ভেড়ামারায় অভিযান, ১৪টি চায়না দুয়ারি জাল জব্দ করে পুড়িয়ে ধ্বংস

বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক

প্রকাশ: ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৫ পিএম

তানভীর আজাদ কুষ্টিয়া প্রতিনিধি:

কুষ্টিয়ার ভেড়ামারায় অবৈধ ও মাছের প্রজননসহ প্রাকৃতিক মৎস্যসম্পদের জন্য ক্ষতিকর চায়না দুয়ারি জালের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে উপজেলা মৎস্য অফিস। অভিযানে ১৪টি জাল জব্দ করা হয়েছে।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকালে উপজেলার কাজিহাটা এলাকায় এ অভিযান পরিচালিত হয়।

মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন-১৯৫০ অনুযায়ী উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. রাশেদ হাসানের নেতৃত্বে অভিযানটি পরিচালনা করা হয়। অভিযানে জব্দ করা ১৪টি চায়না দুয়ারি জালের আনুমানিক মূল্য প্রায় ৭০ হাজার টাকা।

পরে জব্দকৃত জালগুলো উপজেলার সাতবাড়িয়া বাজারে নিয়ে জনসম্মুখে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।

অভিযান চলাকালে ভেড়ামারা থানার এসআই আল-আমিনসহ পুলিশের সদস্য এবং উপজেলা মৎস্য অফিসের স্টাফরা উপস্থিত ছিলেন।

উপজেলা মৎস্য অফিস জানিয়েছে, প্রাকৃতিক মৎস্যসম্পদ রক্ষা এবং ক্ষতিকর জালের ব্যবহার বন্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে। জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

যোগাযোগের ঠিকানা:

বাংলাদেশ বার্তা টুডে

৫৬, চানখারপুল লেন, নাজিমুদ্দিন রোড, বংশাল, ঢাকা-১১০০

ইমেইল: info@bangladeshbartatoday.com