বাংলাদেশ বার্তা টুডে
তৃণমূলের শক্তি, বিএনপির ভিত্তি: বেতগাড়ী ইউনিয়নে মতবিনিময় সভা
তৃণমূলের শক্তি, বিএনপির ভিত্তি: বেতগাড়ী ইউনিয়নে মতবিনিময় সভা রফিকুল ইসলাম সাবুল : রংপুর প্রতিনিধি খাপড়ীখালে নেতাকর্মীদের সঙ্গে ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দের গঠনমূলক আলোচনা খাপড়ীখাল, ২৭ আগস্ট ২০২৬: তৃণমূল পর্যায়ে দলকে আরও শক্তিশালী, সুসংগঠিত ও গতিশীল করার লক্ষ্যে ১নং বেতগাড়ী ইউনিয়নের ১নং ওয়ার্ড (খাপড়ীখাল) বিএনপির নেতাকর্মীদের সঙ্গে ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দের মতবিনিময় ও গঠনমূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ‘তৃণমূলের শক্তি, বিএনপির ভিত্তি’—এই প্রত্যয়ে আয়োজিত সভায় দলীয় ঐক্য, সাংগঠনিক কার্যক্রম জোরদার এবং তৃণমূল পর্যায়ে বিএনপিকে আরও শক্তিশালী করার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। সভায় উপস্থিত নেতাকর্মীরা দেশ ও দলের কল্যাণে বিভিন্ন গঠনমূলক মতামত ও গুরুত্বপূর্ণ পরামর্শ তুলে ধরেন। আলোচনা সভায় বক্তারা বলেন, তৃণমূল নেতাকর্মীরাই একটি রাজনৈতিক দলের মূল শক্তি। পারস্পরিক ঐক্য, সমন্বয় ও সাংগঠনিক কর্মকাণ্ডের মাধ্যমে দলকে আরও শক্তিশালী ও কার্যকরভাবে এগিয়ে নেওয়া সম্ভব। এ সময় দলীয় নেতাকর্মীদের মধ্যে সৌহার্দ্য ও ঐক্য বজায় রেখে সাংগঠনিক কার্যক্রমকে গতিশীল করার ওপর গুরুত্বারোপ করা হয়। সভায় উপস্থিত ছিলেন ১নং বেতগাড়ী ইউনিয়ন বিএনপির সিনিয়র সহসভাপতি মাহমুদুল ইসলাম সবুজ, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান রিপন, সাংগঠনিক সম্পাদক নুরুল আমিন নাদিম, ১নং ওয়ার্ড বিএনপির সভাপতি আনোয়ারুল ইসলাম টন্ডু এবং সাধারণ সম্পাদক রবিউল ইসলাম আউয়াল। এ ছাড়া ইউনিয়ন বিএনপি ও সংশ্লিষ্ট ওয়ার্ড বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন। সভায় নেতৃবৃন্দ তৃণমূলের নেতাকর্মীদের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে সাংগঠনিক ঐক্য ও শক্তি আরও সুদৃঢ় করার প্রত্যয় ব্যক্ত করেন।
ইসলামি ইতিহাস ও ঐতিহ্য চর্চা ,মহালছড়িতে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে কুইজ প্রতিযোগিতা সম্পন্ন
ইসলামি ইতিহাস ও ঐতিহ্য চর্চা ,মহালছড়িতে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে কুইজ প্রতিযোগিতা সম্পন্ন মোঃ কাউছারুল ইসলাম মহালছড়ি (খাগড়াছড়ি) প্রতিনিধি: পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে মহালছড়িতে অত্যন্ত উৎসাহ-উদ্দীপনা ও উৎসবমুখর পরিবেশে সাধারণ জ্ঞান (কুইজ) প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। মহান রাব্বুল আলামিনের প্রিয় হাবিব মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর ১৫০১তম জন্মবার্ষিকী তথা পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন উপলক্ষে ইমাম আ'লা হযরত (রহ.)-এর স্মরণ কমিটি এই চমৎকার আয়োজনের উদ্যোগ গ্রহণ করে। আজ শুক্রবার (২৮ আগস্ট) উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রায় ২০০ জন ছাত্রছাত্রীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মহালছড়ি ইসলামী দাখিল মাদ্রাসায় এই প্রতিযোগিতা সফলভাবে সম্পন্ন হয়। শিক্ষার্থীদের মাঝে ইসলামি ইতিহাস, ঐতিহ্য ও সাধারণ জ্ঞান চর্চায় আগ্রহ বাড়াতে আয়োজিত এ কুইজ প্রতিযোগিতাটি স্থানীয় মহলে বেশ প্রশংসিত হয়েছে। প্রতিযোগিতা চলাকালীন মহালছড়ি কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা মুহাম্মদ বোরহান উদ্দিন বিভিন্ন পরীক্ষার কক্ষ পরিদর্শন করেন। এ সময় তিনি পরীক্ষার্থীদের খোঁজখবর নেন এবং সুন্দর ও সুশৃঙ্খল পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হওয়ায় সন্তোষ প্রকাশ করেন।
