বাংলাদেশ বার্তা টুডে
চুনারুঘাট উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সৈয়দ লিয়াকত হাসান অসুস্থ, দোয়া প্রার্থনা
হবিগঞ্জের চুনারুঘাট উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সৈয়দ লিয়াকত হাসান অসুস্থ । বর্তমানে তিনি শারীরিক অসুস্থতা বোধ করায় চিকিৎসকের পরামর্শে নিজ বাসভবনে বিশ্রামে রয়েছেন। পারিবারিক সূত্রে জানা গেছে, গত কিছুদিন ধরে তিনি শারীরিক নানা জটিলতায় ভুগছেন। চিকিৎসকরা তাকে সম্পূর্ণ বিশ্রামে থাকার এবং নিয়মিত ওষুধ সেবনের পরামর্শ দিয়েছেন। সুস্থ না হওয়া পর্যন্ত তিনি আগামী কিছুদিন সব ধরনের সামাজিক ও রাজনৈতিক কর্মকাণ্ড থেকে বিরত থাকবেন। এদিকে সাবেক এই জনপ্রিয় চেয়ারম্যানের দ্রুত সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে তাঁর পরিবারের পক্ষ থেকে চুনারুঘাট উপজেলাবাসীসহ দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয়েছে। তাঁর স্বজনরা সকলকে মহান আল্লাহর দরবারে সৈয়দ লিয়াকত হাসানের জন্য বিশেষভাবে মোনাজাত করার অনুরোধ জানিয়েছেন।
৫১ বছরে পদার্পন উপলক্ষে ঠাকুরগাঁওয়ে দৈনিক করতোয়ার প্রতিষ্ঠা বার্ষিকী পালন
ঠাকুরগাঁওয়ে জাতীয় দৈনিক করতোয়া পত্রিকার ৫১ বছরে পদার্পণ উপলক্ষে প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়। বুধবার ঠাকুরগাঁও প্রেসক্লাব আধুনিক ভিআইপি হলরুমে কেক কেটে ও আলোচনা সভার মধ্য দিয়ে প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়। দৈনিক করতোয়া পত্রিকার জেলা প্রতিনিধি ও ঠাকুরগাঁও প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির নির্বাহী সদস্য মনসুর আলীর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন প্রধান অতিথি ঠাকুরগাঁও প্রেসক্লাবের সভাপতি লুৎফর রহমান মিঠু। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন ঠাকুরগাঁও প্রেসক্লাবের সাধারণ সম্পাদক তানভির হাসান তানু, সাবেক সাধারণ সম্পাদক ফিরোজ আমিন সরকার, যুগ্ম সাধারণ সম্পাদক আল ফারাবী হাসান নবীন, সাহিত্য ও প্রচার প্রকাশনা সম্পাদক গোলাম সারোয়ার স¤্রাট, দপ্তর সম্পাদক মো: আসাদুজ্জামান শামিম, ক্রীড়া সম্পাদক মো: সামসুজ্জুহা, নির্বাহী সদস্য এসএম জসিম উদ্দিন, সদস্য ফজলে ইমাম বুলবুল, শাহ মো: নাজমুল ইসলাম, রেজওয়ানুল হক রিজু, নাহিদ রেজা, নূরে আলম শাহ্, বিধান চন্দ্র দাস, শাকিল আহমেদ, সাংবাদিক এসএম মোক্তারুজ্জামান রাসেল, হিমেল তালুকদার, মাজেদুর রহমান, রহিম শুভ, মো: সোহেল রানা প্রমুখ। পরে কেক কেটে প্রতিষ্ঠা বার্ষিকী পালন করেন প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিবৃন্দ। বক্তারা দীর্ঘ পথ পরিক্রমায় অতিক্রান্ত হওয়ায় দৈনিক করতোয়া পত্রিকা এবং পত্রিকার সম্পাদকসহ সংশ্লিষ্টদের শুভকামনা জানিয়ে উত্তরোত্তর সাফল্য কামনা করেন।
কালীগঞ্জে হিরো উমেন স্কলারশীপ বিতরন
ঝিনাইদহ কালীগঞ্জে শিক্ষা বৃত্তি বাল্য বিবাহ বন্ধে সহায়ক” এই স্লোগান নিয়ে ঝিনাইদহের কালীগঞ্জে হিরো উমেন স্কলারশীপ বিতরন করা হয়েছে। বুধবার (১২ আগষ্ট) সুনিকেতন পাঠশালার সাবেক প্রধান শিক্ষক আলহাজ রোকেয়া খাতুনের সভাপতিত্বে সকাল ১০টায় বলিদাপাড়াস্থ সুনিকেতন সেমিনার কক্ষে বিকশিত বাংলাদেশ ফাউন্ডেশনের আয়োজনে বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ ৪ আসনের জাতীয় সংসদ সদস্য মাওলানা আবু তালিব। অনুষ্ঠানে বক্তব্য রাখেন ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো: গিয়াস উদ্দিন, আলহাজ¦ আমজাদ আলী ও ফাইজুর রহমান মহিলা কলেজের অধ্যক্ষ আব্দুর রাজ্জাক, বীর মুক্তিযোদ্ধা বাবু প্রভাত কুমার ব্যানার্জী, মাওলানা ওলিয়ার রহমান, বিএনএসকেএস এর সভানেত্রী মনোয়ারা খাতুন, সাংবাদিক রফিকুল ইসলাম মন্টু,হুমায়ুন কবির সোহাগ বিবিএফ এর প্রোগ্রাম অফিসার শাহজাহান আলী বিপাশ প্রমুখ। হিরো উমেন স্কলারশীপের আওতায় কালীগঞ্জ উপজেলার স্কুল পর্যায়ের ১৭জন গরীব ও মেধাবী এবং কলেজ পযায়ে ২৫ জনকে এই শিক্ষা বৃত্তি প্রদান করা হয়। স্কুল পর্যায়ে প্রতি শিক্ষার্থীকে মাসে ৫০০ টাকা করে ৬ মাসের ৩হাজার টাকা এবং কলেজ পর্যায়ে ৬০০ টাকা করে ৬ মাসের ৩হাজার ৬শ টাকা প্রদান করা হয়।
জবি শিক্ষার্থীদের বাসে দূর্বৃত্তদের হামলা জখম ৫
মানিকগঞ্জের সিংগাইরে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থী পরিবহনে ব্যবহৃত একটি বাসে সন্ত্রাসী কায়দায় হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এতে বাসে থাকা পাঁচজন শিক্ষার্থী রক্তাক্ত জখম হয়েছে। মঙ্গলবার (১১ আগস্ট) সন্ধ্যা পৌনে ৭টার দিকে উপজেলার ধল্লা ইউনিয়নের ভূমদক্ষিণ এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে, ঢাকা গাবতলি হতে ছেড়ে আাসা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও স্টাফ পরিবহনের কাজে ব্যবহৃত বাসটি (ঢাকা মেট্রো-স ১৪-০১৯৪) হেমায়েতপুর এলাকায় পৌঁছালে বাসটির সাথে একটি অটোরিকশার ধাক্কা লাগে। এ সময় অটোরিকশায় থাকা যাত্রী মো. কাউসারের সঙ্গে বাসের যাত্রীদের কথা-কাটাকাটি ও ধাক্কাধাক্কি হয়। কাউসার সিংগাইর উপজেলার ভূমদক্ষিণ স্কুল অ্যান্ড কলেজের প্রধান শিক্ষক আবু বক্কর সিদ্দিকের ছেলে। স্থানীয়রা জানিয়ে কাউসার মাদকে আক্রান্ত। বাসটি সিংগাইর উপজেলার ভূমদক্ষিণ এলাকায় পৌঁছালে সেখানে কাউসার ও অজ্ঞাতনামা আরও ৩-৪ জন ব্যক্তি গ্যাসের পাইপ দিয়ে বাসটিতে হামলা চালান। এ সময় বাসটির জানালার কাচ ভাঙচুর করা হয়। হামলায় বাসে থাকা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের এন্ডোক্রিনোলজি বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী রিম্বি আক্তার এবং ইতিহাস বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী পূর্ণিমা আক্তারসহ পাঁচজন আহত হন। আহতদের উদ্ধার করে সিংগাইর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে। সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম বলেন, ‘বাস ভাঙচুরের ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। এ ঘটনায় কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছেন। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে একটি লিখিত অভিযোগ দেওয়ার কথা রয়েছে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
মতলবে কৃতি শিক্ষার্থী ও গুণীজনদের সংবর্ধনা
চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলা সদরের ১১১নং মতলব মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কৃতি শিক্ষার্থী ও গুণীজনদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়। ১১১নং মতলব মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আয়োজনে এবং ডাকবক্স ফাউন্ডেশন ও প্রাক্তন শিক্ষার্থীদের পৃষ্ঠপোষকতায় অত্র বিদ্যালয়ের ২০২৫ সালের বৃত্তি প্রাপ্ত ৩০ জন কৃতি ছাত্র-ছাত্রী এবং উপজেলা, জেলা ও জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ অর্জনকারী শিক্ষকদের সংবর্ধনা অনুষ্ঠানটি সোমবার (১০ আগস্ট) বেলা এগারোটায় বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত হয়। ১১১নং মতলব মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মিরান হোসেন মিয়াজীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার কেএম ইশমাম। তিনি বলেন,কৃতি শিক্ষার্থীদের সাফল্য অন্য শিক্ষার্থীদের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে। মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে শিক্ষক ও অভিভাবকদের সমন্বিত প্রচেষ্টার ওপর গুরুত্বারোপ করেন তিনি। আজকের এ সংবর্ধনার আয়োজনকারীদের ধন্যবাদ জানান প্রধান অতিথি। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সভাপতি এনামুল হক বাদল, উপজেলা শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) আব্দুল হাই, উপজেলা রিসোর্স ইন্সট্রাক্টর সারোয়ার জাহান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সফিকুল ইসলাম সাগর, মতলব জগবন্ধু বিশ্বনাথ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ( ভারপ্রাপ্ত) জাভেদ হোসেন, সংবর্ধিত অতিথি অত্র বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক উম্মে কুলসুম শেফা, সংবর্ধিত অতিথি অত্র বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক নুরুন নাহার আক্তার বকুল, মতলব প্রেসক্লাবের আহবায়ক গোলাম সারওয়ার সেলিম, মতলব পৌর যুবদলের আহবায়ক মজিবুর রহমান সরকার, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক শরিফউল্লাহ সরকার টিটু, উপজেলা সরকারি প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক হাসান মাহমুদ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব নাসির মিয়াজী,উপজেলা ছাত্রদলের আহবায়ক মিরাজ মাহমুদ জিসান, উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য মোঃ ফয়সাল খন্দকার, ওয়াহেদুদ জামান রিয়াদ, ডাকবক্স ফাউন্ডেশনের সজিব প্রমুখ। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন মতলব মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুইটি আক্তার। অনুষ্ঠান পরিচালনা করেন অত্র বিদ্যালয়ের সহকারী শিক্ষক দেলোয়ার হোসেন। আলোচনা শেষে ডাকবক্স ফাউন্ডেশন ও ১১১নং মতলব মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের পক্ষ থেকে বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের সন্মাননা ক্রেস্ট, নগদ অর্থ এবং গুণী শিক্ষকদের সন্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
দ্রুত বিশ্বনাথ-জগন্নাথপুর সড়ক সংস্কার না হলে আন্দোলনে নামবেন যানবাহন মালিক-শ্রমিকেরা
সিলেট- সুনামগঞ্জজেলাবাসীর ওই জনগুরুত্বপূর্ণ সড়কটি দীর্ঘদিন ধরে সংস্কারবিহীন অবস্থায় রয়েছে। বড় বড় গর্ত সৃষ্টি হওয়ার কারণে ঝুঁকি নিয়ে চলাবল করতে যানবাহন। ভোক্তভোগী দুটি জেলার বাসিন্দা সরকার ও স্থানীয় জনপ্রতিনিধিদের কাছে বারবার সড়ক সংস্কারের দাবী করে আসলেও সংস্কার হচ্ছেনা এই জনগুরুত্বপূর্ণ সড়কের। ফলে যানবাহন চলাচলের অনুপযোগী হয়ে যাচ্ছে বিশ্বনাথ-জগন্নাথপুর সড়ক। বিশ্বনাথ-জগন্নাথপুর সড়ক সংস্কার দাবীতে মঙ্গলবার (১১ আগস্ট) বিকেলে বিশ্বনাথ পুরানবাজারস্থ সিলেট জেলা সিএনজি চালিত (অটোরিক্সা) শ্রমিক ইউনিয়ন ৭০৭ এর অন্তভুক্ত বিশ্বনাথ শ্রমিক উপ-শাখা অফিসে যৌথ জরুরী সভা করেছে সিলেট জগন্নাথপুর-বিশ্বনাথ-রামপাশা-লামাকাজি ও টুকের বাজার মিনিবাস ও কোষ্টার মালিক, শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ। সভায় নেতৃবৃন্দ বলেছেন, ২০ আগস্টের মধ্যে সংশ্লিষ্ষ্ট কর্তৃপক্ষ বিশ্বনাথ-জগন্নাথপুর-টুকের বাজার পর্যন্ত সড়ক সংস্কার না করা হলে কর্মবিতরতীসহ কঠোর কর্মসূচি ঘোষনা করা হবে। সিলেট জেলা সিএনজি চালিত (অটোরিক্সা) শ্রমিক ইউনিয়ন ৭০৭ এর অন্তভুক্ত বিশ্বনাথ শ্রমিক উপ-শাখার সভাপতি মো এহসান আহমদ তৈমুছের সভাপতিত্বে ও সিলেট-জগন্নাথপুর-রামপাশা-লামাকাজি-টুকেরবাজার মিনিবাস ও কোষ্টার মালিক গ্রুপের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম মনিরের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন বাস-মিনিবাস শ্রমিক শাখার সভাপতি মো. ছুনু মিয়া, সহসভাপতি আব্দুস শহিদ, সম্পাদক মো. ইরণ মিয়া, সহসম্পাদক জুবেল মিয়া, মালিক গ্রুপের সদস্য রাইসুল ইসলাম রাসেদ, সিলেট জেলা সিএনজি চালিত (অটোরিক্সা) শ্রমিক ইউনিয়ন ৭০৭ এর অন্তভুক্ত বিশ্বনাথ শ্রমিক উপ-শাখার সাধারণ সম্পাদক সাকিল আহমদ সিতাব, যুগ্ম সাধারণ সম্পাদক আল-আমিন। এছাড়া সভায় বাস-মিনিবাস মালিক-শ্রমিক ও সিএনজি মালিক/শ্রমিক সভায় উপস্থিত ছিলেন।
দুইলাখ টাকা চাঁদা দিতে না পারায় নিজের জায়গায় ঘর তুলতে পারেনি স্বামীহারা নুরজাহান
