বাংলাদেশ বার্তা টুডে
দৌলতপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভা, ঐক্যবদ্ধ থাকার আহ্বান
দৌলতপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভা, ঐক্যবদ্ধ থাকার আহ্বান তানভীর আজাদ কুষ্টিয়া প্রতিনিধি। কুষ্টিয়ার দৌলতপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকাল ১১টায় দৌলতপুর উপজেলা অডিটোরিয়ামে উপজেলা বিএনপির আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি রুহুল কুদ্দুসের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, কুষ্টিয়া জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক, দৌলতপুর উপজেলা বিএনপির সভাপতি ও স্থানীয় সংসদ সদস্য রেজা আহমেদ বাচ্চু মোল্লা। সভা সঞ্চালনা করেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন। আলোচনা সভায় উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি শামীম রেজা মোল্লা, সাবেক সাংগঠনিক সম্পাদক ও দৌলতপুর সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান গোলাম মোস্তফা, সাংগঠনিক সম্পাদক শের আলী সবুজ, পিয়ারপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জহুরুল করিম বিশ্বাসসহ বিএনপি ও বিভিন্ন অঙ্গ-সহযোগী সংগঠনের নেতারা বক্তব্য দেন। এ সময় শহীদ সরকার মঙ্গল, প্রফেসর আতাউল, খন্দকার লস্কর, সাবেক চেয়ারম্যান সিরাজুল হক, জিয়ারুল হক, সাবেক চেয়ারম্যান আজমল হক, সাবেক কৃষকদল নেতা হারুন অর রশিদ, কৃষকদলের সাবেক সাধারণ সম্পাদক ফরজ উল্লাহ, উপজেলা যুবদলের আহ্বায়ক বেনজির আহমেদ বাচ্চু, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মাসুদুজ্জামান রুবেল, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শামীম, তাঁতীদলের সাংগঠনিক সম্পাদক তরিকুল ইসলামসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এছাড়া উপজেলার ১৪টি ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক এবং যুবদল, ছাত্রদল, কৃষকদল, স্বেচ্ছাসেবক দলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা সভায় অংশ নেন। প্রতিষ্ঠার ইতিহাস তুলে ধরেন বক্তারা সভায় বক্তারা বিএনপির প্রতিষ্ঠার প্রেক্ষাপট ও দলের রাজনৈতিক ইতিহাস তুলে ধরেন। তারা বলেন, ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নেতৃত্বে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির প্রতিষ্ঠা হয়। বাংলাদেশি জাতীয়তাবাদ, জাতীয় ঐক্য, গণতান্ত্রিক রাজনীতি, অর্থনৈতিক উন্নয়ন ও আত্মনির্ভরশীলতার লক্ষ্য সামনে রেখে ১৯ দফা কর্মসূচি ঘোষণা করা হয়। প্রধান অতিথির বক্তব্যে রেজা আহমেদ বাচ্চু মোল্লা বলেন, দেশের রাজনৈতিক ও অর্থনৈতিক সংকটের সময় জিয়াউর রহমান একটি নতুন রাজনৈতিক প্ল্যাটফর্ম গড়ে তোলার উদ্যোগ নেন। বিভিন্ন শ্রেণি-পেশা ও মতাদর্শের মানুষকে ঐক্যবদ্ধ করে জাতীয়তাবাদী রাজনৈতিক ধারাকে এগিয়ে নেওয়ার লক্ষ্যেই বিএনপির যাত্রা শুরু হয়। তিনি বলেন, ১৯৭৬ ও ১৯৭৭ সালে জিয়াউর রহমান দেশের বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক নেতা, বুদ্ধিজীবী ও বিভিন্ন মতাদর্শের ব্যক্তিদের সঙ্গে আলোচনা ও মতবিনিময় করেন। এরই ধারাবাহিকতায় ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর ঢাকার রমনা রেস্তোরাঁয় সংবাদ সম্মেলনের মাধ্যমে বিএনপি প্রতিষ্ঠার ঘোষণা দেওয়া হয়। বাচ্চু মোল্লা আরও বলেন, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা, জাতীয় ঐক্য প্রতিষ্ঠা, গণতান্ত্রিক ব্যবস্থা শক্তিশালী করা এবং অর্থনৈতিকভাবে স্বনির্ভর বাংলাদেশ গড়ে তোলাকে বিএনপি তার রাজনৈতিক লক্ষ্য হিসেবে সামনে রাখে। সাংগঠনিক শক্তি বাড়ানোর প্রত্যয় আলোচনায় বক্তারা বলেন, প্রতিষ্ঠাবার্ষিকী দলের অতীতের আন্দোলন-সংগ্রাম ও রাজনৈতিক আদর্শ স্মরণ করার পাশাপাশি ভবিষ্যতের কর্মপন্থা নির্ধারণেরও একটি গুরুত্বপূর্ণ উপলক্ষ। দৌলতপুরে বিএনপির সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়। সভা শেষে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রাজনৈতিক জীবন ও দলের দীর্ঘ রাজনৈতিক পথচলা নিয়ে আলোচনা করা হয়। পরে নেতাকর্মীরা পরস্পরের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।
শার্শায় দুই শিশুসন্তানকে হত্যা করে , বাবার আত্মহত্যা