বকশীগঞ্জে অবৈধভাবে মজুদ ৭২ বস্তা সার জব্দ, ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা
বকশীগঞ্জে অবৈধভাবে মজুদ ৭২ বস্তা সার জব্দ, ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা আবু তাহের, বকশিগঞ্জ প্রতিনিধি : জামালপুরের বকশীগঞ্জে লাইসেন্স ছাড়াই অবৈধভাবে সার মজুদ করার দায়ে দুলাল নামে এক ব্যক্তিকে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে তাঁর গুদাম থেকে ৭২ বস্তা সার জব্দ করা হয়েছে। জব্দ করা সার সরকার নির্ধারিত মূল্যে কৃষকদের কাছে বিক্রি করা হবে। বুধবার (২৭ আগস্ট) রাত আনুমানিক ১০টার দিকে উপজেলার বগারচর ইউনিয়নে এ অভিযান পরিচালনা করেন ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আসমা উল হুসনা। এ সময় উপজেলা কৃষি কর্মকর্তা আমিনুল ইসলামসহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন। উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বগারচর ইউনিয়নের একটি অনুমোদনহীন গুদামে বিপুল পরিমাণ সার মজুদ করার খবর পাওয়া যায়। পরে পুলিশের সহযোগিতায় সেখানে অভিযান চালিয়ে ৭২ বস্তা সার জব্দ করা হয়। অভিযানে সংশ্লিষ্ট ব্যক্তির কোনো বৈধ লাইসেন্স বা অনুমোদন না থাকায় অবৈধভাবে সার মজুদের অভিযোগে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। আদালত দুলালকে ২০ হাজার টাকা জরিমানা করেন। একই সঙ্গে জব্দ করা সার সরকার নির্ধারিত মূল্যে কৃষকদের কাছে বিক্রির সিদ্ধান্ত নেওয়া হয়। ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আসমা উল হুসনা বলেন, “কৃষকদের প্রয়োজনীয় সার সরবরাহ স্বাভাবিক রাখতে এবং কৃত্রিম সংকট সৃষ্টি রোধে প্রশাসন তৎপর রয়েছে। অনুমোদন বা লাইসেন্স ছাড়া কেউ সার মজুদ, পরিবহন কিংবা বিক্রি করলে তাঁর বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”
কালীগঞ্জে ছাত্রলীগের ঝটিকা মিছিল
কালীগঞ্জে ছাত্রলীগের ঝটিকা মিছিল একরামুল ইসলাম তুষার, কালীগঞ্জ ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের কালীগঞ্জে ছাত্রলীগের ঝটিকা মিছিল অনুষ্ঠিত হয়। শুক্রবার ( ২৮আগস্ট) ভোর সাড়ে পাঁচটার দিকে কালীগঞ্জ মেইন বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় আওয়ামী লীগের নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে ১০-১৫ জন নেতা-কর্মী এই ঝটিকা মিছিল বের করে। দুই-তিন মিনিট দীর্ঘস্থায়ী এই মিছিল শেষে নেতা-কর্মীরা দ্রুত স্থান ত্যাগ করে। মিছিলে অংশ নিতে দেখা যায় ঝিনাইদহ জেলা ছাত্রলীগের দপ্তর সম্পাদক শেখ সাদি, সহ-সভাপতি শাহরিয়ার সীমান্ত এবং সহ-সম্পাদক মোহাম্মদ তৌফিক ওমর সাব্বিরসহ জেলা ও কালীগঞ্জ উপজেলা ছাত্রলীগের ছাত্রলীগের নেতৃবৃন্দেকে।
নওগাঁয় ৮ বছর বয়সী শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ, অভিযুক্ত কিশোর গ্রেপ্তার
নওগাঁয় ৮ বছর বয়সী শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ, অভিযুক্ত কিশোর গ্রেপ্তার মোঃ রমজান হোসেন নওগাঁ জেলা প্রতিনিধিঃ নওগাঁর রাণীনগর উপজেলায় ৮ বছর বয়সী এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে সিফাত হোসেন (১৪) নামে এক কিশোরকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার (২৭ আগস্ট) রাতে উপজেলার চক পারইল এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। আটককৃত কিশোর সিফাত ওই গ্রামের দুলাল হোসেনের ছেলে। মামলার এজাহার সূত্রে জানা গেছে, বুধবার বিকেলে ওই শিশু এক আত্মীয়ের বাড়িতে যাওয়ার পথে সিফাত তাকে ডেকে স্থানীয় একটি জঙ্গলের দিকে নিয়ে যায়। সেখানে তাকে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ করা হয়েছে। ঘটনার পর শিশুটির বাবা বৃহস্পতিবার সন্ধ্যায় রাণীনগর থানায় একটি মামলা দায়ের করেন। মামলার পর পুলিশ অভিযুক্ত সিফাত হোসেনকে গ্রেপ্তার করে। রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ জাকারিয়া মন্ডল বলেন, শিশুটির বাবা বাদী হয়ে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা করেছেন। মামলার আসামি সিফাত হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে শুক্রবার আদালতে পাঠানো হবে।
