বাংলাদেশ বার্তা টুডে
মহিপুরে বৃদ্ধ হারিচ হত্যা মামলায় ইউপি সদস্য জসিমকে আসামি করার প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন
কলাপাড়ার মহিপুরে আলোচিত হারিচ আহমেদ ওরফে মজিবুর হত্যা মামলায় ৯নং ধুলাসার ইউনিয়নের ৫নং ওয়ার্ডের ইউপি সদস্য মো. জসিম উদ্দিন খন্দকারকে আসামি করার প্রতিবাদে মানববন্ধন করেছেন এলাকাবাসী। এ সময় তারা জসিম উদ্দিনের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহারের দাবি জানান। সোমবার (২৭ জুলাই) বেলা সাড়ে ১১টায় ৫নং ওয়ার্ডের সর্বস্তরের সাধারণ জনগণের ব্যানারে তাড়িকাটা দাখিল মাদরাসার সামনের সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে ৫শতাধিক বাসিন্দা অংশ নেন। মানববন্ধনে বক্তারা দাবি করেন, ঘটনার সময় ইউপি সদস্য মো. জসিম উদ্দিন খন্দকার নিজ বাড়িতে অবস্থান করছিলেন। পরে খবর পেয়ে তিনি ঘটনাস্থলে গিয়ে গুরুতর আহত হারিচ আহমেদকে উদ্ধার এবং হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন। অথচ তাকে উদ্দেশ্যপ্রণোদিত ও ষড়যন্ত্রমূলকভাবে হত্যা মামলার আসামি করা হয়েছে। বক্তারা আরও বলেন, একজন জনপ্রতিনিধি হিসেবে তিনি আহত ব্যক্তিকে বাঁচানোর চেষ্টা করেছেন। সেই ব্যক্তিকেই মামলায় জড়ানো দুঃখজনক ও অন্যায়। তারা নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনার সত্যতা উদঘাটন এবং জসিম উদ্দিন খন্দকারের নাম মামলা থেকে প্রত্যাহারের দাবি জানান। মানববন্ধনে বক্তব্য দেন ইউপি সদস্য জসিম উদ্দিন খন্দকারের স্ত্রী নাসিমা বেগম, ছেলে সোহেল খন্দকার, স্থানীয় জামাল শিকদার, শহিদুল ইসলামসহ আরও অনেকে। উল্লেখ্য, গত ১৯ জুলাই জমি সংক্রান্ত বিরোধের জেরে নয়াকাটা গ্রামের হারিচ আহমেদ ওরফে মজিবুরের ওপর নৃশংস হামলার ঘটনা ঘটে। পরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হলে নিহতের ছেলে সাইফুল ইসলাম বাবুল বাদী হয়ে ১৮ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ২০ জনকে আসামি করে মহিপুর থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলাটিতে ইতোমধ্যে দুই এজাহারভুক্ত আসামিকে গ্রেপ্তার করেছে র্যাব।
ঝালকাঠির কণ্ঠশিল্পী বাউল ছালমার একক গান শিগ্রই আসছে শ্রোতাদের মাঝে
মিউজিক ডিরেক্টর এসএ উজ্জল এর পরিচালনায় ঢাকার "প্রকৃতি" মিউজিক স্টুডিওতে গাওয়া ঝালকাঠি জেলাধীন রাজাপুর উপজেলার এবং বাংলাদেশ বেতার ও টেলিভিশনের নিয়মিত কণ্ঠশিল্পী বাউল ছালমার লিখা ও সুর করা একক মৌলিক গানের এ্যালবাম শিগ্রই আসছে শ্রোতাদের মাঝে। যারমধ্যে রয়েছে "যে ব্যাথা দিয়েছো বন্ধু আমার অন্তরে" ও "আমার বুকে সেল মারিয়া কার বুকে ঘুমাও" শিরোনামে ৬টি একক মৌলিক গান। এ এ্যালবাম ঢাকার সংগীতাঙ্গনের সকলজন পরিচিত "প্রকৃতি মিউজিক চ্যানেলে প্রকাশিত হবে। এছাড়াও প্রকৃতি মিউজিক চ্যানেলে দক্ষিণ বাংলার জনপ্রিয় গীতিকার ও সুরকার ডাঃ জহিরুল ইসলাম বাদল এর কথা ও সুরে চমৎকার যুগোপযোগী দুটি গান বাউল ছালমার কন্ঠে প্রচার করা হবে। এ বিষয়ে বাউল ছালমা প্রতিবেদককে বলেন, গান আমার মনে-প্রাণে ও ধ্যানে। সব সময়ই আমার চিন্তাধারায় সুস্থ সাংস্কৃতি ও শিক্ষনীয় কথা দিয়ে গানগুলো রচিত, যাতে করে গানের মাধ্যমে সমাজকে ভাল কিছু দেয়া যায়, সেই খেয়ালেই আমার গানগুল লেখা ও সুর করা। তিনি আরো বলেন, আমি বর্তমানে গীতিকার, সুরকার ও কন্ঠশ্রমীক হিসেবে সার্থক। ইতোমধ্যে আমার লেখা ও সুরকরা বেশকয়েকটি গান দেশের বরেণ্য সংগীত শিল্পীরা অতি আগ্রহের সাথে পরিবেশন করে আসছেন। এছাড়াও আমার প্রায় অর্ধশত লেখা ও গাওয়া গান বিভিন্ন চ্যানেলে প্রচারের প্রস্তুতি চলছে।
ব্রিটেনে বিশ্বনাথের ইছমাইল উদ্দিনের ব্যাচেলর ডিগ্রী অর্জন
যুক্তরাজ্যের ইতিহাসে সর্বকনিষ্ঠ ব্রিটিশ-বাংলাদেশী কাউন্সিলর(সাবেক) বিশ্বনাথের ইছমাইল হোসেন সিরাজী উদ্দিন লিডস ইউনিভার্সিটি থেকে 'পলিটিক্স' বিষয়ে সর্বোচ্চ সম্মানসহ ব্যাচেলর অফ আর্টস ডিগ্রি অর্জন করেছেন। গত ২৪ জুলাই শুক্রবার বাবা - মায়ের উপস্থিতিতে বার্ষিক সমাবর্তনে ইউনিভার্সিটির কাছ থেকে আনুষ্ঠানিকভাবে তিনি এই ডিগ্রী অর্জন করেন। ইছমাইল উদ্দিন ২০০৪ সালে ১৪ জুলাই ব্রিটেনের ব্রাডফোর্ড সিটিতে জন্মগ্রহণ করেন। তিনি বিশ্বনাথের সাবেক ছাত্রনেতা ও বিশ্বনাথ পৌরসভার কারিকোনা গ্রামের অধিবাসী যুক্তরাজ্যের ব্রাডফোর্ড সিটির বিশিষ্ট কমিউনিটি নেতা মোঃ জমির উদ্দিন ও গৃহিণী আছমা খাতুনের জ্যৈষ্ঠ পুত্র। ৬ ভাই বোনের মধ্যে ইছমাইল উদ্দিন