শিশু ধর্ষ/ণচেষ্টার ঘটনা ধামাচাপার অভিযোগ ‘ভিত্তিহীন’, অপপ্রচারের প্রতিবাদে তেঁতুলিয়ায় সুলতানা রাজিয়ার সংবাদ সম্মেলন

বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক

প্রকাশ: ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩০ পিএম

পঞ্চগড় জেলা প্রতিনিধি | সঞ্জু বনিক সৌরভ

তেঁতুলিয়া, পঞ্চগড় | ২ সেপ্টেম্বর ২০২৬

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকসহ বিভিন্ন মাধ্যমে নিজের বিরুদ্ধে ছড়ানো মিথ্যা, ভিত্তিহীন ও বানোয়াট অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক সুলতানা রাজিয়া।

বুধবার (২ সেপ্টেম্বর) সকাল ১১টায় তেঁতুলিয়া প্রেসক্লাব কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে সুলতানা রাজিয়া বলেন, তেঁতুলিয়ায় সম্প্রতি ঘটে যাওয়া একটি শিশুকে ধর্ষণের চেষ্টার ঘটনাকে কেন্দ্র করে একটি স্বার্থান্বেষী ও কুচক্রী মহল সামাজিক যোগাযোগমাধ্যমে তার বিরুদ্ধে মিথ্যা, মনগড়া ও বিভ্রান্তিকর তথ্য প্রচার করছে। এমনকি তার নাম ও ছবি ব্যবহার করে বিভিন্ন ধরনের অপপ্রচার চালানো হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।

সুলতানা রাজিয়া বলেন, ঘটনার সময় তিনি ঢাকায় অবস্থান করছিলেন। শিশুটিকে ধর্ষণের চেষ্টার বিষয়টি ফোনে জানতে পেরে তিনি সংশ্লিষ্ট ব্যক্তিকে জরুরি সেবা নম্বর ৯৯৯-এ যোগাযোগ করার পরামর্শ দেন। ঘটনাস্থলে উপস্থিত থাকা কিংবা ঘটনার সঙ্গে কোনো ধরনের সম্পৃক্ততার অভিযোগ তিনি সম্পূর্ণ অস্বীকার করেন।

তিনি বলেন, “আমি তখন ঢাকায় ছিলাম। ঘটনাটি ফোনে জানার পর ৯৯৯ নম্বরে যোগাযোগ করতে বলেছি। অথচ পরবর্তীতে একটি মহল আমাকে জড়িয়ে নানা ধরনের গুজব ও অপপ্রচার চালাচ্ছে। এতে আমার সামাজিক ও রাজনৈতিক ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে।”

তিনি আরও বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে তার বিরুদ্ধে যেসব ছবি ও বক্তব্য প্রচার করা হচ্ছে, সেগুলোকে বিকৃতভাবে উপস্থাপন করে বিভ্রান্তি সৃষ্টি করা হচ্ছে। উদ্দেশ্যপ্রণোদিত এসব অপপ্রচারের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

সুলতানা রাজিয়া বলেন, কোনো ঘটনার সত্যতা যাচাই না করে সামাজিক যোগাযোগমাধ্যমে কারও বিরুদ্ধে অভিযোগ বা অপপ্রচার চালানো অত্যন্ত দুঃখজনক। এতে শুধু একজন ব্যক্তির সম্মানহানি হয় না, প্রকৃত ঘটনাও আড়ালে পড়ে যাওয়ার আশঙ্কা থাকে। তাই তিনি সংশ্লিষ্ট সবাইকে যাচাই-বাছাই ছাড়া কোনো তথ্য প্রচার না করার আহ্বান জানান।

সংবাদ সম্মেলনে তেঁতুলিয়া ছাত্রদলের সাবেক নেতা ইমরান খন্দকারসহ স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

এ সময় সুলতানা রাজিয়া তার বিরুদ্ধে প্রচারিত অভিযোগের সুষ্ঠু তদন্তের দাবি জানিয়ে বলেন, সত্য উদঘাটনের মাধ্যমে প্রকৃত ঘটনা জনগণের সামনে তুলে আনা হোক। একই সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে মিথ্যা ও মানহানিকর তথ্য ছড়ানোর সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি।

যোগাযোগের ঠিকানা:

বাংলাদেশ বার্তা টুডে

৫৬, চানখারপুল লেন, নাজিমুদ্দিন রোড, বংশাল, ঢাকা-১১০০

ইমেইল: info@bangladeshbartatoday.com