বাঁশখালীতে মাইজভাণ্ডারী শাহ এমদাদীয়ার উদ্যোগে ত্রাণ ও ঘর নির্মাণসামগ্রী বিতরণ
বাঁশখালীতে মাইজভাণ্ডারী শাহ এমদাদীয়ার উদ্যোগে ত্রাণ ও ঘর নির্মাণসামগ্রী বিতরণ মিলন বৈদ্য শুভ,চট্টগ্রাম (প্রতিনিধি): চট্টগ্রামের বাঁশখালীতে বন্যাদুর্গত ও ক্ষতিগ্রস্ত অসহায় মানুষের মাঝে ত্রাণসামগ্রী ও ঘর নির্মাণসামগ্রী বিতরণ করেছে আঞ্জুমানে মোত্তাবেয়ীনে গাউছে মাইজভাণ্ডারী (শাহ্ এমদাদীয়া) চট্টগ্রাম জেলা কার্যকরী সংসদ। ২৭ আগস্ট বৃহস্পতিবার সকাল ১০টায় বাঁশখালীর খদুলপাড়া দায়রা শাখায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। দরবারে গাউছুল আজম মাইজভাণ্ডারীর সাজ্জাদানশীন আলহাজ্ব হযরত মওলানা শাহ সুফি সৈয়দ এমদাদুল হক মাইজভাণ্ডারীর পৃষ্ঠপোষকতায় এবং নায়েব সাজ্জাদানশীন ও মোন্তাজেমে দরবার আলহাজ্ব সৈয়দ ইরফানুল হক মাইজভাণ্ডারীর সার্বিক তত্ত্বাবধানে এই ত্রাণ ও পুনর্বাসন কর্মসূচি বাস্তবায়িত হয়। উক্ত কর্মসূচীতে বাঁশখালী উপজেলার বিভিন্ন এলাকার বন্যায় ক্ষতিগ্রস্ত শতাধিক পরিবারের মাঝে খাদ্যসামগ্রী (ত্রাণ) এবং ঘরবাড়ি পুনঃর্নির্মাণের জন্য ঢেউটিনসহ প্রয়োজনীয় ঘর নির্মাণসামগ্রী বিতরণ করা হয়। অনুষ্ঠানে বক্তারা বলেন, “মাইজভাণ্ডারী তরিকতের মূল শিক্ষা হলো মানবসেবা ও সৃষ্টিজীবের কল্যাণ সাধন। যেকোনো দুর্যোগে বিপন্ন মানুষের পাশে দাঁড়ানো আমাদের মানবিক ও ঈমানি দায়িত্ব। বাঁশখালীর বন্যাদুর্গত মানুষের দুঃখ-কষ্ট লাঘবে আঞ্জুমানে মোত্তাবেয়ীনে গাউছে মাইজভাণ্ডারী (শাহ্ এমদাদীয়া)-র এই সাহায্য-সহযোগিতা কার্যক্রম অব্যাহত থাকবে।” অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা কার্যকরী সংসদের সভাপতি মুহাম্মদ হুমায়ুন কবির চৌধুরী, সাধারণ সম্পাদক শেখ শাকিল মাহমুদ, বাঁশখালী উপজেলার মুহাম্মদ ফারুক, মাওলানা নুরুল হক, নুরুল ইসলাম, নেছার আহমদ, রফিক উদ্দীন প্রমুখ। এছাড়াও এসময় এলাকার স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, দরবারের খাদেমবৃন্দ এবং আঞ্জুমানে মোত্তাবেয়ীনে গাউছে মাইজভাণ্ডারী (শাহ্ এমদাদীয়া) বাঁশখালী উপজেলা ও বিভিন্ন শাখা সংসদের কর্মকর্তা ও সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। পরিশেষে দেশ ও জাতির কল্যাণ এবং বন্যাদুর্গত মানুষের উত্তরোত্তর উত্তরণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাতের মাধ্যমে কর্মসূচি সমাপ্তি হয়।
হিমালয়ে বরফ ভাঙছে, নিচে কতটা নিরাপদ দক্ষিণ এশিয়া?
হিমালয়ে বরফ ভাঙছে, নিচে কতটা নিরাপদ দক্ষিণ এশিয়া? নেপাল-তিব্বতে ৩৬০-এর বেশি মৃত্যু, নিখোঁজ ১,৪০০-এর বেশি; নতুন হ্রদে ফের বন্যার আশঙ্কা—হিমালয়ের এই বিপর্যয় কি ভাটির দেশগুলোর জন্যও সতর্কবার্তা? বিশেষ প্রতিনিধি, সঞ্জয় মজুমদার হিমালয়ের নেপাল-তিব্বত সীমান্তে মাত্র কয়েক ঘণ্টার একটি প্রাকৃতিক বিপর্যয় পুরো অঞ্চলের দুর্যোগ-নিরাপত্তা নিয়ে নতুন প্রশ্ন তুলেছে। ২৬ আগস্টের ভয়াবহ বন্যা ও ভূমিধসে এখন পর্যন্ত ৩৬০-এর বেশি মানুষের মৃত্যু হয়েছে এবং ১,৪০০-এর বেশি মানুষ নিখোঁজ। সবচেয়ে বড় উদ্বেগ, বিপর্যয়ের পর সীমান্তের ওপরে একটি নতুন হ্রদ তৈরি হয়েছে। সেটি ভেঙে গেলে আরও বড় আকস্মিক বন্যা হতে পারে বলে সতর্ক করা হয়েছে। প্রাথমিক স্যাটেলাইট ও