বাবা-মায়ের ৩য় সন্তান । ছেলেবেলা থেকে প্রখর মেধার অধিকারী ইছমাইলের মধ্যে তার সহপাঠীরা ও স্কুলের শিক্ষকরা নেতৃত্বের গুণাবলী দেখতে পাওয়ায় তাকে হ্যানসন একাডেমীর ডেপুটি হেড বয় নির্বাচিত করা হয়। এরপর প্রতিভা ও নেতৃত্বের অসাধারণ গুণাবলীর কারণে তাকে ডিক্সনস সিক্সথ ফর্ম'-এর ১ম প্রেসিডেন্ট নির্বাচিত করা হয়। এছাড়া সে লিডস ইউনিভার্সিটির ছাত্রদের স়ংগঠনের সভাপতির দায়িত্ব পালন করেছেন। ইছমাইল ছাত্র থাকা অবস্থায় ব্রাডফোর্ড সিটীসহ যুক্তরাজ্যে বিভিন্ন টাউনে ফিলিস্তিনসহ পৃথিবীর বিভিন্ন প্রান্তে নির্যাতিত মানুষের পক্ষে কথা বলতে থাকেন। মানবতার পক্ষে একজন উদীয়মান তরুণ ইছমাইলের জ্বালাময়ী বক্তব্য ব্রাডফোর্ড সহ পার্শ্ববর্তী সিটির সকল শ্রেণীর মানুষকে আকৃষ্ট করতে সক্ষম হন। ইছমাইলের বয়স যখন মাত্র ১৯ অর্থাৎ ২০২৪ সালে তখন ব্রিটেনের মেইন ষ্ট্রিম পলিটিক্সের সাথে জড়িত বড় বড় দলগুলি তাকে সিটি অফ ব্রাডফোর্ড মেট্রোপলিটন ডিস্ট্রিক্ট কাউন্সিলে কাউন্সিলর পদে দলীয় মনোনয়ন দিতে চায়। কিন্তু ইছমাইল কোন দলের পক্ষে নমিনেশন না নিয়ে ব্রাডফোর্ড ইন্ডিপেন্ডেন্ট গ্রুপ থেকে বোলিং অ্যান্ড বার্কারেন্ড এলাকা থেকে বিপুল ভোটে ডিস্ট্রিক্ট কাউন্সিলর নির্বাচিত হয়। মাত্র ১৯ বছর বয়সে সারা যুক্তরাজ্যে ১ম ব্রিটিশ-বাংলাদেশী ও সর্বকনিষ্ঠ কাউন্সিলর হয়ে ইতিহাস গড়ার গৌরব অর্জন করেন । তিনি ২০২৪-২০২৫ সাল পর্যন্ত কাউন্সিলর হিসেবে দায়িত্ব পালন করেন। পরবর্তীতে ইছমাইলের নির্বাচনী এলাকার মানুষের আগ্রহ থাকা স্বত্ত্বেও ব্রিটিশ সরকারের সিভিলে সার্ভিসে পলিসি ডিপ্লোম্যাটিক পদের মত মর্যাদাপূর্ণ চাকুরীর সুযোগ পাওয়ায় আর নির্বাচনে প্রার্থী হননি। ইছমাইল উদ্দিনের মত তার ভাই বোনরাও বেশ মেধাবী। তার বড় বোন একজন ইমিগ্রেশন লয়ার, অপর দুই বোন মেডিক্যালের ছাত্রী। ইছমাইল উদ্দিন তার এই সাফল্যের জন্য বাবা-মায়ের প্রতি কৃতজ্ঞতা জানান। আর তার পিতা বিশ্বনাথের সাবেক ছাত্রনেতা ও বিশ্বনাথ পৌরসভার কারিকোনা গ্রামের অধিবাসী যুক্তরাজ্যের ব্রাডফোর্ড সিটির বিশিষ্ট কমিউনিটি নেতা জমির উদ্দিন বলেন, মহান আল্লাহ তায়ালার প্রতি গভীর কৃতজ্ঞতা তিনি আমাকে নেক সন্তান দান করেছেন। ইছমাইল যেন ভবিষ্যতে প্রবাসী বাংলাদেশী ও বাংলাদেশের মানুষের মুখ উজ্জ্বল করতে পারে এই জন্য তিনি সবার দোয়া কামনা করেছেন।
লায়ন্স ক্লাব অব চিটাগং প্রগ্রেসিভ ওয়েস্ট’র উদ্যোগে ফ্রি চক্ষু শিবির ও মেডিক্যাল ক্যাম্প সম্পন্ন
‘যেখানে প্রয়োজন, সেখানেই লায়ন্স’ - এই আন্তর্জাতিক সেবা দর্শনকে ধারণ করে লায়ন্স ক্লাব অব চিটাগং প্রগ্রেসিভ ওয়েস্ট-এর উদ্যোগে এবং লিও ক্লাব ও আবুরখীল গ্রামবাসীর যৌথ সহযোগিতায় ২৫ জুলাই’২৬ (শনিবার) রাউজানের আবুরখীল অমিতাভ উচ্চ বিদ্যালয়ে ফ্রি চক্ষু শিবির ও মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়। মানবিক এই কার্যক্রমের সাথে পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণ কর্মসূচি ও এলাকার সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর মাঝে বস্ত্র বিতরণ করা হয়। সকাল ১০টায় বর্ণাঢ্য আয়োজনে এই মানবিক সেবা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন ক্লাব প্রতিষ্ঠাতা ও সিনিয়র গভর্নর এডভাইজর লায়ন আদর্শ কুমার কুমার বড়ুয়া পিএমজেএফ। এবারের ক্যাম্পে চক্ষু পরীক্ষার পাশাপাশি বিনামূল্যে চশমা বিতরণ,জেনারেল চিকিৎসাসেবা, চর্মরোগ ও শিশু চিকিৎসা, ডায়াবেটিস পরীক্ষা, ব্লাড গ্রুপ পরীক্ষা এবং গাইনি ডাক্তার সেবাসহ ছানি রোগীদের জন্য সম্পূর্ণ বিনামূল্যে অপারেশনের ব্যবস্থা রাখা হয়েছিল এবং আয়োজনের অন্যতম অনুষঙ্গ ছিল পরিবেশ সুরক্ষায় বৃক্ষরোপণ কর্মসূচি ও সুবিধাবঞ্চিত দরিদ্র জনগোষ্ঠীর মাঝে বস্ত্র বিতরণ কর্মসূচি। অনুষ্ঠানে ক্লাব ট্রেজারার(ইলেক্ট)লায়ন রনি কুমার বড়ুয়ার পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লায়ন্স ডিস্ট্রিক্ট ৩১৫-বি৪, বাংলাদেশের জেলা গভর্নর লায়ন মো. কামরুজ্জামান লিটন এমজেএফ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লায়ন্স ক্লাব অব চিটাগং প্রগ্রেসিভ ওয়েস্ট-এর প্রেসিডেন্ট লায়ন ছোটন বড়ুয়া এমজেএফ। আর্তমানবতার সেবায় ব্যতিক্রমী এই মেডিকেল ক্যাম্পটির অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লায়ন্স ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট ৩১৫-বি৪’র দ্বিতীয় ভাইস ডিস্ট্রিক্ট গভর্নর লায়ন পারভীন মাহমুদ এফসিএ, পিএমজেএফ, ক্যাবিনেট সেক্রেটারি লায়ন বেলাল উদ্দিন চৌধুরী এবং জিইটি ডিস্ট্রিক্ট কো-অর্ডিনেটর লায়ন প্রফেসর ববি বড়ুয়া এমজেএফ। এছাড়াও আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লিও ক্লাব অ্যাডভাইজার লায়ন ধনঞ্জয় বড়ুয়া রুবেল,জোন চেয়ারপারসন লায়ন স্বরূপ বিকাশ বড়ুয়া বিতান এবং ২০২৬-২০২৭ লায়ন সেবাবর্ষে ক্লাবের নির্বাচিত সভাপতি (ইলেক্ট) লায়ন সুমল বড়ুয়া এমজেএফ। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ক্লাবের ভাইস প্রেসিডেন্ট লায়ন সুকান্ত বড়ুয়া বিপুল এমজেএফ, ক্লাব সেক্রেটারি (ইলেক্ট) লায়ন ঝুমি বড়ুয়া মুন্না, ক্লাব ট্রেজারার (ইলেক্ট) লায়ন রনি কুমার বড়ুয়া, ক্লাব মেম্বার লায়ন তমাল কান্তি বড়ুয়া, আবুরখীল অমিতাভ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক উজ্জ্বল প্রসাদ দেবনাথ, প্রাক্তন বন্দর কর্মকর্তা সরোজ বড়ুয়া রুপু, বিশিষ্ট নাট্যজন,সংগঠক রূপায়ন বড়ুয়া কাজল, রাউজান প্রেসক্লাবের সাবেক দপ্তর সম্পাদক সাংবাদিক রতন বড়ুয়া, সামাজিক ব্যক্তিত্ব অরুণ বড়ুয়া,রাজনৈতিক ব্যক্তিত্ব দোলন বড়ুয়া,প্রাক্তন সমাজসেবা কর্মকর্তা অসীম কুমার বড়ুয়া মুকুল,সাংবাদিক নূর মোহাম্মদ, সাংবাদিক মিলন বৈদ্য,সাংবাদিক সঞ্জয় বড়ুয়া সহ উরকিরচর ইউনিয়ন ও গ্রামের বিভিন্ন স্তরের স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। লায়নিজমের পরিধি ও মানবিক ভাবমূর্তি বিশ্বের বৃহত্তম ধর্মনিরপেক্ষ সেবামূলক সংগঠন ‘লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল’ বিশ্বজুড়ে অন্ধত্ব নিবারণ, ক্ষুধা মুক্তি, ক্যানসার সচেতনতা, পরিবেশ রক্ষা এবং ডায়াবেটিস নিয়ন্ত্রণের মতো দূরহ ক্ষেত্রে কাজ করে আসছে। এরই ধারাবাহিকতায় লায়ন্স ক্লাব অব চিটাগাং প্রোগ্রেসিভ ওয়েস্ট বাংলাদেশে আর্তমানবতার সেবায় এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে। দুর্যোগে সাড়া দেওয়া, সুবিধাবঞ্চিতদের উন্নত চিকিৎসা সেবা নিশ্চিত করা এবং সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর পাশে দাঁড়ানোর মাধ্যমে ক্লাবটি দীর্ঘ ৩৬ বছরের বেশি সময় ধরে এর মানবিক ভাবমূর্তি অক্ষুণ্ণ রেখেছে। রাউজানে অনুষ্ঠিত এই ক্যাম্পটি কেবল একটি চিকিৎসা শিবির নয়, বরং প্রান্তিক মানুষের দোরগোড়ায় মানসম্মত স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার মাধ্যমে সুস্থ সমাজ গড়ার এক নীরব লায়নিজমিক বিপ্লব। মেডিকেল ক্যাম্পটি আয়োজনের মাধ্যমে লায়ন্স ক্লাব অব চিটাগং প্রগ্রেসিভ ওয়েস্ট পরিবার আবুরখীল গ্রামবাসী ও এলাকার সর্বস্তরের জনগণকে বিনামূল্যে এই চিকিৎসা সেবা প্রদান করে মানবিক দৃষ্টান্ত স্থাপন করেছে বলে সেবাগ্রহণকারী সকলেই অভিমত ব্যক্ত করেন।
শাকপুরা সার্বজনীন সঞ্জীব-মনিবালা স্মৃতি বৌদ্ধ শ্মশানে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত
"গাছ লাগাই, পরিবেশ বাঁচাই"—এই প্রতিপাদ্যকে সামনে রেখে বোয়ালখালীর শাকপুরা সার্বজনীন সঞ্জীব-মনিবালা স্মৃতি বৌদ্ধ শ্মশানভূমিতে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৭ জুলাই) বিকেল ৪টায় উপজেলার ৪ নং শাকপুরা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের লালচাঁদ বাড়ির শ্মশান প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়। পরিবেশের ভারসাম্য রক্ষা এবং আগামী প্রজন্মের জন্য সবুজ ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে বোয়ালখালী উপজেলা প্রশাসন ও উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে প্রদত্ত উন্নত জাতের নারিকেল গাছের চারা রোপণ করা হয়। বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন জিয়া পরিষদ বোয়ালখালী শাখার সাংগঠনিক সম্পাদক এবং বাংলাদেশ জাতীয়তাবাদী বৌদ্ধ ঐক্য ফ্রন্ট বোয়ালখালী শাখার সভাপতি শ্রমিকনেতা পল্টু কান্তি বড়ুয়া। