পাসগুলোতে ঐক্য, ভ্রাতৃত্ব, সহনশীলতার প্রতি আহ্বান জানিয়ে বুয়েটের শিক্ষার্থী শহীদ আবরার ফাহাদকে স্মরণ করেন তিনি। নবীনদের পক্ষ থেকে অনুভূতি প্রকাশ করে বাংলা বিভাগের শিক্ষার্থী ফারজানা আক্তার বলেন, "দীর্ঘ পথ পাড়ি দিয়ে আমরা আজ বিশ্ববিদ্যালয় জীবনে এসেছি। আমরা ভবিষ্যতে নিজেদেরকে আলোকিত অভিযাত্রী হিসেবে গড়ে তুলবো। বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরকে অসংখ্য ধন্যবাদ, শিক্ষার্থীদের জন্য এমন একটা সুন্দর আয়োজন করে বরণ করে নেওয়ার জন্য।" অনুষ্ঠানে সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম বলেন, "বিশ্ববিদ্যালয় জীবন শুধু প্রাতিষ্ঠানিক শিক্ষা অর্জনের সময় নয়, বরং নিজেকে দক্ষ, যোগ্য ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তোলার গুরুত্বপূর্ণ সময়। তাই শিক্ষার্থীদের নিয়মিত পড়াশোনার পাশাপাশি জ্ঞানচর্চা, দক্ষতা অর্জন, নৈতিকতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশে মনোযোগী হতে হবে। বর্তমান প্রতিযোগিতামূলক বিশ্বে শুধু ভালো ফলাফল করলেই হবে না; শিক্ষার্থীদের প্রযুক্তিগত দক্ষতা, যোগাযোগ দক্ষতা, ইংরেজি ভাষায় পারদর্শিতা এবং সময় ব্যবস্থাপনার মতো বিষয়েও দক্ষ হয়ে উঠতে হবে। বিশ্ববিদ্যালয় জীবনের প্রতিটি মুহূর্তকে কাজে লাগিয়ে ভবিষ্যৎ ক্যারিয়ারের জন্য এখন থেকেই প্রস্তুত হতে হবে।" তিনি আরও বলেন, "ক্যাম্পাসজীবনে মতের ভিন্নতা থাকলেও একে অপরের প্রতি শ্রদ্ধাশীল থাকতে হবে। সহনশীলতা, শৃঙ্খলা ও পারস্পরিক সহযোগিতার মাধ্যমে একটি সুন্দর শিক্ষার পরিবেশ গড়ে তুলতে শিক্ষার্থীদের ভূমিকা রাখতে হবে।" শিক্ষার্থীদের নিজেদের লক্ষ্য নির্ধারণ করে পরিকল্পিতভাবে এগিয়ে যাওয়ার পাশাপাশি দেশ ও সমাজের প্রতি দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান তিনি। বিশ্ববিদ্যালয় থেকে অর্জিত জ্ঞান ও দক্ষতা ভবিষ্যতে দেশ ও মানুষের কল্যাণে কাজে লাগানোর প্রত্যাশাও ব্যক্ত করেন। এছাড়াও তিনি দেশের চলমান পরিস্থিতি নিয়ে আলোচনা করেন। আলোচনা পর্বের পাশাপাশি 'ফুনুন শিল্পীগোষ্ঠী' মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা উপহার দেয়। অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারী নবীন শিক্ষার্থীদের হাতে বাংলা অর্থসহ পবিত্র কুরআন, নোটপ্যাড, কলম, চাবির রিং ও উপহার ব্যাগ তুলে দেওয়া হয়। একইসঙ্গে তাঁদের জন্য মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়।
ভারত বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চাইলে অবশ্যই সীমান্তহত্যা ও পুশইন বন্ধ করতে হবে : রাশেদ খাঁন