ভূতাত্ত্বিক বিশ্লেষণ বলছে, এটি সাধারণ বৃষ্টিজনিত বন্যা নয়। হিমবাহের বরফ ও পাথরের বিশাল অংশ ধসে নদীতে পড়ে ব্যাপক জল-ধ্বংসাবশেষের প্রবাহ তৈরি করে। কয়েকটি নদীপথ ধরে সেই প্রবাহ দ্রুত নিচে নেমে জনবসতি, সড়ক, সেতু ও বিদ্যুৎ অবকাঠামো ধ্বংস করে। এমনকি প্রাথমিকভাবে যে ভূকম্পনকে ভূমিকম্প মনে করা হয়েছিল, সেটিও হিমবাহ ও পাথর ধসের সৃষ্ট ভূকম্পনজনিত শক্তি হতে পারে বলে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানিয়েছে। বিপর্যয়ের আরেকটি ভয়াবহ দিক হলো এর গতিবেগ। নেপালের একটি প্রযুক্তিগত মূল্যায়ন অনুযায়ী, তিব্বত দিক থেকে বিশাল পানির ঢল ভুটে কোশি নদীতে প্রবেশ করে। পরে তা ত্রিশূলী হয়ে আরও ভাটির দিকে নারায়ণী নদী ব্যবস্থায় ছড়িয়ে পড়ে। অর্থাৎ পাহাড়ে তৈরি হওয়া বিপর্যয়ের প্রভাব কয়েক ঘণ্টার মধ্যেই বিস্তীর্ণ নিম্নাঞ্চলে পৌঁছাতে পারে। এই জায়গাতেই বাংলাদেশের প্রশ্নটি সামনে আসে। হিমালয়-উৎপন্ন নদী অববাহিকার ভাটির দেশ বাংলাদেশ। নেপালের বর্তমান বিপর্যয় সরাসরি বাংলাদেশের দিকে একই মাত্রার বন্যা বয়ে আনবে—এমন দাবি করার মতো তথ্য এখনো নেই। কিন্তু ঘটনাটি দেখিয়ে দিয়েছে, উজানে হিমবাহ ধস, আকস্মিক জলপ্রবাহ ও নদীর প্রবাহ পরিবর্তনের মতো ঝুঁকি সীমান্তের ভেতরে আটকে থাকে না। তাই অনুসন্ধানের মূল প্রশ্ন এখন—বাংলাদেশ কি হিমালয়ের এমন আকস্মিক দুর্যোগের আগাম তথ্য যথেষ্ট দ্রুত পাচ্ছে? উজানের হিমবাহ, হিমবাহ-হ্রদ, বৃষ্টিপাত ও নদীর প্রবাহ পর্যবেক্ষণে আঞ্চলিক তথ্য বিনিময় কতটা কার্যকর? বড় ধরনের আকস্মিক জলপ্রবাহ তৈরি হলে তার তথ্য বাংলাদেশের সংশ্লিষ্ট সংস্থাগুলোর কাছে পৌঁছাতে কত সময় লাগে? নেপালের বর্তমান পরিস্থিতি আরও একটি বিষয় সামনে এনেছে—আগাম সতর্কতা থাকলেও দুর্গম পাহাড়ি এলাকায় দ্রুত মানুষ সরিয়ে নেওয়া কতটা সম্ভব। ধ্বংস হওয়া সড়ক ও সেতুর কারণে উদ্ধারকারী দলও অনেক এলাকায় পৌঁছাতে পারছে না। হাজার হাজার সেনা ও পুলিশ সদস্য উদ্ধারকাজে যুক্ত হয়েছেন এবং হেলিকপ্টারে দুর্গত এলাকায় মানুষ ও ত্রাণ পৌঁছানো হচ্ছে। জলবায়ু পরিবর্তনের সঙ্গে এই ঝুঁকির সম্পর্কও এখন নতুন করে আলোচনায়। রয়টার্সের প্রতিবেদনে বিশেষজ্ঞরা জানিয়েছেন, উষ্ণায়নের কারণে হিমবাহের বরফ কমে যাওয়ার পাশাপাশি পাহাড়ি ভূখণ্ডের স্থিতিশীলতাও ক্ষতিগ্রস্ত হতে পারে। নেপাল গত তিন দশকে তার হিমবাহের প্রায় এক-তৃতীয়াংশ বরফ হারিয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এদিকে নতুন তৈরি হ্রদটি সবচেয়ে তাৎক্ষণিক ঝুঁকি। হিমবাহ ধসের পর নদীর স্বাভাবিক প্রবাহ বাধাগ্রস্ত হয়ে প্রাকৃতিক বাঁধ তৈরি হয়েছে এবং তার পেছনে পানি জমছে। বাঁধ ভেঙে গেলে দ্বিতীয় দফায় বড় ধরনের জলপ্রবাহ তৈরি হতে পারে। স্থানীয় সংস্থাগুলোও সম্ভাব্য নতুন হিমবাহ-ধস ও আকস্মিক বন্যার আশঙ্কায় সতর্ক রয়েছে। নেপালের এই বিপর্যয়ে ৩০টিরও বেশি দেশের নাগরিক নিখোঁজদের তালিকায় রয়েছেন। ফলে এটি এখন কেবল একটি দেশের দুর্যোগ নয়; আন্তর্জাতিক উদ্ধার, পর্যটন নিরাপত্তা, জলবায়ু অভিযোজন ও আঞ্চলিক দুর্যোগ ব্যবস্থাপনারও বড় পরীক্ষা। দক্ষিণ এশিয়ার জন্য বার্তাটি তাই স্পষ্ট—হিমালয়ে বরফের একটি বড় অংশ ভাঙলে বিপদ শুধু পাহাড়ে থাকে না। তার পানি নদী ধরে নেমে আসে মানুষের বসতি, অবকাঠামো ও অর্থনীতির দিকে। নেপালের বর্তমান বিপর্যয় সেই সম্ভাব্য ভবিষ্যতের একটি কঠিন সতর্কসংকেত। বাংলাদেশ ও দক্ষিণ এশিয়ার অন্যান্য ভাটির দেশগুলো হিমালয়ের হিমবাহ-হ্রদ ও আকস্মিক বন্যার ঝুঁকি কতটা পর্যবেক্ষণ করছে? উজানের দেশগুলোর সঙ্গে রিয়েল-টাইম পানি ও দুর্যোগ তথ্য বিনিময় কতটা কার্যকর? কোনো বড় হিমবাহ ধস হলে বাংলাদেশে সতর্কবার্তা পৌঁছানোর প্রক্রিয়া কী? এবং জলবায়ু পরিবর্তনের কারণে হিমালয়ের এই ঝুঁকি আগামী দশকে দক্ষিণ এশিয়ার পানি ও দুর্যোগ নিরাপত্তাকে কীভাবে বদলে দিতে পারে? “নেপালে আজ যে বিপর্যয়, তা শুধু পাহাড়ের গল্প নয়; হিমালয়ের পরিবর্তন ভাটির দেশগুলোর আগামী দিনের নিরাপত্তার প্রশ্ন।”