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বোয়ালখালী প্রেস ক্লাবের সদস্য, একুশে পদকপ্রাপ্ত লোকশিল্পী বিনয়বাঁশী জলদাসের স্মরণে প্রতিষ্ঠিত বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠীর প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক, শিল্পী ও সাংবাদিক বিপ্লব জলদাস, বাংলাদেশ জাতীয়তাবাদী বৌদ্ধ ঐক্য ফ্রন্ট, বোয়ালখালী শাখার সহ-সভাপতি অমর বড়ুয়া; শাকপুরা লালচাঁদ বিহার পরিচালনা কমিটির সাবেক সাধারণ সম্পাদক দেবু বড়ুয়া; অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা বিপন বড়ুয়া; পুলিশ কর্মকর্তা পিটু বড়ুয়া; মধ্যম শাকপুরা ধ্রুবতারা তরুণ সংঘের সভাপতি প্রকৌশলী রাজীব বড়ুয়া, লিজন বড়ুয়া এবং শিশু কণ্ঠশিল্পী জিসন বড়ুয়াসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠানে বিপুলসংখ্যক শিশু-কিশোর অংশগ্রহণ করে। এ সময় শ্মশান প্রাঙ্গণে উন্নত জাতের ৫টি নারিকেল গাছের চারা রোপণ করা হয়। কর্মসূচি সফলভাবে বাস্তবায়নে সহযোগিতা করায় উপস্থিত সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন শাকপুরা সার্বজনীন সঞ্জীব-মনিবালা স্মৃতি বৌদ্ধ শ্মশানভূমির প্রতিষ্ঠাতা সাংবাদিক অধীর বড়ুয়া।
নোবিপ্রবির অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর সরকারের সুবিপ্রবির উপ-উপাচার্য পদে নিয়োগ
সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (সুবিপ্রবি) নতুন উপ-উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) ফিশারিজ অ্যান্ড মেরিন সাইন্স বিভাগের অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর সরকার। আজ সোমবার (২৭ জুলাই) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন, ২০২০-এর ১২ (১) ধারা অনুযায়ী তাকে এই পদে নিয়োগ দেওয়া হয়। নিয়োগের শর্তাবলীতে উল্লেখ করা হয়, তার নিয়োগের মেয়াদ যোগদানের তারিখ হতে ৪ (চার) বছর অথবা অবসর গ্রহণের তারিখ যেটি পূর্বে ঘটে, সেই সময় পর্যন্ত বহাল থাকবে।তিনি তার মূল পদের সমপরিমাণ বেতন-ভাতাদি প্রাপ্য হবেন।তিনি বিধি অনুযায়ী পদসংশ্লিষ্ট অন্যান্য সুবিধা ভোগ করবেন এবং সার্বক্ষণিকভাবে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থান করবেন।বিশ্ববিদ্যালয়ের সংবিধি ও আইন দ্বারা নির্ধারিত এবং উপাচার্য কর্তৃক প্রদত্ত ক্ষমতা প্রয়োগ ও দায়িত্ব পালন করবেন। মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলর প্রয়োজনে যেকোনো সময় এ নিয়োগ বাতিল করতে পারবেন। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনটিতে স্বাক্ষর করেছেন শিক্ষা মন্ত্রণালয়ের সহকারী সচিব মো: শাহ্ আলম সিরাজ। জনস্বার্থে অবিলম্বে এ আদেশ কার্যকর করার নির্দেশ দেওয়া হয়েছে।
নোবিপ্রবির ট্রেজারার হলেন পবিপ্রবির অধ্যাপক ড. মো. হাছান উদ্দীন
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) নতুন কোষাধ্যক্ষ (ট্রেজারার) হিসেবে নিয়োগ পেয়েছেন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ফাইন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের অধ্যাপক ড. মো. হাছান উদ্দীন। আজ সোমবার (২৭ জুলাই) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়। প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন সহকারী সচিব মো. শাহ আলম সিরাজ। প্রজ্ঞাপনে বলা হয়, মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে 'নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন, ২০০১' এর ১৩ (১) ধারা অনুযায়ী অধ্যাপক ড. মো. হাছান উদ্দীনকে নোবিপ্রবির কোষাধ্যক্ষ পদে নিয়োগ প্রদান করা হলো। প্রজ্ঞাপনে নিয়োগের শর্তে বলা হয়, কোষাধ্যক্ষ পদে তাঁর নিয়োগের মেয়াদ যোগদানের তারিখ হতে ৪ (চার) বছর অথবা তাঁর অবসর গ্রহণের তারিখের মধ্যে যা পূর্বে ঘটে, সেই সময় পর্যন্ত কার্যকর হবে। তিনি মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ কর্তৃক পূর্বের প্রজ্ঞাপন (২৭.১২.২০২০ তারিখে জারিকৃত) অনুযায়ী মাসিক সম্মানী প্রাপ্য হবেন।বিধি অনুযায়ী পদসংশ্লিষ্ট অন্যান্য সুবিধা ভোগ করবেন এবং তাঁকে সার্বক্ষণিকভাবে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থান করতে হবে। বিশ্ববিদ্যালয় সংবিধি ও আইন দ্বারা নির্ধারিত এবং ভাইস-চ্যান্সেলর কর্তৃক প্রদত্ত ক্ষমতা ও দায়িত্ব পালন করবেন।মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলর প্রয়োজনে যেকোনো সময় এ নিয়োগ বাতিল করতে পারবেন। জনস্বার্থে এ আদেশ জারি করা হয়েছে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়। অনুলিপিটি অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য মন্ত্রিপরিষদ সচিব, ইউজিসি চেয়ারম্যান, নোবিপ্রবি ও পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি এবং রেজিষ্ট্রারসহ সংশ্লিষ্ট একাধিক দপ্তরে প্রেরণ করা হয়েছে।
মোস্তফা আলমের আজ মৃত্যুবার্ষিকী