ভারত বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চাইলে অবশ্যই সীমান্তহত্যা ও পুশইন বন্ধ করতে হবে : রাশেদ খাঁন একরামুল ইসলাম তুষার, কালীগঞ্জ ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহ সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে হাসপাতালের নানা সংকট ও সীমাবদ্ধতাবিষয়ক নানা প্রসঙ্গে কথা বলেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী। শনিবার (২২ আগস্ট) দুপুরে ঝিনাইদহ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসক ও নার্সদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে, প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন বলেছেন, বাংলাদেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ ও প্রতিবেশীসুলভ সম্পর্ক চাইলে ভারতকে অবশ্যই সীমান্তহত্যা ও পুশইন বন্ধ করতে হবে। বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক হবে মূল্যায়নের ভিত্তিতে। মর্যাদা ও পারস্পরিক স্বার্থ সুরক্ষার ভিত্তিতে দুই দেশের সম্পর্ক নির্ভর করবে। তিনি আরও বলেছেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগের সময় ভারতের সঙ্গে স্বামী-স্ত্রীর মতো বা রাখি বাঁধার সম্পর্ক ছিল। ভারতকে মনে রাখতে হবে আওয়ামী লীগ নেই। বাংলাদেশের নেতৃত্বে এখন বিএনপি। কাজেই বাংলাদেশের জনগণের সঙ্গে তাদের সম্পর্ক তৈরি করতে হবে। রাশেদ খাঁন বলেন, ভারতের বর্তমান রাষ্ট্রদূত একজন প্রবীণ রাজনীতিবিদ। তিনি বলেছেন, বাংলাদেশের জনগণের সঙ্গে ভারত সম্পর্ক স্থাপন করতে চায়। এটি অত্যন্ত প্রশংসনীয় মনোভাব। ভারত এরই মধ্যে বিএনপির 'সবার আগে বাংলাদেশ' স্লোগান গ্রহণ করেছে। এর আগে মতবিনিময় সভায় হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে হাসপাতালের নানা সংকট ও সীমাবদ্ধতাবিষয়ক নানা প্রসঙ্গে কথা বলেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী। সভায় বিশেষ অতিথি ছিলেন জেলা সিভিল সার্জন ডা. মো. কামরুজ্জামান, জেলা পরিষদের প্রশাসক এম এ মজিদ, ড্যাবের কেন্দ্রীয় নেতা ডা. হাসানুজ্জামানসহ বিশিষ্ট ব্যক্তিরা।
প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় কিশোরীকে অপহরণের অভিযোগ
প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় কিশোরীকে অপহরণের অভিযোগ সোনারগাঁ (নারায়ণগঞ্জ) সংবাদদাতা: প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় এসএসসি পরীক্ষার্থী এক নাবালিকা কিশোরীকে জোরপূর্বক সিএনজি অটোরিকশায় তুলে অজ্ঞাত স্থানে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। ঘটনার পর একদিন পেরিয়ে গেলেও কিশোরীর কোনো সন্ধান না মেলায় পরিবারে চরম উদ্বেগ ও আতঙ্ক বিরাজ করছে। এ ঘটনায় অপহৃত কিশোরীর মা রুনা বাদী হয়ে সোনারগাঁ থানায় চারজনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন। লিখিত অভিযোগে বলা হয়, অপহৃত সাদিয়া আক্তার (১৫) সোনারগাঁয়ের মোগরাপাড়া উচ্চ বিদ্যালয় থেকে ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেছে। পূর্ব কান্দারগাঁও এলাকার মো. অহিদ হোসেনের ছেলে মো. সাফায়েত (২১) দীর্ঘ প্রায় এক বছর ধরে তাকে প্রেমের প্রস্তাব দিয়ে উত্ত্যক্ত করে আসছিল বলে অভিযোগ করা হয়েছে। প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় সাদিয়াকে অপহরণের হুমকিও দেওয়া হতো বলে অভিযোগে উল্লেখ করা হয়। এ বিষয়ে সাফায়েতের বাবা মো. অহিদ হোসেন (৪৫) ও মা শারমিন আক্তারকে (৩৮) জানিয়ে বিচার চাওয়া হলেও তারা কোনো কার্যকর পদক্ষেপ নেননি বলে দাবি করেছেন কিশোরীর মা। অভিযোগ অনুযায়ী, গত ২১ আগস্ট সন্ধ্যা আনুমানিক সাড়ে ৬টার দিকে সাদিয়া বাড়ি থেকে মুড়ি-চানাচুর কিনতে দোকানে যাওয়ার পথে চিলারবাগ এলাকায় তাদের বসতবাড়ির সামনের পাকা রাস্তায় পৌঁছালে অভিযুক্ত সাফায়েতসহ অন্যরা তাকে জোরপূর্বক একটি অজ্ঞাতনামা সিএনজি অটোরিকশায় তুলে নিয়ে যায়। এরপর তাকে অজ্ঞাত স্থানে আটকে রাখা হয়েছে বলে অভিযোগ করা হয়েছে। ঘটনার পর থেকে স্বজনরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও কিশোরীর কোনো সন্ধান পাননি। নাবালিকা মেয়ের নিরাপত্তা নিয়ে পরিবারটি এখন চরম শঙ্কায় দিন কাটাচ্ছে। পরিবারের অভিযোগ, পরিকল্পিতভাবেই তাকে অপহরণ করা হয়েছে। এ ঘটনায় মো. সাফায়েত, তার বাবা মো. অহিদ হোসেন, মা শারমিন আক্তার এবং অজ্ঞাতনামা আরও একজনকে আসামি করে সোনারগাঁ থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। এ বিষয়ে সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল বারিক বলেন, লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।” পরিবারের দাবি, দ্রুত অপহৃত কিশোরীকে অক্ষত অবস্থায় উদ্ধার করে ঘটনায় জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়া হোক।
রাউজান প্রেস ক্লাবের সাংগঠনিক সভা অনুষ্ঠিত
রাউজান প্রেস ক্লাবের সাংগঠনিক সভা অনুষ্ঠিত মিলন বৈদ্য শুভ , রাউজান(চট্টগ্রাম) : রাউজান প্রেস ক্লাবের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল, শক্তিশালী ও ঐক্যবদ্ধ করার লক্ষ্যে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২২ আগস্ট) রাউজান প্রেস ক্লাব কার্যালয়ে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন রাউজান প্রেস ক্লাবের সভাপতি কাজী মোহাম্মদ সরোয়ার খান মনজু। সভায় প্রধান অতিথি ছিলেন প্রেস ক্লাবের সাবেক সভাপতি তৈয়ব চৌধুরী। সংগঠনের সাধারণ সম্পাদক মোজাফফর হোসাইন শিকদার-এর সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন সিনিয়র সহ-সভাপতি নাজিম উদ্দীন মিয়াজী, সহ-সভাপতি মিলন বড়ুয়া, যুগ্ম সম্পাদক রবিউল হোসেন রবি, দপ্তর সম্পাদক এ কে বাবর, কাজী মামুনুর রশিদ, মিলন বৈদ্যসহ প্রেস ক্লাবের অন্যান্য সদস্যরা। সভায় বক্তারা বলেন, রাউজান প্রেস ক্লাবকে একটি শক্তিশালী, ঐক্যবদ্ধ ও পেশাদার সাংবাদিক সংগঠন হিসেবে এগিয়ে নিতে সকল সদস্যকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন, সাংবাদিকদের পেশাগত মর্যাদা রক্ষা এবং সংগঠনের সাংগঠনিক কার্যক্রম আরও সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করেন তারা। সভাপতির বক্তব্যে কাজী মোহাম্মদ সরোয়ার খান মনজু বলেন, “রাউজান প্রেস ক্লাব শুধু সাংবাদিকদের একটি সংগঠন নয়, এটি রাউজানের মানুষের কথা বলার একটি দায়িত্বশীল