শার্শায় দুই শিশুসন্তানকে হত্যা করে , বাবার আত্মহত্যা মহিউদ্দীন বাপ্পী বেনাপোল শার্শা,(যশোর) প্রতিনিধি: যশোরের শার্শায় পারিবারিক কলহের জেরে দুই শিশুসন্তানকে হত্যার পর কামাল হোসেন (৪৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দুপুর আড়াইটার দিকে উপজেলার চটকাপোতা দক্ষিণপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত দুই শিশু হলো—মো. সাবির হোসেন (৫) ও মো. জাবির হোসেন (৩)। তাদের বাবা কামাল হোসেন পেশায় ভ্যানচালক ছিলেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পারিবারিক বিরোধের জেরে কামাল দুই সন্তানকে হত্যা করেন। পরে বিষাক্ত গ্যাস ট্যাবলেট সেবন করলে বাড়ির পাশের একটি আমবাগানে গিয়ে তার মৃত্যু হয়। খবর পেয়ে শার্শা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তিনজনের মরদেহ উদ্ধার করে। পরে সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্তের জন্য পাঠানোর ব্যবস্থা করে। পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়, পারিবারিক কলহের জেরে প্রায় এক সপ্তাহ আগে কামালের স্ত্রী রাবিয়া বেগম নড়াইলে বাবার বাড়িতে চলে যান। এরপর থেকেই পারিবারিক বিরোধ চলছিল বলে জানা গেছে। শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শামিনুল হক জানান,প্রাথমিকভাবে পারিবারিক বিরোধ ও মানসিক চাপের কারণে এ ঘটনা ঘটে থাকতে পারে বলে ধারণা করছি। তবে ঘটনার প্রকৃত কারণ তদন্তের পর নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
সন্তান কোথায় যায়, কার সঙ্গে মেশে-অভিভাবকদের খেয়াল রাখতে হবে: হাজী আশরাফ
সন্তান কোথায় যায়, কার সঙ্গে মেশে-অভিভাবকদের খেয়াল রাখতে হবে: হাজী আশরাফ নারায়নগঞ্জ (সোনারগাঁ) প্রতিনিধি: নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মোগরাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ, দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের ফলাফল ঘোষণা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) মোগরাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিল্পপতি ও শিক্ষানুরাগী এবং মোগরাপাড়া ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী হাজী আশরাফ উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষক-অভিভাবক সমিতির সভাপতি অ্যাডভোকেট মো. জহিরুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সোনারগাঁ উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সিতারা সুলতানা। অনুষ্ঠানে শিক্ষার্থীদের দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের ফলাফল ঘোষণা করা হয়। পরে শিক্ষার্থীদের লেখাপড়া, ফলাফল, শৃঙ্খলা ও ভবিষ্যৎ উন্নয়ন নিয়ে অভিভাবকদের সঙ্গে মতবিনিময় করা হয়। প্রধান অতিথির বক্তব্যে হাজী আশরাফ উদ্দিন বলেন, আমি এই স্কুলেরই ছাত্র। এই স্কুলে লেখাপড়া করেছি। প্রায় ৪০ বছর পর আজ সেই স্কুলে দাঁড়িয়ে বক্তব্য দেওয়ার সুযোগ হয়েছে। এটি আমার জন্য অত্যন্ত আনন্দ ও আবেগের বিষয়।” অভিভাবকদের উদ্দেশে তিনি বলেন, আপনারা আজ সন্তানদের ফলাফল নিতে এসেছেন। ফলাফল ভালো বা খারাপ-যাই হোক, সেটি মেনে নিতে হবে। ফলাফল আশানুরূপ না হলে সন্তানকে বকাঝকা না করে উৎসাহ দিতে হবে। আপনারা সন্তানকে উৎসাহ দিলে আজ ফলাফল খারাপ হলেও আগামীতে সে ভালো করার চেষ্টা করবে। নিজের পরিবারের উদাহরণ দিয়ে তিনি বলেন, “আমিও একজন শিক্ষার্থীর বাবা। আমার সন্তান দুটি বিষয়ে খারাপ করেছে। এ কারণে তার মা তাকে বকাঝকা করেছে। কিন্তু আমি তাকে উৎসাহ দিচ্ছি, যাতে সে হতাশ না হয়ে পরবর্তী পরীক্ষায় আরও ভালো করার চেষ্টা করে। তিনি আরও বলেন, সন্তানদের শুধু পড়াশোনার ফলাফলের দিকে নজর দিলেই হবে না, তারা কোথায় যাচ্ছে, কার সঙ্গে মিশছে-এসব বিষয়েও অভিভাবকদের খেয়াল রাখতে হবে। সন্তানদের ভালো পরিবেশে বেড়ে ওঠার সুযোগ দিতে হবে এবং মোবাইল ফোনের অতিরিক্ত ব্যবহার থেকে তাদের দূরে রাখতে হবে। হাজী আশরাফ উদ্দিন অভিভাবকদের সন্তানদের প্রতি আরও যত্নশীল হওয়ার আহ্বান জানিয়ে বলেন, শিক্ষার্থীদের সাফল্যের পেছনে বিদ্যালয়ের শিক্ষক ও অভিভাবক-উভয়েরই গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। শিক্ষকদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রেখে সন্তানদের পড়াশোনা ও আচরণগত উন্নয়নের বিষয়ে নজর দেওয়ার জন্য তিনি অভিভাবকদের প্রতি আহ্বান জানান।
গাইবান্ধায় র্যাবের অভিযানে ৯৯০ পিস ইয়াবাসহ গ্রেফতার ১