পীরগঞ্জ প্রেসক্লাবের সহ-সভাপতি ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি এবং উপজেলা খেলোয়ার কল্যান সমিতির সভাপতি মোকাদ্দেস হায়াত মিলনের পিতা পীরগঞ্জ সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান, উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি বিশিষ্ট শিক্ষানুরাগী, সামাজিক ব্যক্তিত্ব মোস্তফা আলমের আজ (২৮ জুলাই) দ্বিতীয় মৃত্যু বার্ষিকী। এ উপলক্ষে পরিবারের পক্ষ থেকে দোয়া খায়েরের আয়োজন করা হয়েছে। মোস্তফা আলম ছিলেন পীরগঞ্জ বণিক সমিতির সম্পাদক, পীরগঞ্জ উপজেলা (থানা) কেন্দ্রীয় সমবায় সমিতির চেয়ারম্যান, বাংলাদেশ জাতীয় সমাজ কল্যাণ পরিষদের নির্বাহী কমিটির রাজশাহী বিভাগের একমাত্র সদস্য, ঠাকুরগাঁও জেলা পরিষদের সদস্য, পীরগঞ্জ উপজেলা পরিষদের সদস্য, ভেলাতৈড় ভদ্রপাড়া মতিউর রহমান মেমোরিয়াল ক্লাব এন্ড লাইব্রেরীর প্রতিষ্ঠাতা এবং প্রধান পৃষ্ঠপোষক, পীরগঞ্জ ঠিকাদার কল্যান সমিতির সদস, হাসকিং মিল মালিক সমিতির সহ সভাপতি ও জেলা কমিটি সদস পীরগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষা কমিটির সদস্য। এছাড়াও পীরগঞ্জ পৌরশহরে ১৯৭৯ সালে স্থাপিত সবুজ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও দাতা সদস্য এবং সভাপতি ছিলেন। পীরগঞ্জ উপজেলার একমাত্র সরকারি মাধ্যমিক বিদ্যালয়, বণিক সরকারী বালিকা বিদ্যালয়টি ১৯৭৩ সালে স্থাপনের সময় সক্রিয় ভূমিকা পালন করেন এবং ১৯৮৯ সালে সরকারের কাছে হস্তান্তরের সময় ম্যানেজিং কমিটির সদস্য হিসেবে তিনি (মোস্তফা আলম) স্বাক্ষর প্রদান করেন। অনুরূপভাবে পীরগঞ্জের একমাত্র উচ্চ মাধ্যমিক বিদ্যাপীঠ পীরগঞ্জ সরকারী কলেজ স্থাপন ও উন্নয়নে সক্রিয় অংশ গ্রহণ এবং বেসরকারী পর্যায় থেকে সরকারী পর্যায়ে হস্তান্তরের সময় গভর্নিং বডির সদস্য হিসেবে স্বাক্ষর প্রদান করেন। পীরগঞ্জ পৌরসভার অন্তর্গত ভেলাতৈড় আদর্শ উচ্চ বিদ্যালয়টি প্রতিষ্ঠা ও উন্নয়নে সক্রিয় ভূমিকা পালন করেন এবং ২০০০ সাল পর্যন্ত সভাপতি এবং পরবর্তীতে সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। পীরগঞ্জ মহিলা কলেজটি প্রতিষ্ঠার সময় সক্রিয়ভাবে সহযোগিতা, প্রতিষ্ঠানটির উন্নয়নে বলিষ্ঠ ভূমিকা পালন করেন এবং ১৯৯৪ সাল (স্থাপিতকাল) থেকে ১৯৯৭ সাল পর্যন্ত গভর্নিং বডির সদস্য। পীরডাঙ্গী এসআই সিনিয়র ফাজিল মাদ্রাসার প্রতিষ্ঠাতা সদস্য ছিলেন।
বহুমুখী বিনিয়োগ, প্রযুক্তি স্থানান্তর ও উচ্চপ্রযুক্তির নতুন জ্ঞান প্রয়োজন :অর্থমন্ত্রী
বহুমুখী বিনিয়োগ, প্রযুক্তি স্থানান্তর ও উচ্চপ্রযুক্তির নতুন জ্ঞান প্রয়োজন :অর্থমন্ত্রী অর্থনীতিকে টেকসই ভিত্তির ওপর দাঁড় করাতে মেডিক্যাল যন্ত্রপাতি, মোবাইল ফোন, উচ্চপ্রযুক্তি ও অন্যান্য বহুমুখী শিল্পে দেশি-বিদেশি বিনিয়োগ বাড়াতে হবে বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। সোমবার (২৭ জুলাই) চট্টগ্রামের আনোয়ারায় চায়না ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল জোন (সিইআইজেড) উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। অর্থমন্ত্রী বলেন, দায়িত্ব নেওয়ার সময় সরকার একটি বিপর্যস্ত অর্থনীতি পেয়েছিল, যা ছিল মূলত ঋণনির্ভর। এখন সরকারের লক্ষ্য হলো অর্থনীতিকে বিনিয়োগনির্ভর অর্থনীতিতে রূপান্তর করা। কারণ প্রবৃদ্ধি বাড়ানো, কর্মসংস্থান সৃষ্টি এবং ২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করতে বিনিয়োগের কোনো বিকল্প নেই। তিনি বলেন, চাইনিজরা বিশাল আকারে বাংলাদেশে আসছে। তারা শুধু গার্মেন্টস খাতে নয়, মেডিক্যাল ইকুইপমেন্ট থেকে শুরু করে সেলফোন উৎপাদনসহ নানা ধরনের শিল্পে বিনিয়োগ করছে। শুধু পোশাক শিল্পের ওপর নির্ভর করলে অর্থনীতি এগোবে না। আমাদের প্রয়োজন বহুমুখী বিনিয়োগ, প্রযুক্তি স্থানান্তর এবং নতুন জ্ঞান। অর্থমন্ত্রী আরও বলেন, এই শিল্পাঞ্চলে এক লাখ মানুষের কর্মসংস্থান হবে। তবে এর চেয়েও গুরুত্বপূর্ণ হলো, এই অঞ্চলে নতুন সরবরাহকারী প্রতিষ্ঠান গড়ে উঠবে, শক্তিশালী হবে সাপ্লাই চেইন, বাড়বে প্রযুক্তি স্থানান্তর এবং সামগ্রিকভাবে পুরো অঞ্চলের অর্থনীতিতে নতুন প্রাণচাঞ্চল্য সৃষ্টি হবে।