নেশাগ্রস্ত হয়ে মাকে মারধর, ছেলেকে ৬ মাসের কারাদণ্ড
বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক
প্রকাশ: ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৪ পিএম
মানিকগঞ্জ প্রতিনিধি:
মানিকগঞ্জের সাটুরিয়ায় নেশাগ্রস্ত হয়ে মাকে মারধর ও বসতঘর ভাঙচুরের অভিযোগে মো. সোহেল রানা (৩০) নামের এক যুবককে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত । একই সঙ্গে তাকে ১০০ টাকা জরিমানা করা হয়েছে । বুধবার বিকেলে উপজেলার বালিয়াটি ইউনিয়নের জগন্নাথপুর গ্রামে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী মোহাম্মদ অনিক ইসলাম ।
স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার রাতে সোহেল রানা নেশাগ্রস্ত অবস্থায় তার মাকে গালিগালাজ ও মারধর করেন । একপর্যায়ে তিনি বসতঘরের দরজা ও আসবাবপত্র ভাঙচুর করেন । এ ঘটনায় এলাকায় আতঙ্কের সৃষ্টি হয় ।
পরে বুধবার দুপুরে ভুক্তভোগী মা ইউএনও'র কাছে লিখিত অভিযোগ করেন । অভিযোগের পর পুলিশ ঘটনাস্থলে গিয়ে তদন্ত করে ঘটনার সত্যতা পায়।
এরপর বিকেলে ঘটনাস্থলে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারায় সোহেল রানাকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা করা হয় ।
ইউএনও কাজী মোহাম্মদ অনিক ইসলাম বলেন, মাদকাসক্ত হয়ে মাকে মারধর, ঘর ভাঙচুর ও জনশান্তি বিনষ্টের অপরাধে তাঁকে এ সাজা দেওয়া হয়েছে। মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে ।