সাপুড়ের মন্ত্র পড়া নিয়ে বিরোধ, বৃদ্ধকে পিটিয়ে হত্যা: মুন্সিগঞ্জে ৪ আসামি গ্রেফতার

বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক

প্রকাশ: ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৬ পিএম

রফিকুল ইসলাম সাবুল : রংপুর প্রতিনিধি :

রংপুরের গঙ্গাচড়ায় সাপ খেলা চলাকালে সাপুড়ের মন্ত্র পড়াকে কেন্দ্র করে বিরোধের জেরে এন্দাজ মিয়া (৭৪) নামে এক বৃদ্ধকে পিটিয়ে হত্যার ঘটনায় প্রধান আসামিসহ চারজনকে মুন্সিগঞ্জ থেকে গ্রেফতার করেছে র‌্যাব।

গ্রেফতার ব্যক্তিরা হলেন—মামলার প্রধান আসামি মো. আশরাফুল ইসলাম (৪৫), ৩ নম্বর আসামি মো. মাবু মিয়া (৩০), ৪ নম্বর আসামি মো. লেবু মিয়া (৩০) ও ৫ নম্বর আসামি মো. এরশাদ আলী (৪০)। তারা সবাই রংপুরের গঙ্গাচড়া উপজেলার লক্ষ্মীটারী ইউনিয়নের জয়রাম ওঝা গ্রামের মো. নূর হোসেনের ছেলে।

র‌্যাব জানায়, গত ২৫ আগস্ট রাতে গঙ্গাচড়া উপজেলার কাশিয়াবাড়ীর হাট সংলগ্ন কমিউনিটি ক্লিনিক মাঠে সাপ খেলা দেখাচ্ছিলেন এক সাপুড়ে। একপর্যায়ে সাপুড়ের মন্ত্র পড়াকে কেন্দ্র করে কয়েকজনের মধ্যে বিরোধের সৃষ্টি হয়। এ সময় অভিযুক্তরা ও অজ্ঞাতনামা আরও ৯-১০ জন সাপুড়েকে মারধর শুরু করেন।

ঘটনাস্থলে থাকা ভুক্তভোগী এন্দাজ মিয়ার বড় ছেলে আব্দুল মালেক সাপুড়েকে উদ্ধার করে সেখান থেকে সরিয়ে দেন। এরপর অভিযুক্তরা তাকে গালাগালির একপর্যায়ে মারধর শুরু করেন। ছেলেকে মারধরের খবর পেয়ে এন্দাজ মিয়া ঘটনাস্থলে এগিয়ে এলে তাকেও মারধর করা হয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে জানায় র‌্যাব।

এ ঘটনায় নিহতের ছেলে বাদী হয়ে গত ২৬ আগস্ট গঙ্গাচড়া থানায় একটি হত্যা মামলা করেন। মামলাটির নম্বর ৩২। মামলা হওয়ার পর গ্রেফতার এড়াতে আসামিরা আত্মগোপনে চলে যান।

র‌্যাব-১৩ জানায়, মামলাটির গুরুত্ব বিবেচনায় আসামিদের গ্রেফতারে গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়। পরে সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাব-১৩, রংপুর ও র‌্যাব-১১-এর একটি যৌথ দল মুন্সিগঞ্জে অভিযান চালায়।

 

অভিযানের অংশ হিসেবে মুন্সিগঞ্জ জেলার টংগিবাড়ী থানাধীন বালিগাঁও বাজার এলাকায় রাত ৮টা ৫ মিনিটে অভিযান চালিয়ে প্রধান আসামি আশরাফুল ইসলাম ও ৩ নম্বর আসামি মাবু মিয়াকে গ্রেফতার করা হয়। পরে রাত ৯টা ৪৫ মিনিটে একই থানার ইসলামপুর বাজার এলাকায় অভিযান চালিয়ে লেবু মিয়া ও এরশাদ আলীকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার চার আসামির বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র‌্যাব।

যোগাযোগের ঠিকানা:

বাংলাদেশ বার্তা টুডে

৫৬, চানখারপুল লেন, নাজিমুদ্দিন রোড, বংশাল, ঢাকা-১১০০

ইমেইল: info@bangladeshbartatoday.com