জনগণই আমার শক্তি’- মাদক-সন্ত্রাস ও দুর্নীতিমুক্ত মোগরাপাড়া গড়ার অঙ্গীকার হাজী আশরাফ উদ্দিনের

বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক

প্রকাশ: ২৮ আগস্ট ২০২৬, ০৫:৪৯ পিএম

নারায়নগঞ্জ (সোনারগাঁ) সংবাদদাতা :

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার মোগরাপাড়া ইউনিয়নকে মাদক, সন্ত্রাস ও দুর্নীতিমুক্ত একটি আধুনিক ও জনবান্ধব ইউনিয়ন হিসেবে গড়ে তোলার অঙ্গীকার ব্যক্ত করেছেন চেয়ারম্যান পদপ্রার্থী হাজী আশরাফ উদ্দিন।

শুক্রবার (২৮ আগস্ট) গোহাট্রা বায়তুল নূর এ জামে মসজিদে পবিত্র জুমার নামাজ আদায় শেষে মুসল্লি ও স্থানীয় জনসাধারণের সঙ্গে কুশল বিনিময় করেন। এর আগে জুমার নামাজের পূর্বে উপস্থিত মুসল্লিদের উদ্দেশে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন তিনি।

হাজী আশরাফ উদ্দিন বলেন, আমি দীর্ঘদিন ধরে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আপনাদের সঙ্গে কাজ করে যাচ্ছি। আমার লক্ষ্য আপনাদের সঙ্গে নিয়ে একটি সুন্দর, আধুনিক, সুশৃঙ্খল ও জনবান্ধব ইউনিয়ন পরিষদ গড়ে তোলা। আমি বিশ্বাস করি, জনগণের শক্তি ও সহযোগিতা থাকলে যেকোনো ভালো কাজ সফল করা সম্ভব।

নিজের রাজনৈতিক অবস্থান তুলে ধরে তিনি বলেন, আমি একজন ব্যবসায়ী। আমি কোনো রাজনৈতিক প্ল্যাটফর্মের সঙ্গে ছিলাম না, এখনও নেই। আমি কোনো রাজনৈতিক স্বার্থ হাসিলের জন্য আসিনি। আমি এসেছি আপনাদের সেবা করার জন্য। জনগণই আমার শক্তির উৎস। আপনাদের সঙ্গে নিয়েই আমি সফল হতে চাই, ইনশাআল্লাহ।

চেয়ারম্যান পদপ্রার্থী হাজী আশরাফ উদ্দিন বলেন, ইউনিয়নের মানুষের সমস্যা ও সম্ভাবনা কাছ থেকে জানার জন্য তিনি দীর্ঘদিন ধরে বিভিন্ন এলাকায় ঘুরে জনসংযোগ করে যাচ্ছেন। তিনি বলেন, আমি ইউনিয়নের প্রতিটি ঘরে, প্রতিটি বাড়িতে যাওয়ার চেষ্টা করেছি। বিশেষ করে মা-বোনদের বিভিন্ন সমস্যা ও প্রয়োজনের কথা জানার চেষ্টা করছি। মানুষের কথা শুনেই তাদের সমস্যা সমাধানে কাজ করতে চাই।

ভোটারদের উদ্দেশে তিনি বলেন, আপনারা আমাকে ভালোভাবে যাচাই-বাছাই করে নেবেন। আমি ভালো মানুষ নাকি খারাপ মানুষ, তা বিচার করার অধিকার আপনাদের। কারণ আপনারা আগামী পাঁচ বছরের জন্য একজন জনপ্রতিনিধি নির্বাচিত করবেন। তাই আবেগে নয়, বিবেক ও যোগ্যতার ভিত্তিতে একজন ভালো মানুষকে নির্বাচিত করবেন।

তিনি আরও বলেন, আপনারা যদি আমাকে যোগ্য ও ভালো মানুষ মনে করেন, তাহলে আমাকে আপনাদের সেবা করার সুযোগ দেবেন। ইনশাআল্লাহ, আপনাদের ভালোবাসা ও সমর্থন নিয়ে মোগরাপাড়া ইউনিয়নকে একটি আদর্শ ইউনিয়নে পরিণত করতে কাজ করব।

মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানিয়ে হাজী আশরাফ উদ্দিন বলেন, “আমি নির্বাচিত হলে মোগরাপাড়া ইউনিয়নে মাদক ব্যবসা ও সন্ত্রাসের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়া হবে। কোনো মাদক ব্যবসায়ী কিংবা সন্ত্রাসীকে প্রশ্রয় দেওয়া হবে না। ইউনিয়নের তরুণ সমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে সবাইকে সঙ্গে নিয়ে কাজ করব।

দুর্নীতির বিরুদ্ধে নিজের অবস্থান স্পষ্ট করে তিনি বলেন, আমি দুর্নীতিবাজ নই এবং কোনো দুর্নীতিবাজকেও প্রশ্রয় দেব না। জনগণের অর্থ জনগণের কল্যাণে ব্যয় করতে চাই। ইউনিয়ন পরিষদকে মানুষের সেবার একটি স্বচ্ছ ও জবাবদিহিমূলক প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলাই আমার লক্ষ্য।

জুমার নামাজ শেষে হাজী আশরাফ উদ্দিন উপস্থিত মুসল্লিদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে মতবিনিময় করেন। 

চেয়ারম্যান পদপ্রার্থী হাজী আশরাফ উদ্দিনের জনসংযোগকে ঘিরে মসজিদ প্রাঙ্গণে স্থানীয় মুসল্লি ও সাধারণ মানুষের উপস্থিতি লক্ষ্য করা যায়।

যোগাযোগের ঠিকানা:

বাংলাদেশ বার্তা টুডে

৫৬, চানখারপুল লেন, নাজিমুদ্দিন রোড, বংশাল, ঢাকা-১১০০

ইমেইল: info@bangladeshbartatoday.com