তেঁতুলিয়ায় করতোয়া নদীতে পাথর তুলতে গিয়ে শ্রমিকের মৃত্যু
তেঁতুলিয়ায় করতোয়া নদীতে পাথর তুলতে গিয়ে শ্রমিকের মৃত্যু পঞ্চগড় জেলা প্রতিনিধি | সঞ্জু বনিক সৌরভ তেঁতুলিয়া, পঞ্চগড় | ২৮ আগস্ট ২০২৬ পঞ্চগড়ের তেঁতুলিয়ায় করতোয়া নদীতে পাথর সংগ্রহ করতে গিয়ে আব্দুর রশিদ (৬৭) নামে এক বৃদ্ধ শ্রমিকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৭ আগস্ট) উপজেলার সদর ইউনিয়নের পাথরঘাটা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আব্দুর রশিদ ওই এলাকার মৃত এমার উদ্দিনের ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো বৃহস্পতিবার সকালেও তিনি করতোয়া নদীর পাথরঘাটা এলাকায় পাথর সংগ্রহের কাজে যান। দুপুরের দিকে খাবার খাওয়ার পর তিনি আবার কাজে যোগ দেন। দিন শেষে অন্য শ্রমিকরা বাড়ি ফিরে গেলেও আব্দুর রশিদ বাড়িতে না ফেরায় পরিবারের সদস্যরা তাকে খুঁজতে বের হন। পরে স্থানীয়দের সহায়তায় পাথর সংগ্রহের স্থান থেকে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়। পরে পুলিশকে খবর দেওয়া হলে রাতে তাকে তেঁতুলিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তেঁতুলিয়া মডেল থানা পুলিশ জানিয়েছে, তাঁর মৃত্যুর প্রকৃত কারণ খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় অপমৃত্যু মামলা (ইউডি) দায়েরের প্রক্রিয়া চলছে।
পরিবহন ব্যয় ও রেল যোগাযোগের অভাবে পিছিয়ে বাংলাবান্ধা স্থলবন্দরের বাণিজ্য
পরিবহন ব্যয় ও রেল যোগাযোগের অভাবে পিছিয়ে বাংলাবান্ধা স্থলবন্দরের বাণিজ্য পঞ্চগড় জেলা প্রতিনিধি | সঞ্জু বনিক সৌরভ পঞ্চগড়, ২৮ আগস্ট ২০২৬ দেশের উত্তরাঞ্চলের গুরুত্বপূর্ণ বাংলাবান্ধা স্থলবন্দর প্রতিষ্ঠার প্রায় ২৮ বছর পার হলেও প্রত্যাশা অনুযায়ী বাণিজ্যিক কার্যক্রমের বিস্তার ঘটেনি। ব্যবসায়ীদের মতে, অতিরিক্ত পরিবহন ব্যয় এবং দেশের অন্যান্য অঞ্চলের সঙ্গে রেল যোগাযোগ না থাকায় এ বন্দর দিয়ে বিভিন্ন পণ্য আমদানি-রপ্তানিতে আগ্রহ কমছে। ফলে বন্দরটির কার্যক্রম এখনও সীমিত কয়েকটি পণ্যের ওপর নির্ভরশীল। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় অবস্থিত বাংলাবান্ধা স্থলবন্দরটি ভারত, নেপাল ও ভুটানের সঙ্গে বাণিজ্যের পাশাপাশি চতুর্দেশীয় যোগাযোগের সম্ভাবনা তৈরি করেছে। ১৯৯৭ সালে বন্দরটির ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। পরবর্তীতে ২০১৮ সালে এখানে পূর্ণাঙ্গ ইমিগ্রেশন কার্যক্রম চালু হলেও চীনের সঙ্গে এখনো এ পথ দিয়ে বাণিজ্য শুরু হয়নি। বর্তমানে ভুটান ও ভারত থেকে পাথর এবং নেপাল থেকে সীমিত পরিমাণে মসুর ডাল আমদানি হচ্ছে। বিপরীতে বাংলাদেশ থেকে সিরামিক, তুলা, পাট, কাঁচ ও জুসজাতীয় পণ্য রপ্তানি করা হচ্ছে। সংশ্লিষ্ট ব্যবসায়ীরা জানান, বাংলাবান্ধা দিয়ে বিভিন্ন অনুমোদিত পণ্য আনা-নেওয়ার সুযোগ থাকলেও পরিবহন খরচ তুলনামূলক বেশি হওয়ায় অনেক ব্যবসায়ী দেশের অন্য স্থলবন্দর ব্যবহার করছেন। এতে বাংলাবান্ধার বাণিজ্যিক সম্ভাবনা পুরোপুরি কাজে লাগানো যাচ্ছে না। বন্দর সংশ্লিষ্ট শ্রমিকদের ভাষ্য, পণ্যের আমদানি-রপ্তানি কমে যাওয়ায় কর্মসংস্থানেও এর প্রভাব পড়ছে। অনুমোদিত পণ্যের বাণিজ্য কার্যক্রম বাড়ানো গেলে শ্রমিকদের কাজের সুযোগ বৃদ্ধির পাশাপাশি সরকারের রাজস্ব আয়ও বাড়বে। সিঅ্যান্ডএফ ব্যবসায়ীদের মতে, সড়কপথের পাশাপাশি দেশের গুরুত্বপূর্ণ অঞ্চলগুলোর সঙ্গে রেল যোগাযোগ স্থাপন করা