একদিকে ঝড়ে ভেঙে পড়েছে মাথা গোঁজার শেষ আশ্রয়টুকু। অন্যদিকে সেই ভাঙা ঘরের বদলে নিজের জায়গায় নতুন করে একটি ঘর তুলতে গেলেই বাধা। দাবি করা হয়েছে দুই লাখ টাকা চাঁদা! টাকা দিতে না পারলে নিজের জমিতে ঘর তুলতে দেওয়া হবে না-এমনকি সেখানে বসবাস করতেও দেওয়া হবে না বলে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। অসহায় কণ্ঠে ৫০ বছরের বেশি বয়সী স্বামী হারা নুরজাহান বলেন “দুই লাখ টাকা চাঁদাও দিতে পারি না, নিজের জমিতে একটা ঘরও উঠাইতে পারি না। তাহলে আমার বৃদ্ধা মা ও সন্তানদের নিয়ে আমি কোথায় থাকব? নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার সনমান্দী ইউনিয়নের জাঁঙ্গাল গ্রামের বাসিন্দা স্বামী হারা নুর জাহান। মৃত আবুল হাসেমের মেয়ে তিনি। জীবনের দীর্ঘ সময় গার্মেন্টসে কাজ করে অল্প অল্প করে সঞ্চয় করেছেন। সেই কষ্টার্জিত অর্থে কেনা এবং পৈতৃক সূত্রে পাওয়া শ্রীপতিরচর মৌজার ৫ দশমিক ৩৮ শতাংশ জমিই তার সম্বল। এই জমিতেই সন্তানদের নিয়ে দীর্ঘদিন ধরে বসবাস করে আসছেন তিনি। কিন্তু সম্প্রতি ঝড়ে টিনশেড ঘরটি ভেঙে পড়ে। অসহায় নুর জাহানের কাছে সেটি ছিল শুধু একটি ঘর ভেঙে পড়ার ঘটনা নয়-ছিল সন্তানদের মাথার ওপর থেকে শেষ আশ্রয়টুকু সরে যাওয়ার মতো। তারপরও হাল ছাড়েননি তিনি। ভাঙা ঘরের জায়গায় আবারও ছোট্ট একটি ঘর তোলার উদ্যোগ নেন। ধারদেনা করে, কষ্টের উপার্জন থেকে টাকা জমিয়ে সন্তানদের নিয়ে আবারও একটু নিরাপদে থাকার স্বপ্ন দেখেছিলেন। কিন্তু সেই স্বপ্নের সামনে বাঁধা হলো চাঁদা নামক অশুভ ছায়া যা তার নিজের জমিতেই ঘর তুলতে পারলোনা। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক এলাকাবাসী জানায়, বিএনপি নেতা সাফির উদ্দিন মজনু ও তার ছোট ভাই মোহনের প্রভাবেই নুরজাহানের ঘর উঠাতে দেওয়া হচ্ছেনা। নুর জাহানের স্বামী নেই, খুব কষ্টে গার্মেন্টসে চাকরি করে কোন রকমে দিন কাটাচ্ছে। এঘটানার সুষ্ঠু মিমাংসা চায় এলাকাবাসী। নুর জাহানের অভিযোগ, গত ৭ আগস্ট সকালে তিনি নিজের জমিতে ঘর নির্মাণের কাজ শুরু করেন। সকাল আনুমানিক ৯টার দিকে স্থানীয় খন্দকার অলি (৬০), হাবিবুর রহমান (৫৭) সহ আরও ২-৩ জন ব্যক্তি সেখানে এসে নির্মাণকাজ বন্ধ করতে বলেন। অভিযোগ অনুযায়ী, এ সময় তারা দুই লাখ টাকা চাঁদা দাবি করেন। টাকা না দিলে ওই জমিতে ঘর তুলতে দেওয়া হবে না বলেও জানানো হয়। প্রতিবাদ করলে তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে আশপাশের লোকজন এগিয়ে আসেন। পরে অভিযুক্তরা সেখান থেকে চলে গেলেও যাওয়ার সময়ও নুর জাহানকে হুমকি দেওয়া হয়! নুর জাহানের কণ্ঠে এখন আতঙ্ক আর অসহায়ত্ব। তিনি বলেন, আমি গার্মেন্টসে কাজ করি। যা আয় করি, তা দিয়ে কোনো রকমে সংসার চালাই। ঝড়ে ঘর ভেঙে যাওয়ার পর অনেক কষ্টে আবার ঘর তুলতে চেয়েছিলাম। কিন্তু আমার কাছে দুই লাখ টাকা চাওয়া হয়েছে। আমি এত টাকা কোথায় পাব? টাকা দিতে পারি না, আবার নিজের জমিতে ঘরও তুলতে পারি না। সন্তানদের নিয়ে তাহলে কোথায় যাব? তার জমিটি দখলে নেওয়ার চেষ্টা দীর্ঘদিন ধরেই চলছে। এ নিয়ে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের কাছে বিচার চেয়েও কাঙ্ক্ষিত সমাধান পাননি। নুর জাহানের দাবি, আমার স্বামী নেই, বাপ-দাদার জমি আর নিজের কষ্টের টাকায় কেনা জমি। এতদিন এখানে থেকেছি। এখন কেন আমাকে আমার নিজের জায়গায় থাকতে দেওয়া হবে না? আমি কার কাছে গেলে বিচার পাব? অভিযোগের বিষয়ে খন্দকার অলি ঘটনার কথা স্বীকার করলেও চাঁদা দাবির অভিযোগ অস্বীকার করেছেন। তিনি বলেন, ঘর তোলার সময় তাদের সঙ্গে নুর জাহানের কথাকাটাকাটি হয়েছে-এটা সত্য। তবে তারা কোনো চাঁদা দাবি করেননি। জমির সীমানা নিয়ে তাদের কিছুটা বিরোধ রয়েছে। বিষয়টি এলাকার মুরুব্বীদের নিয়ে বসে সমাধানের চেষ্টা করা হচ্ছে। ঘর হারিয়ে নতুন করে ঘর তোলার চেষ্টায় বাধার মুখে পড়ে শেষ পর্যন্ত আইনের আশ্রয় নিয়েছেন নুর জাহান। ঘটনার বিচার ও নিজের জমিতে নিরাপদে বসবাসের অধিকার নিশ্চিত করার দাবিতে সোমবার (১০ আগষ্ট) সোনারগাঁ থানায় লিখিত অভিযোগ করেছেন তিনি। সোনারগাঁ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আনোয়ার হোসেন জানান, এ বিষয়ে একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এখন নুর জাহানের একটাই প্রশ্ন-ঝড়ে ভেঙে যাওয়া ঘরটি হয়তো আবারও টিন দিয়ে তোলা যাবে, কিন্তু যদি নিজের জমিতেই নিরাপদে থাকার অধিকার না থাকে, তাহলে সেই ঘরকে তিনি আশ্রয় বলবেন কীভাবে? দুই লাখ টাকা দেওয়ার সামর্থ্য নেই তার। আছে শুধু কয়েক শতাংশ জমি, কষ্টের উপার্জন আর সন্তানদের নিয়ে বেঁচে থাকার স্বপ্ন। সেই স্বপ্নটুকু রক্ষা হবে কি না-এখন সেটিই অপেক্ষার বিষয়।