প্ল্যাটফর্ম। সত্য, ন্যায় ও বস্তুনিষ্ঠতার ভিত্তিতে সাংবাদিকতার মান উন্নয়ন এবং সংগঠনের ঐক্য ও শৃঙ্খলা বজায় রাখতে আমাদের সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।” প্রধান অতিথির বক্তব্যে তৈয়ব চৌধুরী বলেন, “সাংবাদিকদের পারস্পরিক সৌহার্দ্য, ঐক্য ও পেশাগত দায়িত্ববোধই একটি প্রেস ক্লাবের মূল শক্তি। রাউজান প্রেস ক্লাব অতীতের সুনাম ধরে রেখে ভবিষ্যতে আরও কার্যকর ভূমিকা রাখবে—এটাই প্রত্যাশা।” সভায় প্রেস ক্লাবের সাংগঠনিক কর্মকাণ্ড জোরদার, সদস্যদের মধ্যে পারস্পরিক সমন্বয় বৃদ্ধি এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। পাশাপাশি সংগঠনের স্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন উপস্থিত সাংবাদিকরা। মিলন বৈদ্য শুভ , রাউজান(চট্টগ্রাম) : রাউজান প্রেস ক্লাবের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল, শক্তিশালী ও ঐক্যবদ্ধ করার লক্ষ্যে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২২ আগস্ট) রাউজান প্রেস ক্লাব কার্যালয়ে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন রাউজান প্রেস ক্লাবের সভাপতি কাজী মোহাম্মদ সরোয়ার খান মনজু। সভায় প্রধান অতিথি ছিলেন প্রেস ক্লাবের সাবেক সভাপতি তৈয়ব চৌধুরী। সংগঠনের সাধারণ সম্পাদক মোজাফফর হোসাইন শিকদার-এর সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন সিনিয়র সহ-সভাপতি নাজিম উদ্দীন মিয়াজী, সহ-সভাপতি মিলন বড়ুয়া, যুগ্ম সম্পাদক রবিউল হোসেন রবি, দপ্তর সম্পাদক এ কে বাবর, কাজী মামুনুর রশিদ, মিলন বৈদ্যসহ প্রেস ক্লাবের অন্যান্য সদস্যরা। সভায় বক্তারা বলেন, রাউজান প্রেস ক্লাবকে একটি শক্তিশালী, ঐক্যবদ্ধ ও পেশাদার সাংবাদিক সংগঠন হিসেবে এগিয়ে নিতে সকল সদস্যকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন, সাংবাদিকদের পেশাগত মর্যাদা রক্ষা এবং সংগঠনের সাংগঠনিক কার্যক্রম আরও সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করেন তারা। সভাপতির বক্তব্যে কাজী মোহাম্মদ সরোয়ার খান মনজু বলেন, “রাউজান প্রেস ক্লাব শুধু সাংবাদিকদের একটি সংগঠন নয়, এটি রাউজানের মানুষের কথা বলার একটি দায়িত্বশীল প্ল্যাটফর্ম। সত্য, ন্যায় ও বস্তুনিষ্ঠতার ভিত্তিতে সাংবাদিকতার মান উন্নয়ন এবং সংগঠনের ঐক্য ও শৃঙ্খলা বজায় রাখতে আমাদের সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।” প্রধান অতিথির বক্তব্যে তৈয়ব চৌধুরী বলেন, “সাংবাদিকদের পারস্পরিক সৌহার্দ্য, ঐক্য ও পেশাগত দায়িত্ববোধই একটি প্রেস ক্লাবের মূল শক্তি। রাউজান প্রেস ক্লাব অতীতের সুনাম ধরে রেখে ভবিষ্যতে আরও কার্যকর ভূমিকা রাখবে—এটাই প্রত্যাশা।” সভায় প্রেস ক্লাবের সাংগঠনিক কর্মকাণ্ড জোরদার, সদস্যদের মধ্যে পারস্পরিক সমন্বয় বৃদ্ধি এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। পাশাপাশি সংগঠনের স্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন উপস্থিত সাংবাদিকরা।