গেলে পণ্য পরিবহনের ব্যয় কমানো সম্ভব হবে। এতে নতুন ব্যবসায়ীরা এ বন্দর ব্যবহারে আগ্রহী হবেন এবং আমদানি-রপ্তানির পরিমাণও বাড়তে পারে। বন্দর কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, বর্তমানে প্রতিদিন উল্লেখযোগ্য সংখ্যক ট্রাকে পণ্য আমদানি-রপ্তানি হচ্ছে। তবে ভারত থেকে পাথর আমদানি বন্ধ থাকায় বন্দরটির সামগ্রিক কার্যক্রমে এর প্রভাব পড়েছে। বর্তমানে ভুটান থেকে পাথর আমদানি অব্যাহত রয়েছে। পঞ্চগড় চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সংশ্লিষ্ট ব্যবসায়ী নেতারা বলছেন, ভৌগোলিক অবস্থানের কারণে বাংলাবান্ধা স্থলবন্দর উত্তরাঞ্চলের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এজন্য পরিবহন ব্যয় কমানো, রেল যোগাযোগ স্থাপন এবং অনুমোদিত পণ্যের বাণিজ্য কার্যক্রম সম্প্রসারণে দ্রুত কার্যকর উদ্যোগ প্রয়োজন। তাদের প্রত্যাশা, প্রয়োজনীয় অবকাঠামো ও যোগাযোগব্যবস্থা উন্নত করা হলে বাংলাবান্ধা স্থলবন্দর শুধু পাথরনির্ভর না থেকে বহুমুখী আমদানি-রপ্তানির কেন্দ্র হিসেবে গড়ে উঠবে। এতে স্থানীয় ব্যবসা-বাণিজ্য সম্প্রসারণের পাশাপাশি সরকারের রাজস্ব আয় ও কর্মসংস্থানও বাড়বে।
৫২ দিন পর তেঁতুলিয়ায় পূর্ণাঙ্গ ইউএনও, দায়িত্ব নিলেন আনোয়ার হোসাইন
৫২ দিন পর তেঁতুলিয়ায় পূর্ণাঙ্গ ইউএনও, দায়িত্ব নিলেন আনোয়ার হোসাইন পঞ্চগড় জেলা প্রতিনিধি | সঞ্জু বনিক সৌরভ তেঁতুলিয়া, পঞ্চগড় | ২৭ আগস্ট ২০২৬ দীর্ঘ ৫২ দিন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পদ শূন্য থাকার পর পঞ্চগড়ের তেঁতুলিয়ায় পূর্ণাঙ্গ ইউএনও হিসেবে দায়িত্ব নিয়েছেন আনোয়ার হোসাইন। বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকালে তিনি তেঁতুলিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসেবে আনুষ্ঠানিকভাবে কর্মস্থলে যোগ দেন। নতুন ইউএনও কার্যালয়ে পৌঁছালে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, আনোয়ার হোসাইন এর আগে কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি ৩৮তম বিসিএস প্রশাসন ক্যাডারের কর্মকর্তা। তার বাড়ি মাগুরা জেলায়। তেঁতুলিয়া দেশের সীমান্তবর্তী ও পর্যটনসমৃদ্ধ একটি গুরুত্বপূর্ণ উপজেলা। দীর্ঘ সময় ইউএনও পদটি শূন্য থাকায় প্রশাসনের বিভিন্ন গুরুত্বপূর্ণ কার্যক্রমে ভারপ্রাপ্ত ও অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের ওপর নির্ভর করতে হয়েছে। এতে কিছু ক্ষেত্রে সরকারি সেবা ও প্রশাসনিক কার্যক্রমে সীমাবদ্ধতা তৈরি হয়েছিল বলে সংশ্লিষ্টরা জানান। নতুন ইউএনও দায়িত্ব নেওয়ায় উপজেলা প্রশাসনের কার্যক্রম আরও গতিশীল হবে বলে প্রত্যাশা করছেন স্থানীয়রা। ভূমি ব্যবস্থাপনা, মোবাইল কোর্ট, বাজার তদারকি, সরকারি উন্নয়ন প্রকল্পের নজরদারি, সামাজিক নিরাপত্তা কর্মসূচি, দুর্যোগ ব্যবস্থাপনা ও নাগরিক সেবায় নতুন নেতৃত্ব কার্যকর ভূমিকা রাখবে বলে আশা তাদের। দায়িত্ব গ্রহণের পর ইউএনও আনোয়ার হোসাইন বলেন, তেঁতুলিয়া উপজেলায় ইউএনও হিসেবে সদ্য দায়িত্ব নিয়েছেন তিনি। পেশাগত দায়িত্ব সঠিকভাবে পালনে সবার সহযোগিতা কামনা করেন। এদিকে, ইউএনওসহ তেঁতুলিয়া উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ দপ্তরে কর্মকর্তা-কর্মচারীর সংকট নিয়েও সম্প্রতি গণমাধ্যমে একাধিক প্রতিবেদন প্রকাশিত হয়েছে। জনবল সংকটের কারণে কয়েকটি দপ্তরের স্বাভাবিক সেবা কার্যক্রম ব্যাহত হওয়ার বিষয়টিও উঠে এসেছে এসব প্রতিবেদনে। নতুন ইউএনওর যোগদানের মধ্য দিয়ে তেঁতুলিয়া উপজেলা প্রশাসনের নিয়মিত কার্যক্রমে গতি ফিরবে এবং সাধারণ মানুষের সেবা পাওয়ার ক্ষেত্রে ইতিবাচক পরিবর্তন আসবে—এমন প্রত্যাশা স্থানীয়দের।
তাড়াইলে বিদ্যুতের শক লেগে তরিকুল ইসলামের মৃত্যু