এসএসসি ফল দেখতে বের হয়ে নিখোঁজ শিক্ষার্থী মুগ্ধ, দিশেহারা পরিবার
চট্টগ্রাম নগরীর কোতোয়ালি থানাধীন পাথরঘাটা এলাকার বাসা থেকে এসএসসি পরীক্ষার ফলাফল দেখতে বের হয়ে নিখোঁজ হয়েছে প্রাচুর্য দাশ মুগ্ধ নামে এক পরীক্ষার্থী। গতকাল সোমবার (১০ আগস্ট) সকাল আনুমানিক ৮টার দিকে ফলাফলের খোঁজে বাসা থেকে বের হওয়ার পর থেকে আজ পর্যন্ত সে আর বাড়ি ফেরেনি। একমাত্র সন্তানকে হারিয়ে চরম উৎকণ্ঠা ও দিশেহারা অবস্থায় দিন কাটাচ্ছেন তার মা-বাবা। পারিবারিক সূত্রে জানা গেছে, গতকাল সকালে ফল জানার উদ্দেশ্যে বাসা থেকে বের হয় মুগ্ধ। তবে সময় গড়িয়ে গেলেও সে ঘরে না ফেরায় স্বজনেরা চিন্তিত হয়ে পড়েন। পরবর্তীতে আত্মীয়-স্বজনের বাড়িসহ সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান মেলেনি। একমাত্র সন্তানকে খুঁজে না পেয়ে কেঁদে কেঁদে অসুস্থ হয়ে পড়েছেন মুগ্ধের মা-বাবা। সন্তানের প্রতি আকুল আকুতি জানিয়ে মুগ্ধের মা-বাবা বলেন, “পরীক্ষার রেজাল্ট যাই হোক না কেন, সন্তানের চেয়ে তা বড় হতে পারে না। মুগ্ধ, তুমি যেখানেই থাকো, দয়া করে দ্রুত বাসায় ফিরে এসো। তোমার মা-বাবা তোমাকে ছাড়া একদম ভেঙে পড়েছেন।” কোনো সহৃদয় ব্যক্তি যদি প্রাচুর্য দাশ মুগ্ধের কোনো সন্ধান পেয়ে থাকেন অথবা তার সম্পর্কে কোনো তথ্য জেনে থাকেন, তবে দ্রুত নিচের যোগাযোগের নম্বরে অথবা নিকটস্থ থানায় যোগাযোগ করার জন্য পরিবারের পক্ষ থেকে বিনীত অনুরোধ জানানো হয়েছে। যোগাযোগের নম্বর: ০১৮১২৩৭৭৬২৯
আটোয়ারীতে ১০ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার
আটোয়ারী, পঞ্চগড় | ১১ আগস্ট ২০২৬: পঞ্চগড়ের আটোয়ারীতে মাদকবিরোধী বিশেষ অভিযানে ১০ পিস ইয়াবাসহ মনির হোসেন (২৫) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (১১ আগস্ট) উপজেলার রাধানগর ইউনিয়নের কিসমত রেলওয়ে স্টেশন বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার মনির হোসেন সাতপাখি দক্ষিণ দুর্গাপুর গ্রামের ইসমাইল হোসেনের ছেলে। পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে আটোয়ারী থানা পুলিশের একটি দল ওই এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় মনির হোসেনকে তল্লাশি করে তার কাছ থেকে ১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পুলিশ জানায়, এ ঘটনায় মনির হোসেনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় আটোয়ারী থানায় মামলা করা হয়েছে। পরে তাকে পঞ্চগড় আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। আটোয়ারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মতিয়ার রহমান জানান, মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। মাদক ব্যবসায়ী ও সেবনকারীদের বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
বিশ্বনাথে প্রবাসীর পক্ষ থেকে শিক্ষার্থীদের স্কুল ড্রেস প্রদান
সিলেটের বিশ্বনাথে উপজেলার লামাকাজী ইউনিয়নে ইসবপুর গ্রামের বিশিষ্ট সমাজসেবক ও সৌদি আরব প্রবাসী আব্দুল করিম বাবুল এর পক্ষ থেকে শিক্ষার্থীদের মাঝে স্কুলড্রেস উপহার প্রদান করা হয়েছে। মঙ্গলবার (১১ আগস্ট) দুপুর ১২ টায় ইসবপুর হাজী সফির মিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় হলরুমে বিদ্যালয়ের ৪৫ জন শিক্ষার্থীদের মাঝে ওই স্কুল ড্রেস উপহার দেওয়া হয়। স্হানীয় ভুরকি হাবিবিয়া হাফিজিয়া দাখিল মাদরাসার হিফজ বিভাগের প্রধান শিক্ষক আলহাজ্জ হাফিজ আব্দুস শহিদ (বড় হুজুর) এর দোয়া এবং সভাপতিত্বে অনুষ্ঠানের শুভ সূচনা হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন পল্লী মঙ্গল কন্টিবিউটেড পিএমসি একাডেমি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শামিম মিয়া। ইসবপুর গ্রামের তরুন সংগঠক রাহেল আহমদ এর পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইসবপুর হাজী সফির মিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আনোয়ার আলী। বক্তব্য রাখেন সংগঠক মো. ওয়ারিছ আলী, আফতাবুর রহমান, শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য রাখেন ফারিয়া আক্তার সামিয়া, ফাহিম আহমদ কাওছার ও নাঈমা জান্নাত
