দিনাজপুর-কুড়িগ্রামে র‌্যাবের যৌথ অভিযান: ৪ কারখানাকে ৭৫ হাজার টাকা জরিমানা, ধ্বংস মালামাল

বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক

প্রকাশ: ০১ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩২ এএম

রফিকুল ইসলাম সাবুল : রংপুর প্রতিনিধি

দিনাজপুর ও কুড়িগ্রামে পৃথক যৌথ মোবাইল কোর্ট পরিচালনা করে চারটি প্রতিষ্ঠানকে মোট ৭৫ হাজার টাকা জরিমানা করেছে র‌্যাব-১৩ ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। একইসঙ্গে অনুমোদনহীন কারখানায় উৎপাদিত বিভিন্ন খাদ্যপণ্য ধ্বংস করা হয়েছে।

র‌্যাব-১৩ সূত্রে জানা যায়, সোমবার (৩১ আগস্ট) সকাল সাড়ে ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত দিনাজপুর সদর পৌরসভা এলাকায় অভিযান পরিচালনা করা হয়। র‌্যাব-১৩ সিপিসি-১, দিনাজপুরের একটি আভিযানিক দল এবং জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, দিনাজপুরের নেতৃত্বে এ যৌথ মোবাইল কোর্ট পরিচালিত হয়।

অভিযানে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯-এর ৪৩ ধারায় অবৈধ প্রক্রিয়ায় পণ্য উৎপাদনের অভিযোগে তিনটি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়। এর মধ্যে হৃদয় এগ্রো ইন্ড্রাস্ট্রির স্বত্বাধিকারী মো. ইমরান খানকে ১০ হাজার টাকা, ফুড কেয়ারের মো. কবিরকে ৩০ হাজার টাকা এবং বিএ ফুড অ্যান্ড বেকারির আনন্দকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।

এদিকে, একই দিন সকাল সাড়ে ১১টা থেকে বিকেল ৩টা পর্যন্ত কুড়িগ্রামেও পৃথক অভিযান পরিচালনা করে র‌্যাব-১৩ ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, কুড়িগ্রাম জেলা কার্যালয়।

অভিযানে ঔষধ পণ্যের মেয়াদ, মান নিয়ন্ত্রণ, বাজার মনিটরিং এবং অবৈধ মজুতদারি বন্ধে বিভিন্ন প্রতিষ্ঠান পরিদর্শন করা হয়। ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯-এর ৩৭, ৪১, ৪২, ৪৩ ও ৪৫ ধারায় একটি প্রতিষ্ঠানকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়া সরকারি অনুমোদনবিহীন কারখানায় উৎপাদিত খাদ্যপণ্যের গায়ে ব্যাচ নম্বর, মার্ক, উৎপাদনের তারিখ ও মেয়াদোত্তীর্ণের তারিখ উল্লেখ না থাকায় কারখানাটির উৎপাদিত মালামাল ধ্বংস করা হয়।

র‌্যাব-১৩ জানায়, নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি রোধ, বাজার সিন্ডিকেট ভাঙা, অবৈধ মজুতদারি, অতিরিক্ত দামে পণ্য বিক্রি এবং খাদ্যে ভেজালের মতো অপরাধের বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত রয়েছে।

জনস্বার্থে এসব অপরাধের বিরুদ্ধে র‌্যাব-১৩-এর গোয়েন্দা তৎপরতা ও চলমান অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়েছে।

যোগাযোগের ঠিকানা:

বাংলাদেশ বার্তা টুডে

৫৬, চানখারপুল লেন, নাজিমুদ্দিন রোড, বংশাল, ঢাকা-১১০০

ইমেইল: info@bangladeshbartatoday.com