তাড়াইলে বিদ্যুতের শক লেগে তরিকুল ইসলামের মৃত্যু রুহুল আমিন, তাড়াইল (কিশোরগঞ্জ) প্রতিনিধি: কিশোরগঞ্জের তাড়াইল উপজেলায় বিদ্যুতের শক লেগে তরিকুল ইসলাম (২৭) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। জানা যায়, বৃহস্পতিবার (২৭ আগষ্ট) বিকেল ৪ টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত তরিকুল ইসলাম তাড়াইল উপজেলার জাওয়ার ইউনিয়নের বেলংকা (মধ্যপাড়া) গ্রামের আবদুল জলিলের ছেলে। স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, তরিকুল নিজ বাড়িতে কাজের সময় অসাবধানতাবশত বিদ্যুতের তারে জড়িয়ে যায়। সাথে সাথে সে মাটিতে লুটিয়ে পড়ে। পরে স্বজনরা দ্রুত তাকে উদ্ধার করে তাড়াইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তাড়াইল থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ আবু সালেহ মাসুদ করিম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পরিবারের কোনো অভিযোগ না থাকায় মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
গ্রামীণ ঐতিহ্য ফেরাতে সাঁতার প্রতিযোগিতা
গ্রামীণ ঐতিহ্য ফেরাতে সাঁতার প্রতিযোগিতা হাসানুজ্জামান হাসান,লালমনিরহাট: গ্রামীণ ঐতিহ্য ফিরিয়ে আনা ও নতুন প্রজন্মকে দেশীয় খেলাধুলায় সম্পৃক্ত করতে লালমনিরহাটের আদিতমারী উপজেলায় সাঁতার প্রতিযোগিতার আয়োজন করেছে উপজেলা প্রশাসন। বৃহস্পতিবার (২৭ আগস্ট) বিকেলে উপজেলা পরিষদ পুকুরে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। আয়োজকরা জানান, আধুনিকতার যুগে গ্রামীণ খেলাধুলার জায়গা দখল করেছে মোবাইল ফোন। এতে বর্তমান প্রজন্ম শরীর ও মন দুটোই হারাতে বসেছে। মোবাইল আসক্তি ও মাদক থেকে প্রজন্মকে দূরে রাখতে গ্রামীণ খেলাধুলার বিকল্প নেই। পাশাপাশি নদীবেষ্টিত এ জনপদের মানুষের সাঁতার জানা জরুরি। সুস্থ দেহ ও মনের জন্য নিয়মিত সাঁতারও উপকারী। এসব বিষয় বিবেচনায় ঐতিহ্যবাহী সাঁতার প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রতিযোগিতায় উপজেলার প্রতিটি ইউনিয়ন থেকে সাঁতারুদের অংশগ্রহণের আহ্বান জানানো হয়। পরে বাছাইয়ের মাধ্যমে উপজেলা পর্যায়ের প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে শুভ রায় উপজেলা চ্যাম্পিয়ন হন। লালমনিরহাট জেলা প্রশাসক রাশেদুল হক প্রধান প্রতিযোগিতার উদ্বোধন করেন। এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) জিআর সারোয়ার, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গুণঞ্জন বিশ্বাস, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আজিজা বেগম, উপজেলা প্রকৌশলী একেএম ফজলুল হক, কৃষি কর্মকর্তা ওমর ফারুক, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মঞ্জুরুল হাসানসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
কিশোরীকে ধর্ষণের অভিযোগে সৎ বাবা আটক
কিশোরীকে ধর্ষণের অভিযোগে সৎ বাবা আটক হাসানুজ্জামান হাসান,লালমনিরহাট: লালমনিরহাটের পাটগ্রামে ১৩ বছরের এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে তার সৎ বাবা সেলিম ইসলামকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৭ আগস্ট) বিকেলে উপজেলার জগতবেড় ইউনিয়নের সীমান্ত এলাকা থেকে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, জগতবেড় ইউনিয়নের কচুয়ারপাড়ে মামার বাড়িতে নিয়ে গিয়ে খাওয়া শেষ করে মেয়েকে নিয়ে টংটিংডাঙ্গা হয়ে কাশিরডাঙ্গা নামক এলাকার এক বাঁশঝাড়ে নিয়ে গিয়ে ধর্ষণ করে মাঝপথে ছেড়ে চলে যায় পাষন্ড বাবা সেলিম ইসলাম। কোন উপায় না পেয়ে ওই কিশোরী (১৩) এক মেম্বারের বাড়িতে গিয়ে কিছুটা সুস্থ্য হয়ে তাদের সহযোগীতায় ৯৯৯ নম্বরে কল দিলে দ্রুত মেয়েটিকে পাটগ্রাম থানা পুলিশ উদ্ধার করে পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়। পরবর্তীতে আজ সকালে পুলিশি হেফাজতে লালমনিরহাট সদর হাসপাতালে পাঠানো হয়। এ ঘটনায় পাটগ্রাম থানায় একটি মামলা দায়ের হলে অভিযুক্ত সেলিম ইসলামকে পুলিশি অভিযানে অবশেষে জগতবেড় ইউনিয়নের সীমান্ত এলাকা থেকে আটক করা হয়। পাটগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মেয়েকে ধর্ষণের অভিযোগে অভিযুক্ত সৎ বাবাকে আটক করা হয়েছে। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে অভিযুক্তকে আদালতে পাঠানো হবে।
বকশীগঞ্জে সার ও বীজ মনিটরিং কমিটির সভা অনুষ্ঠিত
বকশীগঞ্জে সার ও বীজ মনিটরিং কমিটির সভা অনুষ্ঠিত আবু তাহের, বকশিগঞ্জ প্রতিনিধি। জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় সার ও বীজ মনিটরিং কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকাল ১১টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলার ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসমা-উল-হুসনার সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আমিনুল ইসলাম, উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব মানিক সওদাগর, সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম প্রিন্স, সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা শওকত আকবর, উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা জিল্লুর রহমান, সার ডিলার লিটন সাহা, পলক চন্দ্র সাহা, আলহাজ্ব দেলোয়ার হোসেন এবং প্রেস ক্লাব বকশীগঞ্জের সভাপতি রাশেদুল ইসলাম রনি প্রমুখ। এসময় বক্তারা বলেন, কৃষকদের স্বার্থে সরকারি নির্ধারিত মূল্যে সার ও বীজ সরবরাহ নিশ্চিত করতে হবে। কোনোভাবেই কৃত্রিম সংকট সৃষ্টি, অতিরিক্ত দাম নেওয়া কিংবা সার-বীজ মজুত করে রাখার সুযোগ দেওয়া যাবে না। কৃষকরা যাতে প্রয়োজনের সময় সহজে ও ন্যায্যমূল্যে সার ও বীজ পান, সে বিষয়ে ডিলারদের পাশাপাশি সংশ্লিষ্ট কর্মকর্তাদেরও সতর্ক থাকতে হবে। তারা আরও বলেন, সার ও বীজের বাজারে কোনো ধরনের অনিয়ম বা কৃত্রিম সংকটের অভিযোগ পাওয়া গেলে তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নেওয়া হবে। কৃষকদের অভিযোগ গুরুত্বের সঙ্গে বিবেচনা করে নিয়মিত বাজার মনিটরিং ও তদারকি কার্যক্রম অব্যাহত রাখার ওপরও গুরুত্বারোপ করেন বক্তারা।
কালীগঞ্জে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদান
কালীগঞ্জে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদান একরামুল ইসলাম তুষার, নিজস্ব প্রতিবেদক। ঝিনাইদহ কালীগঞ্জে এস,এস, সি পরিক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত দুইশত শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদান করেছে উপজেলা প্রশাসন। বৃহস্পতিবার (২৭ আগস্ট,) উপজেলা নির্বাহী অফিসার রেজওয়ানা নাহিদ সভাপতিত্বে বেলা ১১ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এক অনুষ্ঠানের মাধ্যমে শিক্ষার্থীদের হাতে শুভেচ্ছার ক্রেস্টতুলে দেওয়া হয়। ২০২৬ এস,এস,সি ফলাফলে উপজেলার ২৮টি মাধ্যমিক ও ৩ টি মাদ্রাসা থেকে মোট ২০০ শিক্ষার্থী জিপিএ-৫ লাভ করেছে। কালীগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) গিয়াস উদ্দিন, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রোকনুজ্জামান, সরকারী নলডাঙ্গা ভূষন স্কুলের প্রধান শিক্ষক মকবুল হোসেন তোতা, সলিমুন্নেছা বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা বিদৌরা আক্তারসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগন। শেষে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের হাতে শুভেচ্ছার ক্রেষ্ট প্রদান করা হয়।