নওগাঁর নিয়ামতপুরে তিন প্রতিষ্ঠানের শতভাগ শিক্ষার্থী ফেল
নওগাঁর নিয়ামতপুর উপজেলায় এবারের এসএসসি ও সমমান পরীক্ষায় তিনটি শিক্ষা প্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থীই পাস করতে পারেনি। প্রতিষ্ঠান তিনটি হলো—পৈলানপুর উচ্চ বিদ্যালয়, নিমদিঘী কারিগরি স্কুল ও কলেজ এবং বরিয়া দাখিল মাদ্রাসা। জানা গেছে, পৈলানপুর উচ্চ বিদ্যালয় থেকে ৯ জন, নিমদিঘী কারিগরি স্কুল ও কলেজ থেকে ৭ জন এবং বরিয়া দাখিল মাদ্রাসা থেকে ১৫ জন পরীক্ষার্থী এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নেয়। তবে তিন প্রতিষ্ঠানের ৩১ পরীক্ষার্থীর কেউই উত্তীর্ণ হতে পারেনি। পৈলানপুর উচ্চ বিদ্যালয় ১৯৯৬ সালে প্রতিষ্ঠিত পৈলানপুর উচ্চ বিদ্যালয়টি ২০০২ সালে অষ্টম শ্রেণি পর্যন্ত এমপিওভুক্ত হয়। তবে নবম ও দশম শ্রেণি এখনো এমপিওভুক্ত হয়নি। প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ বলেন, অষ্টম শ্রেণি পর্যন্ত প্রতিষ্ঠানটি এমপিওভুক্ত হলেও নবম ও দশম শ্রেণির কোনো শিক্ষক নেই। এ কারণে শিক্ষার্থীরাও এখানে ভর্তি হতে আগ্রহী নয়। তিনি আরও বলেন, বিদ্যালয়ে কোনো পাকা ভবন নেই। মাটির ঘর ও টিনের শেডে পাঠদান করতে হয়। শিক্ষকদের বসার উপযুক্ত ব্যবস্থা ও কমন রুমও নেই। গ্রীষ্মে ঝড় এবং বর্ষায় বৃষ্টির সময় পাঠদান ব্যাহত হয়। এসব কারণে ভালো শিক্ষার্থীরা ভর্তি হতে চায় না। এর প্রভাব পড়েছে এবারের ফলাফলেও। নিমদিঘী কারিগরি স্কুল ও কলেজ ২০০৩ সালে প্রতিষ্ঠিত নিমদিঘী কারিগরি স্কুল ও কলেজে ২০১১ সালে নবম-দশম শ্রেণিতে ভোকেশনাল শাখা চালু করা হয়। তবে চালুর পর প্রায় ১৫ বছর পেরিয়ে গেলেও শাখাটি এখনো নন-এমপিও অবস্থায় রয়েছে। প্রতিষ্ঠানের অধ্যক্ষ মজনুর রহমান মন্ডল বলেন, ভোকেশনাল শাখা চালুর পর থেকে কোনো শিক্ষক এমপিওভুক্ত হননি। ফলে কলেজ শাখার শিক্ষকদের দিয়েই ভোকেশনাল বিভাগের ক্লাস পরিচালনা করতে হয়। তিনি বলেন, ভোকেশনাল শাখায় সাধারণত কর্মজীবী শিক্ষার্থীরা ভর্তি হয়। তারা নিয়মিত ক্লাসে উপস্থিত হতে আগ্রহী না হওয়ায় পাঠদান কার্যক্রমও ব্যাহত হয়। ভোকেশনাল শাখা এমপিওভুক্ত হলে পরিস্থিতির উন্নতি হবে বলে তিনি আশা প্রকাশ করেন। বরিয়া দাখিল মাদ্রাসা ১৯৯৮ সালে প্রতিষ্ঠিত বরিয়া দাখিল মাদ্রাসাটি ২০২২ সালে এমপিওভুক্ত হয়। এবারের দাখিল পরীক্ষায় প্রতিষ্ঠানটি থেকে ১৫ জন শিক্ষার্থী অংশ নিলেও কেউ পাস করতে পারেনি। মাদ্রাসার সুপার আব্দুল মান্নান বলেন, প্রতিষ্ঠানটি প্রত্যন্ত এলাকায় হওয়ায় শিক্ষার্থীদের অনেকেই নিয়মিত ক্লাসে আসতে চায় না। পাশাপাশি রয়েছে শিক্ষক সংকট ও অবকাঠামোগত সমস্যা। অভিভাবকদের মধ্যেও সচেতনতার ঘাটতি রয়েছে। তিনি বলেন, শিক্ষার্থীদের নিয়মিত ক্লাসমুখী করতে বিভিন্ন উদ্যোগ নেওয়া হলেও আশানুরূপ সাড়া পাওয়া যায়নি। তদারকির ঘাটতিও দায়ী নিয়ামতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুর্শিদা খাতুন বলেন, উপজেলায় দীর্ঘদিন ধরে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার পদটি শূন্য ছিল। একই সঙ্গে একাডেমিক সুপারভাইজারও ছিলেন না। ফলে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে নিয়মিত ও যথাযথ তদারকি করা সম্ভব হয়নি। এর প্রভাব ফলাফলেও পড়েছে। তিনি জানান, সম্প্রতি উপজেলায় একজন একাডেমিক সুপারভাইজার যোগদান করেছেন। এখন থেকে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে মনিটরিং আরও বাড়ানো হবে বলে আশা করা যাচ্ছে। শিক্ষা সংশ্লিষ্টদের মতে, শিক্ষক সংকট, অবকাঠামোগত দুর্বলতা, নিয়মিত ক্লাস না হওয়া, শিক্ষার্থী ও অভিভাবকদের অসচেতনতা এবং প্রশাসনিক তদারকির ঘাটতি—সব মিলিয়েই প্রতিষ্ঠানগুলোর এমন হতাশাজনক ফলাফল হয়েছে।
কালীগঞ্জ থানায় অপহৃত স্কুলছাত্রী উদ্ধার মূল আসামি গ্রেপ্তার
