তাড়াইলে ৪ লাখ ৬৫ হাজার টাকার অবৈধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল জব্দ, জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস
বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক
প্রকাশ: ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৪ পিএম
রুহুল আমিন, তাড়াইল (কিশোরগঞ্জ) প্রতিনিধি:
কিশোরগঞ্জের তাড়াইলে মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন বাস্তবায়নে অভিযান চালিয়ে ২৮৫ পিস নিষিদ্ধ কারেন্ট জাল এবং ২৫ পিস
দুয়ারী (রিং জাল) জাল জব্দ করা হয়েছে। জব্দকৃত জালগুলোর আনুমানিক বাজারমূল্য প্রায় ৪ লাখ ৬৫ হাজার টাকা। অভিযানে নেতৃত্ব দেন, তাড়াইল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট জিসান আলী।
বুধবার (২ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টায় তাড়াইল সদর বাজারে মাছুম মিয়া নামের এক ব্যবসায়ীর দোকানে উপজেলা মৎস্য দপ্তর
অভিযান পরিচালনা করে ৩১০ পিস অবৈধ জাল জব্দ করা হয়। এছাড়াও উপজেলা ভূমি অফিস সংলগ্ন মেসার্স লাবিব পোল্ট্রি ফিড এন্ড মেডিসিনের লাইসেন্স না থাকায় মৎস্য ও পশু খাদ্য আইনে ৫০০ টাকা জরিমানা করা হয়।
পরিচালিত অভিযানে জব্দ করা অবৈধ কারেন্ট ও দুয়ারী (রিং জাল) উপজেলা পরিষদের খোলা জায়গায় জনসম্মুখে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। এসময় আরও উপস্থিত ছিলেন, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. রাশেদুজ্জামান মিয়া, উপজেলা মৎস্য কর্মকর্তা ইসমাইল হোসেন ও অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক মারুফ আকন্দ। এছাড়াও তাড়াইল থানার পুলিশ সদস্যরা সহযোগিতা করেন।
তাড়াইল উপজেলা মৎস্য কর্মকর্তা ইসমাইল হোসেন বলেন, দেশীয় মাছের প্রজনন ও বংশবৃদ্ধি রক্ষায় নিষিদ্ধ জালের ব্যবহার বন্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
তাড়াইল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট জিসান আলী বলেন, অবৈধ জাল ব্যবহার করে মাছ শিকার জলজ সম্পদ ও প্রাকৃতিক প্রজনন ব্যবস্থার জন্য মারাত্মক হুমকি। টেকসই মৎস্যসম্পদ সংরক্ষণে এ ধরনের অভিযান ভবিষ্যতেও নিয়মিত পরিচালনা করা হবে।