গাইবান্ধায় র্যাবের অভিযানে ৯৯০ পিস ইয়াবাসহ গ্রেফতার ১ রফিকুল ইসলাম সাবুল :রংপুর প্রতিনিধি: গাইবান্ধা সদর উপজেলার গোঘাট মাঝিপাড়া এলাকায় অভিযান চালিয়ে ৯৯০ পিস ইয়াবাসহ এক ব্যক্তিকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। গ্রেফতার ব্যক্তির নাম মিলন চৌধুরী (৩৮)। তিনি সদর থানার গোঘাট মাঝিপাড়া গ্রামের মেহেলাল চৌধুরীর ছেলে বলে জানিয়েছে র্যাব। র্যাব-১৩ সূত্রে জানা যায়, মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (৩১ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে র্যাব-১৩-এর সিপিসি-৩, গাইবান্ধা ক্যাম্পের একটি দল গোঘাট (মাঝিপাড়া) এলাকায় অভিযান চালায়। অভিযানকালে মিলনের বাড়ির সামনে পূর্ব দিকে নদীর পাড়ের ভাঙনরোধী ব্লকের ওপর তার দেহ তল্লাশি করা হয়। এ সময় পাঁচটি কালো রঙের এয়ারটাইট পলিপ্যাকে রাখা ৯৯০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে তাকে ঘটনাস্থল থেকে গ্রেফতার করা হয়। র্যাবের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে মিলন দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। এ ঘটনায় র্যাব বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সংশ্লিষ্ট থানায় মামলা করেছে। গ্রেফতার ব্যক্তি ও জব্দ করা ইয়াবা পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য থানায় হস্তান্তর করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-১৩-এর অতিরিক্ত পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) বিপ্লব কুমার গোস্বামী।
ধামইরহাটে নানা আয়োজনে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
ধামইরহাটে নানা আয়োজনে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী পালিত। ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি- নওগাঁর ধামইরহাট উপজেলায় নানা আয়োজনের মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে। মঙ্গলবার (১লা সেপ্টেম্বর) সকালে বিএনপির দলীয় কার্যালয়ে দলীয় ও জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দিবসটি শুরু করা হয়। উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে বিএনপির গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দলীয় নেতা-কর্মীদের নিয়ে কেক কাটেন নেতাকর্মীবৃন্দ। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির কৃষি বিষয়ক সম্পাদক ও সাবেক এমপি মো. সামসুজ্জোহা খান। পরে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মিদের একটি বর্ণাঢ্য র্যালি উপজেলার প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করেন। র্যালি শেষে উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি কেএম লায়েক আলীর সভাপতিত্বে জেলা পরিষদ আধুনিক ডাকবাংলো অডিটোরিয়ামে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় পৌর বিএনপির সভাপতি সহিদুর রহমান সরকার, সাধারণ সম্পাদক আনোয়ারুল ইসলাম, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শামীম কবির মিল্টন, তরিকুল ইসলাম রাঙ্গা, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুর রহমান মীর, জেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য জাহাঙ্গীর আলম লিটন, জেলা মহিলা দলের সহ-সভানেত্রী মাজেদা বেগম প্রমুখ বক্তব্য রাখেন। অনুষ্ঠানে হাজারো নেতা কর্মীদের অংশগ্রহণ চোখে পড়ে। এস,আই মিলন ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি ০১৮৬২৩৩৯৩৪ ০১/৯/২৬
অবৈধ ৭ করাতকল বন্ধ, যন্ত্রাংশ ও কাঠ জব্দ: শানখলায় উপজেলা প্রশাসন ও বন বিভাগের যৌথ অভিযান
অবৈধ ৭ করাতকল বন্ধ, যন্ত্রাংশ ও কাঠ জব্দ: শানখলায় উপজেলা প্রশাসন ও বন বিভাগের যৌথ অভিযান হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার শানখলা বাজারে এক যৌথ অভিযানে ৭টি অবৈধ করাতকল (স’মিল) বন্ধ করে দেওয়া হয়েছে। আজ মঙ্গলবার (০১ সেপ্টেম্বর) দুপুর ১২টা ৩০ মিনিট থেকে বিকেল ৩টা পর্যন্ত ৫ নং শানখলা ইউনিয়ন এলাকায় এই মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। অভিযানকালে করাতকলগুলোর বিভিন্ন যন্ত্রাংশ, কাঠ ও বনজদ্রব্য জব্দ করা হয়েছে। আদালত সূত্র জানায়, উপজেলা প্রশাসন, বন বিভাগ, চুনারুঘাট থানা পুলিশ ও আনসার সদস্যদের সমন্বয়ে এই যৌথ অভিযান চালানো হয়। শানখলা বাজার সংলগ্ন এলাকায় লাইসেন্সবিহীন ভাবে গড়ে ওঠা এসব করাতকলে মোবাইল কোর্ট পৌঁছালে মালিক বা কোনো শ্রমিককে সেখানে পাওয়া যায়নি। পরবর্তীতে সরকারি নির্দেশনা অমান্য করে অবৈধভাবে করাতকল স্থাপনের দায়ে স’মিলগুলোর কার্যক্রম সম্পূর্ণ বন্ধ রাখার আদেশ দেওয়া হয়। একই সাথে চুনারুঘাট বন বিভাগের জিম্মায় করাতকলের যন্ত্রাংশ এবং বিপুল পরিমাণ কাঠ ও বনজদ্রব্য জব্দ করা হয়। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, পরিবেশ রক্ষা এবং বনের কাঠ পাচার রোধে অবৈধ করাতকলের বিরুদ্ধে এই ধরনের অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।