ঝিনাইদহ জেলা পুলিশ সুপার মহোদয়ের সার্বিক দিকনির্দেশনায় ও কালীগঞ্জ থানা পুলিশের দ্রুত পদক্ষেপে বাঘারপাড়া থেকে অপহৃত ৮ম শ্রেণির এক স্কুলছাত্রীকে (১৪) উদ্ধার করা হয়েছে। একইসাথে ঘটনার সাথে জড়িত মূল আসামিকে গ্রেপ্তার করেছে কালীগঞ্জ থানা পুলিশ। মামলার বিবরণী সূত্রে জানা যায়, ভিকটিম সাথী খাতুন (১৪) বাঘারপাড়া থানার জহরপুর মাধ্যমিক বিদ্যালয়ে ৮ম শ্রেণীতে পড়াশোনা করে। স্কুলে যাওয়া-আসার পথে আসামি রাজীব হোসেন (১৯), পিতা: মোঃ হাসান আলী, সাং-বনগ্রাম, থানা: বাঘারপাড়া, জেলা: যশোর, ভিকটিমকে প্রায়শই উত্ত্যক্তসহ কুপ্রস্তাব দিয়ে আসছিল। ভিকটিম উক্ত প্রস্তাবে রাজি না হওয়ায় আসামি তাকে অপহরণের হুমকি দেয়। এরই ধারাবাহিকতায় গত ০২/০৮/২০২৬ খ্রিঃ তারিখ অনুমান সকাল ১০:৩০ ঘটিকার সময় ভিকটিম স্কুলে যাওয়ার উদ্দেশ্যে বের হয়ে কালীগঞ্জ থানাধীন দামোদরপুর বাজারস্থ আব্দুস সালামের জুতার দোকানের সামনে পৌঁছালে আসামি মোটরসাইকেল যোগে জোরপূর্বক তাকে অপহরণ করে বাঘারপাড়ার দিকে নিয়ে যায়। পরবর্তীতে স্বজনেরা সম্ভাব্য সকল স্থানে খোঁজাখুঁজি করে ভিকটিমের কোনো সন্ধান না পেয়ে ভিকটিমের মাতা মোছাঃ নুর জাহান খাতুন (৩২) কালীগঞ্জ থানায় উপস্থিত হয়ে লিখিত এজাহার দায়ের করেন। পুলিশি ব্যবস্থা ও সফলতা: অভিযোগের প্রেক্ষিতে কালীগঞ্জ থানায় মামলা নং-০৫, ধারা: নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ (সংশোধনী/২০২৬)-এর ৭ ধারা রুজু করা হয়। মামলা রুজুর পরপরই কালীগঞ্জ থানা পুলিশের একটি চৌকস অভিযানকারী দল আধুনিক তথ্যপ্রযুক্তি ও গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে এজাহারনামীয় আসামি রাজীব হোসেন (১৯)-কে গ্রেপ্তার করে এবং অপহৃত স্কুলছাত্রীকে অক্ষত অবস্থায় উদ্ধার করে। গ্রেপ্তারকৃত আসামিকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে এবং ভিকটিমের সুরক্ষাসহ প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া অব্যাহত রয়েছে। মাদকমুক্ত, নিরাপদ ও অপরাধমুক্ত সমাজ গঠনে ঝিনাইদহ জেলা পুলিশ নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
সোনারগাঁয়ে জামদানি শিল্পের সমস্যা ও সম্ভাবনা শীর্ষক কর্মশালা এবং নকশা উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে অবস্থিত বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনে “জামদানি শিল্পের সমস্যা ও সম্ভাবনা” শীর্ষক কর্মশালা এবং নকশা উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দিনব্যাপী ফাউন্ডেশনের লাইব্রেরি মিলনায়তনে অনুষ্টিত এ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের পরিচালক কাজী মাহবুবুল আলম। বিশেষ অতিথি ছিলেন সোনারগাঁ উপজেলা নির্বাহী অফিসার আসিফ আল জিনাত, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মামুন সরকার। রিসোর্স পার্সন ও প্রশিক্ষক হিসেবে ছিলেন জাতীয় কারুশিল্প পরিষদের সভাপতি চন্দ্র শেখর সাহা। বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনে প্রণীত ১৮০ দিনের কর্মপরিকল্পনায় আয়োজিত এ কর্মশালায় সভাপতিত্ব করেন ফাউন্ডেশনের গবেষণা অফিসার এ কে এম মুজ্জাম্মিল হক। অনুষ্টানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন জাতীয় কারুশিল্প পরিষদের সভাপতি চন্দ্র শেখর সাহা। জাতীয় কারুশিল্প পরিষদ ও বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের আয়োজনে এ কর্মশালায় সোনারগাঁ উপজেলার জামদানী বয়নশিল্পের ১৫ জন শিল্পী ও সাংবাদিকরা অংশ নেন। কর্মশালায় আলোচনা আরো বক্তব্য সাংবাদিক নাফিজ আশরাফ, হাসান মাহমুদ রিপন, আল আমিন তুষার, রবিউল হুসাইন, শেখ ফরিদ, জামদানী শিল্পী আবু তাহের, রিনা বেগম. মোহাম্মদ আলী, কোহিনুর আক্তার প্রমুখ। অনুষ্টানে বক্তারা ঐতিহাসিক জামদানী বয়নশিল্প, বয়নশিল্পের নকশা, রঙের বিন্যাস ও মান উন্নয়ন, বাজার ব্যবস্থা, আধুনিকত সংযোজন, ডিজাইন বৈচিত্রসহ নানা দিক নিয়ে আলোচনা করা হয়। কর্মশালা শেষে প্রশিক্ষণার্থীদের মাঝে সনদ বিতরণ করা হয়।
ধামরাইয়ে শীর্ষে এলোকেশী উচ্চ বিদ্যালয়: এসএসসি পরীক্ষায় পাশের হারে অনন্য সাফল্য!
