অবৈধ ৭ করাতকল বন্ধ, যন্ত্রাংশ ও কাঠ জব্দ: শানখলায় উপজেলা প্রশাসন ও বন বিভাগের যৌথ অভিযান

বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক

প্রকাশ: ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৫ পিএম

হবিগঞ্জ প্রতিনিধি: 

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার শানখলা বাজারে এক যৌথ অভিযানে ৭টি অবৈধ করাতকল (স’মিল) বন্ধ করে দেওয়া হয়েছে। 

আজ মঙ্গলবার (০১ সেপ্টেম্বর) দুপুর ১২টা ৩০ মিনিট থেকে বিকেল ৩টা পর্যন্ত ৫ নং শানখলা ইউনিয়ন এলাকায় এই মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। অভিযানকালে করাতকলগুলোর বিভিন্ন যন্ত্রাংশ, কাঠ ও বনজদ্রব্য জব্দ করা হয়েছে।

আদালত সূত্র জানায়, উপজেলা প্রশাসন, বন বিভাগ, চুনারুঘাট থানা পুলিশ ও আনসার সদস্যদের সমন্বয়ে এই যৌথ অভিযান চালানো হয়। 

শানখলা বাজার সংলগ্ন এলাকায় লাইসেন্সবিহীন ভাবে গড়ে ওঠা এসব করাতকলে মোবাইল কোর্ট পৌঁছালে মালিক বা কোনো শ্রমিককে সেখানে পাওয়া যায়নি।

পরবর্তীতে সরকারি নির্দেশনা অমান্য করে অবৈধভাবে করাতকল স্থাপনের দায়ে স’মিলগুলোর কার্যক্রম সম্পূর্ণ বন্ধ রাখার আদেশ দেওয়া হয়। 

একই সাথে চুনারুঘাট বন বিভাগের জিম্মায় করাতকলের যন্ত্রাংশ এবং বিপুল পরিমাণ কাঠ ও বনজদ্রব্য জব্দ করা হয়।

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, পরিবেশ রক্ষা এবং বনের কাঠ পাচার রোধে অবৈধ করাতকলের বিরুদ্ধে এই ধরনের অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।

যোগাযোগের ঠিকানা:

বাংলাদেশ বার্তা টুডে

৫৬, চানখারপুল লেন, নাজিমুদ্দিন রোড, বংশাল, ঢাকা-১১০০

ইমেইল: info@bangladeshbartatoday.com