ঠাকুরগাঁওয়ে পৃথক অভিযানে গ্রেফতার-৩ : বিপুল পরিমান মাদক উদ্ধার
ঠাকুরগাঁওয়ে পৃথক অভিযানে গ্রেফতার-৩ : বিপুল পরিমান মাদক উদ্ধার ঠাকুরগাঁও প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ে পৃথক দুটি মাদকবিরোধী অভিযানে ১৫৫টি ইয়াবা ও মাদক বিক্রির ১০ লাখ টাকা উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় ৩ জনকে গ্রেপ্তার করা হয়। তাঁদের মধ্যে একজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আগে তিনটি মামলা রয়েছে। মঙ্গলবার ঠাকুরগাঁও পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার খোদাদাদ হোসেন। তিনি বলেন, মাদকের বিরুদ্ধে জেলা পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। উদ্ধার হওয়া ১০ লাখ টাকা ইয়াবা বিক্রির বলে প্রাথমিকভাবে জানা গেছে। পুলিশ সূত্রে জানা যায়, সোমবার রাত সাড়ে ১০টার দিকে ঠাকুরগাঁও সদর থানার পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে সালন্দর ইউনিয়নের চেরাডাঙ্গী বাজারসংলগ্ন নয়াহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় মো. আসাদুজ্জামান (৩৮) ওরফে দুলালকে আটক করা হয়। তাঁর বাড়ি সদর উপজেলার কচুবাড়ি ভাটা এলাকায়। পরে তাঁর দেহ তল্লাশি করে লুঙ্গির ডান কোচর থেকে ১০টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি রেজিস্ট্রেশনবিহীন মোটরসাইকেল জব্দ করে পুলিশ। পুলিশের দাবি, আসাদুজ্জামান দীর্ঘদিন ধরে ওই এলাকাসহ আশপাশে ইয়াবা বিক্রি করে আসছিলেন। অন্যদিকে, সোমবার দুপুরে হরিপুর থানার ভাতুরিয়া ইউনিয়নের মহেন্দ্রগাঁও (জিগা) বিলগামী নয়াবাশ এলাকায় অভিযান চালায় হরিপুর থানা-পুলিশ। সেখানে মোটরসাইকেল নিয়ে ইয়াবা বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছিলেন মো. নাজির হোসেন (৫৫)। পুলিশের উপস্থিতি টের পেয়ে মোটরসাইকেল ফেলে পালানোর চেষ্টা করলে তাঁকে আটক করা হয়। পুলিশ জানায়, নাজির হোসেনের কাছ থেকে ১৪৫টি ইয়াবা বড়ি উদ্ধার করা হয়। পরে তাঁকে জিজ্ঞাসাবাদ করে পাওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে অবস্থান নেয়। কিছুক্ষণ পর তাঁর স্ত্রী মোছা. নাজমা বেগম (৪৮) সেখানে একটি শপিং ব্যাগ নিয়ে এলে সেটি তল্লাশি করে নগদ ১০ লাখ টাকা উদ্ধার করা হয়। পুলিশের দাবি, ওই টাকা মাদক বিক্রির। পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে নাজির ও নাজমা দীর্ঘদিন ধরে হরিপুর ও আশপাশের এলাকায় ইয়াবা বিক্রির সঙ্গে জড়িত থাকার তথ্য পাওয়া গেছে। পুলিশ বলছে, নাজমা মাদক ব্যবসায় অর্থের জোগান ও সহযোগিতা করতেন। তাঁদের সঙ্গে মাদক সরবরাহকারী, ক্রেতা ও সহযোগী আরও কয়েকজন জড়িত থাকার তথ্য পাওয়া গেছে। তাঁদের শনাক্ত করতে অভিযান চলছে। পুলিশের তথ্য অনুযায়ী, নাজির হোসেনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আগে তিনটি মামলা রয়েছে। হরিপুর থানায় গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে এবং ঠাকুরগাঁও সদর থানায় আসাদুজ্জামানের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। অতিরিক্ত পুলিশ সুপার খোদাদ হোসেন সংবাদ সম্মেলনে বলেন, ঠাকুরগাঁও জেলা পুলিশ মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছে। মাদক ব্যবসা, পরিবহন ও বিস্তারের সঙ্গে জড়িত ব্যক্তিদের আইনের আওতায় আনতে অভিযান অব্যাহত থাকবে।
শ্রীপুরে প্রান্তিক পেশাজীবীদের ১০ দিনব্যাপী সফট স্কিলস প্রশিক্ষণের উদ্বোধন
শ্রীপুরে প্রান্তিক পেশাজীবীদের ১০ দিনব্যাপী সফট স্কিলস প্রশিক্ষণের উদ্বোধন আব্দুর রশিদ মোল্লা, শ্রীপুর (মাগুরা) প্রতিনিধি: বাংলাদেশের প্রান্তিক পেশাজীবী জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নের লক্ষ্যে মাগুরার শ্রীপুরে ১০ দিনব্যাপী সফট স্কিলস প্রশিক্ষণ কর্মসূচির ১ম ব্যাচের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ১ সেপ্টেম্বর ২০২৬ সকাল ১০টায় উপজেলা পরিষদ হল রুমে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত ৩০ জন প্রশিক্ষণার্থীর উপস্থিতিতে এই প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন করা হয়। শ্রীপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ নাজমুল ইসলামের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাগুরা জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক সায়েদুর রহমান মৃধা। উপজেলা সমাজসেবা অফিসার আব্দুর রাজ্জাকের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাগুরা জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ জাহিদুল ইসলাম, উপজেলা বিএনপির সাবেক সভাপতি জোয়ার্দার আশরাফুল আলম এবং শ্রীপুর প্রেস ক্লাবের সভাপতি ড. মুসাফির নজরুল। এসময় বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন শ্রীপুর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মুন্সী রেজাউল ইসলাম, সাবেক সাংগঠনিক সম্পাদক খলিলুর রহমানসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ এবং উপজেলা সমাজসেবা কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীরা। সমাজসেবা অধিদপ্তরের "বাংলাদেশের প্রান্তিক পেশাজীবী জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন প্রকল্প (২য় ফেইজ)" এর আওতায় এই প্রশিক্ষণের আয়োজন ও বাস্তবায়ন করছে শ্রীপুর উপজেলা সমাজসেবা কার্যালয়। জানা যায়, উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে ১ সেপ্টেম্বর থেকে ১৪ সেপ্টেম্বর ২০২৬ খ্রি. পর্যন্ত ১০ দিনব্যাপী এই প্রশিক্ষণ চলবে। প্রশিক্ষণে প্রান্তিক পেশাজীবীদের আত্ম-কর্মসংস্থান, দক্ষতা উন্নয়ন এবং জীবনমান উন্নয়নের বিভিন্ন বিষয়ে হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া হবে।
ঘিওরে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে এমপি জিন্নাহ কবিরের নেতৃত্বে আনন্দ র্যালি
ঘিওরে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে এমপি জিন্নাহ কবিরের নেতৃত্বে আনন্দ র্যালি সোহেল রানা খন্দকার, মানিকগঞ্জ: বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)–এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মানিকগঞ্জের ঘিওরে বর্ণাঢ্য আনন্দ র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে । কর্মসূচিতে নেতৃত্ব দেন মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এস. এ. জিন্নাহ কবির । মঙ্গলবার (১ সেপ্টেম্বর) ঘিওর উপজেলা বিএনপির উদ্যোগে দিনব্যাপী নানা কর্মসূচি অনুষ্ঠিত হয় । সকাল থেকে উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড থেকে বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ব্যানার, ফেস্টুন ও পোস্টার নিয়ে খণ্ড খণ্ড মিছিল করে ঘিওর বাসস্ট্যান্ডে দলীয় কার্যালয়ের সামনে জড়ো হন । এ সময় ঢাক-ঢোলের বাদ্যযন্ত্রে মুখর হয়ে ওঠে দলীয় কার্যালয় ও আশপাশের এলাকা । বেলা সাড়ে ১১টার দিকে দলীয় কার্যালয়ের সামনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি শুরু হয়। পরে সেখান থেকে একটি আনন্দ র্যালি বের করা হয়। র্যালিটি ঘিওর বাজারের প্রধান সড়ক ও গুরুত্বপূর্ণ এলাকা প্রদক্ষিণ করে পুনরায় দলীয় কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয় । পরে দলীয় কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয় । এতে বক্তব্য দেন মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এস. এ. জিন্নাহ কবির । সভায় বক্তারা বিএনপির দীর্ঘ রাজনৈতিক সংগ্রাম, ঐতিহ্য ও বিভিন্ন সময়ের রাজনৈতিক ভূমিকা তুলে ধরেন। কর্মসূচিতে ঘিওর উপজেলা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন ।
মোংলায় র্যাবের বিশেষ অভিযানে ৫০ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
মোংলায় র্যাবের বিশেষ অভিযানে ৫০ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার ম.ম.রবি ডাকুয়া,বাগেরহাট বাগেরহাটের মোংলায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৫০ কেজি গাঁজাসহ গোপাল সরকার নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-৬। বাগেরহাটের মোংলা থানা এলাকার দিগরাজ থেকে ৫০ কেজি গাঁজাসহ গোপাল সরকার (৫২) নামক এক মাদক ব্যবসায়ীকে হাতেনাতে গ্রেফতার করেছে র্যাব-৬ সদর কোম্পানির একটি আভিযানিক দল। গত মঙ্গলবার দিবাগত রাত ১২টা ২৫ মিনিটের দিকে বিশেষ এই অভিযানটি পরিচালিত হয়। গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের চৌকস দল দিগরাজ এলাকায় অবস্থান নিয়ে মাদক কারবারিকে ঘিরে ফেলে এবং তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ এই মাদকদ্রব্য উদ্ধার করে। গ্রেফতারকৃত গোপাল সরকার মোংলা থানার কাইনমারী এলাকার শ্যাম সরকারের ছেলে। মাদকের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি বাস্তবায়নের অংশ হিসেবে