ঢাকার ধামরাই উপজেলার মাধ্যমিক বিদ্যালয়গুলোর মধ্যে ২০২৩-২৪/২০২৬ শিক্ষাবর্ষের এসএসসি পরীক্ষার ফলাফলে ঈর্ষণীয় সাফল্য অর্জন করেছে জলসীনের ঐতিহ্যবাহী এলোকেশী উচ্চ বিদ্যালয়। প্রকাশিত ফলাফলে ৮৩.৩৩% পাশের হার নিয়ে পুরো ধামরাই উপজেলায় প্রথম স্থান দখল করে নিয়েছে বিদ্যালয়টি। প্রকাশিত তালিকা থেকে দেখা যায়, ধামরাই উপজেলার মাধ্যমিক বিদ্যালয়গুলোর মধ্যে সবচেয়ে বেশি পাশের হার অর্জন করেছে এলোকেশী উচ্চ বিদ্যালয়। বিদ্যালয়টি থেকে পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থীদের মধ্যে ৮৩.৩৩ শতাংশ শিক্ষার্থী কৃতিত্বের সাথে উত্তীর্ণ হয়েছে। এর পাশাপাশি মোট ৪ জন শিক্ষার্থী মেধা ও পরিশ্রমের স্বাক্ষর রেখে সর্বোচ্চ জিপিএ-৫ (GPA-5) অর্জন করেছে। উপজেলার অন্যান্য নামীদামী প্রতিষ্ঠানকে পেছনে ফেলে এলোকেশী উচ্চ বিদ্যালয়ের এই ধারাবাহিক সাফল্য পুরো এলাকা জুড়ে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। সাফল্যের খবর ছড়িয়ে পড়ার পরপরই বিদ্যালয় প্রাঙ্গণ, শিক্ষক-শিক্ষার্থী এবং অভিভাবকদের মধ্যে আনন্দের জোয়ার বয়ে যায়। বিদ্যালয়ের এই অসামান্য অর্জনে আনন্দ প্রকাশ করে প্রধান শিক্ষক ও পরিচালনা পর্ষদের সদস্যবৃন্দ জানান, "শিক্ষকদের সার্বিক দিকনির্দেশনা, শিক্ষার্থীদের কঠোর পরিশ্রম এবং অভিভাবকদের নিবিড় পরিচর্যার ফলেই আজ এই শুভ ফলাফল সম্ভব হয়েছে। আমরা আশা করি ভবিষ্যতের পরীক্ষাগুলোতেও এলোকেশী উচ্চ বিদ্যালয় এই সাফল্যের ধারা অব্যাহত রাখবে।" মেধাবী এই শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ ও উত্তরোত্তর সাফল্য কামনা করছেন স্থানীয় সুধীজন ও এলাকাবাসী।
গঙ্গাচড়ায় মেধাবী শিক্ষার্থীদের বাইসাইকেল ও হুইলচেয়ার বিতরণ
রংপুরের গঙ্গাচড়ায় ২০২৫-২৬ অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) অর্থায়নে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ক্রীড়া সামগ্রী, মেধাবী শিক্ষার্থীদের মধ্যে বাইসাইকেল এবং বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের মধ্যে হুইলচেয়ার বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (১১ আগস্ট) উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের মাল্টিপারপাস হলরুমে আয়োজিত এক অনুষ্ঠানে অতিথিরা এসব সামগ্রী বিতরণ করেন। এর আগে শিক্ষার মানোন্নয়নে উপজেলার মাধ্যমিক ও প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য রায়হান সিরাজী। সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জেসমিন আক্তার। জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী জানজাবিল বিনতে আহমেদের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন গঙ্গাচড়া মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল আখের মিঞা, সাউদপাড়া ইসলামীয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা রোকন উজ্জামান, উপজেলা জামায়াতের আমির মাওলানা নায়েবুজ্জামান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবু সাঈদ মো. আরিফ মাহফুজ ও উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শায়লা সাঈদ। সভায় শিক্ষার মানোন্নয়নে নিয়মিত অভিভাবক সমাবেশ ও শিক্ষার্থীদের বাড়িতে গিয়ে খোঁজ নেওয়ার (হোম ভিজিট) ওপর গুরুত্বারোপ করেন সংসদ সদস্য রায়হান সিরাজী। বিদ্যালয়ে অনুপস্থিত শিক্ষার্থীদের বিষয়ে অভিভাবকদের ফোন বা চিঠির মাধ্যমে অবহিত করার পরামর্শ দেন তিনি। এ ছাড়া শ্রেণিকক্ষে পাঠদানের সময় শিক্ষার্থীদের মাদক, বাল্যবিবাহ ও জুয়ার ক্ষতিকর দিক সম্পর্কে সচেতন করার জন্য শিক্ষকদের প্রতি আহ্বান জানান তিনি।