সরকার আগামী পাঁচ বছরে ৮ শতাংশের বেশি প্রবৃদ্ধি অর্জন ও মূল্যস্ফীতি কমিয়ে আনার লক্ষ্যে কাজ করছে উল্লেখ করে অর্থমন্ত্রী আরও বলেন, বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে উন্নীত করার লক্ষ্য অর্জনে একমাত্র পথ বিনিয়োগ। এ কারণে ব্যবসাবান্ধব পরিবেশ গড়ে তুলতে আইন, নীতিমালা ও বিধি-বিধানে ব্যাপক সংস্কার এবং নিয়ন্ত্রণ শিথিল করার উদ্যোগ নেওয়া হয়েছে। সরকার শুধু চীনের নয়, বিশ্বের বিভিন্ন দেশের বিনিয়োগকারীদের কাছ থেকেও ইতিবাচক সাড়া পাচ্ছে। বিদেশি প্রত্যক্ষ বিনিয়োগ (এফডিআই), দেশীয় বিনিয়োগ এবং পুঁজিবাজারে বিদেশি ফান্ড ম্যানেজারদের আগ্রহও বাড়ছে। এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ বলেন, দেশি ও বিদেশি সব বিনিয়োগকারীর নিরাপত্তা আমরা নিশ্চিত করব। দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন ছাড়া বিনিয়োগ সম্ভব নয়। আবার বিনিয়োগের নিরাপত্তা নিশ্চিত না করলে অর্থনৈতিক অগ্রগতিও সম্ভব নয়। তাই নিরাপত্তা ও বিনিয়োগ একে অপরের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত।
ঠাকুরগাঁওয়ে ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল ৬শ শয্যায় উন্নীত করা হচ্ছে - মির্জা ফখরুল
গণপ্রজাতন্ত্রী বাংলদেশ সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, প্রথম ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত হলো। আমরা প্রায় এক ঘন্টার বেশি সময় ধরে আলোচনা করেছি। হাসপতালের বিভিন্ন সমস্যা নিয়ে বিস্তারিত কথা হয়েছে। আপনাদের জন্য একটি সুখবর দিতে চাই, সেটি হলো, আমাদের ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালটি এখন ৬শ শয্যায় রুপান্তর করা হবে। আমরা হয়তো আর কিছুদিনের মধ্যে ৬শ শয্যা হাসপাতালের জন্য চিকিৎসক, টেকনিশিয়ান, যন্ত্রপাতি, ঔষধ এবং প্রয়োজনীয় লোকবল নিয়োগের প্রক্রিয়া চালুর ব্যাপারে উদ্যোগ গ্রহণ করবো। তিনি সোমবার সন্ধ্যায় ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। হাসপাতালের বিভিন্ন সমস্যার কথা উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, আমাদের এখানে কিছু সমস্যাও বিদ্যমান। সেগুলোর মধ্যে এখানে রোগীর সংখ্যা অনেক বেশি। ২৫০ শয্যা হাসপাতালে গড়ে প্রতিদিন প্রায় ৬শ রোগী ভর্তি হয় ফলে এত বেশি রোগীকে সেবা দিতে হিমশিম খেতে হয়। এক্ষেত্রে আজও প্রায় ৬৩০ জন রোগী হাসপাতালে ভর্তি রয়েছেন। অন্যদিকে বর্তমানে ৮৪ জন চিকিৎসকের বিপরীতে বর্তমানে ডাক্তার রয়েছেন মাত্র ৪৫ জন। ফলে এত বেশি সংখ্যক রোগীকে সেবা দেওয়াও কষ্টকর হয়ে পরে। এখানে প্রায় ৩৩ জন মেডিকেল অফিসার ঘাটতি রয়েছে। এখানে আরও একটি বড় সমস্যা হলো মেডিকেল বর্জ্য অপসারণ করা। এখানে এটি অপসারনের কোন মেশিন ছিলো না, আমি জিজ্ঞেস করেছি এটির দাম কত? হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে এটির দাম প্রায় ৮/৯ লাখ টাকার মতো; আমি বলেছি এই মেশিনটি আমি ২/১ দিনের মধ্যে ব্যবস্থা করে দিবো। হাসপাতালের বিভিন্ন জরুরী জিনিস প্রয়োজন উল্লেখ করে তিনি বলেন, আমাদের সবচেয়ে বেশি যে দরকার; সেটা হলো আপনাদের সকলের সহযোগিতা। এখানে আরও একটি সমস্যা হলো গরু-ছাগল ঘুরাঘুরি করে। এ কারনে আমরা ইতিমধ্যে ৩০ জন আনসার নিয়োগের পরিকল্পনা নিয়েছি। আমরা চেষ্টা করছি যাতে একটি আধুনিক হাসপাতাল হয়। আমাদের আইসিইউ নেই; প্রয়োজনীয় যন্ত্রপাতি নেই, এমআরআই মেশিন নেই; এই জিনিসগুলো আদায় করার চেষ্টা করবো। আমরা এখানে খুব শীঘ্রই স্বাস্থ্যমন্ত্রীকে নিয়ে আসতে চাই। মেডিকেল কলেজ হাসপাতালের কাজও খুব দ্রুত এগিয়ে চলেছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল হক, পুলিশ সুপার মো: বেলাল হোসেন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো: পয়গাম আলী, হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা: ফিরোজ জামান জুয়েল, সিভিল সার্জন ডা: মো: আব্দুর রহমানসহ অন্যান্য চিকিৎসক, হাসপাতাল ব্যবস্থাপনার কমিটির সদস্যবৃন্দ।
শয়নকক্ষের সি/লিং ফ্যা/নে ঝুল/ছিল শিক্ষার্থীর ম/র/দে/হ: উদ্ধার করল পুলিশ
বোয়ালখালী উপজেলায় শয়ন কক্ষের সিলিং ফ্যানে ঝুলন্ত অবস্থায় অমিত সেনগুপ্ত (২২) নামের বেসরকারি পলিটেকনিক্যালে ইনস্টিটিউটে অধ্যায়নরত এক শিক্ষার্থীর মৃতদেহ। উদ্ধার করেছে বোয়ালখালী থানা পুলিশ। সোমবার (২৭ জুলাই) সকাল ৯টায় উপজেলার ৪নং শাকপুরা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের পশ্চিম শাকপুরা গ্রামের অনিল সেনের বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত অমিত সেনগুপ্ত উক্ত গ্রামের অনিল সেন বাড়ির জয়দেব সেনগুপ্তের পুত্র। সে একটি বেসরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থী ছিল বলে জানায় তার পরিবার। পুলিশ জানায়, বসতঘরের নিজ কক্ষে সিলিং ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় অমিতের ঝুলন্ত মরদেহ পাওয়া গেছে। বোয়ালখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোজাফফর হোসেন বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে প্রেমগঠিত কারণে তিনি আত্মহত্যা করে থাকতে পারেন।