র্যাবের চলমান অভিযানের ধারাবাহিকতায় এই সাফল্য অর্জিত হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদের ভিত্তিতে র্যাব নিশ্চিত হয়েছে যে, গোপাল সরকার দীর্ঘ দিন ধরেই মোংলা ও এর পার্শ্ববর্তী এলাকায় মাদক ব্যবসার সাথে জড়িত ছিলেন এবং আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে তিনি অবৈধ কারবার চালিয়ে আসছিলেন। ঘটনার সময় উপস্থিত সাক্ষীদের সামনে বিধি মোতাবেক ৫০ কেজি গাঁজা জব্দ করা হয়, যা এই এলাকায় মাদক বিস্তারের ভয়াবহতাকে পুনরায় সামনে নিয়ে এসেছে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, মোংলার বিভিন্ন পয়েন্টে মাদক ব্যবসায়ীরা সিন্ডিকেট গড়ে তুলেছে, যার ফলে যুবসমাজ বিপথগামী হচ্ছে। গ্রেফতারকৃত গোপাল সরকারের কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে মাদক পাচারের রুট এবং এর সাথে জড়িত অন্যান্য সহযোগীদের খুঁজে বের করার চেষ্টা চলছে। ভুক্তভোগী এলাকাবাসীর দাবি, শুধুমাত্র একজন খুচরা ব্যবসায়ীকে গ্রেফতার করলেই মাদকের এই বিষবৃক্ষ উপড়ে ফেলা সম্ভব নয়; বরং এর পেছনে থাকা মূল হোতা ও গডফাদারদের আইনের আওতায় আনা জরুরি। দীর্ঘ সময় ধরে চলা এই মাদক কারবারের কারণে দিগরাজ এবং এর আশপাশের এলাকায় অপরাধ প্রবণতা বৃদ্ধি পাওয়ায় সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ বিরাজ করছে। মাদক ব্যবসায়ীদের এই শক্তিশালী নেটওয়ার্ক ভেঙে দিতে স্থানীয় প্রশাসন ও র্যাবের আরও কঠোর নজরদারির প্রয়োজনীয়তা রয়েছে বলে মনে করছেন সচেতন মহল। র্যাব-৬-এর পক্ষ থেকে জানানো হয়েছে, গ্রেফতারকৃত গোপাল সরকারের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মোংলা থানায় নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে। উদ্ধারকৃত মাদকসহ তাকে পুলিশের কাছে হস্তান্তর করার পর পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। র্যাব কর্তৃপক্ষের দাবি, মাদকের বিরুদ্ধে তাদের এই অভিযান কোনো নির্দিষ্ট সময়ের জন্য নয়, বরং এটি একটি চলমান প্রক্রিয়া যা অপরাধ নির্মূল না হওয়া পর্যন্ত অব্যাহত থাকবে। তবে স্থানীয়দের মতে, গ্রেফতারের পর আইনি জটিলতায় মাদক ব্যবসায়ীরা জামিনে বেরিয়ে এসে পুনরায় একই অপরাধে জড়িয়ে পড়ছে, যা প্রশাসনের কঠোর নজরদারি থাকা সত্ত্বেও বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে এখন এই মামলার তদন্তে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে মাদক সরবরাহের উৎসস্থল এবং এর সাথে জড়িত সিন্ডিকেটের প্রতিটি সদস্যকে বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে হবে, যাতে করে অপরাধীরা পুনরায় জননিরাপত্তা বিঘ্নিত করার সাহস না পায়। এই অভিযানের মাধ্যমে মোংলা এলাকার মাদক পরিস্থিতি নিয়ন্ত্রণে কিছুটা স্বস্তি ফিরলেও, ভবিষ্যতে পরিবহন ও যাতায়াত ব্যবস্থায় মাদক চোরাচালান রোধে গোয়েন্দা নজরদারি বাড়ানোর কোনো বিকল্প নেই। বিপুল পরিমাণ গাঁজা উদ্ধারের ঘটনাটি প্রমাণ করে যে, মাদক ব্যবসায়ীরা এখনো স্থানীয় রুটগুলোকে তাদের নিরাপদ করিডোর হিসেবে ব্যবহার করছে। এই ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডের প্রভাব পড়ছে সাধারণ মানুষের প্রাত্যহিক যাতায়াত ও সামাজিক স্থিতিশীলতার ওপর। যদি নিয়মিত তদারকি ও কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নিশ্চিত করা না যায়, তবে মাদক ব্যবসায়ীদের এই নেটওয়ার্ক মোংলাসহ পুরো বাগেরহাট অঞ্চলের আইনশৃঙ্খলা পরিস্থিতির জন্য দীর্ঘমেয়াদী হুমকি হয়ে দাঁড়াবে। তাই আইনি প্রক্রিয়ার পাশাপাশি সামাজিক সচেতনতা এবং মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিকে আরও কার্যকরভাবে প্রয়োগ করাই এখন সময়ের দাবি।
রাজশাহীতে ঢালারচর এক্সপ্রেস লাইনচ্যুত, সারাদেশের সঙ্গে রেল যোগাযোগ বন্ধ
রাজশাহীতে ঢালারচর এক্সপ্রেস লাইনচ্যুত, সারাদেশের সঙ্গে রেল যোগাযোগ বন্ধ আবু কাওসার মাখন রাজশাহী ব্যুরো রাজশাহীর হরিয়ান স্টেশনের অদূরে পাবনা থেকে ছেড়ে আসা ঢালারচর এক্সপ্রেস ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়েছে। এতে রাজশাহীর সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ আবারও বন্ধ হয়ে গেছে। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে হরিয়ান স্টেশনের কাছে এ দুর্ঘটনা ঘটে। ট্রেনটির ‘ট’ নম্বর বগির দুটি চাকা লাইনচ্যুত হয়। দুর্ঘটনার পর আতঙ্কিত যাত্রীরা ট্রেন থেকে নেমে নিরাপদ স্থানে চলে যান। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। পশ্চিমাঞ্চল রেলওয়ে সূত্রে জানা গেছে, ঢালারচর এক্সপ্রেসটি যাত্রী নিয়ে পাবনা থেকে রাজশাহীর উদ্দেশে আসছিল। হরিয়ান স্টেশন অতিক্রম করার পর ট্রেনটির একটি বগি লাইনচ্যুত হয়। প্রাথমিকভাবে বগিটির চাকার সঙ্গে থাকা ট্রলির ত্রুটির কথা জানা গেলেও দুর্ঘটনার সুনির্দিষ্ট কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি তদন্ত করে দেখা হবে বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন। রাজশাহী রেলওয়ে স্টেশন ম্যানেজার জিয়াউল ইসলাম জানান, হরিয়ান স্টেশন থেকে প্রায় ২০০ গজ যাওয়ার পর ‘ট’ বগির চাকার সঙ্গে থাকা ট্রলি ভেঙে যায়। এতে বগিটির দুটি চাকা লাইনচ্যুত হয়। ঘটনাটি মূল লাইনে হওয়ায় রাজশাহীর সঙ্গে সব রুটের ট্রেন চলাচল বন্ধ রয়েছে। লাইনচ্যুত বগি উদ্ধারে ঈশ্বরদী থেকে রেলওয়ের উদ্ধারকারী রিলিফ ট্রেন ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়েছে। বগিটি উদ্ধার ও লাইন সংস্কারের কাজ শেষ হলে ট্রেন চলাচল স্বাভাবিক হবে বলে জানিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। এর আগে মঙ্গলবার সকালে নাটোরের বাগাতিপাড়া এলাকায় রেললাইন ক্ষতিগ্রস্ত হওয়ায় রাজশাহীর সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ প্রায় দুই ঘণ্টা বন্ধ ছিল। পরিস্থিতি স্বাভাবিক হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই হরিয়ানে ঢালারচর এক্সপ্রেস লাইনচ্যুত হওয়ায় ফের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়।
গাজীপুরের পূবাইলে তরুণীর ঝু/ল/ন্ত মৃ/ত/দে/হ উদ্ধার
গাজীপুর প্রতিনিধি গাজীপুর মহানগরের পূবাইল থানার ডেমরপাড়া এলাকায় নিজ ঘর থেকে প্রাপ্তি মল্লিক পূজা (২৪) নামে এক বিশ্ববিদ্যালয় ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার (৩১ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহত পূজা ডেমরপাড়া এলাকার গোপাল চন্দ্র মল্লিকের মেয়ে এবং উত্তরা বিশ্ববিদ্যালয়ের ফ্যাশন ডিজাইনিং বিভাগের দশম সেমিস্টারের শিক্ষার্থী ছিলেন। প্রায় দুই বছর আগে পারিবারিকভাবে তার বিয়ে হয়। পুলিশ জানায়, সন্ধ্যায় বাড়ি ফিরে গোসলের পর নিজ কক্ষে যান পূজা। পরে ডাকাডাকি করে সাড়া না পেয়ে পরিবারের সদস্যরা তাকে সিলিং ফ্যানের সঙ্গে ওড়না প্যাঁচানো অবস্থায় দেখতে পান। পূবাইল থানার তদন্ত কর্মকর্তা আবু বক্কর সিদ্দিক জানান, মরদেহের সুরতহাল প্রক্রিয়া চলছে। তদন্ত শেষে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
মাদক জীবন ধ্বংসের অন্যতম কারণ: ওসি মোঃ জাকির হোসেন
মাদক জীবন ধ্বংসের অন্যতম কারণ-ওসি, মোঃ জাকির হোসেন আব্দুল মতিন খান কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধিঃ কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ জাকির হোসেন বলেন, মাদক কোনো সমাধান নয়, বরং এটি জীবন ধ্বংসের অন্যতম কারণ। একটা ছেলে মাদকে জড়ালে শুধু সে নষ্ট হয় না, তার বাবা-মায়ের স্বপ্ন, তার ভবিষ্যৎ সব শেষ হয়ে যায়। তাই মাদকমুক্ত সমাজ গড়তে হলে পরিবার থেকে শুরু করে সামাজিকভাবে সবাইকে একযোগে প্রতিরোধ গড়ে তুলতে হবে। গাজীপুরের কালীগঞ্জে দক্ষিণ সোম সরকারি প্রাথমিক বিদ্যালয়ে “মা সমাবেশ ও ক্রীড়া সামগ্রী বিতরণ” এসব বলেন। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকালে দক্ষিণ সোম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আয়োজনে বিদ্যালয় পরিচালনা এডহক কমিটির জমিদাতা সদস্য মোঃ আল-আমিন দেওয়ানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জাকির হোসেন। বক্তব্য রাখেন, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জেমিন আক্তার। তুমলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আবু বকর মিয়ার উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবিদা সুলতানা। বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ ইরশাদ মিয়ার সঞ্চালনায় বক্তব্য রাখেন সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা গোলাম রহমান ও তুমলিয়া ইউনিয়ন ৯নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ হামিদুর রহমান। ইউপি চেয়ারম্যান মোঃ আবু বকর মিয়া বলেন, লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। শিক্ষার্থীদের লেখাপড়ার পাশাপাশি খেলাধুলায় সম্পৃক্ত করা অত্যন্ত জরুরি। নিয়মিত খেলাধুলার মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে শৃঙ্খলা, নেতৃত্বের গুণাবলি ও পারস্পরিক সহযোগিতার মনোভাব