কালীগঞ্জে গ্রীষ্মকালীন তরমুজের মাঠ দিবস অনুষ্ঠিত
ঝিনাইদহ কালীগঞ্জে ২০২৬-২৭ অর্থবছরে যশোর অঞ্চলের টেকসই কৃষি সম্প্রসারণ প্রকল্পের আওতায় ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বড়ঘিঘাটি ব্লকের শাহাপুর প্রদর্শনী সংলগ্ন মাঠে গ্রীষ্মকালীন তরমুজ প্রদর্শনীর মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৭ জুলাই) উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষিবিদ আলমগীর বিশ্বাস, অতিরিক্ত পরিচালক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, যশোর অঞ্চল। সভাপতিত্ব করেন কৃষিবিদ কামরুজ্জামান, উপ-পরিচালক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, ঝিনাইদহ। বিশেষ অতিথি ছিলেন উপজেলা কৃষি অফিসার মাহাবুব আলম রনি এবং অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার আখতারুজ্জামান মিয়া। মাঠ দিবসে 'ব্লাক বেবি' জাতের গ্রীষ্মকালীন তরমুজের প্রদর্শনী প্লট পরিদর্শন করা হয়। আধুনিক প্রযুক্তিতে তরমুজ চাষ, রোগবালাই ব্যবস্থাপনা, ফলন বৃদ্ধি এবং লাভজনক কৃষি চর্চার বিভিন্ন দিক কৃষকদের সামনে তুলে ধরা হয়। এ ধরনের আয়োজন কৃষকদের আধুনিক কৃষি প্রযুক্তি গ্রহণে উদ্বুদ্ধ করবে এবং টেকসই কৃষি উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
মহালছড়িতে ৩৫০ প্রান্তিক কৃষকের মুখে হাসির ঝিলিক: বিতরণ করা হলো সার ও বীজ
খাগড়াছড়ি পার্বত্য জেলার মহালছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্ত প্রান্তিক কৃষকদের পুনর্বাসনে বিশেষ কৃষি প্রণোদনা দিয়েছে উপজেলা কৃষি বিভাগ। সোমবার বিকেলে উপজেলার সদর ইউনিয়নের চোংড়াচড়ি মগ পাড়া এবং মাইসছড়ি ইউনিয়নের ক্ষতিগ্রস্ত কৃষকদের হাতে এসব কৃষি উপকরণ তুলে দেওয়া হয়। মহালছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ ইরফান হক চৌধুরীর সভাপতিত্বে আয়োজিত এ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. নাসির উদ্দিন চৌধুরী। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য কংজাপ্রু চৌধুরী এবং মহালছড়ি প্রেসক্লাবের সভাপতি দীপক সেন। উপজেলা কৃষি বিভাগ সূত্র জানায়, সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত ৩৫০ জন কৃষাণ-কৃষাণীর সামাজিক ও অর্থনৈতিক স্থায়িত্ব ফেরাতে এ সহায়তা দেওয়া হয়েছে। বিতরণকৃত প্রণোদনার মধ্যে ছিল উচ্চফলনশীল গ্রীষ্মকালীন সবজি বীজ, রোপা আমন/ধানের বীজ এবং প্রয়োজনীয় রাসায়নিক সার। প্রধান অতিথির বক্তব্যে মো. নাসির উদ্দিন চৌধুরী বলেন, "বন্যায় কৃষকদের যে ক্ষতি হয়েছে, তা পুষিয়ে নিতে সরকার নিরবচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছে। সময়মতো এই বীজ ও সার ব্যবহার করে কৃষকরা আবার তাদের ফসলি জমি চাঙ্গা করে তুলতে পারবেন বলে আমরা আশাবাদী।
ভারতীয় ট্রাকচালক অপহরণ ও ছিনতাই মামলা ৩ জনের যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড
লালমনিরহাটের পাটগ্রামের বুড়িমারী স্থলবন্দর এলাকায় ভারতীয় এক ট্রাকচালককে অপহরণ, ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম এবং নগদ অর্থ ছিনিয়ে নেওয়ার ঘটনায় দায়ের করা মামলায় তিন আসামিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে ১০ হাজার টাকা করে অর্থদণ্ড, অনাদায়ে আরও তিন মাসের সশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে। সোমবার দুপুরে লালমনিরহাটের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-২–এর বিচারক এস. এম. শফিকুল ইসলাম দীর্ঘ শুনানি শেষে এ রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্তরা হলেন পাটগ্রাম উপজেলার উফারমারা সোনারভিটা এলাকার শফিকুল ইসলামের ছেলে সবুজ মিয়া (২৫), হাদীসপাড়া গ্রামের মোহাম্মদ আলী বুলুর ছেলে রমজান আলী (২৬) এবং ভাটিয়াটারী এলাকার শামছুল হক সামছুর ছেলে আরিফুল ইসলাম তানজিদ (২৬)। আদালত সূত্র ও মামলার এজাহার থেকে জানা যায়, ২০১৯ সালের ২১ আগস্ট ভারতের চ্যাংড়াবান্ধা স্থলবন্দর থেকে পাথরবোঝাই ট্রাক নিয়ে বুড়িমারী স্থলবন্দরে আসেন ভারতীয় ট্রাকচালক লক্ষ্মীনন্দর সিং (৩৭)। স্থলবন্দর এলাকায় বেহাল সড়কে তার ট্রাকটি আটকে গেলে রাতের দিকে আসামিরা ক্রেন দিয়ে ট্রাক উদ্ধার করে দেওয়ার প্রলোভন দেখায়। পরে রাত প্রায় ১২টার দিকে তারা মোটরসাইকেলে করে ট্রাকচালককে পাটগ্রাম উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের ইসলামপুর ভোটবাড়ী এলাকার একটি নির্জন স্থানে নিয়ে যায়। সেখানে ধারালো ছুরি দিয়ে লক্ষ্মীনন্দর সিংকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করা হয়। পরে তার কাছে থাকা ৮ হাজার ভারতীয় রুপি ছিনিয়ে নিয়ে তাকে রাস্তায় ফেলে রেখে পালিয়ে যায় দুর্বৃত্তরা। ঘটনার কিছুক্ষণ পর টহল পুলিশ ও স্থানীয় লোকজন আহত অবস্থায় ওই ট্রাকচালককে উদ্ধার করে পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।পরদিন শ্রীরামপুর ইউনিয়নের গ্রামপুলিশ সদস্য মতিয়ার রহমান বাদী হয়ে পাটগ্রাম থানায় অপহরণ ও ছিনতাইয়ের অভিযোগে মামলা দায়ের করেন। মামলার দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে সাক্ষ্য-প্রমাণ ও উপস্থাপিত তথ্য পর্যালোচনা করে আদালত তিন আসামির বিরুদ্ধে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়েছে বলে রায় দেন। আদালত তাদের দণ্ডবিধির ৩৬৫ (অপহরণ) ও ৩৯৪ (আঘাত করে ছিনতাই/ডাকাতি) ধারায় দোষী সাব্যস্ত করেন। মামলার প্রধান আসামি সবুজ মিয়া শুরু থেকেই পলাতক রয়েছেন। রায়ে তাকে দ্রুত গ্রেপ্তারের জন্য সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা বাহিনীকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত। মামলার বাদী গ্রামপুলিশ সদস্য মতিয়ার রহমান বলেন, “দণ্ডপ্রাপ্ত তিনজনই এলাকায় দীর্ঘদিন ধরে ছিনতাই, চুরি ও অপহরণের মতো অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত বলে পরিচিত। রায় ঘোষণার পর ভারতীয় ট্রাকচালক লক্ষ্মীনন্দর সিংকে ফোনে বিষয়টি জানানো হয়েছে। তিনি আদালতের রায়ে সন্তোষ প্রকাশ করেছেন।” রাষ্ট্রপক্ষের আইনজীবী সামসুল আলম মিলন বলেন, “দীর্ঘ শুনানি ও সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে আদালত যে রায় দিয়েছেন, তাতে রাষ্ট্রপক্ষ সন্তুষ্ট। একজন বিদেশি নাগরিককে অপহরণ করে আহত ও ছিনতাইয়ের মতো ঘটনা অত্যন্ত নিন্দনীয়।
বোয়ালখালীতে আবারও বসত বাড়িতে ঘটল চুরি ঘটনা; খোয়া গেল নগদ অর্থ আর স্বর্ণালংকার
মাত্র একদিনের ব্যবধানে উপজেলার পোপাদিয়া ইউনিয়নে আবারও ঘটল চুরির ঘটনা। এ নিয়ে উপজেলার বিভিন্ন এলাকা জুড়ে সংগঠিত হল বেশ কয়েকটি চুরির ঘটনা। এতে করে একদিকে যেমন বাড়ছে স্থানীয় বাসিন্দাদের মাঝে উদ্বেগ আর উৎকন্ঠা, অন্যদিকে প্রশ্নবিদ্ধ হচ্ছে আইন শৃঙ্খলা পরিস্থিতি। রবিবার (২৬ জুলাই) দিবাগত গভীর রাতে আকুবদণ্ডী গ্রামের ২ নাম্বার ওয়ার্ডের আব্দুল জলিল চৌধুরী বাড়ির সাবেক পল্লী বিদ্যুৎ কর্মকর্তা সাইফুল চৌধুরীর বসত ঘরে এই চুরির ঘটনা ঘটে। ভুক্তভোগীর পরিবারিক সূত্রে জানা যায়, গৃহকর্তা সাইফুল চৌধুরী তার স্ত্রীকে নিয়ে চিকিৎসকের পরামর্শ নিতে শনিবার সন্ধ্যায় চট্টগ্রাম নগরীর একটি চিকিৎসা কেন্দ্রে যান। চিকিৎসা শেষে গভীর রাত হয়ে যাওয়ায় তাঁদের ছেলে সায়েম চৌধুরী বাবা-মাকে নগরীতে নিজের বাসায় নিয়ে যান। পরদিন সকালে বাড়িতে ফিরে তারা দেখতে পান, বাড়ির মূল দরজা বাইরে থেকে বন্ধ থাকলেও ভেতর থেকে লক করা রয়েছে। পরে দরজা ভেঙে ঘরে প্রবেশ করলে দেখা যায়, ঘরের আলমারি ও আসবাবপত্র তছনছ করা হয়েছে। ভুক্তভোগীর ছেলে সায়েম চৌধুরী জানান, দুর্বৃত্তরা আলমারি ভেঙে নগদ ৮৫ হাজার টাকা এবং প্রায় দুই ভরি স্বর্ণালংকার নিয়ে যায়। পাশাপাশি ঘরের বিভিন্ন জিনিসপত্র এলোমেলো করে রেখে যায় চোরের দল। ঘটনার খবর পেয়ে বোয়ালখালী থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। এ বিষয়ে বোয়ালখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোজাফফর হোসেন বলেন, 'ঘটনার সংবাদ পাওয়ার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এটি একটি সুপরিকল্পিত ও সংঘবদ্ধ চুরির ঘটনা বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ কাজ করছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।' স্থানীয়রা জানান, সাম্প্রতিক সময়ে এলাকায় চুরির ঘটনা বৃদ্ধি পাওয়ায় সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ সৃষ্টি হয়েছে। তারা রাতের নিরাপত্তা জোরদার এবং চুরির সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।