গড়ে ওঠে। তাই বিদ্যালয়ে খেলাধুলার পরিবেশ তৈরি সহ সুস্থ ও মেধাবী প্রজন্ম গড়ে তুলতে ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে এ ধরনের উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে। সংশ্লিষ্ট ক্লাস্টারের সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা গোলাম রহমান দক্ষিণ সোম সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার বর্তমান পরিস্থিতি, শিক্ষার গুণগত মান উন্নয়ন, বিদ্যালয়ের সার্বিক পরিবেশ, শিক্ষার্থীদের উপস্থিতি নিশ্চিতকরণ এবং শিক্ষা কার্যক্রম আরও কার্যকর ও সুশৃঙ্খলভাবে বাস্তবায়নের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জেমিন আক্তার বলেন, প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে শিক্ষক, অভিভাবক ও সংশ্লিষ্টদের সমন্বিতভাবে কাজ করতে হবে। পাশাপাশি শিক্ষার্থীদের জন্য মানসম্মত ও আনন্দময় শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের বিষয়ে আলোচনা করেন। পরিশেষে শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশ, খেলাধুলায় উৎসাহ প্রদান এবং ক্রীড়া কার্যক্রম আরও গতিশীল করার লক্ষ্যে তুমলিয়া ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে দক্ষিণ সোম সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ক্রীড়া সামগ্রী প্রদান করা হয়। বিতরণ করা ক্রীড়া সামগ্রীর মধ্যে ছিল ফুটবল, ক্রিকেট ব্যাট, বল, স্টাম্পসহ বিভিন্ন ধরনের খেলাধুলার সরঞ্জাম। এসব সামগ্রী পেয়ে শিক্ষার্থী ও শিক্ষকরা সন্তোষ প্রকাশ করেন। শিক্ষার্থী অভিভাবক সহ স্থাণীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
নওগাঁয় ঘুমন্ত অবস্থায় সাপের কামড়, সপ্তম শ্রেণির এক শিক্ষার্থীর মৃত্যু
নওগাঁয় ঘুমন্ত অবস্থায় সাপের কামড়, সপ্তম শ্রেণির এক শিক্ষার্থীর মৃত্যু মোঃ রমজান হোসেন নওগাঁ জেলা প্রতিনিধিঃ নওগাঁর পোরশা উপজেলায় ঘুমের মধ্যে সাপের কামড়ে আবির ইসলাম রিয়ন নামে সপ্তম শ্রেণির এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। সোমবার (৩১ আগস্ট) দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার ঘাটনগর ইউনিয়নের মিসকিনপুর গ্রামে নিজ বাড়িতে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে পরিবারের সদস্যদের সঙ্গে নিজ ঘরে ঘুমিয়ে ছিল আবির। একপর্যায়ে ঘুমন্ত অবস্থায় তাকে বিষধর সাপে কামড় দেয়। বিষয়টি টের পেয়ে পরিবারের লোকজন দ্রুত তাকে চিকিৎসার জন্য নেওয়ার চেষ্টা করেন। তবে হাসপাতালে নেওয়ার আগেই তার মৃত্যু হয়। আবির ইসলাম রিয়নের অকাল মৃত্যুতে পরিবার ও স্বজনদের মধ্যে নেমে এসেছে শোকের ছায়া। এ ঘটনায় স্থানীয়দের মধ্যেও শোক বিরাজ করছে।
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএনপির নেতা আসাদুজ্জামান নুর-এর শুভেচ্ছা
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএনপির নেতা আসাদুজ্জামান নুর-এর শুভেচ্ছা। বিশ্বনাথ প্রতিনিধি আফজাল মিয়া। বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলটির নেতাকর্মী, সমর্থক ও দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বিশ্বনাথ উপজেলা বিএনপি'র যুগ্ম-সম্পাদক সদর ইউনিয়নের আগামীর কান্ডারী চেয়ারম্যান প্রার্থী আসাদুজ্জামান নুর ১ সেপ্টেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে তিনি দলের গণতান্ত্রিক আন্দোলন, সংগ্রাম ও দীর্ঘ রাজনৈতিক পথচলার কথা স্মরণ করেন। চেয়ারম্যান প্রার্থী আসাদ-এর পক্ষ থেকে প্রকাশিত এক শুভেচ্ছা বার্তায় তিনি বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলের সর্বস্তরের নেতাকর্মী ও সমর্থকদের প্রতি শুভেচ্ছা ও অভিনন্দন জানান। শুভেচ্ছা বার্তায় তিনি আশা প্রকাশ করেন, বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী সফল ও সার্থক হোক এবং গণতন্ত্র প্রতিষ্ঠা ও জনগণের অধিকার রক্ষায় দলের নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে কাজ করবেন। তিনি আরও বলেন, দেশের মানুষের প্রত্যাশা পূরণ এবং গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠায় বিএনপির নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে দেশ ও জনগণের কল্যাণে কাজ করে যেতে হবে।"করবো কাজ গড়বো দেশ,সবার আগে বাংলাদেশ" বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিশ্বনাথ সদর ইউনিয়ন সহ দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে তিনি দলের উত্তরোত্তর সাফল্য ও সমৃদ্ধি কামনা করেন।